📄 আল্লামা ইবনে কাসীর রহ. এর সংক্ষিপ্ত জীবনী
জন্ম ও বংশ পরিচয়: আবুল ফিদা ইসমাইল ইবনে উমর ইবনে দু ইবনে কাসীর ইবনে দিরা আল-কোরাইশি। তিনি কোরাইশের সম্ভ্রান্ত গোত্রের বনি হাসালা শাখার 'বুসরা'র অন্তর্গত 'মিজদাল' নামক জনপদে ৭০১ হিজরি সনে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা খতিব শিহাবুদ্দীন আবু হাফস উমর ইবনে কাসীর রহ। তিনি একজন স্বনামধন্য আলেম ও কবি ছিলেন।
প্রাথমিক শিক্ষা: শৈশব থেকেই ইবনে কাসীর রহ. প্রখর মেধাশক্তির অধিকারী ছিলেন। দশ বছর পূর্ণ হওয়ার আগেই তিনি কোরআন মাজিদ হেফয করেন।
শৈশব ও যৌবন: ইবনে কাসীর রহ. তাঁর সহোদর আবদুল ওয়াহাব রহ.-এর তত্ত্বাবধানে শৈশবকাল অতিবাহিত করেন। তিনি হিজরি ৮ম শতাব্দীতে মামলুক সুলতানদের শাসনামলে তাঁর যৌবনকাল অতিবাহিত করেন। তাতারীদের আক্রমণ, একাধিক দুর্ভিক্ষ, হৃদয় বিদারক দুর্যোগগুলো তিনি স্বচক্ষে দেখেন। তিনি ফিরিঙ্গীদের সঙ্গে সংঘটিত ক্রসেড যুদ্ধগুলোও দেখেছেন।
হাদীস শাস্ত্রে পাণ্ডিত্য: তৎকালীন সময়ে প্রসিদ্ধ মুহাদ্দিস শায়খ 'মিয্যী' রহ.-এর কাছে তিনি হাদিস শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি তাঁর সমসাময়িক যুগের শ্রেষ্ঠ ইতিহাসবিদ, হাদিস বিশারদ, তাফসিরকারক ও গণিত শাস্ত্রবিদ হিসেবে প্রসিদ্ধ ছিলেন।
জ্ঞান-গরিমার স্বীকৃতি: আল্লামা সুয়ূতী রহ. তাঁর সম্পর্কে বলেছেন, 'তার তাফসির গ্রন্থটি অভূতপূর্ব। এ পদ্ধতিতে আর কোনো তাফসির গ্রন্থ সংকলিত হয় নি।' আল্লামা যাহাবি রহ.-এর পর তিনি 'উম্মুস সাওয়াত তানাকুরিয়া' মাদরাসায় অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তিনি ৭৪৮ হিজরি সনে ফাওকানি বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন।
রচনাবলী: ইবনে কাসির রহ. বিশেষত ইতিহাস, তাফসির ও হাদিস বিষয়ে প্রচুর গ্রন্থ রচনা করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে ৭টিরও বেশি পাওয়া যায়। তাঁর অপ্রকাশিত গ্রন্থের মধ্যে ১২টিরও বেশি সন্ধান পাওয়া যায়।
মৃত্যু: ৭৭৪ হিজরি সনে ২৬ শে শাবান বৃহস্পতিবার এ মহামনীষী বহুমুখী প্রতিভার অধিকারী আল্লাহ তাআলার সান্নিধ্যে পাড়ি জমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর জানাযায় বহু লোকের সমাগম ঘটে। অসিয়ত অনুসারে তাঁকে দামেশকের বাব আন-নাসর-সংলগ্ন এলাকায় অবস্থিত সুফিদের কবরস্থানে শায়খুল ইসলাম আল্লামা তাকিউদ্দীন ইবনে তাইমিয়া রহ.-এর পাশে দাফন করা হয়।