📄 শিক্ষা ও হিতোপদেশ
হযরত যাকারিয়া ও ইয়াহইয়া আলাইহিস সালামে জীবনী ও ঘটনাপ্রবাহ থেকে খুব সহজেই বিভিন্ন শিক্ষা ও উপদেশ গ্রহণ করা যায়। তার মধ্যে নিম্নের কয়েকটি শিক্ষা মনোযোগ আকর্ষণ করে।
১। পৃথিবীতে ওই ব্যক্তি থেকে নরাধম ও দুর্ভাগা আর কেউ নেই, যে এমন মহান ব্যক্তিকে হত্যা করে, যে তাকে কোনো কষ্ট দেয় নি, কখনো তার ধন-সম্পদের ওপর হস্তক্ষেপ করে নি। বরং উল্টো কোনো ধরনের পারিশ্রমিক ও বিনিময় ব্যতিরেকে তাঁর জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে সর্বপ্রকার সেবা দিয়ে যায় এবং তাকে চরিত্র, কর্মকাণ্ড ও আকিদাগত এমন বিশ্বাস শিক্ষা দেয়, যা তার দুনিয়া ও আখেরাতের প্রভূত কল্যাণ ও সৌভাগ্য বয়ে আনে। হযরত আবু উবায়দাহ ইবনুল জাররাহ রা. একবার প্রশ্ন করেছিলেন, কিয়ামতের সবচেয়ে বেশি কোন লোকটি আযাবের হকদার হবে? তার উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ ইরশাদ করেন—
قال : رجل قتل نبيًّا أو من أمر بالمعروف ونهي عن المنكر.
'ওই ব্যক্তি যে কোনো নবীকে অথবা এমন ব্যক্তিকে হত্যা করেছে যে তাকে সৎ কাজের আদেশ করতো এবং অসৎ কাজ নিষেধ করতো।'
পৃথিবীর সকল জাতিসমূহের মধ্যে ইহুদি জাতিই সেই চরম নিকৃষ্ট অপকর্মের হোতা। তারা যুগে যুগে তাদের নবী-রাসুলদের সঙ্গে যে ধরনের মন্দ আচরণ করেছে, বিদ্রূপ করেছে, গায়ে হাত তুলেছে এমনকি নবী হত্যার মতো জঘন্য কাজ অবলীলায় করে ফেলতে পেরেছে, তার দৃষ্টান্ত অন্যকোনো জাতিতে নেই।
২। বনি ইসরাইলে অনেকগুলো শাখাগোত্র ছিলো। ফলে তাদের জনপদে ক্ষুদ্র ক্ষুদ্র পৃথক শাসনব্যবস্থা হতো। যার ফলে একই সময় তাদের উদ্দেশে একাধিক নবী প্রেরিত হতেন। তবে তাদের সবার শিক্ষার একটাই বুনিয়াদ হতো। সেটি হলো, তাওরাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর পক্ষে তাঁর উম্মতের মধ্যে 'উলামায়ে কেরাম'-এর যে অবস্থান, হযরত মুসা আ.-এর পক্ষে তাদের অবস্থান হতো তারই অনুরূপ। যদিও علماء امتي كانبياء بني اسرائيل হাদীসটির প্রামাণ্যতা শাব্দিক বিবেচনায় বিশেষণের অপেক্ষা রাখে, কিন্তু ভাষ্য ও মর্মের বিচারে সেটি শতভাগ বিশুদ্ধ ও যথার্থ। কারণ হলো, সর্বশেষ নবীর আগমনের মাধ্যমে নবুওতের ধারাবাহিকতা চূড়ান্ত পূর্ণতায় পৌছে সমাপ্তি ঘটেছে, কাজেই অনুকম্পাপ্রার্থী এই উম্মতের কিয়ামত পর্যন্ত ইসলাহ ও হেদায়েতের জন্য 'উলামায়ে হক' ছাড়া দ্বিতীয় কোনো জামাত হতে পারে না। কাজেই তাঁরা নবুওতের উত্তরাধিকারের অভিজাত পদবিতে সেভাবে অধিষ্ঠান পেয়েছেন, হযরত মুসা আ.-এর শিক্ষার প্রচার-প্রসারের কাজে যে পদবিতে বনি ইসরাইলি নবীগণ অধিষ্ঠিত হতেন।
এখানে আমরা 'আলেম' শব্দের সঙ্গে 'হক' শব্দ যুক্ত করেছি বিশেষ কারণে। তা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 'উলামায়ে সু' (মন্দ আলেমকুল)-কে নিকৃষ্টতম সৃষ্টি ঘোষণা করেছেন। কাজেই উলামায়ে সূ (মন্দ আলেমকুল)-এর আনুগত্য উম্মতের শুধু গুমরাহিকেই ডেকে আনে না, বরং বরবাদি নিশ্চিত করে। কারণ, উলামায়ে সূ-এর কারণে 'উলামায়ে হক'-এর বিরুদ্ধেও জনমনে খারাপ ধারণা ছড়াতে থাকে। ফলে তাঁদের বিরুদ্ধে বিদ্রূপ ও উপহাসের পরিবেশ তৈরি করার মাধ্যমে একটি প্রতিষ্ঠিত ধর্মকে ধ্বংস করার আয়োজন চূড়ান্ত করা হয়। তখন উম্মতের বৃহৎ একটি গোষ্ঠী কোন শ্রেণির আলেম হক আর কোন শ্রেণির আলেম সু? তা তারা কুরআন-হাদিসের কষ্টিপাথর দিয়ে যাচাই না করে নিজস্ব অভিরুচি ও মতাদর্শের সঙ্গে সামাঞ্জস্যের মানদণ্ডে বাছ-বিচার করতে শুরু করে।
উপরন্তু বিশেষ ব্যক্তি বা সদস্যের বিরোধিতার আবেগে উদ্বেলিত হয়ে সাধারণত 'উলামায়ে দীন'-কে তিরস্কারের টার্গেট বানানো হয়ে থাকে। অথচ তাদের অসম্মান ও অপমান করাটা প্রকৃত বিচারে 'দীনে হক'-এর শিক্ষার বিরুদ্ধে 'বিদ্রোহের পতাকা' বুলন্দ করার নামান্তর। যারা একাজ করবে, তারা সেই ইহুদিদের উত্তরাধিকারী হবে, যাদের কথা সুরা আলে ইমরানের ২০ নং আয়াতে বলা হয়েছে।
৩। আল্লাহর দয়া ও করুণা থেকে কারো কখনো নিরাশ হওয়া উচিত হবে না। কখনো এমনও হতে পারে যে, ইখলাসের সঙ্গে দোয়া করা সত্ত্বেও উদ্দেশ্য সাধিত হচ্ছে না; আদৌ এর অর্থ এ নয় যে, ওই ব্যক্তির ওপর থেকে আল্লাহর রহমতের দৃষ্টি উঠে গেছে। কেননা, আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাবান। তাঁর দৃষ্টিতে কখনও কখনও এটাও ধরা পড়ে যে, একজন ব্যক্তি যে জিনিসকে তার নিজের জন্য কল্যাণ মনে করে উঠে-পড়ে চাচ্ছে, তা পরিণতি ও ফলাফলের বিচারে তার জন্য চূড়ান্ত ক্ষতিকর হবে। অথচ সে তার সীমিত জ্ঞানের কারণে বিষয়টি এ মুহূর্তে বুঝতে পারছে না। অথবা প্রার্থিত জিনিসটির অবতরণে বিলম্ব ঘটলে তা ব্যক্তিবিশেষের কল্যাণের স্থলে গোটা গোষ্ঠীর জন্য কল্যাণকর হবে, যার কারণে আল্লাহই তার বিলম্ব চাচ্ছেন। অথবা তার চেয়েও উত্তম উদ্দেশ্যের জন্য এটিকে কুরবান করে দেয়া হয়। এমন অনেক প্রজ্ঞা ও কল্যাণ অন্তরালে থেকে যায়। যা মানবচোখে গোচরীভূত হয় না। কাজেই শেষ কথা হলো, নৈরাশ্য ও হতাশা আল্লাহর দরবারে অত্যন্ত অপ্রিয় ও অপছন্দনীয়। ইরশাদ হয়েছে-
وَلَا تَيْأَسُوا مِنْ رَوْحِ اللَّهِ إِنَّهُ لَا يَيْأَسُ مِنْ رَوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ
'আর আল্লাহর আশিষ হতে তোমরা নিরাশ হয়ো না। কারণ কাফির সম্প্রদায় ব্যতীত অন্য কেউ আল্লাহর আশিষ হতে নিরাশ হয় না।' (সুরা ইউসুফ: আয়াত ৮৭)