📘 জ্বিন ও শয়তান জগৎ > 📄 ভ্রষ্টকরণে ক্রমান্বয় অবলম্বন

📄 ভ্রষ্টকরণে ক্রমান্বয় অবলম্বন


পূর্বোক্ত ঘটনায় আমরা জানতে পেরেছি, শয়তান মানুষকে সরাসরি একবারেই বিভ্রান্ত করে না, বরং সে ক্রমে-ক্রমে ধাপে-ধাপে মানুষকে কুফরীর দিকে নিয়ে যায়। তাতে সে কোন প্রকার তাড়াহুড়া করে না, ক্লান্তি ও বিরক্তিবোধ করে না। একটি পাপে ফেলতে পারলে পরবর্তীতে তুলনামূলক আরো বড় পাপে ফেলতে চেষ্টা করে। পরিশেষে সবচেয়ে বড় পাপে আলিপ্ত করে তাকে ধ্বংসগহ্বরে ধাক্কা দিয়ে নিক্ষেপ করে। আর এ হল বান্দাগণের মাঝে মহান স্রষ্টার একটি রীতি। যখনই তারা বাঁকা পথ অবলম্বন করে, তখনই তাদের উপর শয়তানকে আধিপত্য দেন এবং তাদের হৃদয়কে বাঁকা করে দেন। তিনি মূসা নবী (আঃ) এর সম্প্রদায়ের ব্যাপারে বলেছেন,

فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ

"অতঃপর তারা যখন বক্রপথ অবলম্বন করল, তখন আল্লাহ তাদের হৃদয়কে বক্র করে দিলেন। আর আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। "²⁴⁴

ذَلِكَ بِأَنَّهُمْ آمَنُوا ثُمَّ كَفَرُوا فَطُبِعَ عَلَى قُلُوبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُونَ

"এটা এ জন্য যে, তারা বিশ্বাস করার পর অবিশ্বাস করেছে, ফলে তাদের হৃদয় মোহর করে দেওয়া হয়েছে, সুতরাং তারা বুঝবে না।”²⁴⁵

টিকাঃ
২৪৪. সূরা আস-স্বফ-৬১:৫
২৪৫. সূরা মুনাফিকুন-৬৩:৩

📘 জ্বিন ও শয়তান জগৎ > 📄 মানুষকে তার উপকারী জিনিস ভুলিয়ে দেওয়া

📄 মানুষকে তার উপকারী জিনিস ভুলিয়ে দেওয়া


শয়তানের এটি একটি পদ্ধতি, যার মাধ্যমে সে আদম-সন্তানের প্রতি শত্রুতা প্রকাশ করে থাকে। কুমন্ত্রণার এমন প্রলেপ মানুষের মন ও মস্তিষ্কে লাগিয়ে থাকে, যার ফলে অনেক উপকারী জিনিস সে বিস্মৃত হয়। আদি পিতা আদম (আঃ) এর সাথে সে এই পদ্ধতি প্রয়োগ করেছিল। তার ফলে তিনি প্রতিপালকের নির্দেশ ভুলে গিয়েছিলেন। মহান আল্লাহ বলেছেন,

وَلَقَدْ عَهِدْنَا إِلَى آدَمَ مِن قَبْلُ فَنَسِيَ وَلَمْ نَجِدْ لَهُ عَزْمًا

"আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করেছিলাম। কিন্তু সে ভুলে গিয়েছিল; আমি তাকে দৃঢ়সংকল্প পাইনি।”²⁴⁶

মূসা (আঃ) ইল্‌ম অনুসন্ধানের সফর-সঙ্গী জরুরী কথা তাঁকে বলতে ভুলে গিয়েছিলেন। তার পিছনে ছিল ঐ শয়তান। মহান আল্লাহ বলেছেন,

فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءنَا لَقَدْ لَقِينَا مِن سَفَرِنَا هَذَا نَصَبًا - قَالَ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا أَنسَانِيهُ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ وَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَجَبًا

"যখন তারা আরো অগ্রসর হল, তখন মূসা তার সঙ্গীকে বলল, 'আমাদের নাস্তা আনো, আমরা তো আমাদের এই সফরে ক্লান্ত হয়ে পড়েছি।' সে বলল, 'আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন শিলাখন্ডে বিশ্রাম নিচ্ছিলাম, তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম? শয়তানই ওর কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল; মাছটি আশ্চর্যজনকভাবে নিজের পথ করে সমুদ্রে নেমে গেল।"²⁴⁷

ইউসুফ নবী কারাগারে ছিলেন। তাঁর কারাসঙ্গীদ্বয়ের একজন মুক্তি পেয়ে বাদশার খিদমত করবেন জানতে পেরে তিনি তাকে তাঁর কথা বাদশার কাছে উল্লেখ করতে বলেছিলেন। কিন্তু সে মুক্তি পেয়ে তাঁর কথা বলতেই ভুলে গেলেন। ফলে তিনি আরো অনেক বছর কারাগারেই থেকে গেলেন। এই বিস্মৃতির মূলে ছিল শয়তানের হাত। মহান আল্লাহ বলেছেন,

وَقَالَ لِلَّذِي ظَنَّ أَنَّهُ نَاجٍ مِّنْهُمَا اذْكُرْنِي عِندَ رَبِّكَ فَأَنسَاهُ الشَّيْطَانُ ذِكْرَ رَبِّهِ فَلَبِثَ فِي السِّجْنِ بِضْعَ سِنِينَ

"(ইউসুফ) তাদের মধ্যে যে মুক্তি পাবে মনে করল, তাকে বলল, 'তোমার প্রভুর কাছে আমার কথা বলো।' কিন্তু শয়তান তাকে তার প্রভুর কাছে তার বিষয় বলবার কথা ভুলিয়ে দিল; সুতরাং (ইউসুফ) কয়েক বছর কারাগারে থেকে গেল।"²⁴⁸

মহান আল্লাহর নির্দেশ ভুলিয়ে দেয় শয়তান। শরীয়তের নির্দেশ ভুলে যায় মানুষ। তার পশ্চাতেও শয়তানের হাত থাকে। মহান আল্লাহ বলেছেন,

وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ وَإِمَّا يُنسِيَنَّكَ الشَّيْطَانُ فَلاَ تَقْعُدُ بَعْدَ الذِّكْرَى مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ

"তুমি যখন দেখ, তারা আমার নিদর্শন সম্বন্ধে ব্যঙ্গ আলোচনায় মগ্ন হয়, তখন তুমি দূরে সরে পড়; যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গে আলোচনায় প্রবৃত্ত হয় এবং শয়তান যদি তোমাকে ভ্রমে ফেলে, তাহলে স্মরণ হওয়ার পরে তুমি অত্যাচারী সম্প্রদায়ের সাথে বসবে না।"²⁴⁹

পরন্তু শয়তান যখন কোন মানুষের মন ও মস্তিষ্কে পুরোপুরি আধিপত্য কায়েম করে নেয়, তখন সেখান হতে তার সৃষ্টিকর্তা ও প্রতিপালকের স্মরণও মুছে ফেলে। মহান আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলেন,

اسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ فَأَنسَاهُمْ ذِكْرَ اللَّهِ أُوْلَئِكَ حِزْبُ الشَّيْطَانِ أَلَا إِنَّ حِزْبَ الشَّيْطَانِ هُمُ الْخَاسِرُونَ

“শয়তান তাদের উপর প্রভুত্ব বিস্তার করেছে, ফলে তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ। তারা হল শয়তানের দল। জেনে রেখো যে, নিশ্চয় শয়তানের দলই ক্ষতিগ্রস্ত।” ²⁵⁰

বিস্মৃতির ওষুধ হল স্মরণ হওয়ামাত্র আল্লাহর যিক্র করা। তিনি বলেছেন,

وَاذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ

“যখন ভুলে যাও, তখন তোমার প্রতিপালককে স্মরণ করো।” ²⁵¹

টিকাঃ
২৪৬. সূরা ত্বহা-২০:১১৫
২৪৭. সূরা আল কাহাফ-১৮:৬২-৬৩
২৪৮. সূরা ইউসুফ-১২:৪২
২৪৯. সূরা আল আন'আম-৬:৬৮
২৫০. সূরা আল মুজাদালাহ-৫৮:১৯
২৫১. সূরা আল কাহাফ-১৮:২৪

📘 জ্বিন ও শয়তান জগৎ > 📄 মু'মিনদেরকে তার বন্ধুবান্ধবের ভীতি-প্রদর্শন

📄 মু'মিনদেরকে তার বন্ধুবান্ধবের ভীতি-প্রদর্শন


শয়তানের বিভ্রান্ত করার একটি অসীলা হল, সে মু’মিনদেরকে তার বন্ধুবান্ধবের ভয় দেখায়। ফলে মু’মিনরা তাদের বিরুদ্ধে কোন সংগ্রাম করে না, তাদেরকে কোন সৎকার্যের আদেশ দেয় না এবং অসৎকার্যে নিষেধ করে না। হক কথা বলে না, সত্যের সমর্থন ও সাহায্য করে না। আর এ হল ঈমানদারদের প্রতি তার বিশাল চক্রান্ত। মহান আল্লাহ এ বিষয়ে মু’মিনদেরকে সতর্ক করে বলেছেন,

إِنَّمَا ذَلِكُمُ الشَّيْطَانُ يُخَوِّفُ أَوْلِيَاءهُ فَلا تَخَافُوهُمْ وَخَافُونِ إِن كُنتُم مُّؤْمِنِينَ

“ঐ তো শয়তান; যে (তোমাদেরকে) তার (কাফের) বন্ধুদের ভয় দেখায়; সুতরাং যদি তোমরা মু’মিন হও, তাহলে তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকেই ভয় কর।” ²⁵²

অর্থাৎ, সে তার বন্ধুবান্ধবদের দ্বারা ভয় দেখায়। কাতাদাহ বলেছেন, ‘সে তার বন্ধুবান্ধবকে তোমাদের হৃদয়ে বড় করে দেখায়। এই জন্য মহান আল্লাহ বলেছেন,

فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِن كُنتُم مُّؤْمِنِينَ

“সুতরাং যদি তোমরা মু’মিন হও, তাহলে তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকেই ভয় কর।" বলা বাহুল্য, বান্দার ঈমান যত শক্তিশালী হবে, তত তার বুক থেকে শয়তানের বন্ধুবান্ধবদের ভয় দূর হবে। আর তার ঈমান যত দুর্বল হবে, তাদের ভয় তত সবল হবে।

টিকাঃ
২৫২. সূরা আলে ইমরান-৩:১৭৫

📘 জ্বিন ও শয়তান জগৎ > 📄 বান্দার মনে শয়তান সেই দরজা দিয়ে প্রবেশ করে, যাতে তার প্রীতি ও প্রবৃত্তি আছে

📄 বান্দার মনে শয়তান সেই দরজা দিয়ে প্রবেশ করে, যাতে তার প্রীতি ও প্রবৃত্তি আছে


এ মর্মে ইবনুল কাইয়্যিম বলেন, "শয়তান আদম সন্তানের রক্ত-শিরায় প্রবাহিত হয়। পরিশেষে তার মনে উপস্থিত হয়ে তাতে মিলিত হয় এবং তা কী ভালোবাসে ও প্রাধান্য দেয়, সে কথা জেনে নেয়। অতঃপর যদি সে জানতে পারে, তাহলে বান্দার বিরুদ্ধে তার সাহায্য নেয়। তার অভ্যন্তরে তার দরজা দিয়ে প্রবেশ করে। অনুরূপই সে তার মানুষরূপী ভাই-বন্ধুদেরকে শিখিয়ে দেয়। তাই যখন তারা একে অন্যের নিকট কোন অসৎ অভিপ্রায় হাসিল করতে চায়, তাহলে সে তার সেই দরজা দিয়েই প্রবেশ করে, যাতে সে দুর্বল, যা সে অত্যধিক ভালোবাসে এবং যাতে তার নেশা আছে। কারণ সেটা এমন এক দরজা, যা দিয়ে কেউ প্রবেশ করলে নিজের প্রয়োজন অপূরণ থাকে না। পক্ষান্তরে যে অন্য দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে, সে তা বন্ধ পাবে এবং অভীষ্টলাভে ব্যর্থ হবে।”²⁵³

এই দরজা দিয়েই শয়তান আদি পিতামাতার অভ্যন্তরে প্রবেশ করেছিল। মহান আল্লাহ বলেছেন,

فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطَانُ لِيُبْدِيَ لَهُمَا مَا وُورِيَ عَنْهُمَا مِن سَوْءَاتِهِمَا وَقَالَ مَا نَهَا كُمَا رَبُّكُمَا عَنْ هَذِهِ الشَّجَرَةِ إِلا أَن تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ الْخَالِدِينَ

"অতঃপর তাদের লজ্জাস্থান যা গোপন রাখা হয়েছিল, তা প্রকাশ করার জন্য শয়তান তাদের কুমন্ত্রণা দিল এবং বলল, 'পাছে তোমরা উভয়ে ফিরিশতা হয়ে যাও কিংবা তোমরা (জান্নাতে) চিরস্থায়ী হও, এ জন্যই তোমাদের প্রতিপালক এ বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করেছেন।”²⁵⁴ ইবনুল কাইয়্যিম (রঃ) বলেন, "আল্লাহর দুশমন পিতামাতার গতিবিধি লক্ষ্য করল এবং অনুভব করল যে, তাঁদের মধ্যে জান্নাতের গৃহে অনন্ত সুখসামগ্রীতে আকর্ষণ ও প্রীতি রয়েছে। তাই সে জেনে নিল যে, ঐ দরজাই তার একমাত্র প্রবেশপথ। সুতরাং সে তাঁদেরকে কসম খেয়ে বলল, সে তাঁদের একজন শুভাকাঙ্ক্ষী। অতঃপর বলল, 'পাছে তোমরা উভয়ে ফিরিশতা হয়ে যাও কিংবা তোমরা (জান্নাতে) চিরস্থায়ী হও, এ জন্যই তোমাদের প্রতিপালক এ বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করেছেন।'

টিকাঃ
২৫৩. ইগাষাতুল লাহফান ১/১৩২
২৫৪. সূরা আল আ'রা-ফ-৭:২০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00