📘 কাসাসুল আম্বিয়া 📄 প্রসঙ্গ কথা

📄 প্রসঙ্গ কথা


এ সুন্দর বসুন্ধরায় যখন মানব জাতির আবির্ভাব ঘটে, তখন থেকে যুগের আবর্তন- বিবর্তনের সঙ্গে সঙ্গে মানবজাতির মধ্যে বিভিন্ন পথভ্রষ্টতার প্রাদুর্ভাব ঘটে। এমনকি তারা তাওহিদের পরিবর্তে শিরক তথা বিভিন্ন দেবদেবীর পূজা করতে শুরু করে। তাদের সংশোধনের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্যা নবী-রাসূল প্রেরণ করেছেন। এ মহামনীষীগণ পথহারা মানুষকে আল্লাহ তাআলার সঠিক পথে পরিচালনা করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। দীনের দুশমনেরা তাদের প্রতি সীমাহীন নির্যাতন চালিয়েছে। কোনো নবীকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। কিন্তু তাদের এ দৃঢ়তার মধ্যে কোনো দুর্বলতা দেখা দেয় নি। দীনের প্রচার-প্রসারের জন্য তাঁরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মেহনত চালিয়েছেন।

'সহজ কাসাসুল আম্বিয়া' পবিত্র কোরআন-হাদিস ও নির্ভরযোগ্য ঐতিহাসিকদের আলোচনা থেকে সংকলিত নবী-রাসূলগণের জীবনীতিহাস। যা 'আল-কাউসার প্রকাশনীর সুন্দর অনুবাদ, সংকলন, সংগ্রহ, অভিজাত মুদ্রণ ও প্রকাশনার ধারাবাহিকতা রক্ষায় এক নব দিগন্তের উন্মোচন। এ গ্রন্থটি প্রসিদ্ধ মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস ও ঐতিহাসিক আল্লামা ইবনে কাসীর কুরাইশী রহ. এর প্রসিদ্ধ গ্রন্থ 'আল বিদায়া ওয়ান নিহায়া', মাওলানা হিফজুর রহমান রহ. রচিত 'কাছাছুল কুরআন', মুফতি মুহাম্মদ শফী রহ. রচিত 'সীরাতে খাতামুল আম্বিয়া'-সহ অন্যান্য তথ্যনির্ভর কিতাব থেকে সংকলন করা হয়েছে।

গ্রন্থটি সংকলন করেছেন মাওলানা সাদ আবদুল্লাহ মামুন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ সোহরাব হোসেনসহ অনেকে। কম্পোজে সহযোগিতা করেছেন মাওলানা শাহজালাল ও মুহাম্মদ যিকরুল্লাহ। অঙ্গসজ্জা মাওলানা মুহাম্মদ ইয়াসিন। প্রুফ রিডিং ও সম্পাদনা করেছেন হাফেয মাওলানা আইয়ুবুর রহমান ও মাওলানা ছায়াদুল্লাহ শিকদার।

গ্রন্থটির কয়েকটি বৈশিষ্ট্য:
(১) সর্বসাধারণের দিকে লক্ষ্য রেখে ভাষা সহজ ও সাবলীল করা হয়েছে।
(২) শিক্ষিত সমাজ ও গবেষকদের সুবিধার্থে তথ্যসূত্র উল্লেখ করা হয়েছে।
(৩) কোরআনুল কারিমের প্রতিটি আয়াতের পারা ও পৃষ্ঠা নম্বর উল্লেখ করা হয়েছে।
(৪) উল্লিখিত বিষয়গুলোকে শিরোনাম ও উপশিরোনামে সাজানো হয়েছে।
(৫) যথাসম্ভব ইসরাইলি রেওয়ায়েত থেকে সতর্কতা অবলম্বন করা হয়েছে।
(৬) মিথ্যা ও অলীক রেওয়ায়েত পরিহার করে যথাসম্ভব নির্ভরযোগ্য ও সঠিক বরাত যাচাই করে গ্রহণ করা হয়েছে।
(৭) নবী-রাসূলগণের প্রেরিত এলাকা, তাদের হিজরত ও দাওয়াতের এলাকাসমূহের ভৌগলিক সীমারেখা ও ম্যাপ উপস্থাপন করা হয়েছে।

আমাদের সার্বিক দুর্বলতার কারণে যদি কিতাবে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে মেহেরবানি করে জানালে কৃতজ্ঞ হবো। পরবর্তী মুদ্রণে তা শুদ্ধ করে নেবো, ইনশাআল্লাহ। আল্লাহ তা'আলা আমাদের মেহনতকে কবুল করুন। আমিন।

বিনীত প্রকাশক

📘 কাসাসুল আম্বিয়া 📄 আল্লামা ইবনে কাসীর রহ. এর সংক্ষিপ্ত জীবনী

📄 আল্লামা ইবনে কাসীর রহ. এর সংক্ষিপ্ত জীবনী


জন্ম ও বংশ পরিচয়: আবুল ফিদা ইসমাইল ইবনে উমর ইবনে দু ইবনে কাসীর ইবনে দিরা আল-কোরাইশি। তিনি কোরাইশের সম্ভ্রান্ত গোত্রের বনি হাসালা শাখার 'বুসরা'র অন্তর্গত 'মিজদাল' নামক জনপদে ৭০১ হিজরি সনে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা খতিব শিহাবুদ্দীন আবু হাফস উমর ইবনে কাসীর রহ। তিনি একজন স্বনামধন্য আলেম ও কবি ছিলেন।

প্রাথমিক শিক্ষা: শৈশব থেকেই ইবনে কাসীর রহ. প্রখর মেধাশক্তির অধিকারী ছিলেন। দশ বছর পূর্ণ হওয়ার আগেই তিনি কোরআন মাজিদ হেফয করেন।

শৈশব ও যৌবন: ইবনে কাসীর রহ. তাঁর সহোদর আবদুল ওয়াহাব রহ.-এর তত্ত্বাবধানে শৈশবকাল অতিবাহিত করেন। তিনি হিজরি ৮ম শতাব্দীতে মামলুক সুলতানদের শাসনামলে তাঁর যৌবনকাল অতিবাহিত করেন। তাতারীদের আক্রমণ, একাধিক দুর্ভিক্ষ, হৃদয় বিদারক দুর্যোগগুলো তিনি স্বচক্ষে দেখেন। তিনি ফিরিঙ্গীদের সঙ্গে সংঘটিত ক্রসেড যুদ্ধগুলোও দেখেছেন।

হাদীস শাস্ত্রে পাণ্ডিত্য: তৎকালীন সময়ে প্রসিদ্ধ মুহাদ্দিস শায়খ 'মিয্যী' রহ.-এর কাছে তিনি হাদিস শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি তাঁর সমসাময়িক যুগের শ্রেষ্ঠ ইতিহাসবিদ, হাদিস বিশারদ, তাফসিরকারক ও গণিত শাস্ত্রবিদ হিসেবে প্রসিদ্ধ ছিলেন।

জ্ঞান-গরিমার স্বীকৃতি: আল্লামা সুয়ূতী রহ. তাঁর সম্পর্কে বলেছেন, 'তার তাফসির গ্রন্থটি অভূতপূর্ব। এ পদ্ধতিতে আর কোনো তাফসির গ্রন্থ সংকলিত হয় নি।' আল্লামা যাহাবি রহ.-এর পর তিনি 'উম্মুস সাওয়াত তানাকুরিয়া' মাদরাসায় অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তিনি ৭৪৮ হিজরি সনে ফাওকানি বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন।

রচনাবলী: ইবনে কাসির রহ. বিশেষত ইতিহাস, তাফসির ও হাদিস বিষয়ে প্রচুর গ্রন্থ রচনা করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে ৭টিরও বেশি পাওয়া যায়। তাঁর অপ্রকাশিত গ্রন্থের মধ্যে ১২টিরও বেশি সন্ধান পাওয়া যায়।

মৃত্যু: ৭৭৪ হিজরি সনে ২৬ শে শাবান বৃহস্পতিবার এ মহামনীষী বহুমুখী প্রতিভার অধিকারী আল্লাহ তাআলার সান্নিধ্যে পাড়ি জমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর জানাযায় বহু লোকের সমাগম ঘটে। অসিয়ত অনুসারে তাঁকে দামেশকের বাব আন-নাসর-সংলগ্ন এলাকায় অবস্থিত সুফিদের কবরস্থানে শায়খুল ইসলাম আল্লামা তাকিউদ্দীন ইবনে তাইমিয়া রহ.-এর পাশে দাফন করা হয়।

ফন্ট সাইজ
15px
17px