📘 কাসাসুল আম্বিয়া 📄 ইহুদি পণ্ডিতের ভবিষ্যদ্বাণী

📄 ইহুদি পণ্ডিতের ভবিষ্যদ্বাণী


চাচার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়মায় অবস্থান করছিলেন। ঘটনাক্রমে এক ইহুদি পণ্ডিত যাকে বুহায়রা পাদ্রী বলা হত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তাকে দেখে ইহুদি পণ্ডিত আবু তালিবকে জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গের এই ছেলেটি কে? আবু তালিব বললেন, এ আমার ভাতিজা। বুহায়রা বললেন, এ ছেলেটির প্রতি কি আপনার মমতা আছে? আপনি কি একে রক্ষা করতে চান? আবু তালিব বললেন, অবশ্যই। বুহায়রা এবার আল্লাহর শপথ করে বললেন, আপনি একে যদি সিরিয়া নিয়ে যান, তাহলে ওখানকার ইহুদিরা নির্ঘাত একে খুন করবে। কারণ, বালকটি আল্লাহর নবী, যিনি ইহুদিদের ধর্মকে রহিত করে দেবেন। এর যাবতীয় গুণাগুণ আমি আসমানি কিতাবে দেখতে পেয়েছি।

বুহায়রা যেহেতু তাওরাতের আলেম ছিলেন এবং তাওরাতে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দৈহিক আকার-আকৃতির পূর্ণ বিবরণ ছিল, তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনে ফেলেছিলেন- এ বালকই সেই শেষনবি, যিনি তাওরাতকে রহিত এবং ইহুদি পণ্ডিতদের রাজত্ব খতম করে দেবেন। বুহায়রার কথা শুনে আবু তালিব শঙ্কিত হয়ে পড়েন এবং নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মক্কায় ফেরত পাঠিয়ে দেন।

📘 কাসাসুল আম্বিয়া 📄 দ্বিতীয়বার সিরিয়া সফর

📄 দ্বিতীয়বার সিরিয়া সফর


সে সময় মক্কায় খাদিজা নামের এক বিত্তবান মহিলা বাস করতেন। অগাধ সম্পদের সাথে সাথে তিনি যথেষ্ট বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতার অধিকারিণীও ছিলেন। বিচক্ষণ ও বিশ্বস্ত গরীব লোকদের দেখে তিনি ব্যবসার পণ্য দিয়ে বিভিন্ন স্থানে প্রেরণ করতেন এবং লাভের উল্লেখযোগ্য একটি অংশ তাদেরকে প্রদান করতেন। নবীজি তখনও নবুয়ত প্রাপ্ত হননি ঠিক, কিন্তু সমগ্র মক্কাবাসীর কাছে তার সততা ও বিশ্বস্ততার যথেষ্ট সুনাম ছিল। প্রত্যেকের কাছেই তিনি আস্থাভাজন ছিলেন। সকলের কাছে তিনি আল-আমীন তথা বিশ্বস্ত উপাধিতে প্রসিদ্ধ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এই সুনাম সুখ্যাতি খাদিজার কাছেও গোপন ছিল না। তাই তিনি তার ব্যবসার কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাতে সোপর্দ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দিয়ানতদারী দ্বারা উপকৃত হওয়ার মনস্থ করলেন।

তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট প্রস্তাব পাঠালেন, আপনি যদি আমার ব্যবসার পণ্য নিয়ে সিরিয়া যেতে রাজি হন তাহলে আপনার খেদমতের জন্য সঙ্গে আমার একটি গোলাম দেব এবং অন্যদের তুলনায় আপনাকে লাভের অংশ বেশী দেব। যেহেতু নবীজি অত্যন্ত সাহসী ও উদার মনের অধিকারী ছিলেন, তাই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে সুদূর সিরিয়া সফরের জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং খাদিজার গোলাম মাইসারাকে সঙ্গে নিয়ে ১৬ই জিলহজ সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন। সিরিয়া গিয়ে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে অধিক লাভে পণ্য বিক্রি করে সেখান থেকে অন্য মাল ক্রয় করে ফিরে আসেন। মক্কা এসে সিরিয়া থেকে আনা পণ্যগুলো খাদিজার হাতে সোপর্দ করেন। সেই পণ্য বিক্রি করে খাদিজা প্রায় দ্বিগুণ লাভ করেন।

সিরিয়ার পথে একস্থানে নবীজি অবস্থান করছিলেন। সেখানে নাসতুরা নামক এক ইহুদি পণ্ডিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মধ্যে পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে বর্ণিত আখেরী নবীর লক্ষণসমূহ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে চিনে ফেলেন। ইহুদি পণ্ডিত মাইসারাকে আগে থেকেই জানতেন। তাকে জিজ্ঞেস করলেন, তোমার সঙ্গের এই লোকটি কে? মাইসারা বলল, ইনি মক্কার কুরাইশ গোত্রের এক ভদ্র যুবক। ইহুদী পণ্ডিত বললেন, ভবিষ্যতে ইনি নবী হবেন।

📘 কাসাসুল আম্বিয়া 📄 হযরত খাদিজা রাযি.-এর সঙ্গে নবীজির বিবাহ

📄 হযরত খাদিজা রাযি.-এর সঙ্গে নবীজির বিবাহ


হযরত খাদিজা রাযি. একজন বুদ্ধিমতি ও বিচক্ষণ মহিলা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যক্তিত্ব ও বিস্ময়কর চরিত্র দেখে তাঁর প্রতি খাদিজা রাযি.-এর অন্তরে পরম ভক্তি ও অকৃত্রিম ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। ফলে খাদিজা রাযি. নিজেই ইচ্ছা করলেন, নবীজি রাজি হলে তাঁর সঙ্গে তিনি বিবাহসূত্রে আবদ্ধ হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বয়স যখন পঁচিশ বছর তখন খাদিজার সঙ্গে তাঁর বিবাহ হয়। বিবাহের সময় খাদিজা রাযি.-এর বয়স ছিল চল্লিশ বছর। কোনো কোনো বর্ণনা মতে পঁয়তাল্লিশ বছর। এই বিবাহের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বয়স সম্পর্কে আরও বিভিন্ন মতভেদ রয়েছে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ বিবাহে আবু তালিব ও বনু হাশিম এবং মুযার গোত্রের সমস্ত নেতৃবর্গ সমবেত হন। আবু তালেব বিবাহের খুতবা পাঠ করেন। খুতবায় আবু তালেব নবীজি সম্পর্কে যেসব শব্দ ব্যবহার করেন তা সবিশেষ উল্লেখযোগ্য। যার অর্থ নিম্নরূপ:

"ইনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। ধন-সম্পদে গরিব হলেও উন্নত চরিত্র ও গুণাবলীর ক্ষেত্রে যার সঙ্গেই তুলনা করা হবে, তাঁর থেকেই তিনি উন্নত বলে প্রমাণিত হবেন। কারণ, সম্পদ বিলীয়মান ছায়া মাত্র; যা আজ আছে তো কাল নেই। আপনাদের সর্বজন পরিচিত মুহাম্মদ, খাদিজা বিনতে খুওয়াইলিদকে বিবাহ করতে যাচ্ছেন। তাঁর নগদ বাকি সব মহর পরিশোধ করার দায়িত্ব আমার। আল্লাহর শপথ! এরপর ইনি বিপুল সম্মানের অধিকারী হবেন।"

নবীজি সম্পর্কে আবু তালেবের এই মন্তব্য সে সময়কার, যখন তাঁর বয়স মাত্র পঁচিশ বছর। বাহ্যত তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হননি। তা ছাড়া মজার বিষয় হল, আবু তালেব তখন সেই প্রাচীন ধর্ম বিশ্বাসের অনুসারী যা বিলুপ্ত করার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আবির্ভাব, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর গোটা জীবন কুরবান। কিন্তু বাস্তবতা এই, সত্য কখনো গোপন করা যায় না। খাদিজার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বিবাহ সম্পন্ন হবার পর খাদিজা রাযি. ২৪ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সেবা করার সুযোগ পান। নবুয়ত প্রাপ্তির আগে কিছুকাল, আর পরে কিছুকাল।

📘 কাসাসুল আম্বিয়া 📄 নবীজির সন্তান

📄 নবীজির সন্তান


খাদিজার গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ২ জন পুত্রসন্তান ও ৪ জন কন্যাসন্তান জন্মগ্রহণ করেন। পুত্র ২ জন হলেন কাসেম ও তাহের রাযি.। তাহের সম্পর্কে বলা হয়, তাঁর নাম ছিল আব্দুল্লাহ। তাঁর আসল নাম আব্দুল্লাহ ছিল এবং তাইয়িব ও তাহির— এ দুটি তাঁর উপনাম ছিল।

কন্যা চারজন হলেন— ফাতেমা, যায়নব, রুকাইয়া ও উম্মে কুলসুম। মেয়েদের মধ্যে যায়নব ছিলেন সবার বড়। উল্লিখিত সব কজনই ছিলেন খাদিজা রাযি.-এর গর্ভের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তৃতীয় পুত্র যার নাম ইবরাহীম, তিনি ছিলেন ক্রীতদাসী মারিয়া কিবতিয়ার গর্ভের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ৩ পুত্র শৈশবেই মারা যান। তবে কাসেম সম্পর্কে বর্ণনা আছে, তিনি এতটুকু বড় হয়েছিলেন, সাওয়ারীতে আরোহণ করতে পারতেন। কাসেমের নামেই নবীজি আবুল কাসেম উপনামে প্রসিদ্ধ।

ফন্ট সাইজ
15px
17px