📄 জুনাঈদ বাগদাদীর সঙ্গে শয়তানের আলাপন
হযরত আবুল কাসিম জুনাইদ বাগদাদী (রহঃ) বলেছেন: পনের বছর ধরে আমি নামাযের সময় আল্লাহর কাছে এই প্রার্থনা করেছি যে, তিনি যেন আমাকে ইব্ল্লীসের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন।
একদিন আমি গরমকালে দুপুরবেলায় দরজার দুই কপাটের মাঝখানে বসে তাস্বীহ পড়ছিলাম, সেই সময় একজন আসে। আমি জিজ্ঞাসা করি, 'কে?' সে বলে, 'আমি।' ফের জানতে চাই, 'কে?' সে বলে, 'আমি'। তৃতীয়বার প্রশ্ন করি, 'কে'?' সে বলে, 'আমি।' তখন আমি বলি, 'তুই কি ইব্ল্লীস?' সে বলে, 'হ্যাঁ।' তখন আমি উঠে দরজা খুলে দিই। ভিতরে ঢোকে একজন বুড়ো। তার মাথায় ছিল পশমের টুপি। পরনে পশমের জামা। হাতে ছিল এমন লাঠি, যার নিচের দিকে লাগানো ছিল ফলমূল।
ইব্ল্লীস ঘরে ঢোকার পর আমি ফের সেই দরজার দুই কপাটের মাঝখানে গিয়ে বসি। সে বলে, 'আপনি আমার জায়গা থেকে উঠুন। কারণ, দুই-কপাটের মাঝখানে আমার বসার জায়গা।'
সুতরাং আমি ওখান থেকে উঠলাম। সে ওখানে বসল। আমি তাকে প্রশ্ন করলাম, 'তুই কীভাবে মানুষকে গুম্মাহ করিস?'
সে তার আস্তিন থেকে একটা রুটি বের করে বলল, 'এর দ্বারা।' আমি জানতে চাইলাম, 'খারাপ কাজকে তুই মানুষের সামনে সুন্দর ও আকর্ষণীয় করে দেখাস কীভাবে?'
তো সে একটা আয়না বের করে বলল, 'আমি মানুষের সামনে খারাপ কাজকে এই আয়নার সাহায্যে ভাল করে দেখাই।
এরপর সে বলে, 'আপনি কী জানতে চান, খুব সংক্ষেপে বলুন।' আমি বললাম, 'হযরত আদমকে সাজদা করার নির্দেশ দেওয়া সত্ত্বেও তুই ওঁকে সাজদা করিসনি কেন?'
সে বলল, 'ওকে সাজদা করতে আমার আত্মমর্যাদায় বেধেছিল।' এরপর সে অদৃশ্য হয়ে যায় এবং আমি আর তাকে দেখতে পাইনি। (২)
টিকাঃ
(২) তারীখে ইবনু নাজ্জার।
📄 ইবনু হানযালার সাথে শয়তানের সাক্ষাৎ
বর্ণনায় হযরত সফওয়ান বিন সালীম (রহঃ) : মদীনার বাসিন্দা হযরত আবদুল্লাহ্ (রহঃ) বিন হানযালাহ্ (রাঃ)-র. সঙ্গে মসজিদের বাইরে একবার শয়তানের সাক্ষাৎ হয়। শয়তান বলে, হে হান্যালাহ্'র পুত্র! আমাকে চেনেন?
আবদুল্লাহঃ হ্যাঁ চিনি।
শয়তানঃ বলুন তো, আমি কে?
আবদুল্লাহঃ তুই শয়তান।
শয়তানঃ আপনি আমাকে কীভাবে চিনলেন?'
আবদুল্লাহঃ আমি মসজিদ থেকে বের হবার সময় আল্লাহর যিক্র করছিলাম। কিন্তু তোকে দেখার সঙ্গে সঙ্গে আমার মনোযোগ তোর দিকেই ঘুরে যায়। এ থেকেই বুঝেছি যে, তুই শয়তান।
শয়তানঃ হে হান্যালাহ্'র পুত্র! আপনি ঠিকই বলেছেন। আপনাকে একটা কথা শিখিয়ে দিচ্ছি। আমার এই কথাটা স্মরণ রাখবেন।
আবদুল্লাহঃ তোর কথা শোনার আর স্মরণ রাখর কোন প্রয়োজন আমার নেই।
শয়তানঃ আগে তো কথাটা শুনুন। সঠিক হলে মানবেন। আর বেঠিক হলে ঠুক্রে দেবেন। হে ইবনে হান্যালাহ্! আপনার পছন্দের জিনিস মহিমান্বিত আল্লাহ্ ছাড়া আর কারও কাছে চাইবেন না। এবং এ বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন যে, ক্রোধের সময় আপনার অবস্থা কেমন হয়। (৩)
টিকাঃ
(৩) মাকায়িদুশ শায়তান (৬৫), ইবনু আবিদ দুনইয়া। ইবনু আসাকির। ইহইয়াউল উলূম, ৩ঃ ৩৪। আল-ইসাবাহ, ৪:৫৯। মাসায়িবুল ইন্সান, পৃষ্ঠা ১৩৩।
📄 আলেম ও আবেদদের সাথে শায়তানের শিক্ষণীয় ঘটনা
জনৈক বাস্ত্রীর সূত্রে হযরত আলী বিন আসিন (রহঃ) বর্ণনা করেছেনঃ এক আলিম ও এক আবিদ (ইবাদতকারী) আল্লাহ্ ওয়াস্তে একে অপরকে ভালোবাসতেন। শয়তানরা ইব্ল্লীসের কাছে গিয়ে বলে, আমরা অনেক চেষ্টা করা সত্ত্বেও এ দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারিনি।
অভিশপ্ত ইব্ল্লীস বলে, ওদের জন্যে আমিই যথেষ্ট। এরপর ইব্ল্লীস সেই আবিদের যাতায়াতের রাস্তায় গিয়ে পৌঁছল। আবিদ যখন কাছাকাছি এল, ইল্লীস তখন এক বয়স্ক মানুষের রূপ ধরে, কপালে সাজদার চিহ্ন নিয়ে, তার সঙ্গে দেখা করল। সেই সময় ইব্ল্লীস, আবিদকে বলল, আমার মনে একটা প্রশ্ন জাগছে, তাই আমি চাইছি আপনার থেকে উত্তরটা জেনে নিতে।
আবিদ বলল, কী প্রশ্ন করতে চান করুন, আমার জানা থাকলে বলে দেব।
শয়তান বলল, একটা ডিমের মধ্যে আসমান-যমীন, পাহাড়-পর্বত, গাছ-পালা, সাগর-নদীকে ডিমকে বড় না করে এবং সৃষ্টিগুলোকে ছোট না করে ঢুকিয়ে দেবার ক্ষমতা কি আল্লাহ্ আছে?
আবিদ অবাক হয়ে জানতে চাইল, ছোট ডিমকে না বাড়িয়ে তার মধ্যে বিশাল সৃষ্টিকে না ছোট করে কীভাবে ঢোকানো যেতে পারে?- আবিদ সাহেব ভারি ভাবনায় পড়ে গেল।
শয়তান বলল, আপনি এবার যেতে পারেন।
এরপর শয়তান তার সাঙ্গপাঙ্গদের উদ্দেশে বলে, দেখলে তো, আল্লাহ্র অসীম ক্ষমতার বিষয়ে সন্দেহে ফেলে দিয়ে আমি ওই আবিদকে ধ্বংস করে দিলাম।
এরপর শয়তান আলিম সাহেবের পথে গিয়ে বসল। আলিম সাহেব কাছাকাছি আসতে শয়তান তাঁকে সম্মান দেখানোর উদ্দেশ্যে উঠে দাঁড়াল। তারপর বলল, হযরত! আমার মনে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে। তাই আমি চাই, তার উত্তরটা আপনার কাছ থেকে জেনে নিতে।
আলিম সাহেব বললেন, কী প্রশ্ন করতে চাও, করো, জানা থাকলে উত্তর দেব।
শয়তান বলল, একটা ডিমের মধ্যে আসমান-যমীন, পাহাড়-পর্বত, গাছ-পালা, সাগর-নদীকে ডিমকে বড় না করে এবং ওই সৃষ্টিগুলোকে ছোট না করে ঢুকিয়ে দেবার ক্ষমতা কি আল্লাহ্'র আছে?
আলিম বললেন, অবশ্যই আল্লাহর ও ক্ষমতা আছে।
শয়তান অস্বীকারের সুরে বলল, ডিমকে বড় না করে এবং সৃষ্টিগুলোকে ছোট না করেও?
আলিম বললেন, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। এরপর আলিম সাহেব এই আয়াতটি উল্লেখ করেন-
إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئًا أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ -
তাঁর সৃষ্টিকলা তো এই যে, যখন তিনি কোনও কিছু করতে ইচ্ছা করেন, তখন কেবল বলেন 'হও'- আর অমনি তা হয়ে যায়। (৪)
এরপর ইবলীস তার সাঙ্গপাঙ্গদের সম্বোধন করে বলল, এই উত্তরটা শোনাবার উদ্দেশ্যে আমি তোমাদের এখানে এনেছি (অর্থাৎ আবিদ যে কোন মুহূর্তে ঈমানহারা হতে পারে কিন্তু আলিম নয়। (৫)
টিকাঃ
(৪) আল্-কোরআন, ৩৬:৮২।
(৫) মাকায়িদুশ শায়তান (৩০) ইবনু আবিদ দুনইয়া। মাসায়িবুল ইন্স্সান, ইবনু মুল্লিহুল মুকাদ্দাসী।
📄 শয়তানের মোকাবিলায় ফকীহ্ ও আবেদ
(হাদীস) বর্ণনায় হযরত ইবনু আব্বাস (রাঃ) জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
لَفَقِيهٌ وَاحِدٌ أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنْ أَلْفِ عَابِدٍ
ইসলামের যথার্থ জ্ঞানের অধিকারী একজন ব্যক্তি শয়তানের কাছে এক হাজার (মূর্খ) ইবাদতকারীর চাইতেও শক্তিশালী। (৬)
টিকাঃ
(৬) তিরমিযী, কিতাবুল ইল্ম, বাব ১৯। ইবনু মাজাহ, মুকদ্দামাহ্, বাব ১৭। জামিই বায়ান আল্-ইলম্ অফাদলিহ্, ১: ২৬। দুররুল মান্নুর, ১: ৩৫০। মাজমাউয যাওয়াঈদ, ১: ১২১। তারীখে বাগদাদ, ২:৪০২। আল্ আস্সারুল মারফুআহ্, ৩৫১। তাক্বিরতুল মাউযূআত। কাশফুল খিফা, ২: ২০৬।