📄 মানুষের জিন হত্যার হুকুম
মানুষ মানুষকে হত্যা করলে তার কেসাস হয়। অর্থাৎ জানের বদলে জান কিংবা বিভিন্ন অঙ্গের বদলে অঙ্গ কাটতে হয়। কিন্তু কোন মানুষ যদি জিন কিংবা কোন প্রাণীর আকৃতিধারী কোন জিনকে হত্যা করে তাহলে তার শাস্তি কি হবে? আবুশ শেখ তাঁর নিজ গ্রন্থে উল্লেখ করেছেন যে, ইবনু আবি মোলাইকা বলেছেন, এক জিন হযরত আয়েশা (রাঃ)-এর ঘরে প্রবেশ করত। তিনি তাকে হত্যার আদেশ দেন। জিনটাকে হত্যা করা হল। হযরত আয়েশা স্বপ্নে দেখেন যে, তাকে কেউ বলছে, আপনি আবদুল্লাহ নামক এক মুসলমান জিনকে হত্যা করেছেন। তিনি উত্তরে বলেন। সে মুসলমান হলে, নবী পত্নীদের ঘরে প্রবেশ করতনা। তাঁকে তখন বলা হল, আপনি শরীরে কাপড় পরিধানের আগে সে ঘরে প্রবেশ করত না। সে শুধু আপনার কোরআন শুনার জন্য আসত। ভোর হলে, আয়েশা (রাঃ) ১২ হাজার দেরহাম রক্তপণ হিসেবে গরীবদের মধ্যে বণ্টনের আদেশ দেন।
আবু বকর বিন আবি শায়বা তাঁর মোসান্নাফ গ্রন্থে উল্লেখ করেছেন। আয়েশা বিনতে সালেহা হযরত আয়েশা থেকে এরূপ একটি বর্ণনা দিয়েছেন।
আবু বকর বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ হাবীব থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন হযরত আয়েশা নিজ ঘরে একটি সাপ দেখতে পান। তিনি এটাকে হত্যার আদেশ দেন। সাপটিকে মেরে ফেলার পর সে রাতে তিনি স্বপ্নে দেখেন যে কেউ তাঁকে বলছে, নিহত সাপটি জিনদের অন্তর্ভুক্ত ছিল, যারা নবী করীম (সঃ)-এর কাছে এসে কোরআন শুনেছে। হযরত আয়েশা ইয়েমেনে লোক পাঠান এবং ৪০টি দাস কিনে তা আজাদ করে দেন।
তিরমিজী ও নাসাঈ আবুস সায়েবের দাস সাইফী থেকে এবং তিনি আবু সাঈদ থেকে বর্ণনা করেছেন যে, নবী (সঃ) বলেছেন : মদীনাতে ইসলাম গ্রহণকারী কিছু জিন আছে। তোমরা যদি সাপ-বিচ্ছু জাতীয় কোন প্রাণী দেখ, তাদেরকে চলে যাওয়ার জন্য তিনবার আহবান জানাবে। এরপরও যদি না যায়, তাহলে তাদেরকে মেরে ফেলবে।
মুসলিম শরীফে হেশামের গোলাম আবুস সায়েব আবু সাঈদ থেকে বর্ণনা করেছেন। আমরাসহ এক নব বিবাহিত যুবক রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে খন্দকের যুদ্ধের উদ্দেশ্যে রওনা হলাম। যুবকটি একদিন দুপুরে নিজ ঘরে যাওয়ার জন্য রাসূলুল্লাহ (সঃ) থেকে অনুমতি নিল। রাসুল্লাহ (সঃ) তাঁকে বলেন: তুমি তোমার অস্ত্র সাথে নাও। আমি তোমার ব্যাপারে বনি কোরায়জার শত্রুতার আশংকা করছি। যুবকটি নিজ অস্ত্র সহ ঘরে ফিরে আসল। সে ঘরের দরজায় তার স্ত্রীকে দেখে রাগ ও অভিমানে তার দিকে লক্ষ্য করে তীর প্রস্তুত করল এবং তাকে হত্যার ইচ্ছা করল। স্ত্রী বলল, তীর বন্ধ কর এবং ঘরে এসে দেখ কোন্ জিনিস আমাকে ঘর থেকে বের করেছে। যুবকটি ভেতরে প্রবেশ করে বিছানায় এক বিরাট সাপকে দণ্ডায়মান দেখল। সে সাপের দিকে তীর ছুঁড়ল এবং ঘর থেকে বেরিয়ে আসল। এবার সাপটি তাকে জড়িয়ে ধরল। আমরা জানিনা, সাপ ও যুবকের মধ্যে কে আগে মরেছে।
অন্যায়ভাবে কোন কাফেরকেও হত্যা করা যায় না। এমর্মে আল্লাহ বলেছেন: وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَانٌ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى "কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতার কারণে কখনও ন্যায় বিচার ত্যাগ করো না। সুবিচার ও ইনসাফ কর। ইনসাফ তাকওয়ার অধিকতর নিকটবর্তী জিনিস।" (সূরা মায়েদা-৮)
জিনেরা বিভিন্ন আকার আকৃতি ধারণ করে। ঘরের সাপ কখনও জিন হতে পারে। তাই তাদেরকে তিনবার চলে যাওয়ার কথা বলতে হবে। না গেলে হত্যা করতে হবে আসল সাপ হলে তাকে হত্যা করা হল। আর জিন হলে আক্রমনের জন্য সে থেকে যেতে চাইল এবং সাপের আকৃতিতে মানুষকে ভয়-ভীতি দেখাতে ইচ্ছা করল। এক্ষেত্রে নীতি হল, ক্ষতিকর প্রাণীর ক্ষতির আগেই তার ক্ষতি প্রতিরোধ করা। তা হত্যা করেই হোকনা কেন।