📘 কাসাসুল কুরআন > 📄 জ্ঞানগর্ভ আলোচনা এবং শিক্ষামূলক উপদেশ

📄 জ্ঞানগর্ভ আলোচনা এবং শিক্ষামূলক উপদেশ


হযরত মুসা আ., বনি ইসরাইল, ফেরআউন এবং ফেরআউনের সম্প্রদায়ের এই দীর্ঘ ঐতিহাসিক কাহিনি শুধু একটি কাহিনি বা গল্প নয়। বরং এটি সত্য ও মিথ্যার প্রতিযোগিতা, ন্যায় ও অন্যায়ের লড়াই, স্বাধীনতা ও দাসত্বের মধ্যকার সংগ্রাম, দুর্বল ও হীনদের মাথা তুলে দাঁড়ানো, অত্যাচারী ও উন্নতশিরদের হীনতাবরণ ও বিনাশ, সত্যের জয় ও সফলতা এবং মিথ্যার পরাজয় ও অপদস্থ হওয়া, ধৈর্য ও পরীক্ষা এবং শোকর ও অনুগ্রহের প্রকাশস্থল। মোটকথা, এটি অবাধ্যতা, অকৃতজ্ঞতা ও না-শোকরির নিকৃষ্ট পরিণামের মহৎ ফলাফলপূর্ণ এবং সত্য ও বাস্তবতাসমৃদ্ধ সারগর্ভ কাহিনি। এই কাহিনিতে অসংখ্য উপদেশ ও জ্ঞানগর্ভ বিষয় সন্নিহিত রয়েছে। তা প্রত্যেক রুচিসম্পন্ন ও সত্যপ্রিয় ব্যক্তিকে জ্ঞানের সীমা ও সূক্ষ্মদৃষ্টির প্রয়োগে চিন্তা ও গবেষণার আহ্বান জানাচ্ছে।
এসবের মধ্য থেকে নমুনা হিসেবে নিম্নের কয়েকটি জ্ঞানগর্ভ বিষয় বিশেষভাবে চিন্তনীয় ও অনুধাবনযোগ্য।
এক. মানুষ যদি কোনো বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়, তবে তার অবশ্য কর্তব্য ধৈর্য ও সন্তুষ্টির সঙ্গে তার মোকাবিলা করা। ধৈর্য ও সন্তুষ্টির সঙ্গে কাজ করলে নিঃসন্দেহে সে মহাকল্যাণ লাভ করবে এবং অবশ্যই সে সফলকাম হবে। হযরত মুসা আ. ও ফেরআউনের ধারাবাহিক ঘটনা তার জ্বলন্ত সাক্ষী।
দুই. যে-ব্যক্তি তার যাবতীয় কাজকর্মে আল্লাহ তাআলার ওপর ভরসা রাখে ও নির্ভর করে এবং একমাত্র আল্লাহকেই খাঁটি অন্তরের সঙ্গে তাঁর পৃষ্ঠপোষক বিশ্বাস করে, আল্লাহ তাআলা অবশ্যই যা যাবতীয় বিপদ-আপদ সহজ ও হালকা করে দেন। আল্লাহ তার সব বিপদকে মুক্তি সফলতায় রূপান্তরিত করে দেন। হযরত মুসা আ. কর্তৃক কিবতিকে হত্যা করা, হযরত মুসা আ.-কে হত্যা করার জন্য মিসরীয়দের সলাপরামর্শ করা, এরপর শত্রুদলের মধ্য থেকেই একজন সমব্যথী ব্যক্তি কর্তৃক হযরত মুসা আ.-কে মিসরীয়দের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করা, এভাবে তাঁর মাদয়ানের চলে যাওয়া, আল্লাহ তাআলার ওহি লাভের সম্মানে সম্মানিত হওয়া, রিসালাতের উচ্চ মর্যাদাশীল পদ লাভ করা তার উজ্জ্বল সাক্ষ্য।
তিন. আল্লাহ তাআলার সঙ্গে যাঁর সম্পর্ক ইশক (প্রেম) পর্যন্ত পৌছে যায়, তাঁর কাছে বাতিলের বড় শক্তিও তুচ্ছ ও অস্তিত্বশূন্য হয়ে পড়ে। চিন্তা করুন, বস্তুবাদী শক্তির প্রেক্ষিতে হযরত মুসা আ. ও ফেরআউনের মধ্যে কী সম্পর্ক! এক নিঃসহায়, অক্ষম ও দুর্বল, অপর পক্ষ অজস্র রকমের প্রতাপ-প্রতিপত্তি, জাঁকজমক ও অহমিকায় পরিপূর্ণ। কিন্তু ফেরআউন তার রাজদরবারে সভাষদমণ্ডলীর সামনে হযরত মুসা আ.-কে বললো-
إِنِّي لَأَظُنُّكَ يَا مُوسَى مَسْحُورًا
“হে মুসা, আমি মনে করি তুমি তো জাদুগ্রস্ত।” [সুরা বনি ইসরাইল: আয়াত ১০১]
হযরত মুসা আ. তার জবাবে তৎক্ষণাৎ বললেন—
لَقَدْ عَلِمْتَ مَا أَنْزَلَ هَؤُلَاءِ إِلَّا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ بَصَائِرَ وَإِنِّي لَأَظُنُّكَ يَا فِرْعَوْنُ مَثْبُورًا
‘মুসা বলেছিলো, “তুমি অবশ্যই অবগত আছো যে, এইসব স্পষ্ট নিদর্শন আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালকই অবতীর্ণ করেছেন—প্রত্যক্ষ প্রমাণস্বরূপ। হে ফেরআউন, আমি তো দেখছি (এসব নিদর্শন অস্বীকার করার কারণে) তোমার ধ্বংস আসন্ন।” [সুরা বনি ইসরাইল: আয়াত ১০২]
অর্থাৎ আল্লাহ তাআলার এসব স্পষ্ট নিদর্শন থাকা সত্ত্বেও ফেরআউনের নাফরমানি করার পরিণাম ধ্বংস ছাড়া কিছুই নয়।
চার. যদি আল্লাহ তাআলার কোনো বান্দা সত্যকে সাহায্য করার জন্য জীবন হাতে নিয়ে দাঁড়িয়ে যায়, তবে আল্লাহ তাআলা বাতিলের পূজারীদের মধ্য থেকেই তার সাহায্যকারী বানিয়ে দেন।
আপনাদের সামনে হযরত মুসা আ.-এর দৃষ্টান্ত বিদ্যমান। যখন ফেরআউন ও তার সভাষদবর্গ তাঁকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করে ফেললো, তখন তাদের মধ্য থেকেই একজন সত্যনিষ্ঠ ব্যক্তি তৈরি হয়ে গেলেন, যিনি হযরত মুসা আ.-এর পক্ষ থেকে তাদের চক্রান্তের প্রতিবাদ করলেন। এমনিভাবে কিবতিকে হত্যা করার পর যখন তাঁকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিলো তখন একজন আল্লাহভক্ত কিবতি ব্যক্তি হযরত মুসা আ.-কে এ-ব্যাপারে সংবাদ দিলেন এবং মিসর থেকে বের হয়ে যাওয়ার সৎ পরামর্শ দিলেন। মিসর থেকে বের হয়ে যাওয়া মুসা আ.-এর জন্য নানা ধরনের মহাসফলতার কারণ হয়েছিলো।
পাঁচ. একবারও যদি কেউ ঈমানের সুস্বাদ আস্বাদন করে নেয় এবং সত্য মনে ও খাঁটি অন্তরে তা গ্রহণ করে নেয়, তবে এই স্পৃহা তাকে এতটাই ব্যাকুল করে তুলে যে, তার প্রতিটি ধমনী থেকে শুধু সত্যের আওয়াজ ধ্বনিত হতে থাকে। এটা কি অলৌকিক ব্যাপার নয় যে, যে-জাদুকরেরা কয়েক মিনিট আগে ফেরআউনের মহাশক্তির দ্বারা প্রভাবিত হয়ে তার আদেশ পালন করাকে তাদের জীবনের রক্ষ-কবচ বানিয়ে নিয়েছিলো এবং যারা কলাকৌশলের সফলতার বিনিময়ে পুরস্কার ও মর্যাদালাভের আকাঙ্ক্ষা করছিলো, সেই জাদুকরেরাই কয়েক মিনিট পরে হযরত মুসা আ.-এর হাতে ঈমান আনলো। তারপর ঈমানের এতটাই বিমোহিত হয়ে গেলো যে, ফেরআউনের কঠোর থেকে কঠোরতম হুমকি এবং তার অত্যাচার ও শাস্তিদণ্ডকে খেল-তামাশার চেয়ে বেশি কিছু মনে করলো না। তারা বলতে লাগলো-
لَنْ نُؤْثِرَكَ عَلَى مَا جَاءَنَا مِنَ الْبَيِّنَاتِ وَالَّذِي فَطَرَنَا فَاقْضِ مَا أَنْتَ قَاضٍ إِنَّمَا تَقْضِي هَذِهِ الْحَيَاةَ الدُّنْيَا (سورة طه)
"আমাদের কাছে যে-স্পষ্ট নিদর্শন এসেছে তার ওপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ওপর তোমাকে আমরা কিছুতেই প্রাধান্য দেবো না। সুতরাং তুমি করো যা তুমি করতে চাও। তুমি তো কেবল এই পার্থিব জীবনের ওপর কর্তৃত্ব করতে পারো।” [সুরা তোয়া-হা: আয়াত ৭২]
ছয়.
ধৈর্যের ফল সবসময় মিষ্ট হয়ে থাকে। ধৈর্যের ফল লাভ করতে যত দুঃখ-কষ্টই সহ্য করতে হোক না কেনো, তবুও সেই ফল মিষ্টই লাগবে। বনি ইসরাইল কত দীর্ঘকাল মিসরে নিঃসহায়তা, দাসত্ব ও দুর্দশা ও লাঞ্ছনাকর অবস্থার মধ্যে জীবন কাটিয়েছে। তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করা হয়েছে, মেয়ে সন্তানদেরকে দাসী হওয়ার অপমান সহ্য করতে হয়েছে। অবশেষে এমন সময় এলো, যখন তারা ধৈর্যের মিষ্ট ফল লাভ করলো। ফেরআউনের বিনাশ এবং বনি ইসরাইলের সম্মানজনক মুক্তি তাদের সব ধরনের সফলতার পথ উন্মুক্ত করে দিলো। যেমন:
وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنَى عَلَى بَنِي إِسْرَائِيلَ بِمَا صَبَرُوا
'এবং বনি ইসরাইল সম্পর্কে তোমার প্রতিপালকের শুভ বাণী সত্যে পরিণত হলো, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিলো।' [সুরা আ'রাফ: আয়াত ১৩৭।
সাত. দাসত্ব ও পরাধীনতার নিগড়ে বন্দি জীবনের সবচেয়ে বড় প্রভাব ও প্রতিক্রিয়া এই যে, সাহস ও সংকল্পের অনুভূতি ও স্পৃহা হীন হয়ে পড়ে এবং মরে যায়। মানুষ এই নোংরা ও অপবিত্র জীবনের নিরাপত্তা ও শান্তি কে নেয়ামত মনে করে। তারা তুচ্ছ আরাম-আয়েশকে সবচেয়ে বড় মহত্ব চিন্তা করে। চেষ্টা ও পরিশ্রমের জীবনধারার ক্ষেত্রে তাদেরকে অস্থির ও উদ্বিগ্ন দেখা যায়। বনি ইসরাইলিদের জীবনের চিত্রাবলিই এর জীবন্ত সাক্ষ্য। হযরত মুসা আ.-এর মুজেযা ও নিদর্শনসমূহ প্রদর্শন, সাহস ও সংকল্পের দীক্ষাদান এবং তাদের সাফল্যের ব্যাপারে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি বিশ্বাস করিয়ে দেয়া সত্ত্বেও তাদের মধ্যে জীবনের চাঞ্চল্য, উদ্দীপনা ও দৃঢ়তার লক্ষণ দেখা যায় না। পদে পদে তাদেরকে অভিযোগ ও অস্থিরতা প্রকাশ করতে দেখা যায়।
পবিত্র ভূমিতে প্রবেশ করলে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও তারা মূর্তিপূজক শত্রুদের মোকাবিলা করতে অস্বীকৃতি জানিয়ে যে-ঐতিহাসিক বাক্যটি উচ্চারণ করেছিলো তা এ- কথার ন্যায্য সাক্ষী-
يَا مُوسَى إِنَّا لَنْ نَدْخُلَهَا أَبَدًا مَا دَامُوا فِيهَا فَاذْهَبْ أَنْتَ وَرَبُّكَ فَقَاتِنَا إِنَّا هَاهُنَا قَاعِدُونَ
“হে মুসা, তারা যতদিন ওখানে থাকবে ততদিন আমরা ওখানে প্রবেশ করবোই না; সুতরাং তুমি এবং তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকবো।" [সুরা মায়েদা: আয়াত ২৪]
আট. পৃথিবীর বা রাজ্যের উত্তরাধিক সেই জাতিরই প্রাপ্য যারা নিঃসহায়তা ও নিঃস্বতা থেকে নির্ভীক হয়ে এবং দৃঢ়সংকল্প ও সাহসের পরিচয় দিয়ে সব ধরনের বাধা-বিপত্তির মোকাবিলা করে। ধৈর্য ও সহনশীলতার সঙ্গে আল্লাহ তাআলার সাহায্যের ভরসা করে প্রচেষ্টা ও পরিশ্রমের ময়দানে দৃঢ়পদ থাকে।
নয়. মিথ্যার শক্তি যত বিশালই হোক এবং যতই প্রতাপ ও পরাক্রমশালী হোক, চূড়ান্ত বিচারে তাকে ব্যর্থকাম হতেই হবে, বিফলতার মুখ দেখতেই হবে। পরিণামে সাফল্যের মুকুট তাদের জন্যই নিশ্চিত যারা সৎকর্মপরায়ণ ও সাহসী। কারণ-
وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ
'পরিণামে সাফল্য মুত্তাকিদের জন্যই অবধারিত।'
দশ. এটা আল্লাহ তাআলার চিরন্তর রীতি-অত্যাচারী ও উৎপীড়ক জাতিগুলো যেসব সম্প্রদায়কে হীন ও নীচ মনে করে, এমন এক দিন আসে, যখন ওই উৎপীড়িত ও নির্যাতিত জাতিগুলো আল্লাহ তাআলার জমিনের উত্তরাধিকারী এবং ক্ষমতা ও শাসনের অধিকারী হয়। অত্যাচারী জাতিগুলোর ক্ষমতা মাটির সঙ্গে মিশে যায়। হযরত মুসা আ. ও ফেরআউনের কাহিনি তারই জ্বলন্ত প্রমাণ।
نُرِيدُ أَنْ نَمُنْ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ )) وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ (سورة القصص)
'আমি ইচ্ছা করলাম সে-দেশে যাদেরকে হীনবল করা হয়েছিলো তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদেরকে নেতৃত্ব দান করতে এবং উত্তরাধিকারী করতে; এবং তাদেরকে দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে, আর ফেরআউন, হামান ও তাদের বাহিনীকে তা দেখিয়ে দিতে, যা তাদের (বনি ইসরাইলের) কাছে তারা আশঙ্কা করতো।' [সুরা কাসাস: আয়াত ৫-৬]
এগারো. শক্তি ও শাসনক্ষমতা এবং ধন ও ঐশ্বর্যের মদে মত্ত জাতিগুলোর রীতি সবসময় এই ছিলো যে, তারাই সবার আগে সত্যের আহ্বান ও সত্যপ্রচারের বিরোধিতা করেছে। কিন্তু জাতিগুলোর ইতিহাস সাক্ষ্য প্রদান করে যে, সবসময় সত্যের মোকাবিলায় তাদেরই পরাজয় ঘটেছে এবং পরিণামে তাদেরকেই বিফলতার মুখ দেখতে হয়েছে, ব্যর্থকাম হতে হয়েছে। এ-বিষয়ের সাক্ষী কেবল হযরত মুসা আ.-এর ঘটনাই নয়, বরং সকল নবী ও রাসুলের সত্যের আহ্বান ও সত্যপ্রচার এবং বিরুদ্ধ জাতিগুলোর বিরোধিতার পরিণাম ঐতিহাসিক প্রমাণ হিসেবে বাস্তবদর্শী মানুষের জন্য শিক্ষামূলক উপদেশ প্রদান করছে।
বারো, যে-ব্যক্তি বা যে-জাতি দেখে-শুনে ও জেনে সত্য সত্যরূপে উপলব্ধি করেও তার বিরোধিতা করে, আল্লাহ তাআলার প্রদত্ত নিদর্শনসমূহের অস্বীকারকারী ও অমান্যকারী হয়, তার জন্য আল্লাহ তাআলার বিধান এই যে, তিনি তাদের সত্য গ্রহণের যোগ্যতা নিঃশেষ করে দেন। কেননা এটাই তাদের সার্বক্ষণিক অবাধ্যাচরণের স্বাভাবিক পরিণতি। যেমন-
سَأَصْرِفُ عَنْ آيَاتِيَ الَّذِينَ يَتَكَبَّرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ
'পৃথিবীতে যারা অন্যায়ভাবে দম্ভ করে বেড়ায় তাদের দৃষ্টি আমার নিদর্শন থেকে ফিরিয়ে দেবো।' [সুরা আ'রাফ: আয়াত ১৪৬]
এই আয়াতের এবং একই অর্থবোধক অন্যান্য আয়াতের অভিপ্রায় এটাই যা উপরে বর্ণিত হয়েছে। এর অর্থ এই নয় যে, আল্লাহ তাআলা কাউকে নির্বুদ্ধিতা ও পথভ্রষ্টতার জন্য বাধ্য করেন।
তেরো. এটা অত্যন্ত মারাত্মক ভ্রষ্টতা যে, সত্যের বদৌলতে মানুষ সফলতা লাভ ও কৃতকার্য হওয়ার পর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, আনুগত্য, মিনতি ও বিনয়ের পরিবর্তে সত্যের বিরোধীদের মতো গাফলত ও অবাধ্যাচরণে, লিপ্ত হয়ে পড়ে। আফসোস! ফেরআউনের কবল থেকে মুক্তি লাভ করে লোহিত সাগর অতিক্রম করার পর থেকে বনি ইসরাইলের কাহিনির যে- অংশ শুরু হয়েছে তা উল্লিখিত ভ্রষ্টতা ও ভ্রান্তিতে ভরপুর।
চৌদ্দ. ধর্মীয় ব্যাপারে আরো একটি বড় ভ্রান্তি ও ভ্রষ্টতা হলো মানুষের সততা ও সত্যনিষ্ঠার সঙ্গে ধর্মীয় বিধান না মানা এবং সেভাবে না চলা। আপন কু- প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহর বিধি-বিধানসমূহে ইচ্ছেমতো টালবাহানা করা। আত্মপ্রবঞ্চনায় লিপ্ত হয়ে এমন মনে করে বসা যে, মনস্কামও পূর্ণ হয়ে গেলো এবং ধর্মীয় বিধানও পালিত হলো। খারাপকে খারাপ মনে করে তাতে লিপ্ত হওয়া ততটা মন্দ ও নিন্দনীয় নয়, যতটা মন্দ ও নিন্দনীয় হলো খারাপকে ভালোরূপ দান করা এবং নিষিদ্ধ কার্যাবলিতে টালবাহানা করে তাকে জায়েয বানিয়ে নেয়া। এমন ঘৃণ্য কর্মকাণ্ডের কাণেই অধিকাংশ জাতির ওপর আল্লাহপাকের আযাব নাযিল হয়েছে। ইহুদিরাও শনিবারের ব্যাপারে এই পন্থা অবলম্বন করেছিলো এবং আল্লাহ তাআলার শাস্তির উপযুক্ত হয়েছিলো। শনিবারে বনি ইসরাইলিদের জন্য শিকার করা নিষিদ্ধ ছিলো এবং গোটা দিনটি ইবাদতের জন্য নির্ধারিত ছিলো। তারা কিছুকাল ধৈর্যের সঙ্গে এই আদেশ মেনে চললো; কিন্তু বেশি দিন তারা তাদের ধৈর্যের ওপর অটল থাকতে পারলো না। তারা একটি বাহানা বের করলো ও ফন্দি আঁটলো। শনিবারের আগের রাতে নদীর ধারে গর্ত খনন করে নদীর সঙ্গে তার নালা যুক্ত করে দিতো। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই ঝাঁকে ঝাঁকে মাছ এসে তাদের গর্তে পড়তো। শনিবারের দিবস অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে বনি ইসরাইলিরা ওই মাছগুলো ধরে ফেলতো। আল্লাহ তাআলার সৎকর্মপরায়ণ বান্দারা তাদের এই ঘৃণ্য কৌশলের প্রতিবাদ করলে তারা গর্বের সঙ্গে বলতো, আমরা শনিবারের মর্যাদা কখন ক্ষুণ্ণ করলাম যে তোমরা এসব প্রশ্ন উত্থাপন করছো? কিন্তু আল্লাহ তাআলার শাস্তি এসে যখন তাদেরকে পাকড়াও করলো, তারা বুঝতে পারলো ধর্মীয় ব্যাপারে টালবাহানা করা এবং নিকৃষ্ট কৌশল অবলম্বন করা কত বড় মারাত্মক অপরাধ।
পনেরো. সত্যকে কেউ গ্রহণ করুক বা না করুক—সত্যের প্রতি আহ্বানকারীর কর্তব্য হলো সত্যের উপদেশ প্রদান ও সত্যপ্রচারে বিরত না হওয়া। যেমন : শনিবারের মর্যাদা নষ্ট করায় তাদের মধ্য থেকে কয়েকজন সৎ ও সত্যনিষ্ঠ ব্যক্তি তাদেরকে বুঝালো। তাদের কয়েজন লোক এটাও বলেছিলো যে, এদেরকে বুঝানো নিষ্ফল। কিন্তু সত্যের প্রতি একনিষ্ঠ আহ্বানকারীরা জবাব দিলেন—
مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ
কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে এই ওজর তো পেশ করতে পারবো যে, আমরা অবিরাম সত্যের আহ্বান ও সত্যপ্রচারে লিপ্ত ছিলাম। অদৃশ্য জগতে কী রয়েছে সে-সম্পর্কে তো আমাদের কোনো জ্ঞান নেই। আশ্চর্যের কী আছে যে তারা মুক্তাকি ও পরহেযগার হয়ে যাবে।
ষোলো. কোনো জাতির ওপর অত্যাচারী ও জালেম শাসক ক্ষমতাশীল হয়ে বসলে এটা প্রমাণিত হয় না যে, ওই অত্যাচারী শাসক আল্লাহ তাআলার কাছে প্রিয় ও সম্মানিত। অত্যচারী এবং দমন- ও নিপীড়নকারী শাসক মূলত আল্লাহ তাআলা আযাব ও শাস্তিবিশেষ; শাসিত জাতির কার্যকলাপের ফল হিসেবে আত্মপ্রকাশ করেছে। অত্যাচারী শক্তির প্রভাব শাসিত জাতির মস্তিষ্ককে এমনভাবে আচ্ছন্ন ও মোহগ্রস্ত করে ফেলে যে, তারা উৎপীড়ক শাসকের প্রতাপ ও প্রতিপত্তিকে তাদের ওপর আল্লাহ তাআলার রহমত এবং নিজেদের কৃতকর্মের পুরস্কার বলে বিশ্বাস করে। যেমন: ফেরআউন ও বনি ইসরাইলের ইতিহাসের এই অংশ—যেখানে হযরত মুসা আ. বনি ইসরালিদেরকে ফেরআউনের শোষণের নিগড় থেকে মুক্ত করার জন্য তাদেরকে অনুপ্রাণিত ও উৎসাহিত করলেন আর তারা পদে পদে মুসা আ.-এর কাছে বার বার তাদের অভিযোগসমূহ উত্থাপন করলো এবং দাসত্বজর্জরিত সচ্ছল জীবনযাপনের আকাঙ্ক্ষা ব্যক্ত করলো—উপরিউক্ত বক্তব্যের জ্বলন্ত প্রমাণ। কুরআন মাজিদ এ-বিয়ষটিকে নিম্নলিখিত অলৌকিক ভাষায় প্রকাশ করেছে—
وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبُّكَ لَسَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَحِيمٌ (سورة الأعراف)
‘স্মরণ করো, তোমার প্রতিপালক ঘোষণা করেন যে, তিনি তো কিয়ামত পর্যন্ত তাদের ওপর এমন লোকদেরকে প্রেরণ করবেন যারা তাদেরকে কঠিন শাস্তি দিতে থাকবে, আর তোমার প্রতিপালক তো শাস্তিদানে তৎপর এবং তিনি তো ক্ষমাশীল, পরম দয়াময়।’ [সুরা আ'রাফ: আয়াত ১৬৭]
সতেরো, ফেরআউন ও তার কওমের অবাধ্যাচরণ যখন বাড়াবাড়ি পর্যায়ে পৌছে গেলো এবং সীমা লঙ্ঘন করলো, তখন হযরত মুসা আ. আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, এই পাপিষ্ঠদেরকে তাদের আবাধ্যাচরণ ও নিকৃষ্ট কার্যকলাপের কারণে শাস্তি প্রদান করুন। কোনোভাবেই তারা সৎপথে আসছে না। কিন্তু যখনই হযরত মুসা আ.-এর দোয়া কবুল হওয়ার সময় আসতো এবং আল্লাহ তাআলার শাস্তির লক্ষণসমূহ প্রকাশ পেতে শুরু করতো, তৎক্ষণাৎ ফেরআউন ও তার সম্প্রদায়ের লোকেরা হযরত মুসা আ.-এর কাছে আবদার করতো, যদি এবার আমাদের ওপর থেকে এই শাস্তি দূর হয়ে যায়, তবে আমরা অবশ্যই তোমার কথা মেনে নিবো। এরপর যখন ওই শাস্তি দূর হয়ে যেতো, তারা যথারীতি আগের মতোই অবাধ্যাচরণ করতে শুরু করতো। এভাবে দীর্ঘকাল পর্যন্ত তারা অবকাশ লাভ করলো। কোনোক্রমেই তারা তাদের নাফরমানি, বক্রতা ও অবাধ্যাচরণ থেকে বিরত হলো না। অবশেষে অকস্মাৎ আল্লাহ তাআলার শাস্তি এসে তাদেরকে পাকড়াও করলো এবং চিরকালের জন্য বিলীন করে দিলো। এভাবে শনিবারের মর্যাদা ক্ষুণ্ণকারীদেরও বার বার অবকাশ দেয়া হয়েছিলো; কিন্তু যখন তারা কোনোক্রমেই বিরত হলো না, আল্লাহ তাআলার শাস্তি এসে তাদেরকে ধ্বংস করে দিলো।
এই ঘটনা এবং প্রচীনকালের উম্মতদের এ-জাতীয় ঘটনাবলি এ-কথার প্রমাণ যে, কোনো জাতি বা সম্প্রদায় অসৎ কাজ ও আবাধ্যাচরণে লিপ্ত হলে আল্লাহ তাআলার নীতি এই যে, সঙ্গে সঙ্গে তাদেরকে পাকড়াও করা হয় না, শাস্তি দেয়া হয় না। তারা ক্রমশ অবকাশ লাভ করে। যাতে তারা নিজেদের অপরাধ বুঝতে পেরে তা থেকে বিরত হয় এবং নিজেদের অবস্থা সংশোধন করে নেয়। কিন্তু তারা যখন অপকর্ম থেকে বিরত হয় না, নিজেদের অবস্থা সংশোধনে তৎপর হয় না, আল্লাহ তাআলার পাকড়াও করার কঠিন হাত তাদেরকে পাকড়াও করে এবং তারা অত্যন্ত শোচনীয় অবস্থায় ধ্বংসপ্রাপ্ত হয়।
আঠারো. কোনো মানুষের পক্ষেই—তিনি নবীই হোন আর রাসুলই হোন—এমন দাবি করা সঙ্গত নয় যে, গোট জগতে তাঁর মতো জ্ঞানী বা বড় আলেম আর কেউই নেই। বরং, সবকিছু আল্লাহ তাআলার জ্ঞানের ওপরই সোপর্দ করে দেয়া উচিত। কেননা, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন—
وَفَوْقَ كُلِّ ذِي عِلْمٍ عَلِيمٌ
'প্রত্যেক জ্ঞানী ব্যক্তির ওপরই একজন অধিক জ্ঞানী রয়েছেন।'
হযরত মুসা আ. উচ্চমর্যাদাশীল নবী ও রাসুল এবং নবুওতের যাবতীয় পূর্ণতাসূচক গুণের অধিকারী হওয়ার পর এই উক্তি করলেন যে, আমি বর্তমানে সর্বশ্রেষ্ঠ আলেম ও জ্ঞানী। তখন আল্লাহ তাআলা তাঁকে সতর্ক করে দিলেন এবং হযরত খিযির আ.-এর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন। আল্লাহ তাঁকে এই শিক্ষা প্রদান করলেন যে, সমস্ত পূর্ণতাসূচক গুণ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার জ্ঞানের রহস্যসমূহ অসীম ও ব্যাপক। রহস্যময় কয়েকটি বিষয়ের জ্ঞান তিনি একজন বুযুর্গ ব্যক্তির কাছে প্রকাশ করেছেন। আর হযরত মুসা আ. সেই রহস্য বুঝতে অক্ষম হলেন।
উনিশ. ইসলাম ধর্মের অনুসারীদের জন্য দাসত্ব মারাত্মক লানত ও অভিশাপ; আল্লাহ তাআলার একটি বড় শাস্তি। আর দাসত্বে তৃপ্তি ও মনোতুষ্টি লাভ করা আল্লাহ তাআলার আযাব ও গযবের প্রতি সন্তুষ্ট ও তৃপ্ত হওয়ার শামিল। এ-কারণেই হযরত মুসা আ. ফেরআউনকে সত্যের প্রতি আহ্বান জানিয়ে প্রথমেই দাবি করলেন—বনি ইসরাইলকে তোমার দাসত্ব ও গোলামি থেকে মুক্ত করে দাও। যাতে তারা আমার সঙ্গে থেকে স্বাধীনভাবে আল্লাহ তাআলার একত্বের অনুসারী ও তাঁর ইবাদতকারী হয়ে থাকতে পারে এবং তাদের ধর্মীয় জীবনের কোনো শাখাতেই যেনো অত্যাচারী ও কুফরি শক্তি প্রতিবন্ধক না হয়ে দাঁড়ায়।
আল্লাহ তাআলা কুরআনে বিষয়টিকে ব্যক্ত করেছেন এভাবে—
وَقَالَ مُوسَى يَا فِرْعَوْنُ إِنِّي رَسُولٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ () حَقِيقٌ عَلَى أَنْ لَا أَقُولَ عَلَى اللَّهِ إِلَّا الْحَقِّ قَدْ جِئْتُكُمْ بَيِّنَةٍ مِنْ رَبِّكُمْ فَأَرْسِلْ مَعِيَ بَنِي إِسْرَائِيلَ (سورة الأعراف)
‘এবং মুসা বললো, “হে ফেরআউন, আমি তো জগৎসমূহের প্রতিপালকের কাছ থেকে প্রেরিত। এটা স্থির নিশ্চিত যে, আমি আল্লাহ সম্পর্কে সত্য ব্যতীত বলবো না। (আমার জন্য এটা কখনোই শোভনীয় নয় যে, আমি আল্লাহ তাআলার সম্পর্কে সত্য ব্যতীত অন্যকিছু বলি।) আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের কাছ থেকে স্পষ্ট প্রমাণ এনেছি, সুতরাং বনি ইসরাইলকে তুমি আমার সঙ্গে যেতে দাও।” [সুরা আ'রাফ: আয়াত ১০৪-১০৫]
فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَا إِنَّا رَسُولُ رَبِّ الْعَالَمِينَ () أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ
"অতএব, তোমরা উভয়ে ফেরআউনের কাছে যাও এবং বলো, আমরা তো জগৎসমূহের প্রতিপালকের রাসুল। বনি ইসরাইলকে তুমি আমাদের সঙ্গে পাঠিয়ে দাও।" [সুরা শুআরা: আয়াত ১৬-১৭]
সুরা শুআরার এই আয়াত এ-বিয়ষটির গুরুত্ব এত উঁচুতে তুলে ধরেছে যে, হযরত মুসা আ.-এর মতা উচ্চ মর্যাদাশীল ও উলুল আযম (দৃঢ়প্রতিজ্ঞ) নবীর নবুওতের উদ্দেশ্যই যেনো ছিলো আম্বিয়ায়ে কেরামের বিখ্যাত বংশ বনি ইসরাইলকে ফেরআউনের অত্যাচারী ও কুফরি শক্তির নিগড় থেকে মুক্ত করা এবং তাদেরকে স্বাধীনতা উপহার দেয়া।
তা ছাড়া সুরা আ'রাফের আয়াতগুলো যদি গভীর দৃষ্টি ও মনোযোগের সঙ্গে পাঠ করা হয়, তবে তাতেও এ-বিষয়টিই স্পষ্টভাবে প্রতীয়মান হয়। হযরত মুসা আ. ফেরআউনের দরবারে প্রথমে তাঁর নবুওতের ঘোষণা দেন। তারপর আল্লাহ তাআলার পক্ষ থেকে হেয়ায়েতের দাওয়াত দেন। মুজেযা ও নিদর্শনসমূহের প্রতি মনোযোগ আকর্ষণ করেন। এরপর তিনি তাঁর নবুওত ও রিসালাতের চূড়ান্ত উদ্দেশ্য ব্যক্ত করেন: 'বনি ইসরাইলকে তোমার দাসত্ব থেকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও।'
আবার এ-বিষয়টিও লক্ষণীয় যে, নবুওত ও রিসালাতের দাবি পেশ করার পর হযরত মুসা আ. এক দীর্ঘকাল মিসরে অবস্থান করেছেন। তারপরও ততক্ষণ পর্যন্ত তাদের ওপর হেদায়েতের বিধান (তাওরাত) নাযিল হয় নি যতক্ষণ না তারা ফেরআউনের দাসত্ব ও গোলামি থেকে স্বাধীনতা লাভ করেছে এবং অত্যাচারী শক্তির কবল থেকে মুক্তি লাভ করে পবিত্র ভূমিতে ফিরে এসেছে।
فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ
'সুতরাং, হে বুদ্ধিমান ও জ্ঞানীগণ, তোমরা উপদেশ গ্রহণ করো।'

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00