📄 খায়বারের যুদ্ধ
খায়বার পবিত্র মদিনা থেকে উত্তর দিকে চার মনযিল দূরে একটি শহরের নাম। মদিনার বনি নাযির ও ইহুদিরা যখন খায়বার গিয়ে বসতি স্থাপন করল তখন খায়বার ইহুদিদের আবাসন কেন্দ্রে পরিণত হল। ইহুদিরা পার্শ্ববর্তী সকল আরবদেরকে ইসলামের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে থাকে।
৭ হিজরীর মহরম বা জুমাদাল উলা মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদাতিক ও অশ্বারোহী বাহিনী নিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করতে খায়বার গিয়ে উপস্থিত হন। দীর্ঘ যুদ্ধের পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন আর ইহুদিদের সকল দুর্গ মুসলমানদের হস্তগত হয়। এ যুদ্ধে হযরত আলি রাযি. এর কৃতিত্ব ছিল সর্বাধিক। তিনি স্বহস্তে একাই খায়বার দুর্গের ফটকটি উপড়িয়ে ফেলেন।
📄 ফাদাক বিজয়
খায়বার বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাকের ইহুদিদের কাছে এক পত্র প্রেরণ করলে তারা সন্ধি স্থাপন করে।
📄 কাযা ওমরা
হুদায়বিয়ার সন্ধিকালে যে ওমরা কাযা হয়ে গিয়েছিল এবং কুরাইশদের সঙ্গে অঙ্গীকার করা হয়েছিল, পরবর্তী বছর ওমরা আদায় করা হবে এবং তিন দিনের বেশি সেখানে অবস্থান করবে না। এ বছর ওই অঙ্গীকার অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাথী-সঙ্গিদের নিয়ে মক্কায় তাশরিফ নিয়ে যান এবং ওমরার কাজ সম্পাদন করে মদিনায় ফিরে আসেন।