📄 আনুগত্যে মুসলিমদের অবহেলা
শয়তানের এটি একটি ভ্রষ্ট করার অসীলা, মুসলিমদের মাঝে প্রবেশ করার ছিদ্রপথ। মুসলিমরা যদি ইসলামের সঠিক অনুসারী হতো, তাহলে কোনভাবেই শয়তান তাদেরকে ভ্রষ্ট করতে অথবা তাদেরকে নিয়ে আজব খেলা খেলতে সুযোগ পেত না। কিন্তু যখনই সে ইসলামী নির্দেশ পালনে শৈথিল্য প্রদর্শন করে, তখনই সুযোগ বুঝে শয়তান তাকে ভ্রষ্ট করার চেষ্টা করে। মহান আল্লাহ বলেছেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ
“হে বিশ্বাসিগণ! তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। "২৮⁹
বলা বাহুল্য, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ মানেই শয়তান থেকে পূর্ণ নিরাপত্তা। নচেৎ কিছু পরিমাণও বাড়ির বাইরে থাকলে যেমন ঝড়-তুফান থেকে কেউ নিস্তার পায় না, তেমনি কোন মুসলিম ইসলাম-গৃহের বাইরে থাকলে শয়তান থেকে নিরাপত্তা পায় না।
স্বলাতের কাতারে ঘন হয়ে দাঁড়াতে হয়, মাঝে ফাঁক রাখা নিষেধ। কিন্তু এ নির্দেশ পালন না করে মুসল্লীরা দাঁড়ালে সেই ফাঁকে শয়তান প্রবেশ করে। হয়তো-বা সেই সুযোগে পাশাপাশি দুই মুস্বল্লীর মনেও ফাঁক ও ফারাক সৃষ্টি করে দেয়। তাই নবী বলেছেন,
أَقِيمُوا صُفُوفَكُمْ لَا يَتَخَلَّلُكُمُ الشَّيَاطِينُ كَأَوْلَادِ الْحَذَفِ
"তোমরা তোমাদের কাতার সোজা কর। (ঘন হয়ে দাঁড়াও) তোমাদের মাঝে ছাগলের কালো ছানার মতো যেন শয়তানরা প্রবেশ না করে।”²⁹⁰ তিনি আরো বলেছেন,
أَقِيمُوا صُفُوفَكُمْ وتَراضُوا فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَرَى الشَّيَاطِينَ بَيْنَ صُفُوفِكُمْ كَأَنَّهَا غَنَمٌ عُفْرٌ
"তোমরা কাতার সোজা কর এবং ঘন হয়ে দাঁড়াও। সেই সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ আছে! আমি শয়তানদেরকে তোমাদের কাতারসমূহের মাঝে মেটে রঙের ছাগলের মতো অবশ্যই দেখতে পাচ্ছি।”²⁹¹
টিকাঃ
২৮৯. সূরা আল বাক্বারাহ-২:২০৮
২৯০. মুসনাদে আহমাদ মাশা, হা/১৮৬১৮, হাকেম, মাশা. হা/৭৮৬
২৯১. ত্বায়ালিসী, সহীহুল জামে' লিল আলবানী, মাশা, হা/১১৯৪
📄 শয়তানের কুমন্ত্রণা ও প্ররোচনা
শয়তান অনায়াসে মানুষের মনে প্রবেশ করে কীভাবে মানুষের চিন্তা ও মর্মমূলে পৌঁছতে সক্ষম হয় এবং নানা কথা প্রক্ষিপ্ত করে, তা আমরা বুঝতে পারি না। এ ব্যাপারে শয়তানের সৃষ্টিগত প্রকৃতিই তার সহযোগী। একেই আমরা 'অসঅসাহ' বা কুমন্ত্রণা বলি। মহান আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। তিনি তাকে বলেছেন, 'আল-অসওয়া-সুল খান্নাস', অর্থাৎ, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতা।
শয়তান মানুষের পিছনে লেগে থাকে, আদম-সন্তানের মর্মমূলে বাসা বেঁধে থাকে। অতঃপর সে যখন ভুলে যায় অথবা উদাস হয়, তখন শয়তান কুমন্ত্রণা দিতে শুরু করে। তারপর যখন সে আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান সরে পড়ে, আত্মগোপন করে। নবী বলেছেন,
إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ
অর্থাৎ, শয়তান আদম সন্তানের রক্তশিরায় প্রবাহিত হয়।”²⁹² এই কুমন্ত্রণা দ্বারাই হিংসুটে শয়তান আদমকে ভ্রষ্ট করেছিল এবং বেহেস্তের বৃক্ষ ভক্ষণ করতে প্ররোচিত করেছিল। মহান আল্লাহ বলেছেন,
فَوَسْوَسَ إِلَيْهِ الشَّيْطَانُ قَالَ يَا آدَمُ هَلْ أَدُلُّكَ عَلَى شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا يَبْلَى
"অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, 'হে আদম! আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষ ও অক্ষয় রাজ্যের কথা?’”²⁹³
فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطَانُ لِيُبْدِيَ لَهُمَا مَا وُورِيَ عَنْهُمَا مِن سَوْءَاتِهِمَا وَقَالَ مَا نَهَا كُمَا رَبُّكُمَا عَنْ هَذِهِ الشَّجَرَةِ إِلَّا أَن تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ الْخَالِدِينَ
"অতঃপর তাদের লজ্জাস্থান যা গোপন রাখা হয়েছিল, তা প্রকাশ করার জন্য শয়তান তাদের কুমন্ত্রণা দিল এবং বলল, 'পাছে তোমরা উভয়ে ফিরিশতা হয়ে যাও কিংবা তোমরা (জান্নাতে) চিরস্থায়ী হও, এ জন্যই তোমাদের প্রতিপালক এ বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করেছেন।”²⁹⁴
শয়তান ইচ্ছারূপ ধারণ করার ক্ষমতা রাখে। সুতরাং সে কোন মানুষের রূপ ধারণ করে মানুষের সাথে কথা বলতে পারে, কথা শুনাতে পারে, কোন আদেশ করতে পারে, কোন নিষেধ করতে পারে---যেমন তার ইচ্ছা।
টিকাঃ
২৯২. বুখারী ইফা. হা/১৯০৭, আথ, হা/১৮৯৫, তাও. হা/২০৩৮, মুসলিম মাশা. হা/৫৮০৭
২৯৩. সূরা ত্বহা-২০:১২০
২৯৪. সূরা আল আ'রাফ-৭:২০
📄 শয়তানের আকুশিয়ান
অনেক সময় মানুষের কাছে শয়তান আসে গোপনে মনে কুমন্ত্রণা দেওয়ার ছলে নয়, বরং তাকে মানুষের আকারে দেখা যায়, কখনো নেপথ্যে তার আওয়াজ শোনা যায় এবং তার দেহ দেখা যায় না। কখনো অদ্ভুত আকারে দেখা যায়। কখনো এমন আকারে আসে, দেখলেই মনে হয় তা জ্বিন।
অনেক সময় সে মিথ্যা বলে এবং ধারণা দেয় যে সে ফিরিস্তা অথবা সে কোন গায়বী ব্যক্তি অথবা কোন মৃত মানুষের আত্মা। আর এ সকল ক্ষেত্রে সরাসরি মানুষের সাথে কথা বলে অথবা কোন আধিদৈবিক বা ভৌতিক ওঝার মাধ্যমে অথবা কোন জ্বিন-আকৃষ্ট রোগীর জিভের মাধ্যমে অথবা লেখার মাধ্যমে মত-বিনিময় হতে পারে।
এর চাইতে আরো বেশি কিছু ঘটতে পারে, কোন মানুষকে উড়িয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে। অনেক সময় চাইলে শয়তান অনেক কিছু এনে দিতে পারে। অবশ্য এ কাজ সাধারণতঃ ভ্রষ্ট মানুষদের আদেশেই করে, যারা আল্লাহর প্রতি কুফরী করে অথবা এমন কিছু করে যা শির্ক বা গর্হিত ও ঘৃণ্য।
এমন লোকেরা হয়তো-বা বাহ্যতঃ পরহেযগারী দেখিয়ে থাকে। কিন্তু অভ্যন্তরে তারা বেশ ভ্রষ্ট ও নোংরা হয়।
এ ব্যাপারে আমাদের প্রাচীন উলামা ও মুহাদ্দিসগণ অনেক খবর উল্লেখ করেছেন, যা মিথ্যাজ্ঞান বা যার সমালোচনা করার উপায় নেই, যেহেতু তা বহুসূত্রে প্রমাণিত। ²⁹⁵
টিকাঃ
২৯৫. এ ব্যাপারে ভৌতিক কাহিনী দ্রঃ জামেউর রাসাইল, ইবনে তাইমিয়্যাহ ১৯০-১৯৪পৃ.