📘 কাসাসুল আম্বিয়া 📄 হযরত আদম আ.-এর উচ্চতা

📄 হযরত আদম আ.-এর উচ্চতা


আবদুর রাযযাক রহ. বর্ণনা করেন, 'আতা ইবনে আবু রাবাহ রহ. বলেন: আদম আ.-এর পদদ্বয় যখন পৃথিবী স্পর্শ করে, তখনও তাঁর মাথা ছিল আকাশে। তারপর আল্লাহ তাঁর দৈর্ঘ্য ষাট হাতে কমিয়ে আনেন। ইবনে আব্বাস রাযি. সূত্রেও এরূপ একটি বর্ণনা আছে। তবে এ তথ্যটি আপত্তিকর। কারণ, ইতোপূর্বে আবু হোরায়রা রাযি. কর্তৃক সর্বজন স্বীকৃত বিশুদ্ধ হাদিস উদ্ধৃত করে এসেছি- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: আল্লাহ তাআলা আদম আ.-কে ষাট হাত দীর্ঘ করে সৃষ্টি করেন। এরপর তাঁর সন্তানদের উচ্চতা কমতে কমতে এখন এ পর্যন্ত এসে পৌঁছেছে। এ হাদিস দ্বারা প্রমাণিত হয়, আদম আ.-কে সৃষ্টিই করা হয়েছে ষাট হাত দৈর্ঘ্য দিয়ে; তার বেশি নয়। আর তাঁর সন্তানদের উচ্চতা হ্রাস পেতে পেতে বর্তমান পর্যায়ে এসে উপনীত হয়েছে।

📘 কাসাসুল আম্বিয়া 📄 হযরত আদম আ.-এর আল্লাহর ঘর নির্মাণ

📄 হযরত আদম আ.-এর আল্লাহর ঘর নির্মাণ


• ইবনে জারির রহ. ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন: হে আদম! আমার আরশ বরাবর পৃথিবীতে আমার একটি সম্মানিত স্থান আছে। তুমি গিয়ে তথায় আমার জন্য একটি ঘর নির্মাণ করে তা তাওয়াফ কর। যেমনটি ফেরেশতারা আমার আরশ তাওয়াফ করে। এরপর আল্লাহ তাআলা তাঁর কাছে একজন ফেরেশতা প্রেরণ করেন। তিনি আদম আ.-কে জায়গাটি দেখিয়ে দেন এবং তাকে হজের করণীয় কাজসমূহ শিখিয়ে দেন। ইবনে জারির রহ. আরো উল্লেখ করেন, দুনিয়ার যেখানে যেখানে আদম আ.-এর পদচারণা হয়, পরবর্তীকালে সেখানেই এক একটি জনবসতি গড়ে উঠে।

📘 কাসাসুল আম্বিয়া 📄 হযরত আদম আ.-এর প্রথম খাদ্য

📄 হযরত আদম আ.-এর প্রথম খাদ্য


• ইবনে আব্বাস রাযি. থেকে আরো বর্ণিত আছে, পৃথিবীতে আদম আ.-এর প্রথম খাদ্য ছিল গম। জিবরাইল আ. তার কাছে সাতটি গমের বীজ নিয়ে উপস্থিত হলে তিনি জিজ্ঞাসা করলেন, এগুলো কী? জিবরাইল আ. বললেন: এ-ই তো আপনার সেই নিষিদ্ধ বৃক্ষের ফল, যা আপনি খেয়েছিলেন। আদম আ. জিজ্ঞাসা করলেন, এগুলো আমি কী করব? জিবরাইল আ. বললেন, যমিনে বপন করবেন। উল্লেখ‍্য, প্রতিটি বীজের ওজন ছিল দুনিয়ার এক লক্ষ দানা অপেক্ষা বেশি। বীজগুলো বপন করার পর ফসল উৎপন্ন হলে আদম আ. তা কেটে মাড়িয়ে পিষে আটা বানিয়ে খামির করে রুটি বানিয়ে বহু কষ্ট ও শ্রমের পর তা আহার করেন। এ প্রসঙ্গেই আল্লাহ তাআলা বলেন: فَلَا يُخْرِ جَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقَى (۱۱۷) সুতরাং সে যেন তোমাদের কিছুতেই জান্নাত থেকে বের করে না দেয়। দিলে তোমরা দুঃখ পাবে। (সূরা ত্ব-হা: ১১৭)

📘 কাসাসুল আম্বিয়া 📄 সর্বপ্রথম পোশাক

📄 সর্বপ্রথম পোশাক


হযরত আদম ও হাওয়া আ. সর্বপ্রথম যে পোশাক পরিধান করেন, তা ছিল ভেড়ার পশমের তৈরি। প্রথমে চামড়া থেকে পশমগুলো খসিয়ে তা দিয়ে সুতা তৈরি করেন। তারপর আদম আ. নিজের জন্য একটি জুব্বা আর হাওয়া আ.-এর জন্য একটি কামিজ ও একটি ওড়না তৈরি করে নেন। জান্নাতে থাকাবস্থায় তাঁদের কোনো সন্তানাদি জন্মেছিল কি না, এ ব্যাপারে মতভেদ রয়েছে। কারো কারো মতে পৃথিবী ছাড়া অন্য কোথাও তাঁদের কোনো সন্তান জন্মে নি। কেউ বলেন, জন্মেছে। কাবিল ও তার বোনের জন্ম জান্নাতেই হয়েছিল। আল্লাহ সর্বজ্ঞ।

উল্লেখ‍্য, প্রতি দফায় আদম আ.-এর এক সঙ্গে একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান জন্ম নিত। আর একগর্ভের পুত্রের সঙ্গে পরবর্তী গর্ভের কন্যার ও কন্যার সঙ্গে পুত্রের বিবাহ দেওয়ার বিধান ছিল। পরবর্তী সময়ে একই গর্ভের দু ভাই-বোনের এরূপ বিবাহ নিষিদ্ধ করে দেওয়া হয়।

ফন্ট সাইজ
15px
17px