📘 কাসাসুল কুরআন > 📄 ঘটনাগুলোর নির্দিষ্টতা

📄 ঘটনাগুলোর নির্দিষ্টতা


যে-বসতিতে এই ঘটনা ঘটেছিলো তার নাম কী? কুরআন মাজিদ সুরা আ'রাফে শুধু এইটুকু বর্ণনা করছে যে, তা সাগরের তীরে অবস্থিত ছিলো।
وَاسْأَلْهُمْ عَنِ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ
“(হে নবী,) তাদেরকে সমুদ্র-তীরবর্তী জনপদের অধিবাসীদের সম্পর্কে জিজ্ঞেস করো।"
কিন্তু তাফসিরকারগণ ঘটনাস্থলের নাম নির্দিষ্টকরণের ব্যাপারে কয়েকটি নাম উল্লেখ করেছেন। হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা. থেকে বর্ণিত একটি রেয়ায়েত উদ্ধৃত করা হয়েছে যে, তা ছিলো মাদয়ানের ঘটনা। ইবনে যায়দ বলেন, এই জনপদটির নাম ছিলো মুকান্না এবং তা ছিলো মাদয়ান ও আইদুনির মধ্যবর্তী স্থানে ) هي قرية يقال لها "مقنا" بين مدين وعيدوني.৪৫
ইকরামা, মুজাহিদ, কাতাদা, সুদ্দি, কবির এবং একটি রেওয়ায়েতে হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা. থেকে বর্ণনা করা হয়েছে যে, ওই জায়গাটির নাম ছিলো আইলাহ (أيلة)। তা লোহিত সাগরের তীরে অবস্থিত ছিলো। আরবের ভূগোল বিশারদগণ বলেন, যখন কোনো ব্যক্তি সাইনা পর্বত হয়ে মিসরের দিকে গমন করতো, তখন সাইনা পর্বতের পাশে লোহিত সাগরের তীরে এই জনপদটিকে দেখতে পেতো। অথবা বলুন যে, মিসরের কোনো ব্যক্তি যদি মক্কা মুকাররমার উদ্দেশে যাত্রা করে, তবে পথিমধ্যে সে এই শহরটিকে দেখতে পায়—এই বক্তব্যটি মতের দিক থেকে প্রবল। ৪৬

টিকাঃ
৪৫. তাফসিরে ইবনে কাসির, সুরা আ'রাফ, আয়াত ১৬৩।
৪৬. তাফসিরে ইবনে কাসির, সুরা আ'রাফ, আয়াত ১৬৩; ফাতহুল বারি, ৬ষ্ঠ খণ্ড।

📘 কাসাসুল কুরআন > 📄 ঘটনাটির কাল

📄 ঘটনাটির কাল


শাহ আবদুল কাদির রহ. (নাওওয়ারাহু মারকাদাহু) এবং তাঁর অনুসরণে অন্য কয়েকজন মুফাস্সির বলেন, এই ঘটনা হযরত দাউদ আ.-এর যুগে ঘটেছিলো। কিন্তু ইবনে জারির, ইবনে কাসির, ইবনে হাইয়ান ও ইমাম রাযি রহ.-এর মতো উচ্চ মর্যাদাসম্পন্ন মুফাস্সিরগণের বর্ণনারীতি এবং কুরআন মাজিদের বর্ণনাশৈলী থেকে উল্লিখিত উক্তিটি সঠিক বলে মনে হয় না। কেননা, কুরআন মাজিদ সুরা আ'রাফে এই ঘটনা কিছুটা বিস্ত ারিতভাবে বর্ণনা করেছে। ওখানে বলা হয়েছে যে, এই ঘটনা ঘটার সময় বর্ণিত জনপদের অধিবাসীরা তিনভাগে বিভক্ত হয়ে পড়েছিলো। তাদের মধ্যে একটি দল নাফরমান এবং বাহানা ও কৌশল অবলম্বনকারীদের হেদায়েতের পথে অটল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো। সুতরাং এই ঘটনা যদি হযরত দাউদ আ.-এর যুগে ঘটে থাকতো, তবে এই কথা (একটি দলের হেদায়েতের পথ প্রদর্শন) ধারণা থেকে দূরে থাকতো এবং কুরআনের বর্ণনাভঙ্গি থেকেও দূরে থাকতো। কেননা, কুরআন মাজিদ এ-ক্ষেত্রে মানুষের একটি বিরাট দলের ওপর আল্লাহর আযাব, অর্থাৎ, মানুষকে পশুতে রূপান্তরিত করে দেয়ার শাস্তির কথা উল্লেখ করছে এবং এই প্রসঙ্গে ওই যুগের নবীর কথা মোটেই উল্লেখ করছে না। কুরআন এ-কথাও বলছে না, অবাধ্যাচরণকারী সম্প্রদায় এবং তাদের নবীর সঙ্গে কেমন ঘটনা ঘটেছিলো। তা ছাড়া প্রাচীন কালের উলামায়ে কেরাম থেকেও এমন কোনো রেওয়ায়েত নেই যা থেকে বুঝা যায় যে, উল্লিখিত ঘটনাটি হযরত দাউদ আ.-এর যুগে ঘটেছিলো। এর পক্ষে ইতিহাসও কোনো উপাদান সরবরাহ করছে না। এ-কারণে উপরে বর্ণিত উচ্চ মর্যাদাশালী মুফাস্সিরগণও এই ঘটনা সম্পর্কিত চারটি স্থানের মধ্যে কোনো একটি স্থানের তাফসিরেও এ-কথা উল্লেখ করেন নি যে, এই ঘটনা হযরত দাউদ আ.-এর যুগে সংঘটিত হয়েছিলো। জানি না, হযরত শাহ আবদুল কাদির সাহেব রহ. তাঁর এই বক্তব্য কোথা থেকে গ্রহণ করেছেন যে, উল্লিখিত ঘটনাটি হযরত দাউদ আ.-এর যুগে ঘটেছিলো। সম্ভবত তিনি সুরা মায়েদার নিম্নবর্ণিত আয়াত থেকে এমন অনুমান করে থাকবেন-
لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِنْ بَنِي إِسْرَائِيلَ عَلَى لِسَانِ دَاوُودَ وَعِيسَى ابْنِ مَرْيَمَ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ (سورة المائدة)
"বনি ইসরাইলের মধ্যে যারা কুফরি করেছিলো তারা দাউদ ও মারইয়াম তনয় কর্তৃক অভিশপ্ত হয়েছিলো-তা এইজন্য যে, তারা ছিলো অবাধ্য ও সীমালঙ্ঘনকারী।" [সুরা মায়িদা: আয়াত ৭৮)
কিন্তু এই আয়াত থেকে প্রমাণ করা শুদ্ধ নয়। তা এ-কারণে যে, প্রথমত, এই আয়াত বনি ইসরাইলের সাধারণ পথভ্রষ্টতার কথা আলোচনা করা হয়েছে। নির্দিষ্টভাবে শনিবারের ঘটনা আলোচিত হয় নি। দ্বিতীয়ত, এ-আয়াতে কেবল হযরত দাউদ আ.-এর কথাই উল্লেখ করা হয় নি; বরং হযরত ঈসা তনয় মারইয়াম আ.-এর কথাও উল্লেখ করা হয়েছে। আল্লামা ইবনে কাসির এই আয়াতের তাফসিরে লিখেছেন-
يخبر تعالى أنه لعن الكافرين من بني إسرائيل من دهر طويل فيما أنزله على داود - عليه السلام - وعلى لسان عيسى ابن مريم بسبب عصيانهم الله واعتدائهم على خلقه قال العوفي عن ابن عباس لعنوا في التوراة والانجيل وفي نبيه الزبور وفي الفرقان ثم بين حالهم فيما كانوا يعتمدونه في زمانهم.
"আল্লাহ তাআলা সংবাদ দিচ্ছেন যে, তিনি এক দীর্ঘকাল পর হযরত দাউদ আ.-এর প্রতি যা নাযিল হয়েছিলো তাতে (যাবুরে) বনি ইসরাইলি কাফেরদের লানত করেছিলেন এবং হযরত ঈসা তনয় মারইয়াম আ.-এর জবান দিয়ে তাদেরকে অভিসম্পাত করেছিলেন। আল্লাহ তাআলার অবাধ্যাচরণ এবং তাঁর সৃষ্টির ওপর তাদের অনাচারের ফলে তারা লানতের উপযুক্ত ছিলো। (যাতে তাদের অবস্থা দেখে অন্য লোকেরা উপদেশ গ্রহণ করে।) আওফি বলেন, হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা. থেকে বর্ণিত, (তিনি উল্লিখিত আয়াতের তাফসিরে বলেন,) বনি ইসরাইলিদেরকে তাওরাত, যাবুর, ইঞ্জিল ও ফুরকানে (কুরআনে) অভিসম্পাৎ করা হয়েছে। এরপর, তারা তাদের যার ওপর নির্ভরশীল ছিলো তাতে তাদের অবস্থা বর্ণনা করা হয়েছে।"৪৭
মোটকথা, কুরআন মাজিদে বর্ণনাশৈলী এবং উচ্চ মর্যাদাশীল মুফাস্সিরগণের বিশদ ব্যাখ্যার মাধ্যমে প্রমাণিত হয় যে, আসহাবে সাবতের এই ঘটনা হযরত মুসা আ. ও হযরত দাউদ আ. মধ্যবর্তীকালে এমন কোনো সময়ে ঘটেছিলো যখন 'আইলাহ' নামক জনপদে কোনো নবী বিদ্যমান ছিলেন না। সৎকাজের আদেশ ও অসৎ কাজ থেকে বারণ করার কর্তব্য ওই জনপদের উলামায়ে হকের ওপরই ন্যস্ত ছিলো। সুতরাং কুরআন মাজিদ কেবল তাদের কথাই উল্লেখ করেছে; কোনো রাসুল বা নবীর কথা উল্লেখ করে নি।

টিকাঃ
৪৭. তাফসিরে ইবনে কাসির: প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড।

📘 কাসাসুল কুরআন > 📄 বদুল্লাহ বিন আব্বাস রা. এবং ইকরামা রাহ.-এর মধ্যে কথোপকথন

📄 বদুল্লাহ বিন আব্বাস রা. এবং ইকরামা রাহ.-এর মধ্যে কথোপকথন


ইকরামাহ বিন আবদুল্লাহ আল-বারবারিয়্যু রা. ছিলেন হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা.-এর উত্তম শাগরেদ, তীক্ষ্ণধী, বুদ্ধিমান ও উচ্চ মর্যাদাবান তাবেয়ি। তিনি বর্ণনা করেন-
جنت ابن عباس يوما وهو يبكي، وإذا المصحف في حجره، فأعظمت أن أدنو ثم لم أزل على ذلك حتى تقدمت فجلست فقلت ما يبكيك يا أبا عباس جعلني الله فداك؟ قال: فقال: هؤلاء الورقات. قال: وإذا هو في سورة الأعراف، قال: هل تعرف أيلة قلت: نعم. قال: فإنه كان بها حي من يهود سيقت الحيتان إليهم يوم السبت، ثم غاصت لا يقدرون عليها حتى يغوصوا بعد كد ومؤنة شديدة ... فكانوا كذلك برهة من الدهر، ثم إن الشيطان أوحى إليهم فقال: إنما نهيتم عن أكلها يوم السبت، فخذوها فيه، وكلوها في غيره من الأيام।
'একদিন আমি হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা.-এর কাছে উপস্থিত হয়ে দেখলাম তিনি কাঁদছেন এবং কুরআন মাজিদ তাঁর কোলের ওপর (খোলা অবস্থায়) রয়েছে। আমি তাঁর মহান মর্যাদার প্রতি লক্ষ করে কিছুক্ষণ তাঁর নিকটবর্তী হলাম না। কিন্তু এই অবস্থায় যখন বেশ সময় অতিবাহিত হয়ে গেলো, তখন (আমি আর দূরে সরে থাকতে পারলাম না,) তাঁর কাছে এগিয়ে গেলাম এবং পাশে বসলাম। আমি তাঁকে বললাম, হে আবু আব্বাস, কোন্ বিষয় আপনাকে এভাবে কাঁদাচ্ছে? (আপনি কেনো এভাবে রোদন করছেন?) ইকরামাহ রা. বলেন, তখন আবদুল্লাহ বিন আব্বাস রা. বললেন, এই পাতাগুলোই আমার রোদনের কারণ। ইকরামাহ বলেন, আমি দেখলাম, সেগুলো সুরা আ'রাফের পাতা। আবদুল্লাহ বিন আব্বাস রা. আমাকে বললেন, তুমি কি আইলাহ নামক জনপদ চেনো? আমি বললাম, চিনি। তিনি তখন বললেন, এই জনপদে ইহুদিদের একটি বসতি ছিলো। সাগরের মাছগুলো শনিবারে তাদের কাছে ভেসে থাকতো। কিন্তু তারপর (শনিবারের পর) মাছগুলো পানির গভীরে চলে যেতো; তারা সেগুলোকে ধরতে বা শিকার করতে পারতো না। অনেক চেষ্টা ও পরিশ্রমের পর দু-একটি ধরতে পারতো। ... একটি সময় পর্যন্ত তারা এভাবেই থাকলো। অতঃপর শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিলো; শয়তান তাদের বললো: শনিবারে তোমাদের কেবল মাছ খেতে নিষেধ করা হয়েছে (মাছ ধরতে তো নিষেধ করা হয় নি)। সুতরাং, শনিবারে তোমরা মাছ শিকার করো এবং অন্য দিনগুলোতে খাও। ৬৪
আবদুল্লাহ বিন আব্বাস রা. বলেন, যখন এই বাহানা ও অপকৌশল ব্যাপক হয়ে পড়লো, সত্যপন্থীরা তাদেরকে উপদেশ দিয়ে বললেন, শনিবারে মাছ ধরা, শিকার করা এবং মাছ খাওয়া সবই নিষিদ্ধ। সুতরাং তোমরা এই বাহানা অবলম্বন ত্যাগ করো। অন্যথায় আল্লাহ তাআলার শাস্তি তোমাদের ধ্বংস করে দেবে। কিন্তু নাফরমানরা তাঁদের কথায় কর্ণপাত করলো না। ফলে উপদেশ প্রদানকারী দলের মধ্য থেকে পরের সপ্তাহে একটি দল পৃথক হয়ে গেলো। তারা সপরিবারে তাদের থেকে দূরে গিয়ে বসবাস করতে শুরু করলো। আর একটি দল শনিবার সম্পর্কিত নির্দেশ অমান্য করাতে গর্হিত মনে করলো ঠিক, কিন্তু তারা নাফরমানদের সঙ্গে সম্পর্ক বর্জন করলো না। ফলে দক্ষিণপন্থীরা (সম্পর্ক বর্জনকারীরা) যখন নাফরমান লোকদেরকে ধমক দিলো এবং আল্লাহ তাআলার শাস্তির ভীতি প্রদর্শন করলো, তখন বামপন্থীরা (যারা সম্পর্ক বর্জন করে নি) বলতে লাগলো-
لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا
'আল্লাহ যাদেরকে (তাদের দুর্ভাগ্যের কারণে) ধ্বংস করবেন অথবা কঠোর শাস্তি দেবেন, তোমরা তাদেরকে সদুপদেশ দাও কেনো?'
তাদের জবাবে দক্ষিণপন্থীরা বললো-
مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ
'তোমাদের প্রতিপালকের কাছে (কিয়ামতের দিন) দায়িত্ব-মুক্তির জন্য (যে, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি) এবং যাতে তারা (তাদের নাফরমানি) সাবধান হয়ে যায়, এইজন্য।'
অবশেষে সদুপদেশ প্রদানকারী দল একদিন বিরোধী নাফরমান দলকে বললো, হয় তোমরা এই গর্হিত কাজ থেকে ফিরে আসো, অন্যথায় আগামীকাল তোমাদের ওপর অবশ্যই আল্লাহর আযাব নাযিল হবে।
এরপর আবদুল্লাহ বিন আব্বাস রা. অবাধ্য লোকদের ওপর আযাব নাযিল হওয়ার বিস্তারিত বিবরণ বর্ণনা করে বলেন, এই ঘটনায় আল্লাহ তাআলা দুই দলের পরিণামের কথা উল্লেখ করেছেন : এক. বিরুদ্ধ আচরণকারী ও অবাধ্য লোকদের পরিণাম, যাদেরকে ধ্বংস রূপান্তরিত করে দেয়া হয়েছে এবং দুই. সৎকাজের আদেশ প্রদানকারী ও অসৎ কাজ থেকে নিবৃত্তকারী লোকদের পরিণতি, যারা ওই শাস্তি থেকে নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। কিন্তু তিনি তৃতীয় দলটি অর্থাৎ, নীরবতা অবলম্বনকারী বামপন্থীদের পরিণাম সম্পর্কে কিছুই উল্লেখ করেন নি। তিনি বলেন, আমার মনে তৃতীয় দল সম্পর্কে এমন এমন চিন্তা-ভাবনার উদয় হয় যা আমি ভাষায় প্রকাশ করা পছন্দ করি না। (অর্থাৎ, যেহেতু তারা 'সৎকাজের আদেশ ও অসৎ কাজ থেকে বারণ করা'-এর কর্তব্য থেকে বিরত থেকেছে, যদিও তারা আল্লাহর আদেশ লঙ্ঘন ও অবাধ্যাচরণ করে নি-এ-কারণে তারাও আবার কোনো শাস্তির উপযুক্ত সাব্যস্ত না হয়ে পড়ে এবং নাফরমান লোকদের দলভুক্ত করে নেয়া না হয়।)
হযরত ইকারাম রা. বলেন, আমি আরজ করলাম, আমি আপনার জন্য কুরবান হয়ে যাই, আপনি এ-ব্যাপারে এত উদ্বিগ্ন হবেন না। নিঃসন্দেহে এই তৃতীয় দলও মুক্তিপ্রাপ্ত ও সুরক্ষিত দলেরই অন্তর্ভুক্ত রয়েছে। কেননা, কুরআন মাজিদ তাদের সম্পর্কে বলেছে যে, তারা উপদেশ প্রদানকারী দলকে এ-কথা বলেছে, 'তোমরা কেনো এমন দলকে উপদেশ প্রদান করছো যাদেরকে আল্লাহ তাআলা অচিরেই ধ্বংস করে দেবেন বা কঠিন শাস্তির মধ্যে নিপতিত করবেন।' সুতরাং, কুরআন তাদের সম্পর্কে স্পষ্টভাবে ব্যক্ত করছে যে, তারা ধ্বংসপ্রাপ্ত হয় নি। অন্যথায় তাদের উল্লেখ করা হতো ধ্বংসপ্রাপ্ত লোকদের সঙ্গে; মুক্তিপ্রাপ্ত ও সুরক্ষিত মানুষদের সঙ্গে তাদের উল্লেখ করা হতো না। তা ছাড়া এই দলটি যারা গর্হিত কর্মকাণ্ড করছিলো তাদের কার্যকলাপে নিরাশ হয়েই এসব কথা বলতো। সুতরাং তারা শাস্তির উপযুক্ত ছিলো না। হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা. আমার এসব কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং আয়াতগুলোর এমন তাফসির করার জন্য আমাকে পুরস্কৃত করলেন।

টিকাঃ
৬৪. তাফসিরে ইবনে কাসির, সুরা আ'রাফ, আয়াত ১৬৫। মনে হয়, বাহানাবাজদের বাহানাগুলোর মধ্যে এটিও একটি বাহানা। —লেখক

📘 কাসাসুল কুরআন > 📄 বিকৃত সম্প্রদায়গুলোর পার্থিব পরিণাম

📄 বিকৃত সম্প্রদায়গুলোর পার্থিব পরিণাম


যেসব সম্প্রদায়কে আল্লাহ তাআলার আযাবের মাধ্যমে রূপান্তরিত করে দেয়া হয় তাদেরকে জীবিত রাখা হয় না; বরং তিনদিনের মধ্যেই তাদেরকে ধ্বংস করে দেয়া হয়। যাতে তাদের বংশধারার সৃষ্টি না হয় এবং পৃথিবীতে তাদের অস্তিত্ব স্বয়ং তাদের জন্যও এক দীর্ঘকাল পর্যন্ত লাঞ্ছনা ও অপদস্থতার কারণ না হয়। সহিহ হাদিসসমূহে এ-বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ سَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْقِرَدَةِ وَالْخَنَازِيرِ أَهِيَ مِنْ نَسْلِ الْيَهُودِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ لَمْ يَلْعَنْ قَوْمًا قَطُّ فَمَسَحَهُمْ فَكَانَ لَهُمْ نَسْلٌ حِينَ يُهْلِكُهُمْ وَلَكِنْ هَذَا خَلْقَ كَانَ فَلَمَّا غَضِبَ اللَّهُ عَلَى الْيَهُودِ مَسَحَهُمْ فَجَعَلَهُمْ مِثْلَهُمْ .
হযরত আবদুল্লাহ বিন মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বানর ও শূকর সম্পর্কে জিজ্ঞেস করলাম, সেগুলো কি (বিকৃতিগ্রস্ত) ইহুদিদের বংশধর? জবাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে অভিসম্পাৎ করে তাদেরক বিকৃত করে দেন, তাদের বংশধর আর বৃদ্ধি পায় না। আর এসব জন্তু-জানোয়ার আল্লাহর পৃথক সৃষ্টি। তাই যখন আল্লাহ তাআলা ইহুদিদের ওপর গযব নাযিল করলেন, তাদেরকে বিকৃত করলেন এবং বানর ও শূকরের মতো বানিয়ে দিলেন।”৬৫
আর একটি রেওয়ায়েতে নিম্নলিখিত বাক্যগুলো রয়েছে-
عن ابن مسعود قال: سئل رسول الله - صلى الله عليه وسلم - عن القردة والخنازير أهي مما مسخ الله فقال " إن الله لم يهلك قوما أو قال لم يمسخ قوما فيجعل لهم نسلا ولا عقبا وإن القردة والخنازير كانت قبل ذلك. "
হযরত আবদুল্লাহ বিন মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বানর ও শূকর সম্পর্কে জিজ্ঞেস করা হলো-সেগুলো কি আল্লাহ যাদেরকে বিকৃত করে দিয়েছিলেন তাদের বংশধর? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, "আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করেন অথবা তিনি বলেছেন যখন কোনো জাতিকে বিকৃত করেন তখন তাদের বংশধরও রাখেন এবং তাদের অবশিষ্টাংশও রাখেন না। আর বানর ও শূকর তার (বিকৃতির শাস্তির) আগে থেকেই ছিলো।"৬৬
আর একটি রেওয়ায়েতে এসেছে-
عن ابن عباس: فمسخهم الله قردة بمعصيتهم، يقول: إذ لا يحيون في الأرض إلا ثلاثة أيام، قال: ولم يعش مسخ قط فوق ثلاثة أيام، ولم يأكل ولم يشرب ولم ينسل.
হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, "আল্লাহ তাআলা তাদের অবাধ্যাচরণের জন্য তাদেরকে বানরে রূপান্তরিত করে দিলেন।” তিনি বলেন, "এরপর তারা এই পৃথিবীতে মাত্র তিনদিন বেঁচে ছিলো।” তিনি বলেন, "বিকৃতির শাস্তি কখনো তিনদিনের বেশি স্থায়ী হয় নি। এই দিনতিন তারা খায় নি, পান করে নি এবং সন্তানও জন্ম দেয় নি। "৬৭

টিকাঃ
৬৫. মুসনাদে আহমদ: হাদিস ৩৭৪৭; মুসনাদে আবু দাউদ তায়ালিসি, ১ম খণ্ড, পৃষ্ঠা ৭৬।
৬৬. তাফসিরে ইবনে কাসির, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা ১৪২, সুরা মায়িদা।
৬৭. তাফসিরে ইবনে কাসির, প্রথম খণ্ড, পৃষ্ঠা ২৮৯, সুরা বাকারা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00