📄 ফেরআউনের স্বপ্ন
তাওরাতে বর্ণিত আছে এবং ইতিহাসবেত্তাগণ বলেন, বনি ইসরাইলের সঙ্গে ফেরআউনের এই কারণে শত্রুতা হয়েছিলো যে, তৎকালে জ্যোতিষী ও গণকেরা ফেরআউনকে বলেছিলো, একটি ইসরাইলি বালকের দ্বারা আপনার রাজত্বের বিনাশ ঘটবে। কোনো কোনো ঐতিহাসিক বর্ণনায় আছে যে, ফেরআউন একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলো। দরবারে জ্যোতিষী ও গণকেরা তার স্বপ্নের ব্যাখ্যা তেমনই দিয়েছিলো যা এইমাত্র উপরে বলা হয়েছে। কুরআন মাজিদের মুফাস্সিরগণও এই ঐতিহাসিক বর্ণনাগুলোকে তাফসিরের কিতাবসমূহে উদ্ধৃত করেছেন। তাওরাতে আরও কিছু অতিরিক্ত কথা বর্ণিত আছে। তাতে বলা হয়েছে যে, জ্যোতিষী ও গণকেরা স্বপ্নফল বর্ণনা করার পর ফেরআউন ধাত্রী নিযুক্ত করে দিয়েছিলো এবং তাদেরকে এই দায়িত্ব দিয়েছিলো যে, মিসর রাজ্যের অধীন যেখানেই কোনো ইসরাইলির ঘরে পুত্রসন্তান জন্মগ্রহণ করবে তৎক্ষণাৎ তাকে যেনো হত্যা করে ফেলা হয়। কিন্তু ধাত্রীদের হৃদয়ে এমন সহানুভূতি ও সমবেদনা উৎসারিত হলো যে তারা এই ঘৃণ্য কাজের প্রতি কোনো পদক্ষেপই করলো না। ফেরআউন ধাত্রীদের কাছে কৈফিয়ত তলব করলে তারা বললো, ইসরাইলি নারীরা মিসরীয় নারীদের মতো কোমলদেহ নয়। তারা ধাত্রীদের মুখাপেক্ষী না হয়ে নিজেরাই সন্তান প্রসব করে নেয়। আমার খবরই পাই না। এ-কথা শুনে ফেরআউন একদল লোক নিযুক্ত করে, যেনো তারা অনুসন্ধান করে সঙ্গে সঙ্গে ইসরাইলি শিশু বালকদেরকে হত্যা করে ফেলে এবং বালিকাদেরকে ছেড়ে দেয়।