📄 জিন-ভূতের আক্রমণের কারণ
জিন বিভিন্ন কারণে মানুষের ক্ষতি করে এবং তাদের উপর সওয়ার হয়। সে কারণগুলো জানা থাকলে জিনের আক্রমণ থেকে বাঁচা সহজ। কারণগুলো হলঃ
১. জিনের উপর মানুষের জুলুম এবং জিনকে কষ্ট দেয়া। যেমন, বিসমিল্লাহ না বলে গরম পানি নিক্ষেপ করা। ক্ষতি না করলে কুকুর ও বিড়াল হত্যা না করা। ঘরে সাপ দেখলে তাকে চলে যাওয়ার জন্য আহ্বান জানানো। এগুলো জিনও হতে পারে।
২. গর্তে পেশাব করা। কেননা, গর্তে জিন থাকে।
৩. বিসমিল্লাহ না বলে উপর থেকে লাফ দেয়া। মানুষ অজান্তেই এগুলো করে থাকে। কিন্তু তাতে জিনেরা কষ্ট পায়। জিনের মধ্যে অনেক অজ্ঞ-মূর্খ আছে, তারা ন্যায্য শান্তির অধিক প্রতিশোধ নেয়।
৪. বিনা কারণেই দুষ্ট জিনেরা মানুষের ক্ষতি করে। তাদের উদাহরণ হল, দুষ্ট মানুষের মত। তারা বিনা কারণে মানুষকে কষ্ট দেয়।
৫. অশ্লীল কাজ করলে জিনের আক্রমণ হতে পারে।
৬. গান-বাজনা, নাচ, ঢোল-তবলা বাজালে এবং মদপানসহ গুনাহর কাজ করলে জিনের আক্রমণ হতে পারে।
৭. কোরআন তেলাওয়াত ও আল্লাহর জিকর-আযকার এবং সকাল-সন্ধ্যাসহ বিভিন্ন কাজের জন্য নির্দিষ্ট দোআ-দরূদ না পড়লে জিনের আক্রমণ হতে পারে।
৮. সন্ধ্যায় শিশু ও বেপর্দা মহিলাদের ঘরের বাইরে অবস্থান জিনের আক্রমণের অন্যতম কারণ।
৯. নারীর প্রতি পুরুষ জিনের কিংবা পুরুষের প্রতি পরী জিনের আকর্ষণ আক্রমণের অন্যতম কারণ।
১০. সহীহ হাদীসে বর্ণিত আছে, বিসমিল্লাহ না পড়ে সতর খুললে এবং জিন সে সতর দেখলে মানুষকে কষ্ট দেয় ও সতর উপভোগ করে। বিসমিল্লাহ হল সতর এবং জিনের চোখের মাঝে আড়াল। তাই বিসমিল্লাহ বলে সতর খোলা উচিত।
শেখ আলী বিন মোশরেফ ওমরী বলেন: সতরের কারণে অনেক জিন-আক্রান্ত রোগীর ঘটনা আমার জানা আছে। একটি ঘটনা হল, এক মহিলা গোসলখানায় গোসল করার সময় জিনের আক্রমণের শিকার হয়। আমি মহিলাটিকে বিসমিল্লাহ বলে গোসল শুরু করেছে কিনা জিজ্ঞেস করায় সে 'না' সূচক জবাব দেয়। আমি জিনকে আক্রমণের কারণ জিজ্ঞেস করায় সে বলল: মহিলাটি সতর খোলায় আমি তাকে দেখে আশ্চর্যবোধ করেছি এবং সেজন্য তার উপর সওয়ার হয়েছি। সে যদি দোআ পড়ে গোসলখানায় ঢুকত তাহলে আমি তার উপর আক্রমণ করতে পারতাম না। ১-
বিশুদ্ধ হাদীসে এসেছে, তোমাদের যে কেউ যেন স্ত্রী সহবাসের সময় এ দোআ পড়ে:
بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَيْبِ الشَّيْطَانَ مَا رَزَقْتُنَا .
"আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ! আমাদেরকে শয়তান থেকে এবং শয়তানকে আমাদেরকে প্রদত্ত রিজক ও নেয়ামত ভোগ থেকে দূরে রাখুন।" তাহলে, ঐ বীর্য দ্বারা কোন সন্তান জন্ম নিলে শয়তান তার কোন ক্ষতি করতে পারবে না।
১১. জিনের ঝাড়-ফুঁক করলে জিন ক্ষতি করার চেষ্টা করে। জিনের ঝাড়-ফুঁককারীদেরকে নির্ভিক হতে হবে। ভয় করলে ভয়ের মাধ্যমে শয়তান শরীরে ঢুকে ক্ষতি করতে পারে।
শেখ ওমরী বলেন: আমি আমার ঘরে আলো জ্বলতে এবং নিভতে দেখি। এটাকে জিনের কারবার মনে করে বলি, তোরা যা ইচ্ছা কর, আমি কিন্তু তাতে ভয় পাই না। ২
টিকাঃ
১. দৈনিক আল-বেলাদ, সংখ্যা-৯১৭২, ২০ মে, ১৯৮৯ জেদ্দা, সৌদী আরব।
২. ঐ
📄 জিনের আক্রমণের সুযোগ
জিন মানুষকে আক্রমণের জন্য যে সকল সুযোগের সদ্ব্যবহার করে সেগুলো হলঃ
১. কঠোর রাগ-গোস্বা: মানুষ বেশি রাগ করলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতে পারে। যারা রাগী, জিন তাদের রাগের সদ্ব্যবহার করে আক্রমণের পথ রচনা করে। এজন্য মহানবী (সঃ) রাগ না করার এবং তাকে নিয়ন্ত্রণে রাখার উপদেশ দিয়েছেন।
২. কঠোর ভয়-ভীতি: অনেকে ভীরু প্রকৃতির লোক। তারা বেশি ভয় পায়। যে যত বেশি ভয় পায় জিন তাকে তত দুর্বল মনে করে। দুর্বলের উপর সবলের অত্যাচার সর্বত্র পরিলক্ষিত হয়। সাহসী লোকেরা অজেয়কে জয় করতে এবং দুর্গমকে সুগম করতে পারে। দুর্বলের স্থান না আছে মানক জগতে, আর না আছে জিনের জগতে।
৩. যৌন কামনা-বাসনা জিনের আক্রমণের বিশেষ ক্ষেত্র। এ বিষয়ে সতর্কতার প্রয়োজন সর্বাধিক। সুন্দরী নারী কিংবা সুদর্শন পুরুষের প্রতি জিনের আক্রমণের আশংকা থাকে। যে সকল মহিলারা সেন্ট মেখে বাইরে যায় এবং বেপর্দা ঘুরাফিরা করে তারা জিনের অন্যতম শিকার। অশ্লীল ও যৌন ফিল্ম দেখলেও আক্রমণ হয়। যৌন গান-বাজনাও আক্রমণের অন্যতম কারণ।
৪. কঠোর উদাসীনতা: বহু নারী-পুরুষ উদাসীন থাকে। কোন কাজেই তারা সিরিয়াস নয়। এ জাতীয় লাগামহীন উদাসীনতা জিনের পাথেয়।
টিকাঃ
১. দৈনিক আল-বেলাদ-সংখ্যা-৯১৭৩, ২০ শে মে, ১৯৮৯ সৌদি আরব।
২. ঐ
📄 নারীরা কেন জিনের আক্রমনের বেশী শিকার?
জিন আক্রান্ত রোগীদের মধ্যে নারীর সংখ্যা সর্বাধিক। এর কারণ হচ্ছে নিম্নরূপঃ
১. শারীরিক দিক থেকে নারী পুরুষ অপেক্ষা দুর্বল। দুর্বলের উপর জিনের অত্যাচার বেশি হয়।
২. বেপর্দা নারী জিনের যৌন খোরাক। উগ্রভাবে চলাফেরা করলে, উলঙ্গপনা ও বেহায়াপনা প্রদর্শন করলে জিন তাদের প্রতি আসক্ত হয়। আওলা কেশী ও খোলা মাথায় চললে জিন তাদের উপর আক্রমণ করে।
৩. অপরিষ্কার-অপরিচ্ছন্নতা : নারীরা ঋতুস্রাবের সময় অপরিস্কার থাকে। এটা জিনের জন্য খুবই প্রিয় সময়। তখন সতর্ক না হলে বিপদ আছে। জিন থেকে বাঁচার চেষ্টা চালাতে হবে। তাই তাদেরকে মার্জিত ও পরিচ্ছন্নভাবে চলতে হবে।
৪. অশিক্ষা-কুশিক্ষার কারণে অনেকেই বহু কুসংস্কারে জড়িত থাকে। নারীরা সে কুসংস্কারে বেশি অগ্রসর থাকে। শয়তান এ সুযোগের সদ্ব্যবহার করে।
৫. জিন থেকে রক্ষার ব্যাপারে বিভিন্ন দোআ পড়েনা কিংবা অলসতা করে। নারীর প্রতি শয়তানের লোলুপ দৃষ্টি প্রথম থেকেই রয়েছে। সে এ সকল সুযোগের সদ্ব্যবহার করে।
যে নারী পর্দা করে, মাথায় কাপড় রাখে, পরিস্কার-পরিচ্ছন্ন থাকে, নামাজ-রোজা ঠিকমত করে, জিকর-আজকার করে, দোআ পড়ে এবং নিয়মিত কোরআন মজীদ তেলাওয়াত করে, তাদের কাছে জিন খুব কম আসে। কেননা, আল্লাহ তাদেরকে হেফাজত করেন। ফেরেশতারা তাদের হেফাজতে নিয়োজিত থাকেন। অবশ্য শয়তান তাদেরকে অন্যান্য মানুষের মত ওয়াসওয়াসা দান করা থেকে বিরত থাকে না। সাধারণত মুর্খ ও গরীব লোকেরাই জিনের আক্রমণের বেশি শিকার। শিক্ষিত লোকদেরকে জিনে কম ধরে।
৬. নারী সংসারে নির্যাতন ও দুঃখ-কষ্টের অবসানের লক্ষ্যে জিনে ধরার মত নাটকীয় মহড়া প্রদর্শন করে সংশ্লিষ্ট সকলের সহানুভূতি ও স্নেহ-ভালবাসা লাভের কৃত্রিম প্রচেষ্টা চালায়। এটাতে কেউ কেউ সফলও হয়েছে। একবার জিন তাড়ানোর উদ্দেশ্যে আগত এক চিকিৎসক যখন বুঝলেন যে তা আদৌ জিনের রোগী নয়, তখন তিনি রোগীকে গোপনে জিনে ধরার ভান করার কারণ জিজ্ঞেস করেন। বধু তাকে গোপনীয়তা রক্ষার আবদার জানিয়ে বলেন, আমি স্বামীর সংসারে শাশুড়ী, ননদ ও অন্যদের দ্বারা অত্যাচারিত। অনন্যোপায় হয়ে জিনে ধরার ভান করেছি যেন তারা আমার সাথে ভাল ব্যবহার করে। পরে চিকিৎসক কৌশল ও প্রজ্ঞা সহকারে শ্বশুরবাড়ির সকলকে রোগীর জিন তাড়ানোর শর্ত হিসেবে পারিবারিক অশান্তি সৃষ্টি না করা, পুত্রবধুকে আদর-সোহাগ করা এবং সবাই মিলেমিশে থাকার পরামর্শ দেন। রোগীকে খামাখা কিছু চিকিৎসা দান করেন। তারপরে দেখা গেল, জিনের সমস্যাও নেই, পারিবারিক সমস্যাও শেষ।
এছাড়াও অন্যকোন অজ্ঞাত কারণও থাকতে পারে যা কেবলমাত্র জিনেরাই জানে। কিন্তু বাস্তব সত্য কথা হল, মহিলাদের উপর জিনের আক্রমণ বেশি হয়।
📄 অমুসলমানদের উপর জিনের আক্রমণ কম কেন?
প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, কাফের-অমুসলিম দেশে জিনের আক্রমণ কদাচ হয়ে থাকে। তার কারণ আল্লাহ সবচেয়ে ভাল জানেন। তবে কাফের-মুশরিকের উপর জিন-শয়তানের সফল অভিযানের কারণেই তো তারা অমুসলমান হয়েছে। এজন্য তাদের ঈমান-বিশ্বাস এবং পরকালের এত বড় ক্ষতি করার পর আর কোন ছোট ক্ষতির প্রয়োজন তেমন একটা থাকে না কিংবা জিনেরা তা চিন্তা করে না।
এমনও হতে পারে যে, জিনেরা গরম ও নাতিশীতোষ্ণ অঞ্চলে বেশি বাস করে। সেজন্য এশিয়া, আফ্রিকা এবং আরব ও পাক-ভারত উপমহাদেশে তাদের আক্রমণ বেশি। পক্ষান্তরে শীত প্রধান দেশে তারা কম বাস করে। সেজন্য ইউরোপ-আমেরিকা কিংবা রাশিয়াসহ মধ্য এশিয়ার শীতপ্রধান অঞ্চলে তাদের আক্রমণের খবর তেমন একটা জানা যায় না। সর্বোপরি মুমিন-মুসলমানরাই হচ্ছে জিন শয়তানের বড় শত্রু। ঈমান ও ইসলামের কারণেই তা হয়েছে। তাই মুসলমানরাই জিনের আক্রমণের প্রধান শিকার। আর মুসলমানের মধ্যে পুরুষ অপেক্ষা নারীর উপর আক্রমণ বেশি হয়। সুন্দর কচি-কাঁচা শিশুদের উপরও জিনের আক্রমণ হয়ে থাকে।
মূলকথা, মানুষের ক্ষতি করাই জিন-শয়তানের আক্রমণের মূল লক্ষ্য। কার কতটুকু ক্ষতি করা হবে সেটা নির্ভর করে জিনের নিজের পসন্দের উপর।