📘 কাসাসুল কুরআন > 📄 হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত ও মনোনীত রাসূল

📄 হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত ও মনোনীত রাসূল


কুরআন মাজিদ তাঁর সম্পর্কে বিভিন্ন সুরায় যেসব বক্তব্য পেশ করেছে তা নিম্নরূপ-
قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا () وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنْتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا (( وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا ) وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدْتُ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا (سورة مريم)
"সে বললো, 'আমি তো আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন'১৭৯, আমাকে নবী বানিয়েছেন, যেখানেই আমি থাকি না কেনো তিনি আমাকে বরকতময় করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে—আর আমাকে আমার মাতার প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে করেন নি উদ্ধত ও হতভাগ্য; আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মলাভ করেছি, যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন জীবিত অবস্থায় আমি উত্থিত হবো।" [সুরা মারইয়াম: আয়াত ৩১-৩৩]
إِنْ هُوَ إِلَّا عَبْدٌ أَنْعَمْنَا عَلَيْهِ وَجَعَلْنَاهُ مَثَلًا لِبَنِي إِسْرَائِيلَ () وَلَوْ نَشَاءُ لَجَعَلْنَا مِنْكُمْ مَلَائِكَةٌ فِي الْأَرْضِ يَخْلُفُونَ )) وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صراط مستقيم (سورة الزخرف)
"সে তো ছিলো আমারই এক বান্দা, যাকে আমি অনুগ্রহ করেছিলাম এবং করেছিলাম বনি ইসরাইলের জন্য দৃষ্টান্ত। আমি ইচ্ছা করলে তোমাদের মধ্য থেকে (বা তোমাদের পরিবর্তে) ফেরেশতা সৃষ্টি করতে পারতাম, যারা পৃথিবীতে উত্তরাধিকারী হতো। ইসা তো কিয়ামতের নিশ্চিত নিদর্শন; সুতরাং তোমরা কিয়ামতে সন্দেহ করো না এবং আমাকে অনুসরণ করো। এটাই সরল পথ।” [সুরা যুখরুফ: আয়াত ৫৯-৬১]
وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ
"স্মরণ করো, মারইয়াম-তনয় ইসা বলেছিলো, 'হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর রাসুল এবং আমার পূর্ব থেকে তোমাদের কাছে যে-তাওরাত রয়েছে আমি তার সমর্থক এবং আমার পরে আহমদ১৮০ নামে যে-রাসুল আসবে আমি তার সুসংবাদদাতা।" [সুরা সাফ: আয়াত ৬]

টিকাঃ
১৭৯. তখনো কিতাব দেয়া হয় নিঃ তবে কিতাব যে দেয়া হবে এটা তাঁকে জানানো
১৮০. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অপর নাম আহমদ।

📘 কাসাসুল কুরআন > 📄 হযরত মাসিহ আলাইহিস সালাম আল্লাহও নন, আল্লাহর পুত্রও নন

📄 হযরত মাসিহ আলাইহিস সালাম আল্লাহও নন, আল্লাহর পুত্রও নন


এ-বিষয়ে কুরআনের বিভিন্ন সুরায় যা বলা হয়েছে তা নিম্নরূপ-
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ قُلْ فَمَنْ يَمْلِكُ مِنَ اللَّهِ شَيْئًا إِنْ أَرَادَ أَنْ يُهْلِكَ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا يَخْلُقُ مَا يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (سورة المائدة)
"যারা বলে, 'মারইয়াম-তনয় মাসিহই আল্লাহ', তারা তো কুফরি করেছেই। (হে মুহাম্মদ,) বলো, 'আল্লাহ যদি মারইয়াম-তনয় মাসিহ, তাঁর জননী ও দুনিয়ার সবাইকে ধ্বংস করতে ইচ্ছা করেন তবে তাঁকে বাধা দেয়ার শক্তি কার আছে?' আসমান ও জামিনের এবং এদের মধ্যে যা-কিছু আছে তার সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা করেন সৃষ্টি করেন এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।" [সুরা মায়িদা: আয়াত ১৭)
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ وَقَالَ الْمَسِيحُ يَا بَنِي إِسْرَائِيلَ اعْبُdوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَار (سورة المائدة)
"যারা বলে, 'আল্লাহই মারইয়াম-তনয় মাসিহ', তারা তো কুফরি করেছেই। অথচ মাসিহ বলেছিলো, 'হে বনি ইসরাইল, তোমরা আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো।' কেউ আল্লাহর শরিক (নির্ধারিত) করলে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত নিষিদ্ধ করবেন এবং তার আবাস জাহান্নাম। জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই।” (সুরা মায়িদা: আয়াত ৭২]
وَقَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا سُبْحَانَهُ بَلْ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلٌّ لَهُ قَانِتُونَ (سورة البقرة)
"এবং তারা বলে, 'আল্লাহ সন্তান গ্রহণ করেছেন।' তিনি অতি পবিত্র। বরং আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই। সবকিছু তাঁরই একান্ত অনুগত।' [সুরা বাকারা: আয়াত ১১৬]
إِنَّ مَثَلَ عِيسَى عِنْدَ اللَّهِ كَمَثَلِ آدَمَ خَلَقَهُ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهُ كُنْ فَيَكُونُ (سورة آل عمران)
"আল্লাহর কাছে নিশ্চয় ইসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তসদৃশ। তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন; তারপর তাকে বলেছিলেন, 'হও', ফলে সে হয়ে গেলো।” [সূরা আলে ইমরান: আয়াত ৫৯]
يَا أَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوا فِي دِينِكُمْ وَلَا تَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ إِنَّمَا الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ رَسُولُ اللهِ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ فَآمِنُوا بِاللَّهِ وَرُسُلِهِ وَلَا تَقُولُوا ثَلَاثَةٌ انْتَهُوا خَيْرًا لَكُمْ إِنَّمَا اللَّهُ إِلَهُ وَاحِدٌ سُبْحَانَهُ أَنْ يَكُونَ لَهُ وَلَدٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا (سورة النساء)
"হে কিতাবিগণ (ইহুদি ও নাসারা), তোমাদের দীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহ সম্পর্কে সত্য ব্যতীত বলো না। মারইয়াম-তনয় ইসা মাসিহ তো আল্লাহর রাসুল ও তাঁর বাণী, ১৮১ যা তিনি মারইয়ামের কাছে প্রেরণ করেছিলেন, এবং তাঁর আদেশ১৮২। সুতরাং তোমরা আল্লাহ ও তাঁর রাসুলে ঈমান আনো এবং বলো না 'তিন!'১৮০ নিবৃত্ত হও, তা (নিবৃত্তি) তোমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ তো একমাত্র ইলাহ; তাঁর সন্তান হবে—তিনি তা থেকে পবিত্র। আকাশমণ্ডলীতে যা-কিছু আছে ও জমিনে যা-কিছু আছে সব আল্লাহরই; কর্ম-বিধানে আল্লাহই যথেষ্ট।" [সুরা নিসা: আয়াত ১৭১]
بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنَّى يَكُونُ لَهُ وَلَدٌ وَلَمْ تَكُنْ لَهُ صَاحِبَةٌ وَخَلَقَ كُلَّ شَيْءٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (سورة الأنعام)
"তিনি আসমান ও জমিনের স্রষ্টা, তাঁর সন্তান হবে কীরূপে? তাঁর তো কোনো স্ত্রী নেই। তিনিই তো সমস্ত-কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেক বস্তু সম্পর্কে তিনিই সবিশেষ অবহিত।" [সুরা আনআম: আয়াত ১০১]
مَا الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ وَأُمُّهُ صِدِّيقَةً كَانَا يَأْكُلان الطَّعَامَ (سورة المائدة)
"মারইয়াম তনয় মাসিহ তো কেবল একজন রাসুল। তার পূর্বে অনেক রাসুল গত হয়েছে এবং তার মা সত্যনিষ্ঠ ছিলো। তারা উভয়ে খাদ্যাহার করতো।" [সুরা মায়িদা: আয়াত ৭৫]
لَنْ يَسْتَنْكِفَ الْمَسِيحُ أَنْ يَكُونَ عَبْدًا لِلَّهِ وَلَا الْمَلَائِكَةُ الْمُقَرِّبُونَ وَمَنْ يَسْتَنْكِفْ عَنْ عِبَادَتِهِ وَيَسْتَكْبِرُ فَسَيَحْشُرُهُمْ إِلَيْهِ جَمِيعًا (سورة النساء)
"মাসিহ আল্লাহর বান্দা হওয়াকে কখনো হেয় জ্ঞান করে না, এবং ঘনিষ্ঠ ফেরেশতাগণও করে না। আর কেউ তাঁর ইবাদতকে হেয় জ্ঞান করলে এবং অহঙ্কার করলে তিনি অবশ্যই তাদের সবাইকে তাঁর কাছে একত্র করবেন। (অর্থাৎ, যাবতীয় আমলের পুরস্কার ও শাস্তি প্রদানের দিন সবার প্রকৃত অবস্থা উন্মোচিত হয়ে পড়বে।)" [সুরা নিসা: আয়াত ১৭২]
وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللَّهِ وَقَالَتِ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللَّهِ ذَلِكَ قَوْلُهُمْ بِأَفْوَاهِهِمْ يُضَاهِلُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ (سورة التوبة)
"ইহুদিরা বলে, 'উযায়র আল্লাহর পুত্র', ১৮৪ এবং খ্রিস্টানরা বলে, 'মাসিহ আল্লাহর পুত্র।' এটা তাদের মুখের কথা। পূর্বে যারা কুফরি করেছিলো, ওরা তাদের মতো কথা বলে। আল্লাহ ওদের ধ্বংস করুন। আর কোন্ দিকে ওদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে!" [সুরা তাওবা: আয়াত ৩০]
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ( اللَّهُ الصَّمَدُ ( لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ( وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ (سورة الإخلاص)
"বলো, 'তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী; তিনি কাউকে জন্ম দেন নি এবং তাঁকেও জন্ম দেয়া হয় নি, এবং তাঁর সমতুল্য কেউই নেই।” [সুরা ইখলাস: আয়াত ১-৪]
পবিত্র কুরআন এ-ক্ষেত্রে নিজের সত্যতা এবং মানুষের আকিদা ও আমলের সংশোধনে যে-দালিলিক ও স্পষ্ট ঘোষণা প্রদান করেছে তা উপলব্ধি করার সঙ্গে সঙ্গে এ-বিষয়টিও মনোযোগের দাবি রাখে যে, পবিত্র কিতাবকে (ইঞ্জিলকে) পরিবর্তিত ও বিকৃত করে ফেলার পর আজ তা যে-অবস্থায় ও যে-আকারে বিদ্যমান, তা কোনো-এক স্থানেও ত্রিত্ববাদের এই আকিদার সন্ধান দিচ্ছে না। যার বিশদ বিবরণ ও ব্যাখ্যা একটু আগেই খ্রিস্টান মনীষী, ধর্মীয় উপদেষ্টা ও গির্জাসমূহ (-এর প্রতিনিধিদের) থেকে উদ্ধৃত করা হয়েছে এবং কোনো ধরনের অপব্যাখ্যা ছাড়াই জায়গায় জায়গায় হযরত মাসিহ আলাইহিস সালাম-এর জবানে আল্লাহ তাআলাকে 'পিতা' এবং নিজেকে 'পুত্র' প্রকাশ করা হয়েছে। এর জন্য আর কোনো প্রমাণ স্পষ্ট ও পরিষ্কারভাবে বিদ্যমান নেই। সুতরাং, আমরা যদি এ-বিষয়টি থেকে দৃষ্টি ফিরিয়ে নিই যে, এসব ব্যাখ্যা ও বিশ্লেষণ বিকৃতি ও মূর্তিপূজার ধারণা থেকে উদ্ভূত এবং যদি কথার কথা ধরেও নিই যে, মহান আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত সত্য আসমানি ইঞ্জিলেও এ-ধরনের বর্ণনা উপস্থিত ছিলো, তারপরও নাসারা জাতির ত্রিত্ববাদের আকিদা কোনোভাবেই সঠিক প্রমাণিত হয় না। কেননা, ابن বা 'পুত্র' শব্দটি প্রকৃত অর্থের প্রেক্ষিতে ওই ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায়, যিনি কারো ঔরস থেকে বা কারো গর্ভ থেকে শুক্রবীজ দ্বারা জন্মলাভ করেছেন। তবুও ভাষার ব্যবহার ও ভাষাগোষ্ঠীর পারস্পরিক কথাবার্তা সাক্ষ্য প্রদান করছে যে, শব্দটি কখনো কখনো রূপক অর্থে, কখনো কখনো উপমা ও তুলনা বুঝাতে এবং কখনো অন্যান্য অর্থে ব্যবহৃত হয়। যেমন, একজন বয়োঃবৃদ্ধ ব্যক্তি তার চেয়ে কম বয়সের মানুষকে 'বেটা' বলে সম্বোধন করেন। বাদশাহ তাঁর প্রজাবৃন্দকে 'সন্তান' বলে সম্বোধন করেন। শিক্ষক তাঁর ছাত্রদেরকে 'বেটা' বা 'বৎস' বলে সম্বোধন করেন। গুরুও তাঁর শিষ্যকে 'বৎস' বা 'আত্মিক সন্তান' বলে থাকেন। কোনো ব্যক্তি যদি কোনো বিদ্যায়, কোনো শাস্ত্রে বা শিল্পে পারদর্শী ও বিশেষজ্ঞ হন অথবা ওই বিষয়ে গভীরভাবে সাধনা করেন, তবে তাঁকে ইঙ্গিতার্থে ওই বিদ্যা বা শাস্ত্রের বা শিল্পের পুত্র বলে আখ্যায়িত করা হয় এবং বলা হয় ابن القانون - ابن الفلسفة الحدادة (দর্শনের বরপুত্র, আইনের বরপুত্র, লৌহকর্মের পুত্র)। কেউ যদি বৈষয়িক উন্নতির পেছনে ছোটে এবং লোভ-লালসায় সীমা ছাড়িয়ে যায় তবে বলা হয় ابن الدراهيم و ابن الدنانير (দিনারের পুত্র ও দিরহামের পুত্র)। আর মুসাফিরকে বলা হয় ابن السبيل। কোনো প্রসিদ্ধ ব্যক্তিকে ابن جلا, কোনো দায়িত্বশীল ব্যক্তিকে ابن ليله, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তাহীন ব্যক্তিকে ابن يومه ও পার্থিব দিক থেকে প্রতিষ্ঠিত ব্যক্তিকে ابن الوقت বলা হয়। যার মধ্যে কোনো গুণ উৎকর্ষের সঙ্গে বিদ্যমান, এমন গুণসম্পন্ন ব্যক্তিকে ওই গুণের সঙ্গে সম্পর্কিত করে স্মরণ করা হয়। যেমন 'ঊষা'কে বলা হয় ابن ذكاء। আর এসব উদাহরণ থেকেও অধিক গ্রাহ্য ব্যাপার এই যে, বনি ইসারইল বংশে নবীগণ (আলাইহিমুস সালাম) তাঁদের উম্মতদেরকে পুত্র ও সন্তান বলে সম্বোধন করতেন। أب বা 'পিতা' শব্দের প্রয়োগ ও ব্যবহার সম্পর্কেও এই একই কথা বলা যায়। একজন অল্পবয়স্ক ব্যক্তি তাঁর চেয়ে বয়োঃবৃদ্ধকে, একজন মুখাপেক্ষী ব্যক্তি তাঁর মুরব্বিকে, একজন ছাত্র তাঁর শিক্ষককে, একজন শিষ্য তাঁর গুরুকে, উম্মত তাদের নবী ও রাসুলকে أب বা পিতা বলে সম্বোধন করেন এবং এটিকে গৌরবের বিষয় বলে মনে করেন। আর জানা কথা যে, এই জাতীয় ব্যবহার রূপকার্থে, ইঙ্গিতার্থে ও উপমার্থে হয়ে থাকে। একইভাবে তুলনারহিত বক্তা বা খতিবকে أبو الكلام গুণবান লেখক ও রচয়িতাকে أبو القلم, অভিজ্ঞ সমালোচককে أبو النظر ভীষণ ও ভয়ঙ্কর বস্তুকে أبو الطول, দানশীল ব্যক্তিকে أبو النجاد, কৃষিকাজে অভিজ্ঞ লোককে أبو الفلاحة, শিল্প ও পেশায় বিচক্ষণ ব্যক্তিকে أبو الصنع অহরহ বলা হয়ে থাকে।
সুতরাং এসব শব্দের এসব ব্যবহারের প্রতি লক্ষ করে বলা যেতে পারে যে, পবিত্র কিতাবে (ইঞ্জিলে) এক-অদ্বিতীয় সত্তা আল্লাহ তাআলার জন্য آب বা 'পিতা' শব্দের প্রয়োগ প্রকৃত মাবুদ (উপাস্য) অর্থে এবং হযরত মাসিহ আলাইহিস সালাম-এর জন্য ابن বা 'পুত্র' শব্দটির প্রয়োগ আল্লাহ তাআলার প্রিয়ভাজন ও মনোনীত বান্দা অর্থে করা হয়েছে। অর্থাৎ, যেভাবে পিতা ও পুত্রের মধ্যে ভালোবাসা ও স্নেহের বন্ধন দৃঢ় ও শক্তিশালী হয়ে থাকে। তার চেয়েও বহুগুণ দৃঢ় ও শক্তিশালী স্নেহ ও ভালোবাসার বন্ধন আল্লাহ তাআলা ও তাঁর পবিত্র নবী ইসা মাসিহ আলাইহিস সালাম-এর মধ্যে রয়েছে। একটি সহিহ হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রূপকার্থ ব্যবহার করে বলেছেন, الْخَلْقُ كُلُّهُمْ عَيَالُ اللَّهُ 'যাবতীয় সৃষ্টি আল্লাহর পরিবার। ১৮৫
অতএব, পারস্পরিক কথাবার্তা ও ভাষার ব্যবহারিক নিয়মাবলির প্রতি লক্ষ না করে آب বা 'পিতা' শব্দটি এবং ابن বা 'পুত্র' শব্দটির এমন অর্থ ও উদ্দেশ্য গ্রহণ করা যা প্রকাশ্য শিরকের সমার্থবোধক হয়, বরং তার চেয়েও বেশি জঘন্যতা ও নিকৃষ্টতার সঙ্গে আল্লাহর তাআলার সত্তাকে তিনটি 'মূল' দ্বার গঠিত বলে প্রকাশ করা হয় এবং আল্লাহকে খণ্ডিত অংশ বানানো হয়-কোনোভাবেই বৈধ হতে পারে না। এটা প্রকাশ্য জুলুম ও শিরকের জন্য উঠেপড়ে লাগা। ) تعال الله علوا كبيرا : আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, পাকপবিত্র ও মহামহিম।) বিশেষ করে এমন অবস্থায় যখন ইঞ্জিলসমূহের মধ্যেই ইসা মাসিহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার সৃষ্ট মানুষ হওয়ার পক্ষে স্পষ্ট দলিল-প্রমাণ বিদ্যমান। যেমন, ইউহান্নার ইঞ্জিলে হযরত ইসা আলাইহিস সালাম-এর এই বাণী উল্লেখ করা হয়েছে-
"আমি তোমাদেরকে সত্য সত্যই বলছি, তোমরা আসমানকে উন্মোচিত অবস্থায় এবং আল্লাহর ফেরেশতাগণকে উপরের দিকে যেতে এবং আদম-সন্তান (মাসিহ)-এর উপর অবতরণ করতে দেখবে।"১৮৬ আর ত্রয়োদশ অধ্যায়ে তিনি স্পষ্টভাবে নিজেকে আল্লাহর প্রেরিত রাসুল বলছেন-
"আমি তোমাদেরকে সত্য বলছি, চাকর কখনো তার মনিবের চেয়ে শ্রেষ্ঠ হয় না এবং রাসুলও কখনো তার প্রেরণকারীর চেয়ে শ্রেষ্ঠ হয় না।"
আর চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে-
"কেননা, স্বয়ং ইয়াসু (হযরত ইসা আলাইহিস সালাম) সাক্ষ্য প্রদান করেছেন যে, নবীরা নিজ মাতৃভূমিতে সম্মানপ্রাপ্ত হয় না।"
এবং তৃতীয় অধ্যায়ে বলা হয়েছে-
"আর আসমানের উপরে আরোহণ করে নি, তবে ওই ব্যক্তি ছাড়া যিনি আসমান থেকে অবতরণ করবে। অর্থাৎ, আদম-সন্তান (ইসা), যিনি আসমানে রয়েছেন।"
এবং ষষ্ঠ অধ্যায়ে রয়েছে-
"সুতরাং, তিনি যে-মুজিযা (নিদর্শন) প্রদর্শন করেছেন, লোকেরা (বনি ইসরাইল) তা দেখে বলতে লাগলো, যে-নবী দুনিয়ার বুকে আগম্য ছিলেন, তিনিই ইনি।"
আর মতির ইঞ্জিলের নবম অধ্যায়ের ষষ্ঠ আয়াতে বলা হয়েছে
"কিন্তু এইজন্য, যাতে তোমরা জেনে নিতে পারো যে, জমিনের ওপর যাবতীয় পাপ মার্জনা করার অধিকার ও ক্ষমতা আদম-সন্তান (মাসিহ আলাইহিস সালাম)-এর রয়েছে।"
এ ছাড়াও যদি নিউ টেস্টামেন্টে (আহদে জাদিদ) হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম-এর ابن 'বা 'পুত্র' শব্দটির প্রয়োগ বিদ্যমান থাকে, তবে ভালো মানুষদের জন্য أبناء الله 'আল্লাহর পুত্রগণ' শব্দের প্রয়োগ এবং খারাপ লোকদের জন্য ابناء ابلیس 'শয়তানের পুত্ররা' শব্দের প্রয়োগও দেখতে পাওয়া যায়।
যেমন, মতির ইঞ্জিলের পঞ্চম অধ্যায়ের নবম আয়াতে বলা হয়েছে- "তারাই বরকতময় বান্দা যারা মানুষের মধ্যে বন্ধন ও শান্তি প্রতিষ্ঠা করিয়ে দেয়। কারণ, তাদেরকে আল্লাহর পুত্র বলা হবে।" আর ইউহান্নার ইঞ্জিলে অষ্টম অধ্যায়ের ৪০ ও ৪১ সংখ্যক আয়াতে উল্লেখ করা হয়েছে- "ইয়াসু (হযরত ইসা আলাইহিস সালাম) তাদেরকে (বনি ইসরাইলকে) বললেন, 'তোমরা যদি ইবরাহিম (আলাইহিস সালাম)-এর সন্তান হতে, তবে ইসরাহিম (আলাইহিস সালাম)-এর মতো কাজকর্ম করতে।' বনি ইসরাইল তাঁকে বললো, 'আমরা 'হারাম' থেকে পয়দা হই নি; আমাদের পিতা একজন, অর্থাৎ, খোদা।"
সুতরাং, ত্রিত্ববাদের আকিদার ক্ষেত্রে খ্রিস্টানদের জন্য বিদ্যমান পবিত্র কিতাবসমূহেও (ইঞ্জিল চতুষ্টয়ে) কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না। এ-কারণে কোনো সন্দেহ ও সংশয় ব্যতিরেকেই এ-কথা বলা সঠিক যে, ত্রিত্ববাদের আকিদা মূর্তিপূজামূলক বিশ্বাসাবলির সঙ্গে সংমিশ্রণের ফল।

টিকাঃ
১৮১. کلمه অর্থ মানুষ যা বলে। এই বিশেষ জায়গায় এ-কথাটির অর্থ মারইয়ামের পুত্র- সম্ভাবনা।
১৮২. রুহ অর্থ আত্মা ও আদেশ। জীবের ক্ষেত্রে এর অর্থ আত্মা আর আল্লাহর ক্ষেত্রে এর অর্থ আদেশ। যেমন: روح الله অর্থ আল্লাহর আদেশ।
১৮৩. তাদের মতে, খোদা, ইসা, জিবরাইল (মতান্তরে জননী মারইয়াম) -এই তিন মাবুদ। এরূপ তিন মাবুদ বলার শিরক থেকে নিবৃত্ত হয়ে তাওহিদে বিশ্বাসী হলে তাদের জন্য কল্যাণকর হবে।
১৮৪. ইহুদিদের মধ্যে একটি সম্প্রদায় এই আকিদা পোষণ করতো। তাদেরকে উযায়রি বলা হতো। কেউ কেউ বলেন, বর্তমানেও এদের বংশধর কোনো কোনো অঞ্চলে বিদ্যমান।
১৮৫. দেখুন: জামিউল আহাদিস, জালালুদ্দিন সুযুতি।
১৮৬. প্রথম অধ্যায়, আয়াত ১৫।

📘 কাসাসুল কুরআন > 📄 অপ্রিধানযোগ্য বিষয়

📄 অপ্রিধানযোগ্য বিষয়


এ-বিষয়টি কখনো ভুলে যাওয়া উচিত নয় যে, পূর্ববর্তী জাতিসমূহের ধর্ম ও মতাদর্শের পরিবর্তন ও বিকৃতি-সাধনে পরিবর্তনকারীরা এ থেকে প্রচুর সাহায্যপ্রাপ্ত হয়েছে যে, মৌলিক আকিদাসমূহকে স্পষ্ট ও পরিষ্কার ভাষায় প্রকাশ করার পরিবর্তে যুগের বর্ণনাকারী, ব্যাখ্যাকারী ও অনুবাদকগণ ইঙ্গিত, রূপক ও উপমা খুব বেশি প্রয়োগ করেছেন। এসব বর্ণনার ফল এই দাঁড়িয়েছে যে, যখন এ-সকল সত্যধর্মকে মূর্তিপূজক ও দার্শনিকদের সামনে পেশ করা হলো এবং কোনো-না-কোনোভাবে তারা সেসব সত্যধর্ম গ্রহণ করলো, তখন তাদের দার্শনিকতাসুলভ ও মুশরিকসুলভ ও চিন্তা ও অনুমানের জন্য এইসব রূপক ও উপমাকে তাদের সহায়ক ও সমর্থক বানিয়ে নিলো এবং ধীরে ধীরে সত্যধর্মের আকৃতি ও অবস্থা বিকৃত করে তাকে পাঁচমিশালি আরকে পরিণত করে ছাড়ালো। এই বাস্ত বতার প্রতি লক্ষ করেই পবিত্র কুরআন আল্লাহ তাআলার অস্তিত্ব, তাওহিদ ও একত্ব, নবী ও রাসুল প্রেরণ, আসমানি কিতাবসমূহ, আল্লাহ তাআলার ফেরেশতাবৃন্দ—মোটকথা, যাবতীয় মৌলিক আকিদার বর্ণনায় দ্ব্যর্থবোধক শব্দ, জটিল উপমা, তাওহিদে বিঘ্ন সৃষ্টিকারী রূপক ও ইঙ্গিত ব্যবহারের পরিবর্তে চূড়ান্ত স্পষ্ট ও দুর্বোধ্যতামুক্ত শব্দপ্রয়োগ অবলম্বন করেছে। যাতে খোদাদ্রোহীরা ও ধর্মদ্রোহীরা ও মুশরিক দার্শনিকেরা নির্ভেজাল তাওহিদ ও একত্ববাদে শিরক, ধারণা ও অনুমানের সূক্ষ্ম বিষয় ঢুকিয়ে দেয়ার সুযোগ পেতে না পারে। এমন স্পষ্টতা সত্ত্বেও যদি কোনো অন্যায়ভাবে দুঃসাহস করে, তবে কুরআনের সুস্পষ্ট ও অকাট্য আয়াতসমূহই তার ধর্মদ্রোহিতাকে চূর্ণ-বিচূর্ণ করে দেবে।

📘 কাসাসুল কুরআন > 📄 কাফফারা বা প্রায়শ্চিত্ত

📄 কাফফারা বা প্রায়শ্চিত্ত


বর্তমানে খ্রিস্টধর্মে যে-দ্বিতীয় আকিদা খ্রিস্টধর্মের সত্যতাকে বিনষ্ট করে দিয়েছে তা হলো কাফফারার আকিদা বা প্রায়শ্চিত্তের বিশ্বাস। এই বিশ্বাসের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে এই অনুমানের ওপর যে, গোটা মানবজগৎ—যেখানে সততাপরায়ণ বান্দা, আল্লাহর পবিত্র নবী ও রাসুল সকলেই অন্তর্ভুক্ত রয়েছেন—সৃষ্টির প্রথম লগ্ন থেকেই পাপবিদ্ধ ছিলো। অবশেষে আল্লাহর রহমত উচ্ছ্বসিত হয়ে উঠলো এবং তাঁর অভিপ্রায় সিদ্ধান্ত নিলো যে, আপন পুত্রকে পৃথিবীর বুকে প্রেরণ করবেন এবং ওই পুত্র শূলিবদ্ধি হয়ে আদি ও অন্ত গোটা বিশ্ববাসীর সমস্ত পাপের প্রায়শ্চিত্ত (কাফ্ফারা) হয়ে যাবেন এবং এইভাবে মানবজগৎ পাপ থেকে পরিত্রাণ পাবে। কিন্তু এই আকিদার ভিত্তি প্রস্তুত করতে কয়েকটি জরুরি বিষয়ের প্রয়োজন ছিলো, যা ব্যতিরেকে এই ইমারত দাঁড় করানো সম্ভব হচ্ছিলো না। এ-কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যুগে সর্বপ্রথম খ্রিস্টধর্ম ইহুদিধর্মের এই আকিদা মেনে নিলো যে, আল্লাহর পুত্রকে (ঈসা মাসিহকে) শূলেও চড়ানো হয়েছিলো এবং হত্যাও করা হয়েছিলো। এই আকিদা সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতার মর্যাদা লাভ করার পর তাদের দ্বিতীয় প্রচেষ্টা ছিলো এই যে, 'খোদা' হওয়া সত্ত্বেও মাসিহ আলাইহিস সালাম-এর শূলিবিদ্ধ হওয়া ও নিহত হওয়া তাঁর নিজের জন্য ছিলো না; বরং মানবজগতের পরিত্রাণের জন্য ছিলো। ফলে, যখন তাঁর ওপর এই ঘটনা ঘটে গেলো, তিনি আবার খোদাত্বের চাদর পরিধান করে নিলেন এবং আলমে লাহুতে বা অদৃশ্য জগতে পিতা ও পুত্রের মধ্যে পুনরায় সম্পর্ক স্থাপিত হলো।
সুতরাং, যখন ধর্মের মধ্যে মহান আল্লাহর সঙ্গে আকিদার বিশুদ্ধতা ও সৎকর্মপরায়ণতার সম্পর্ক বিলুপ্ত হয় এবং পরিত্রাণের ভিত্তি আমল ও সৎকাজের পরিবর্তে ‘কাফ্ফারা' বা 'প্রায়শ্চিত্তে'র ওপর প্রতিষ্ঠিত হয়, তখন তার পরিণতি কী হয় তা কি অজানা?
পবিত্র কুরআন এ-কারণেই জায়গায় জায়গায় পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে, পরিত্রাণ ও নাজাতের জন্য আকিদার বিশুদ্ধতা, অর্থাৎ, একনিষ্ঠভাবে আল্লাহর যথার্থ ইবাদত ও সৎকর্ম ছাড়া আর কোনো পথ নেই। আর যে-কোনো ব্যক্তি এই সিরাতে মুস্তাকিম বা সরল পথকে পরিত্যাগ করে মনগড়া আকিদা এবং ধারণা ও অনুমানকে তার ধর্মাদর্শ বানিয়ে নেবে এবং সৎকর্ম ও যথার্থ ইবাদের ওপর অটল থাকবে না, সে সন্দেহাতীতভাবে পথভ্রষ্ট এবং সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন-
إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالنَّصَارَى وَالصَّابِئِينَ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (سورة البقرة)
"নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে, এবং খ্রিস্টান ও সাবিয়িন১৮৭-যারাই আল্লাহ ও আখেরাতে ঈমান আনে১৮৮ ও সৎকাজ করে, তাদের জন্য পুরস্কার আছে তাদের প্রতিপালকের কাছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।" [সুরা বাকারা: আয়াত ৬২)
অর্থাৎ, পবিত্র কুরআন কর্তৃক বাতিল ধর্ম ও মতাদর্শের সংশোধনের আহ্বান জানানোর উদ্দেশ্য এই নয় যে, ইহুদি, নাসারা ও সাবিয়িন সম্প্রদায়গুলোর মতো একটি নতুন সম্প্রদায় মুমিন নাম ধারণ করে এইরূপে তাদের সঙ্গে যুক্ত হবে যে, তারাও একটি জাতিগত বা বংশগত বা দেশভিত্তিক দল এবং তাদের ইবাদত ও আমলের যিন্দেগি যতই ভ্রান্তির ওপর প্রতিষ্ঠিত হোক, যতই ধ্বংসাত্মক হোক, বা একেবারে না-ই হোক, এই দলটির সদস্য হওয়ার কারণে অবশ্যই সফলকাম হবে এবং আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের অধিকারী হবে। কুরআনের উদ্দেশ্য কখনোই এমন নয়। বরং কুরআন এই পয়গام ঘোষণা করতে এসেছে যে, তার সত্যের প্রতি আহ্বানের পূর্বে কোনো ব্যক্তি যে-কোনো সম্প্রদায় বা যে-কোনো ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে রাখুক না কেনো, যদি সে কুরআনের সত্যের শিক্ষা অনুযায়ী আল্লাহ তাআলার ইবাদত ও সৎকাজ অবলম্বন করে, তবে নিঃসন্দেহে পরিত্রাণ পাবে ও সফলকাম হবে।
অন্যথায়, সে যদি মুসলমানের ঘরেও জন্মলাভ করে, প্রতিপালিত হয় এবং মুসলমানদের সমাজেই জীবনযাপন করে মৃত্যুবরণ করে; কিন্তু কুরআনের সত্যের আহ্বান অনুযায়ী আল্লাহ তাআলার যথার্থ ইবাদত ও নেক আমল থেকে বঞ্চিত থাকে বা তার বিরোধী হয়, তবে তার জন্য সফলতাও নেই, পুরস্কার ও প্রতিদানও নেই।
বাকি থাকলো খ্রিস্টানদের ত্রিত্ববাদের বিশেষ ব্যাপারটি। তো পবিত্র কুরআন একে বাতিল ও খণ্ডন করার জন্য এই পথ অবলম্বন করেছে যে, যে-ভিত্তিগুলোর ওপর ত্রিত্ববাদের আকিদাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, কুরআন সেগুলোর শেকড় কেটে দিয়েছে। ইতোপূর্বে হযরত ইসা আলাইহিস সালামকে শূলিবিদ্ধ ও হত্যা করার বিষয়টিকে অস্বীকার এবং তাঁকে ঊর্ধ্বলোকে তুলে নেয়ার বিষয়টিকে দালিলিকভাবে প্রমাণিত করার আলোচনায় এ-ব্যাপারে যথেষ্ট আলোকপাত করা হয়েছে।

টিকাঃ
১৮৭. সাবিয়িন বহুবচন, সাবি একবচন, অর্থা যে-ব্যক্তি নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে।- কুরতুবি। সে যুগে প্রচলিত সকল দীন থেকে তাদের পছন্দমত কিছু কিছু বিষয় তারা গ্রহণ করে নিয়েছিলো। তারা নক্ষত্র ও ফেরেশতার পূজা করতো। উমর রা. তাদেরকে কিতাবিদের মধ্যে গণ্য করেছেন।
১৮৮. আল্লাহ তাআলার সকল নির্দেশের ওপর বিশ্বাস স্থাপন করে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00