📘 জ্বিন ও শয়তান জগৎ > 📄 কীভাবে শয়তান মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করে?

📄 কীভাবে শয়তান মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করে?


শয়তানের কাজ কেমন? শয়তান কীভাবে বিরাট ফাসাদ লাগিয়ে দেয়? এক ছাত্র তার ওস্তাযকে এই প্রশ্ন করলে তিনি উত্তর দেওয়ার জন্য তাকে সঙ্গে নিয়ে এক মিষ্টির দোকানে গেলেন। মিষ্টির অর্ডার দিয়ে উত্তর বলতে শুরু করলেন, "শয়তানের কাজ ছোট্ট কিছু লাগিয়ে দেওয়া, অতঃপর তার থেকে শুরু হয় বিরাট হাঙ্গামা। যেমন ছোট্ট একটি অঙ্গার টুকরা একটি গ্রাম বা শহর বা বিরাট জঙ্গল ছারখার করতে পারে, তেমনি শয়তানের সামান্য চক্রান্তও বিরাট ধ্বংস-লীলা আনতে পারে।"

অতঃপর মিষ্টি এসে গেলে আঙ্গুলের ডগায় একটু মিষ্টির ঝোল নিয়ে বললেন, “দেখ, চেয়ারে বসে দেওয়ালে মিষ্টির একটু রস লাগিয়ে দিলাম। এবার কী ঘটে দেখ।" কিছু পর ঐ রসে কিছু মাছি এসে বসল। তা দেখে টিকটিকি এল মাছি ধরতে। এক ক্রেতার পোষা কুকুর গেল সেই টিকটিকিকে ধরতে। ঘুরে পড়ে গেল মিষ্টির গামলায়। তা দেখে ময়রা চিৎকার করে কুকুরটিকে মারতে শুরু করল। তা দেখে কুকুর-ওয়ালা বাধা দিলে বাগ্বিতণ্ডা হতে হতে হাতাহাতি, লাঠালাঠি ও শেষে থানা-পুলিস হয়ে গেল।

অতএব দেওয়ালে মিষ্টির রস লাগানোর মত ছোট্ট কাজ ঐ শয়তানের। দাঙ্গা বাধাবার জন্য তাকে বড় কিছু করতে হয় না। গ্রামাঞ্চলে একটা মুরগী, হাঁস বা ছাগল-গরুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাধে, খুনাখুনিও হয়। শয়তান তিলকে তাল ও পরে বেতাল করে পরিস্থিতি। নগণ্য ইন্ধন দিয়েই সে সংসার ভাঙ্গে, গ্রাম ভাঙ্গে, সমাজ ভাঙ্গে, মসজিদ ও মাদ্রাসা ভাঙ্গে (একটা থেকে দুটো হয়), জামাআত ভাঙ্গে, দেশ ভাঙ্গে ও জাতি ভাঙ্গে। কিন্তু জ্ঞানীরা যদি ধৈর্যের সাথে শুরুতেই শয়তানের চক্রান্তকে প্রতিহত করে, তাহলে এত বাড়াবাড়ি ও পরে মারামারি আর হয় না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00