📘 কাসাসুল কুরআন 📄 নবুয়ত লাভ

📄 নবুয়ত লাভ


নবী-রাসুলগণের মধ্য হতে যাদের জীবনী বিশুদ্ধ ঐতিহাসিক সূত্রে পাওয়া যায়, তাদের জীবনাচার অধ্যয়নের মাধ্যমে, উপরন্তু পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের স্পষ্ট ঘোষণার মাধ্যমে জানা গেছে যে, মহান আল্লাহ যখন কোনো ব্যক্তিকে নবুয়ত প্রদানের সিদ্ধান্ত নেন, তখন তার প্রাপ্তবয়স্ক হওয়ার পরই এই মহান মর্যাদা প্রদান করেন। যাতে দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুসারেও তিনি জীবনের সেই অংশটুকু অতিক্রম করে আসেন, যে সময়ের ভেতর 'নববুদ্ধি ও অভিজ্ঞতা পরিপক্বতা লাভ করে। বয়সের এই সীমারেখায় উপনীত হওয়ার পর যোগ্যতা অনুসারে মানুষের চিন্তা ও কর্মশক্তিতে ভারসাম্য ও দৃঢ়তা সৃষ্টি হয়। আল্লাহ তাআলার এই শাশ্বت বিধান হযরত সুলাইমান আ.-এর ক্ষেত্রেও কার্যকর হয়েছে। তিনি যখন প্রাপ্তবয়স্ক হন, তখন তাঁকে শাসনক্ষমতার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে 'নবুয়ত'ও প্রদান করা হয়। ইরশাদ হয়েছে—
إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ وَأَوْحَيْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَى وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ
'হে মুহাম্মদ, নিঃসন্দেহে আমি আপনার প্রতি ওহি প্রেরণ করেছি যেভাবে ইতোপূর্বে প্রেরণ করেছি নুহসহ তার পরবর্তী অন্যান্য নবীর প্রতি। আরো ওহি পাঠিয়েছি ইবরাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধরদের প্রতি; এবং ঈসা, আইয়ুব, ইউনূস, হারুন ও সুলাইমানের প্রতি।' [সুরা নিসা]
وَكُلا آتَيْنَا حُكْمًا وَعِلْمًا
'আর (দাউদ ও সুলাইমান) উভয়কেই আমি হুকুমত দিয়েছি ও (নবুয়তের) ইলম দিয়েছি।' [সুরা আম্বিয়া]
وَلَقَدْ آتَيْنَا دَاوُدَ وَسُلَيْمَنَ عِلْمًا
'আর অবশ্যই আমি দাউদ ও সুলাইমানকে (নবুয়তের) ইলম দান করেছি।' [সুরা সাদ]

ফন্ট সাইজ
15px
17px