📘 জুমুআঃ ফযিলত ও বিধিবিধান 📄 জুমু‘আর সালাত সম্পর্কে বিভিন্ন আহকাম

📄 জুমু‘আর সালাত সম্পর্কে বিভিন্ন আহকাম


১. যে ব্যক্তি জুমু'আর সালাতের এক রাকাত পেল সে জুমু'আর সালাত পেল। সুতরাং যদি কেউ এক রাকাত পায় তাহলে সে তার সাথে অপর রাকাত মিলাবে, আর যদি এক রাকাতের চেয়ে কম পায় তাহলে সে যোহর আদায় করবে। ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন: যদি তুমি জুমু'আর সালাতের এক রাক'আত পাও, তাহলে তার সাথে অপর এক রাকাত মিলিয়ে পড়। আর যদি তুমি রুকুও না পাও, তাহলে চার রাকাত (যোহর) আদায় করে নাও।³⁸

২. (মসজিদে) ঝিমুনি আসলে জায়গা পরিবর্তন করে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "জুমু'আর দিন (মসজিদে) তোমাদের কারো ঝিমানি আসলে সে যেন তার জায়গা পরিবর্তন করে বসে।"³৯

৩. কোনো শর'ঈ ওযর যেমন অসুস্থতা অথবা অন্য কোনো কারণে কেউ জুমু'আতে হাযির হতে না পারলে যোহরের সালাত আদায় করবে। এভাবে মহিলাগণ, মুসাফির ও লোকালয়ের বাইরের অধিবাসীগণ যোহর আদায় করবেন।⁴⁰

৪. যে ব্যক্তি সফরে থাকবে তার ওপর জুমু'আর সালাত ফরয নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে জুমু'আর সালাত পড়তেন না। তাঁর বিদায় হজের 'আরাফার দিন জুমু'আর দিন ছিল, কিন্তু তিনি সেখানে জুমু'আর সালাত পড়েন নি; বরং যোহর ও আছরের সালাত যোহরের সময়ে একত্রে আদায় করেছেন। এভাবে তাঁর খোলাফায়ে রাশেদীনও করেছেন।

৫. জুমু'আর সালাত শহরে ও গ্রামে উভয় স্থানেই কায়েম হতে পারে। ইবন 'আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মসজিদের পরে যেখানে সর্বপ্রথম জুমু'আর সালাত কায়েম হয়েছে তা হলো আব্দুল কায়েস গোত্রের মসজিদে। আর সে ছিল বাহরাইনের 'জুওয়াছা' নামক স্থানে।⁴¹ 'জুওয়াছা' হলো আব্দুল কায়েস গোত্রের একটি অন্যতম গ্রাম।⁴²

টিকাঃ
৩৮. শাইখ আলবানী রহ. ইরওয়াতে সহীহ বলেছেন ৩/৮১
৩৯. সুনান তিরমিযী
৪০. মাজমু' ফাতাওয়া শায়খ ইবন বায
৪১. সহীহ বুখারী, জুমু'আ অধ্যায়
৪২. সুনান আবু দাউদ, হাদীস নং ১০৬৮

ফন্ট সাইজ
15px
17px