📄 ওয়াাদিয়ে মুকাদ্দাস বা পবিত্র উপত্যকা
একদিন হযরত মুসা আ. তাঁর পরিবারবর্গসহ বকরি-ভেড়া চরাতে চরাতে মাদয়ান থেকে অনেক দূরে চলে গেলেন। বকরিচারক গ্রোত্রসমূহের জন্য এটা কোনো বিচিত্র ব্যাপার নয়। তখন ছিলো শীতের রাত। শীতের আধিক্য তাঁকে আগুন অন্বেষণে বাধ্য করলো। সামনে তুরে-সাইনা পর্বতশ্রেণি দৃষ্টিগোচর হচ্ছিলো। এটা ছিলো সাইনা পর্বতের পূর্ব কোণ। মাদয়ান থেকে একদিনের দূরত্বে লোহিত সাগরের দুটি শাখার মধ্যস্থলে মিসরে যাওয়ার পথের ওপর অবস্থিত। হযরত মুসা আ. চকমক পাথর দিয়ে আগুন ধরানোর চেষ্টা করলেন। কিন্তু অত্যধিক শীতের কারণে তাতে আগুন ধরলো না। সামনে ওয়াদির (ওয়াদিয়ে আইমান) দিকে তাকালেন। দেখতে পেলেন, একটি আগুনের শিখা আলো ছড়াচ্ছে। তিনি তাঁর স্ত্রীকে বললেন, তোমরা এখানেই অপেক্ষা করো। আমি আগুন নিয়ে আসছি। আগুন পোহানোর কাজও চলবে আর ওখানে কোনো পথপ্রদর্শকের সাক্ষাৎ পেলে ভুলা-পথের সন্ধানও পাওয়া যাবে।
ঘটনার এই অংশ কুরআনে বর্ণিত হয়েছে এভাবে-
إِذْ رَأَى نَارًا فَقَالَ لِأَهْلِهِ امْكُثُوا إِنِّي أَنَسْتُ نَارًا لَعَلِّي آتِيكُمْ مِنْهَا بِقَبَسٍ أَوْ أَجِدُ على النار هدى (سورة طه)
'সে যখন আগুন দেখলো, তখন তার পরিবারবর্গকে বললো, "তোমরা এখানে থাকো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি তোমাদের জন্য তা থেকে কিছু জ্বলন্ত অঙ্গার আনতে পারবো অথবা আমি আগুনের কাছে কোনো পথনির্দেশ পাবো।"' [সুরা তোয়া-হা: আয়াত ১০]
টিকাঃ
³⁷ তাওরাত: আত্মপ্রকাশ অধ্যায়, অনুচ্ছেদ ২. আয়াত ২১-২২।
³⁸ মুসা আ. স্ত্রীসহ মাদয়ান থেকে মিসর যাচ্ছিলেন। পথে রাত হয়। শীতে তাদের কষ্ট হচ্ছিলো। তখন তিনি আগুন দেখলেন। প্রকৃতপক্ষে তা ছিলো আল্লাহর তাজাল্লি।
📄 নবুওয়ত লাভ
خدا کے فضل کا موسی سے پوچھ نے احوال کہ اگ لینے کو جائیں پیمبری مل جائیں
'আল্লাহ তাআলার অনুগ্রহের অবস্থা মুসাকে জিজ্ঞেস করুন। তিনি আগুন আনার জন্য গিয়ে নবুওত লাভ করেন।'
হযরত মুসা আ. দেখলেন এ তো এক বিচিত্র রকমের আগুন; গাছের গায়ে আলো দেখা যায়; কিন্তু তা গাছকে পোড়ায় না আবার নিভেও যায় না। এসব ভাবতে ভাবতে তিনি সামনের দিকে এগিয়ে গেলেন। কিন্তু তিনি যতই এগিয়ে যান, আগুন আরও দূরে সরে যায়। এই অবস্থা দেখে মুসা আ.-এর অন্তরে আতঙ্কের ভাব সৃষ্টি হলো। তিনি ফিরে যাওয়ার ইচ্ছা করলেন। যখনই তিনি পেছনে ফিরে যেতে উদ্যত হলেন তখনই আগুন কাছে এসে পড়লো। আগুন কাছে এলে তিনি এই আওয়াজ শুনতে পেলেন-
يَا مُوسَى إِنِّي أَنَا اللَّهُ رَبُّ الْعَالَمِينَ (سورة القصص)
"হে মুসা, আমি আল্লাহ, বিশ্বজগতের প্রতিপালক।"
فَلَمَّا أَتَاهَا نُودِيَ يَا مُوسَى إِنِّي أَنَا رَبُّكَ فَاخْلَعْ نَعْلَيْكَ إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى () وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى (سورة طه)
'এরপর যখন সে আগুনের কাছে এলো, তখন আহ্বান করে বলা হলো, “হে মুসা আমিই তোমার প্রতিপালক, অতএব তোমার পাদুকা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র ‘তুওয়া’ উপত্যকায় রয়েছো। এবং আমি তোমাকে মনোনীত করেছি। সুতরাং যা ওহি প্রেরণ করা হচ্ছে তুমি তা মনোযোগের সঙ্গে শোনো।"” [সুরা তোয়া-হা: আয়াত ১১-১৩]
কুরআন মাজিদের পূর্ববর্তী আয়াত এবং এই আয়াতগুলোর প্রতি লক্ষ করে তাফসিরের কিতাবসমূহে দুটি বিষয় আলোচনাধীন এসেছে: এক.
হযরত মুসা আ. যে-বস্তুটিকে আগুন মনে করেছিলেন তা আগুন ছিলো না। বরং তা ছিলো আল্লাহ তাআলার তাজাল্লির নুর। কিন্তু এই নুরের পর্দার অন্তরাল থেকে যে-আওয়াজ শুনা গিয়েছিলো তা ছিলো ফেরেশতার আওয়াজ। এর মাধ্যমে আল্লাহ তাআলা মুসা আ.-কে (সরাসরি) কথোপকথনের মর্যাদা দান করেছিলেন। অথবা তা আল্লাহ তাআলারই সম্বোধন ছিলো। কোনো কোনো মুফাস্সির বলেন, এটা ফেরেশতার আওয়াজ ছিলো। এর মাধ্যমে মুসা আ. আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথনের মর্যাদা লাভ করেছিলেন। এটা আল্লাহ তাআলার আওয়াজ ছিলো না। কেননা, তাঁর কথার সুরও নেই, স্বরও নেই।
আর তত্ত্বজ্ঞানীদের মতে, এটা সরাসরি আল্লাহ তাআলারই সম্বোধন ছিলো। মুসা আ. এই আওয়াজকে অন্যকিছুর মাধ্যমে শোনেন নি; বরং তিনি তেমনই শুনেছেন যেমন আল্লাহর নবীগণ আল্লাহর ওহি শুনে। থাকেন এবং مِنْ وَرَاءِ حِجَاب 'পর্দার অন্তরাল থেকে' আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথনের মর্যাদা লাভ করে থাকেন।
দুই. ওয়াদিয়ে মুকাদ্দাসে মুসা আ.-কে জুতা খুলে ফেলার আদেশ করা হয়েছিলো। অথচ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁরা সাহাবিগণ রা. পায়ে জুতাসহ মসজিদে নামায আদায় করতেন। আজ তাঁর উম্মতের জন্যও এটাই ইসলামি বিধান যে, জুতা পবিত্র হলে তা পায়ে রেখেই বিনা দ্বিধায় মসজিদে নামায পড়া যেতে পারে। তবে এখানে মুসা আ.-কে কেনো নির্দেশ দেয়া হলো যে, এটা পবিত্র উপত্যকা, সুতরাং তোমারা জুতা খুলে ফেলো। এই জিজ্ঞাসার জবাব সহিহ হাদিসে রয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কারণ বিশ্লেষণ করে বলেছেন-
قَالَ : يَوْمَ كَلَّمَ اللَّهُ مُوسَى كَانَتْ عَلَيْهِ جُبَّةٌ صُوفَ ، وَكِسَاءُ صُوفَ ، وَسَرَاوِيلُ صُوف، وَكُمَّةٌ صُوفَ ، وَنَعَالٌ مِنْ جَلْدِ حِمَارِ غَيْرِ ذَكِيَّ.
'হযরত আবদুল্লাহ বিন মাসউদ রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, "আল্লাহ তাআলা যেদিন মুসা আ.-এর সঙ্গে কথা বলেছিলেন, সেদিন তাঁর পরনে ছিলো পশমি জুব্বা, পশমি চাদর, পশমি পায়জামা এবং পশমি টুপি। তাঁর জুতাজোড়া ছিলো মৃত গাধার দাবাগতহীন চামড়ার তৈরি।"'³⁹
যাইহোক। এখন হযরত মুসা আ. আল্লাহ তাআলার নবী এবং সম্মানিত রাসুল। আল্লাহপাক তাঁকে নবীগণের সত্য দীনের দীক্ষা এবং ফেরআউনের দাসত্ব বনি ইসরাইলকে মুক্ত করার গুরুত্বপূর্ণ খেদমতের জন্য মনোনীত করেছেন। এখন তিনি পবিত্র উপত্যকায় আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথোপকথনের মর্যাদা লাভ করছেন। যে-মুসা আ. মাদয়ানের রাস্তা থেকে পথ হারিয়ে ফেলেছিলেন সেই মুসা আ.-কে মিসরের মতো সভ্যতা ও সংস্কৃতির দেশে ফেরআউনের মতো অহঙ্কারী বাদশাহকে দীনের পথপ্রদর্শনের জন্য মনোনীত করা হয়েছে। আর যিনি গতকাল পর্যন্তও উট ও বকরির পালের রাখালগিরি করছিলেন, আজ তাঁকে মানুষের নেতৃত্ব প্রদানের দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করা হয়েছে। আর যে-জীবনের মূলধন গতকাল বকরি-ভেড়ার রাখালগিরি থেকে শুরু হয়েছিলো, তা আজ পবিত্র উপত্যকায় আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ মাখলুক মানবজাতির রাখালগিরিতে উন্নীত পূর্ণতাপ্রাপ্ত হয়েছে। আর গতকালের বকরিপালের রাখাল আজ পৃথিবীর পরিচালক হচ্ছেন। এটাই আল্লাহ তাআলার অসীম কুদরতের অপার মহিমা যা মুখে অস্বীকারকারীদের অন্তরেও স্বীকৃতির কাঁটা বিঁধিয়ে দেয়। কোথায় যাযাবর রাখাল আর কোথায় সভ্য ও শহুরে রাজত্বের জন্য আল্লাহ তাআলার সত্যের পয়গামবাহী।
হযরত মুসা আ. যখন আল্লাহ তাআলার এই আওয়াজ শুনলেন এবং বুঝতে পারলেন যে, আর তাঁর ভাগ্যে এমন এক মহামূল্যবান সম্পদ জুটে গেছে যা মানবজাতির শ্রেষ্ঠত্বের মধ্যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ এবং আল্লাহপাকের দানের চূড়ান্ত ও শ্রেষ্ঠতম নিদর্শন, তখন তিনি যারপরনেই আনন্দিত ও পুলকিত হয়ে উঠলেন। আশেকের মতো আত্মবিমোহিত হয়ে অস্থির অবস্থায় মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। অবশেষে আল্লাহর পক্ষ থেকে পুনরায় কথোপকথন শুরু হলো এবং মুসা আ.-কে জিজ্ঞেস করা হলো-
مَا تِلْكَ بِيَمِينِكَ يَا مُوسَى (سورة طه)
"হে মুসা, তোমার ডান হাতে ওটা কী?" [সুরা তোয়া-হা: আয়াত ১৭]
ব্যস্, আর কী! প্রকৃত মাহবুব ও প্রেমাস্পদের প্রশ্ন সত্যিকারের আশেক ও প্রেমিককে! আল্লাহু আকবার! এত বড় সৌভাগ্য! লুটিয়ে পড়ার ক্ষেত্র। ইশকের মোহে আত্মবিমোহিত, এটাও মনে থাকলো না যে, প্রশ্নের পাল্লা দিয়েই উত্তরকে ওজন করে নিতে হয় এবং যা-কিছু জিজ্ঞেস করা হয় কেবল তারই জবাব দিতে হয়। তিনি জবাব দিলেন-
قَالَ هِيَ عَصَايَ أَتَوَكَّأُ عَلَيْهَا وَأَهُشُّ بِهَا عَلَى غَنَمِي (سورة طه)
"এটা আমার লাঠি; আমি এতে ভর দিই এবং এর দ্বারা আঘাত করে আমি আমার মেষপালের জন্য বৃক্ষপত্র ফেলে থাকি।" (সুরা তোয়া-হা: আয়াত ১৮]
জবাবে শুধু 'লাঠি' শব্দটুকুই বলা উচিত ছিলো। কিন্তু ভালোবাসার আবেগ ও মুহাব্বতের ইশককে কেমন করে থামিয়ে রাখতে পারেন, যিনি মাহবুব ও প্রেমাস্পদের সঙ্গে কথোপকথনের সৌভাগ্যকে দীর্ঘতর করে দক্ষ প্রাণ শীতল করার উপকরণ সংগ্রহ করতে আকাঙ্ক্ষী? বললেন, এটা আমার লাঠি। তারপর আবার লাঠির উপকারিতা বর্ণনা করতে শুরু করলেন। কিন্তু হঠাৎ ভালোবাসার আবেগের স্থলে প্রকৃত মাহবুবের আদব রক্ষার চিন্তা মনের ভেতর চিঁটি কেটে ওঠে। নিজেকে নিজেই বলেন, মূসা, খবরদার, কোন্ দরবারে দাঁড়িয়ে আছো, পাছে তোমার বর্ণনার দীর্ঘসূত্রতা ধৃষ্টতা ও বেয়াদবির মধ্যে গণ্য না হয়।' মূসা আ. এসব ভেবে তৎক্ষণাৎ কথার মোড় ঘুরিয়ে দিলেন এবং আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন—
وَلِيَ فِيهَا مَآرِبُ أُخْرَىٰ
“এবং তা আমার অন্যান্য কাজেও লাগে।” [সুরা তোয়া-হা: আয়াত ১৮]
হে প্রতিপালক, হৃদয়ের আবেগ ও প্রাণের অস্থিরতা তো এটাই চায় যে, আরো অনেক কিছু বলতে থাকি এবং এই অসীম আনন্দ ও স্বাদ অনুভব করতে থাকি; কিন্তু আদব রক্ষার চিন্তা আমাকে বিরত রাখছে। সূক্ষ্মদর্শী চোখে নির্দেশ দিচ্ছে যেনো আমি নীরবতা অবলম্বন করি। সুতরাং কথা সংক্ষেপ করছি। অন্যথায় ইশকের কাহিনি তো অফুরন্ত।
কবি বললেন—
عشق کہتاہے جنوں کوش رہناچاہئے ضبط کید ہے خاموش رہناچاہئے قصہ موسیٰ ! سبق ہے ہوش والوں کیل کس طرح عشاق کو خاموش رہناچاہئے
‘ইশক বলে, উন্মাদনার আবেগ থাকা উচিত। সংযমের তাকিদ হলো নীরব থাকা বাঞ্ছনীয়। মূসার কাহিনি একটি শিক্ষণীয় পাঠ জ্ঞানীদের জন্য; অর্থাৎ কীভাবে আশেকদের পক্ষে নীরবতা অবলম্বন করা উচিত।'
টিকাঃ
³⁹ সুনানুত তিরমিযি: হাদিস ১৭৩৪; মুসনাদে আবি ইয়ালা, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা ৭: কানযুল উম্মাল: হাদিস ৩২৩৮০। উদ্ধৃত ভাষ্য মুসনাদে আবি ইয়ালা থেকে।
📄 মুজেযা
তখন আল্লাহ্পাক বললেন, أَلْفِهَا يَا مُوسَىٰ “হে মূসা, তুমি তা নিক্ষেপ করো।” [সুরা তোয়া-হা: আয়াত ১৯] সঙ্গে সঙ্গে মূসা আ. মহান আদেশটি পালন করলেন—
فَأَلْقَاهَا فَإِذَا هِيَ حَيَّةٌ تَسْعَى "তখন সে তা নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে তা (অজগর) সাপ হয়ে ছুটতে শুরু করলো।" (সুরা তোয়া-হা: আয়াত ২০)
হযরত মুসা আ. এই বিস্ময়কর কাণ্ড দেখে ভীত ও আতঙ্কিত হয়ে উঠলেন এবং মানবিক স্বভাবের দ্বারা প্রভাবিত হয়ে পলায়ন করতে উদ্যত হলেন। পিঠ ফিরিয়ে নিয়ে পলায়নপর হতেই আওয়াজ এলো-
قَالَ خُذْهَا وَلَا تَخَفْ سَنُعِيدُهَا سِيرَتَهَا الْأُولَى আল্লাহ বললেন, "তুমি ওটাকে ধরো এবং ভয় করো না, আমি ওটাকে তার পূর্বরূপে (আসল আকৃতিতে) ফিরিয়ে দেবো।” (সুরা তোয়া-হা: আয়াত ২১)
হযরত মুসা আ.-এর লাঠিটি দুই শাখাবিশিষ্ট ছিলো। তখন এই দুটি শাখাই অজগরের মুখ বলে মনে হচ্ছিলো। তিনি অত্যন্ত অস্থির ছিলেন। কিন্তু আল্লাহপাকের সান্নিধ্য প্রশান্তি ও নিশ্চিন্ততার অবস্থা সৃষ্টি করে দিলো। তিনি নির্ভীক হয়ে অজগরের মুখে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দেয়ার সঙ্গে সঙ্গে তা পুনরায় দুই শাখাবিশিষ্ট লাঠি হয়ে গেলো।
এখন মুসা আ.-কে পুনরায় সম্বোধন করে নির্দেশ দেয়া হলো, তোমার হাত তোমার জামার বুকের দিকে যে-উন্মুক্ত অংশ আছে তার ভেতরে প্রবেশ করাও এবং বগলের সঙ্গে চেপে ধরো। তারপর দেখো, তা রোগ-ব্যাধিমুক্ত নিষ্কলুষ ও দীপ্তিমান হয়ে বের হয়ে আসবে। (এটি হলো দ্বিতীয় নিদর্শন।) যেমন: পবিত্র কুরআনে বর্ণিত আছে-
وَاضْمُمْ يَدَكَ إِلَى جَنَاحِكَ تَخْرُجْ بَيْضَاءَ مِنْ غَيْرِ سُوءٍ آيَةً أُخْرَى "এবং তোমার হাত তোমার বগলে রাখো, তা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে (রোগ-ব্যাধি যেমন শ্বেত-কুষ্ঠ ইত্যাদি থেকে মুক্ত) অপর এক নিদর্শনস্বরূপ।" [সুরা তোয়া-হা: আয়াত ২২]
হে মুসা, এগুলো হলো আমার পক্ষ থেকে তোমার নবুওত ও রিসালাতের দুটি বড় নিদর্শন। এগুলো তোমার সত্য প্রচারে এবং সত্যের পক্ষে দলিল-প্রমাণ প্রদানে প্রবল সহায়তা করবে। সুতরাং, যেভাবে আমি তোমাকে নবুওত ও রেসালাত দান করলাম, তেমনিভাবে তোমাকে এ-দুটি মর্যাদাসম্পন্ন মুজেযাও দান করলাম। لنرِيَكَ مِنْ آيَاتِنَا الْكُبْرَى "তা এইজন্য যে, আমি তোমাকে (চাক্ষুষভাবে) দেখাবো আমার মহানিদর্শনগুলোর কিছু।" [সুরা তোয়া-হা: আয়াত ২৩]
فذانك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين
'এই দুটি তোমার প্রতিপালকের প্রদত্ত প্রমাণ, ফেরআউন ও তার পারিষদবর্গের জন্য (তাদের মোকাবিলায়)। তারা তো সত্যত্যাগী (ও নাফরমান) সম্প্রদায়।' [সুরা কাসাস: আয়াত ৩২]
📄 মিসরে প্রবেশ
হে মুসা, এখন তুমি যাও এবং ফেরআউন ও তার সম্প্রদায়কে সত্য ও হেদায়েতের পথ দেখাও। তারা বড়ই অবাধ্যতা ও নাফরমানির ভেতর নিমজ্জিত রয়েছে। তারা গর্ব ও অহঙ্কার এবং চরম অত্যাচার ও নিপীড়নের সঙ্গে বনি ইসরাইলকে দাস বানিয়ে রেখেছে। সুতরাং তাদেরকে দাসত্ব থেকে মুক্ত করো।
হযরত মুসা আ. আল্লাহপাকের দরবারে আরজ করলেন, হে আমার প্রতিপালক, আমার হাতে এক মিসরীয় নিহত হয়েছে। এই কারণে আমার আশঙ্কা হয় যে, তারাও আমাকে হত্যা করে ফেলবে। এটাও আমার ধারণা যে, তারা প্রবলভাবে আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে। নবুওত ও রিসালাতের উচ্চ মর্যাদা যখন আপনি আমাকে দান করেছেন তখন আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দিন এবং নুরের দ্বারা পরিপূর্ণ করে দিন। আর মহাগুরুত্বপূর্ণ দায়িত্বকে আমার জন্য সহজ করে দিন। আর আমার জিহ্বায় যে-জড়তা রয়েছে তা দূর করে দিন। যাতে লোকেরা আমার কথা সহজে বুঝতে পারে। আমার কথা অনর্গল ও স্পষ্ট নয়। (বরং তোতলামির কারণে আমার কথা ঠেকে ঠেকে ও আটকে যায়)। আর আমার তুলনায় আমার ভাই হারুন অধিক বিশুদ্ধ ও অনর্গলভাষী। সুতরাং তাঁকেও আপনার এই নবুওতের নেয়ামত দান করুন এবং আমার দায়িত্বের অংশীদার বানিয়ে দিন।
আল্লাহ তাআলা মুসা আ.-কে নিশ্চিন্ত করলেন এবং বললেন, তুমি আমার পয়গাম নিয়ে অবশ্যই যাও এবং তাদেরকে সত্যের পথ প্রদর্শন করো। তারা তোমার কোনো ক্ষতিই করতে পারবে না। আমার সাহায্য তোমার সঙ্গে রয়েছে। আর যেসব নিদর্শন আমি তোমাকে দান করেছি তা তোমার সফলতার কারণ হবে এবং শেষ পর্যন্ত তুমিই জয়ী হবে। আমি তোমার দরখাস্ত মঞ্জুর করে নিচ্ছি। তোমার ভাই হারুনকেও তোমার কাজের অংশীদার করে দিচ্ছি। দেখো, তোমরা উভয়ে যখন ফেরআউন ও তার পারিষদবর্গ এবং সম্প্রদায়কে আমার সত্য ও সঠিক পথের দিকে আহ্বান করবে, তখন সত্যের পয়গাম প্রচারকালে নম্র-কোমল ও মধুর ভাষা ব্যবহার করবে। বিচিত্র নয় যে, তারা তোমার নসিহত কবুল করে নেবে এবং আল্লাহকে ভয় করে জুলুম ও অত্যাচার থেকে বিরত হয়ে যাবে।
ইসমাইল আস-সুদ্দি বলেন, হযরত মুসা আ. নবুওত ও রিসালাতের পদ লাভ করলেন, আল্লাহপাকের কথোপকথনের বরকতপ্রাপ্ত হলেন, দীন প্রচার ও দাওয়াতে সফলতা লাভের সুসংবাদ শুনলেন। তারপর তিনি পবিত্র উপত্যকা থেকে অবতরণ করে তাঁর স্ত্রীর কাছে এলেন। তাঁর স্ত্রী পবিত্র উপত্যকারই সামনে মরুভূমির মধ্যে অপেক্ষা করছিলেন এবং স্বামীর প্রতীক্ষায় পথপানে তাকিয়েছিলেন। হযরত মুসা আ. স্ত্রীকে সঙ্গে নিয়ে ওখান থেকে আল্লাহ তাআলার নির্দেশ পালনের উদ্দেশ্যে মিসরের অভিমুখে যাত্রা করলেন। মঞ্জিলসমূহ অতিক্রম করে যখন মিসরে পৌঁছলেন তখন রাত হয়ে গিয়েছিলো। চুপি চুপি মিসরে প্রবেশ করে নিজেদের বাড়িতে গিয়ে পৌঁছলেন। কিন্তু ঘরের ভেতরে প্রবেশ করলেন না। মায়ের কাছে গিয়ে একজন মুসাফিরের মতো আত্মপ্রকাশ করলেন। বনি ইসরাইল গোত্রের মধ্যে এই পরিবার ছিলো মেহমানের সমাদর ও আপ্যায়নকারী। হযরত মুসা আ.-কে খুব সমাদর ও আপ্যায়ন করা হলো। ইতোমধ্যে তাঁর বড়ভাই হারুন আ. ঘরে এসে পৌঁছলেন। ঘরে পৌঁছার আগেই হযরত হারুন আ. আল্লাহর পক্ষ থেকে নবুওত ও রিসালাতের পদ লাভ করেছিলেন। তাঁকে ওহির মাধ্যমে মুসা আ.-এর যাবতীয় ঘটনা জানিয়ে দেয়া হয়েছিলো। তিনি ঘরে এসেই ভাইয়ের সঙ্গে আলিঙ্গন করলেন এবং মুসা আ.-এর পরিবারবর্গকে ঘরের ভেতরে নিয়ে গেলেন। মাকে যাবতীয় ঘটনা বর্ণনা করে শুনালেন। তখন পরিবারের সবাই পরস্পর আলিঙ্গন করলেন। বিচ্ছিন্ন হয়ে যাওয়া ভাইয়েরা তাঁদের অতীত জীবনের ঘটনাবলি জানলেন। মায়ের চোখজোড়া শীতল হলো। ⁴⁰
তাওরাত এই ঘটনাকে নিম্নরূপে বর্ণনা করেছে: "আর আল্লাহ তাআলা হারুনকে বললেন, মাঠে গিয়ে সাক্ষাৎ করো। তিনি গমন করলেন। আল্লাহর পাহাড়ের ওপর তাঁর সাক্ষাৎ পেলেন। তাঁকে চুম্বন করলেন। আর মুসা আ. আল্লাহ তাআলার যিনি তাঁকে নবী বানিয়ে পাঠিয়েছেন-সব কথা হারুন আ.-কে বর্ণনা করে শোনালেন।"⁴¹
টিকাঃ
⁴⁰ আল-বিদায়া ওয়ান নিহায়া, ইমাদুদ্দিন বিন কাসির আল-কুরাশি, প্রথম খণ্ড, পৃষ্ঠা ২৫২।
⁴¹ তাওরাত: আত্মপ্রকাশ অধ্যায়, অনুচ্ছেদ ৪; আয়াত ২৭-২৮।