📄 দীনের প্রচার ও প্রসার
মুসনাদে আহমদ, সুনানে তিরমিযি, ইবনে মাজাহসহ হাদিসের অন্যান্য কিতাবে হযরত হারেস আশআরি রা. থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ হযরত ইয়াহইয়া বিন যাকারিয়া আলাইহিমাস সালামকে বিশেষ ভাবে পাঁচ কাজের নির্দেশ করেছিলেন যে, এগুলোর ওপর তুমি নিজেও আমল করো এবং বনি ইসরাইলকেও শিক্ষা দাও। কিন্তু বিশেষ কারণে হযরত ইয়াহইয়া আ.-এর শিক্ষা কার্যক্রম শুরু করতে বিলম্ব হয়ে যায়। তখন হযরত ঈসা আ. বলেন, হে আমার ভাই, আপনি যদি সঙ্গত মনে করেন, তাহলে আমি বনি ইসরাইলকে ওই বিষয়গুলো শিক্ষা দান করি, যা সম্পন্ন করতে বিশেষ কারণে আপনার দেরি হয়ে যাচ্ছে। ইয়াহইয়া আ. বললেন, ভাই, আমি যদি তোমাকে অনুমতি দিয়ে দিই আর নিজেই নির্দেশ পালন না করি, তাহলে আমার আশঙ্কা হচ্ছে, এ কারণে আমার ওপর আযাব নেমে আসতে পারে বা আমি মাটির ভেতর ধসে যেতে পারি। কাজেই আমি-ই অগ্রসর হচ্ছি। তিনি বনি ইসরাইলকে বাইতুল মুকাদ্দাসে একত্র করলেন। যখন মসজিদ লোকারণ্য হয়ে গেলো, তখন তিনি নসিহত শুরু করলেন। যেখানে তিনি বলেন, আল্লাহ আমাকে পাঁচটি কাজের নির্দেশ করেছেন। যেগুলোর ওপর আমি নিজেও আমল করবো এবং তোমাদেরকেও শিক্ষা দেবো। সেই পাঁচটি আমলের বর্ণনা নিম্নরূপ:
১। প্রথম নির্দেশ হলো, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো উপাসনা করবে না এবং কাউকে তাঁর সঙ্গে অংশীদার করবে না। কেননা, মুশরিকের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো, যাকে তার মনিব নিজ অর্থে ক্রয় করেছে। কিন্তু গোলামের অভ্যাস হলো, সে যা উপার্জন করে তা মনিবকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেয়। তোমরাই বলো, তোমাদের কোনো ব্যক্তি কি তার গোলামের এই আচরণ পছন্দ করবে? এর থেকে বুঝে নাও, যখন প্রভু-ই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি-ই তোমাদেরকে রিযিক দান করেন, তখন তোমরা শুধু তাঁর-ই উপাসনা করবে। তাঁর সঙ্গে কাউকে শরিক করবে না।
২। দ্বিতীয় নির্দেশ হলো, তোমরা বিনম্রতা ও সাধুতার সঙ্গে নামায আদায় করো। কেননা, যতক্ষণ তোমরা নামাযের ভেতর অন্য দিকে মনোযোগ না দেবে, মহান আল্লাহ অব্যাহতভাবে তোমাদের দিকে সন্তুষ্টি ও রহমতসহ মনোযোগী হয়ে থাকবেন।
৩। তৃতীয় নির্দেশ হলো, রোযা রাখো। কেননা, রোযাদারের উদাহরণ হলো ওই ব্যক্তি, যে একটি দলে অবস্থান করছে আর তার কাছে সুগন্ধির থলে রয়েছে। যার সৌরভ তাকেও সুরভিত করে এবং অন্য সঙ্গীদেরকেও মোহিত করে রাখে। রোযাদারের মুখের গন্ধের দিকে খেয়াল করবে না। কেননা, (পাকস্থলী শূন্য হওয়ার কারণে) রোযাদারের মুখে যে গন্ধ সৃষ্টি হয় তা আল্লাহর কাছে মিশকের সুগন্ধি অপেক্ষা অনেক পবিত্র।
৪। চতুর্থ নির্দেশ হলো, তোমাদের সম্পদ থেকে সদকা করো। কেননা, সদকাকারীর উদাহরণ ওই ব্যক্তির মতো, যাকে অকস্মাৎ শত্রুপক্ষ এসে পাকড়াও করেছে এবং তার হাত গলার সঙ্গে বেঁধে হত্যার স্থলে নিয়ে যাচ্ছে। তখন চরম নৈরাশ্যজনক অবস্থায় সে বললো, আমি যদি তোমাদেরকে সম্পদ দিয়ে আমার প্রাণ ছাড়িয়ে নিই, তাহলে কি তোমরা রাযি হবে? তাদের কাছ থেকে সে হ্যাঁবোধক উত্তর পেয়ে নিজের প্রাণের বিনিময়ে সমস্ত ধন-দৌলত উৎসর্গ করলো।
৫। পঞ্চম নির্দেশ হলো, দিনে-রাতে অধিক হারে আল্লাহর যিকির করে যাও। কেননা, যিকিরকারীর উদাহরণ হলো, এক ব্যক্তি শত্রুপক্ষ থেকে পলায়ন করছে। আর তারাও দ্রুততার সঙ্গে তার পেছনে ছুটছে। লোকটি তাদের কাছ থেকে পালিয়ে একটি কেল্লায় আশ্রয় নিয়ে নিজেকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে সমর্থ হলো। নিঃসন্দেহে আল্লাহর যিকির হলো সেই সুরক্ষিত কেল্লা; যেখানে কোনো মানুষ আশ্রয় নিলে সে তার চিরকালীন শত্রু শয়তান থেকে রক্ষা পেয়ে যায়।
এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, আমিও তোমাদেরকে সেই পাঁচটি কাজের নির্দেশ করছি, যা আল্লাহ আমাকে নির্দেশ করেছেন, অর্থাৎ 'মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরা' 'আমিরের কথা শোনা' ও 'তা মান্য করা' 'হিজরত করা' এবং 'আল্লাহর রাস্তায় জিহাদ করা'। কাজেই যে ব্যক্তি 'জামাত' থেকে এক বিঘৎ পরিমাণ বেরিয়ে গেলো সে ব্যক্তি নির্ঘাত নিজের গলা থেকে ইসলামের রশি খুলে ফেললো। তবে সে ব্যক্তি এর থেকে রক্ষা পাবে যে জামাতের রজ্জু আঁকড়ে থাকবে। আর যে ব্যক্তি জাহেলি যুগের অনাচারের দিকে ডাকে, সে ব্যক্তির এর মাধ্যমে জাহান্নামে নিজের ঠিকানা গড়ে নেয়। হযরত হারেস আশআরি রা. বলেন, জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলেন, যদি ওই ব্যক্তি নামায ও রোযা নিয়মিত পালন করে তবুও কি সে জাহান্নামের যোগ্য হবে? নবীজি বললেন, হ্যাঁ, যদিও সে নামায-রোযা নিয়মিত পালন করে আর নিজেকে মুসলমান মনে করে তবুও সে জাহান্নামেরই যোগ্য। ৪৮
সিরাতলেখকগণ ইসরাইলি বর্ণনা থেকে নকল করে লিখেছেন যে, হযরত ইয়াহইয়া আ.-এর জীবনের বৃহৎ অংশ কেটেছে বন-বাদাড়ে। সেখানে তিনি নিঃসঙ্গ জীবন কাটাতেন। এসময় তিনি গাছের পাতা আর টিড্ডি খেয়ে দিনানিপাত করতেন। এমতাবস্থায় তাঁর ওপর আল্লাহর বাণী অবতীর্ণ হয়। তখন তিনি জর্ডান নদীর তীরবর্তী এলাকাগুলোতে আল্লাহর দীন প্রচার করতেন এবং ঈসা আ.-এর আত্মপ্রকাশের সুসংবাদ প্রদান করতেন। লুকার ইঞ্জিলেও এর সমর্থন পাওয়া যায়-
'সেসময় জঙ্গলে যাকারিয়ার ছেলে ইউহান্নার ওপর খোদাওয়ান্দের বাণী নেমে এলো। তিনি জর্ডানের তীরবর্তী সমস্ত অঞ্চলে গিয়ে পাপ থেকে মার্জনা পেতে তওবার ব্যাপটিস্টার আহ্বান জানাতেন। ৪৯
ওয়াহাব বিন মুনাব্বিহ থেকে ইবনে আসাকির অনেকগুলো বর্ণনা নকল করেছেন। যার সারাংশ হলো, ইয়াহইয়া আ.-এর মাঝে খোদাভীতি এতটাই প্রবল ছিলো যে, তিনি সিংহভাগ সময় কাঁদতেন। এমনকি তাঁর উভয় গণ্ডদেশের ওপর অশ্রুর দাগ পড়ে গিয়েছিলো। একদিন তাঁর পিতা হযরত যাকারিয়া আ. যখন তাঁকে জঙ্গলে খুঁজে বের করলেন, তখন বললেন, প্রিয় বৎস আমার, আমরা তোমার কথা ভেবে অস্থির হয়ে তোমাকে খুঁজছি আর তুমি এখানে এসে চোখের জল ফেলে যাচ্ছো? উত্তরে ইয়াহইয়া আ. বললেন, হে পিতা, আপনি-ই তো আমাকে বলেছেন, জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানে এমন একটি বিজন প্রান্তর রয়েছে, যা আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন না করে পেরোনো যায় না। অথচ জান্নাতে যেতে হলে সেই প্রান্তর পেরোতে হয়। এ কথা শুনে হযরত যাকারিয়া আ.-এর চোখও অশ্রুসিক্ত হয়ে উঠলো।
টিকাঃ
৪৮. আল বিদায়া ওয়ান নিহায়া: ২/৫২
৪৯. অধ্যায়: ১, আয়াত: ১
📄 শাহাদাতের ঘটনা
হযরত ইয়াহইয়া আ. যখন আল্লাহর দীনের দিকে ডাকতে শুরু করলেন এবং লোকদের জানাতেন যে, আমার থেকে বড় আল্লাহর এক নবী শীঘ্রই আগমন করবেন তখন ইহুদিরা তার সঙ্গে শত্রু হয়ে গেলো। তাঁর মর্যাদা খোদাভীরুতা, জনপ্রিয়তা ও আহ্বান তাদের চক্ষুশূল হয়ে গেলো। একদিন তারা তাঁর কাছে একত্র হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি মসিহ? তিনি বললেন, না। তারা বললো, তুমি কি সেই নবী? তিনি বললেন, না। তারা বললো, তুমি কি ইলিয়া নবী? তিনি বললেন, না। তখন তারা সবাই সমস্বরে বললো, তাহলে তুমি কে যে, এভাবে প্রচার করছো এবং আমাদেরকে আহ্বান করছো। ইয়াহইয়া আ. বললেন, আমি অরণ্যে আহ্বানকারীর একটি ধ্বনি, যা সত্যের জন্য উচ্চকিত করা হয়েছে। এ কথা শুনে ইহুদিরা ভীষণ ক্রুদ্ধ হলো এবং অবশেষে তাঁকে শহীদ করে ফেললো।
ইবনুল আসাকির ( المستقصى في فضائل الأقصى ) আল মুসতাকসা ফি ফাযায়িলিল আকসা গ্রন্থে হযরত মুআবিয়া রা.-এর আযাদকৃত গোলাম কাসেম থেকে একটি দীর্ঘ বর্ণনা নকল করেছেন। যেখানে হযরত ইয়াহইয়া আ.-এর শাহাদাতের ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে, দামেশকের রাজা হাদ্দাদ বিন হাদ্দার স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেলেছিলো। কিন্তু সে তাকে পুনরায় স্ত্রী হিসেবে পেতে চাইছিলো। ইয়াহইয়া আ.-এর কাছে ফতোয়া চাওয়া হলো। তিনি বললেন, এখন ও তোমার জন্য হারাম হয়ে গেছে। কথাটি রানির মনঃপূত হলো না। সে এর জন্য ইয়াহইয়া আ.-কে হত্যার দুরভিসন্ধি করলো। এর জন্য সে রাজাকে বাধ্য করে হত্যার অনুমতি নিয়ে ফেললো। হযরত ইয়াহইয়া আ. হিবরুন মসজিদে নামাযরত অবস্থায় ঘাতক মারফত হত্যা করলো। তৎপর সে একটি চিনামাটির পাত্রে তাঁর কর্তিত মস্তক নিয়ে আসার নির্দেশ করলো। কিন্তু হযরত ইয়াহইয়া আ.-এর দ্বিখণ্ডিত মুণ্ডু এ অবস্থাতেও এ কথাই বলে যাচ্ছিলো, তুমি রাজার জন্য হালাল নও। যতক্ষণ না তোমার অন্যত্র বিয়ে না হয়। এ অবস্থাতেই মহান আল্লাহর গযব নেমে এলো এবং সেই নারী মাথাসহ গোটা দেহ মাটির নিচে ধসে গেলো।
সেই বর্ণনায় এ ঘটনাও বর্ণিত রয়েছে। যার কারণে গোটা বর্ণনাটিই অযৌক্তিক হয়ে পড়ে যে, হযরত ইয়াহইয়া আ.-এর দ্বিখণ্ডিত দেহ থেকে ফোয়ারার মতে রক্ত বেরোচ্ছিলো অব্যাহতভাবে। যখন বুখতেনাস্সার রাজা দামেশক জয় করে সেখানকার ৭০ হাজার ইসরাইলিকে হত্যা করে রক্তের নদী বইয়ে দেয়, তখনও সেই রক্তের ফিনকি বেরোচ্ছিলো। তখন হযরত ইয়ারমিয়াহ আ. এসে সেই রক্তকে সম্বোধন করে বলেন, হে রক্ত, তুমি কি এখনও প্রশান্ত হবে না? আল্লাহপাকের কত মাখলুক ধ্বংস হয়ে গেছে। এখন তুমি শান্ত হয়ে যাও। এ কথা শোনার পর সেই রক্তের স্রোত বন্ধ হয়। ৫২
হাফেয ইবনে হাজার উল্লিখিত ঘটনাটি নকল করার পর বলেন, এই গল্পের আসল হলো, হাকেমের একটি রেওয়ায়েত, যা তিনি মুসতাদরাকে নকল করেছেন।
রেওয়ায়েতের সেই অংশটি যদি ইতিহাসের কোনো প্রাথমিক ছাত্রও শুনে তাহলে সে তা প্রত্যাখ্যান করতে দ্বিতীয়বার ভাববে না। কারণ হলো, এ কথা দিবালোকের মতো স্পষ্ট যে, হযরত ঈসা আ.-এর কয়েক শতাব্দী পূর্বে বুখতেনাস্সার অতিবাহিত হয়েছে। তাহলে ইয়াহইয়া আ.-এর ঘটনার সঙ্গে সেটিকে জোড় দেওয়া কীরূপে সঠিক হয়? আশ্চর্যের বিষয় হলো, হাফেয ইবনুল আসাকির ও হাফেয ইমাদুদ্দিন ইবনে কাসিরের মতো তীক্ষ্ণ সমালোচক কীভাবে সেটি নকল করার পর কোনো মন্তব্য করলেন না! দ্বিতীয় বিষয় হলো, উল্লিখিত রেওয়ায়েতে যে পরিমাণ বিস্ময়ভরা আশ্চর্যজনক একাধিক ব্যাপার এসেছে, তা সুস্পষ্ট 'নস' (অকাট্য বর্ণনা)-এর প্রমাণ ছাড়া গ্রহণযোগ্য হতে পারে না। অথচ হাকেমের সেই বর্ণনাটি সনদ ও দিরায়াত (সনদের মান ও ভাষ্যে মান) উভয় মানদণ্ডেই আপত্তিজনক।
টিকাঃ
৫০. আল বিদায়া ওয়ান নিহায়া: ২/৫২
৫১. ইঞ্জিল, ইউহান্না, অধ্যায়: ১, আয়াত: ১৯-২৮
৫২. আল বিদায়া ওয়ান নিহায়া: ২/৫৫
📄 শাহাদাতের স্থল
হযরত ইয়াহইয়া আ.-কে কোন স্থান শহীদ করা হয়? ইতিহাস ও জীবনচরিত লেখকগণের মধ্যে বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে। একটি অভিমত হলো, বাইতুল মুকাদ্দাসের ভেতর হায়কাল ও কুরবানীর স্থলের মধ্যবর্তী স্থানে হয়েছে। এখানে ৭০ হাজার নবীকে শহীদ করা হয়েছিলো। শামার বিন আতিয়্যাহ থেকে সুফয়ান সাওরি রহ. উল্লিখিত অভিমত নকল করেছেন।
হযরত সাঈদ ইবনুল মুসায়্যিব থেকে আবু ওবায়দাহ কাসিম বিন সাল্লাম নকল করেছেন যে, তাকে দামেশকে শহীদ করা হয়েছিলো। সেখানেই বুখতেনাস্সারের ঘটনাও সংঘটিত হয়েছিলো। ইবনে কাসির রহ. বলেন, এ অভিমত সহিহ হওয়ার জন্য আত্মা ও হাসান রহ.-এর সেই অভিমত স্বীকার করতে হবে, যেখানে তারা বলেছেন, বখতে নসর ঈসা আ.-এর সমকালীন ছিলো। **
ইতোপূর্বে আমরা প্রমাণিত করেছি যে, নির্ভরযোগ্য ও বিশুদ্ধ ঐতিহাসিক সাক্ষ্যের আলোকে উল্লিখিত অভিমত ভুল। কেননা, হযরত ঈসা আ.-এর কয়েক শতাব্দী পূর্বে বখতে নসর অতিক্রান্ত হয়েছে। ব্যাপারটি খোদ ইবনে কাসির রহ. বাইতুল মুকাদ্দাসের ধ্বংসযজ্ঞ ও হযরত উযায়ের আ.-এর ঘটনায় স্বীকারও করেছেন। দ্বিতীয়ত যদি ওই অভিমত মেনে নেয়া হয়, তাহলে তার সঙ্গে সঙ্গে একথাগুলোও মেনে নিতে হবে যে, প্রথমত হযরত ঈসা আ. সর্বশেষ ইসরাইলি নবী নন। দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর মধ্যে কোনো 'ওহির সাময়িক বিরতি'-এর সময়ও অতিবাহিত হয় নি। এ সময় আরমিয়াহ, হিযকিল, উযায়ের ও দানিয়াল আ. প্রমুখ ইসরাইলি নবী, যারা সর্বসম্মতিক্রমে বখতে নরস ও তৎপরবর্তীকালে 'বাবেল' নগরীতে বন্দী ছিলেন, তাদের প্রত্যেকে হযরত ঈসা আ.-এর পর আগমন করেছেন। অথচ এ দুটি দাবি তাওরাত, ঐতিহাসিক সাক্ষ্য ও ইসলামি রেওয়ায়েতের সামষ্টিক বর্ণনার সম্পূর্ণ পরিপন্থী। কাজেই তা ভুল ও প্রত্যাখ্যাত।
অবশ্য এতুটুক তথ্য-হযরত ইয়াহইয়া আ.-কে বাইতুল মুকাদ্দাসে নয়, বরং দামেশকে শহীদ করা হয়েছিলো- ইবনে আসাকিরের সেই রেওয়ায়েতের মাধ্যমেও সমর্থন পায় যা তিনি ওয়ালিদ বিন মুসলিমের সনদে নকল করেছেন যে, যায়দ বিন ওয়াকেদ বলেন, দামেশকে যখন সাকাসিকার স্তম্ভের নিচে একটি মসজিদ পুনর্নির্মাণ করা হয় তখন আমি নিজের চোখে দেখেছি যে, পূর্বদিকে মেহরাবের কাছে একটি পিলার খোদাই করার সময় হযরত ইয়াহইয়া আ.-এর মাথা মুবারক বেরিয়ে আসে। গোটা চেহারা এমনকি চুলগুলো পর্যন্ত সতেজ দেখাচ্ছিলো। রক্তগুলো এতটাই টাটকা দেখাচ্ছিলো যে, মনে হয় তিনি সদ্য শহীদ হয়েছেন।⁵⁵ কিন্তু এখানে একটি প্রশ্ন অবশ্যই সৃষ্টি হয় যে, তিনি কীভাবে নিশ্চিত হলেন, এটি হযরত ইয়াহইয়া আ.-এরই মুবারক মাথা। এটি অন্যকোনো নবী বা মহান ব্যক্তিরও তো হতে পারে।
মোটকথা, হযরত ইয়াহইয়া আ.-কে ঠিক কোথায় শহীদ করা হয়েছিলো? এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর মতো সাক্ষ্য পাওয়া যায় না। তবে এতটুকু তথ্য সর্বমহল স্বীকৃত যে, ইহুদিরা তাঁকে শহীদ করেছিলো। যখন হযরত ঈসা আ. তাঁর শহীদ হওয়ার সংবাদ পান তখন তিনি প্রকাশ্যে দীনের দাওয়াত শুরু করেন।
পবিত্র কুরআন একাধিক স্থানে ইহুদিদের খুনে মানসিকতা, রক্তলোলুপতা ও বাতিলমুখী মনোবৃত্তির বিবরণ প্রদানকালে এ কথা বলেছে যে, তারা তাদের নবী-রাসুলদেরকে হত্যা করা থেকেও নিবৃত্ত হয় নি। সুরা আলে ইমরানে ইরশাদ হয়েছে- إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ حَقٌّ وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ فَبَشِّرُهُمْ بِعَذَابٍ أَلِيمٍ ()
'নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, অন্যায়ভাবে নবীদের হত্যা করে এবং যারা ইনসাফের আদেশকারীদেরকেও হত্যা করে আপনি তাদেরকে মর্মন্তুদ শাস্তির সুসংবাদ জানিয়ে দিন।' [সুরা আলে ইমরান: আয়াত ২০]
ইবনে আবি হাতেম অবিচ্ছিন্ন সূত্রে হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রা. থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইল একদিনে ৪৩ নবী ও এমন ১৭০ জন মহৎ লোককে শহীদ করেছিলো, যাঁরা তাদেরকে সৎকাজের আদেশ করতেন। ৫৬
টিকাঃ
৫০. তারিখে ইবনে কাসির: ২/৫৫
**. তারিখে ইবনে কাসির: ২/৫৫
৫৫. তারিখে ইবনে কাসির: ২/৫৫
৫৬. তাফসিরে ইবনে কাসির: ১/২৫৫