📄 যুলকারনাইন
যুলকারনাইনের ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা শুরু করার পূর্বে সমাধানসাপেক্ষ গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা হলো এই, কুরআন মাজিদ কেনো এ-বিষয়ের প্রতি মনোনিবেশ করলো? যদি নিজের পক্ষ থেকে না হয়, বরং কোনো প্রশ্নের জবাবে মনোনিবেশ করে থাকে তবে প্রশ্নকারী কে এবং কীসের ভিত্তিতে সে তার এই প্রশ্ন নির্বাচন করেছে? আমাদের এসব জিজ্ঞাসাই মূলত এ-বিয়ষটির চাবিকাঠি। যদিও মুফাস্সিরগণ ও জীবনচরিত রচয়িতাগণ আয়াতের শানে-নুযুল প্রসঙ্গে আমাদের জিজ্ঞাসার প্রতি মনোযোগ দিয়েছেন, কিন্তু ব্যক্তির নির্দিষ্টতা বিশ্লেষণের সময় তাঁরা এই বাস্তবতাকে পরিত্যাগ করেছেন।
সঙ্গে সঙ্গে এখানে আরো একটি বিষয় প্রণিধানযোগ্য, যুলকারনাইনের ব্যক্তিত্ব, প্রাচীরের নির্দিষ্টকরণ এবং ইয়াজুজ-মাজুজের ব্যাপার-বিশ্লেষণ যদিও স্বতন্ত্র তিনটি বিষয়, কিন্তু তারা পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। যদি এই তিনটি বিষয়ের কোনো একটির পরিষ্কার বিশ্লেষণ আমাদের সামনে চলে আসে, তা হলে কুরআন মাজিদের বিস্তারিত বিবরণের আলোকে অন্য দুটি বিষয়ের সমাধান খুব সহজেই হয়ে যাবে।