📄 যাদুর প্রকৃতত্ব
যাদুর কি প্রকৃতত্ব আছে, নাকি তা কেবল মানসিক খেয়াল। এ নিয়ে উলামাদের দুটি মত আছে। অনেকে বলেছেন, তা হল মনের খেয়াল। যেমন আল্লাহ বলেছেন,
قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِن سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى
"মুসা বলল, 'বরং তোমরাই নিক্ষেপ কর।' সুতরাং ওদের জাদুর প্রভাবে মূসার মনে হল, ওদের দড়ি ও লাঠিগুলো যেন ছুটাছুটি করছে।”²⁷⁴
অন্য অনেকে বলেন, যাদুর প্রকৃতত্ব ও বাস্তব প্রতিক্রিয়া আছে। যেমন সূরা বাক্বারার উপরোক্ত আয়াতে তা স্পষ্ট হয়েছে। সঠিক হল, যাদু দুই প্রকার। প্রথম হল খেয়াল, যা বাহ্যতঃ মানুষের চোখে ভেল্কি লাগিয়ে দেখানো হয়। আর দ্বিতীয়, যার প্রকৃতত্ব ও বাস্তব প্রতিক্রিয়া আছে। যার মাধ্যমে স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ সৃষ্টি করা যায় এবং মানুষকে রোগগ্রস্ত করে কষ্ট দেওয়া যায়।
নবী কে যাদু করা হয়েছিল। তাঁর মনে হতে লাগল, তিনি অমুক কাজ করেছেন, অথচ তা তিনি করেননি। অতঃপর জিব্রাঈল ফালাক ও নাস এই দুই সূরা নিয়ে তাঁর নিকট উপস্থিত হলেন। আর বললেন যে, এক ইয়াহুদী (লাবীদ বিন আ'সাম) আপনাকে যাদু করেছে। আর সেই যাদুর বস্তু যারওয়ান কুয়ায় রাখা হয়েছে। তিনি আলী কে পাঠিয়ে তা উদ্ধার করলেন। (তা ছিল একটি চিরুনী, কয়েকটি চুল, একটি সুতো। তাতে দেওয়া ছিল এগারোটি গিরা। এ ছাড়া একটি নর খেজুর গাছের শুকনো মোছা এবং মোমের একটি পুতুল ছিল; যাতে কয়েকটি সুচ ঢুকানো ছিল।) জিব্রাঈল (আ) এর নির্দেশে তিনি উক্ত দুই সূরা থেকে এক একটি আয়াত পাঠ করলেন এবং তার সাথে একটি করে গিরা খুলতে লাগল এবং সুচও বের হতে লাগল। শেষ আয়াত পর্যন্ত পৌঁছতে পৌঁছতে সমস্ত গিরাগুলি খুলে গেল এবং সুচগুলিও বের হয়ে গেল। এরপর তিনি সঙ্গে সঙ্গে আরোগ্য লাভ করলেন। ²⁷⁵
নবী কে যাদু করা হয়েছিল এবং সে যাদু তাঁর মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল বলে এ ধারণা করা ঠিক নয় যে, তার ফলে নবুঅত ও রিসালাতও প্রভাবান্বিত হয়েছে। কারণ সে যাদু তাতে পৌঁছতে সক্ষম ছিল না। কেননা, তা মহান আল্লাহর রক্ষণাবেক্ষণে সুরক্ষিত। তিনি বলেছেন,
إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
"নিশ্চয় আমিই কুরআন অবতীর্ণ করেছি এবং আমিই ওর সংরক্ষক। "²⁷⁶
টিকাঃ
২৭৩. সূরা আল বাক্বারাহ-২:১০২
২৭৪. সূরা ত্বহা-২০:৬৬
২৭৫. বুখারী ইফা. হা/৩০৩৭, আপ্র. হা/৩০২৭, তাও. হা/৩২৬৮, মুসলিম মাশা. হা/২১৮৯
২৭৬. সূরা হিজর-১৫:৯