📄 হযরত আইয়ুবের (আঃ) ধৈর্য ও শয়তানের নির্যাতন
হযরত ইবনু আব্বাস (রাঃ) কর্তৃক বর্ণিত: শয়তান আল্লাহর দরবারে আবেদন করেছিল, হে প্রভু! আমাকে (হযরত) আইয়ুব (আঃ)-এর উপর প্রভাব বিস্তার করার অনুমতি দিন। আল্লাহ বললেন, তাঁর সম্পদ-সম্পত্তি ও সন্তান-সন্ততির উপর প্রভাব বিস্তার করার অনুমতি তোকে দেওয়া হল কিন্তু তাঁর দেহের উপর নয়।
সুতরাং শয়তান তাঁর বাহিনীকে জড়ো করে বলল, আমাকে (হযরত) আইয়ুব (আঃ)-এর উপর কর্তৃত্ব করার অনুমতি দেওয়া হয়েছে। অতএব তোমরা তোমাদের কৃতিত্ব দেখাও। তখন শয়তান বাহিনী আগুনের রূপ ধরে সামনে এল। তারপর পূর্ব থেকে পশ্চিম এবং পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত পানি হয়ে বয়ে গেল। শয়তান তখন তার একটা বাহিনীকে পাঠাল হযরত আইয়ুবের ক্ষেতের দিকে। একটা বাহিনীকে পাঠাল তাঁর উটগুলোর কাছে। একটা বাহিনী পাঠাল তাঁর গরুর পালের উপর। একটা বাহিনী পাঠাল ছাগলপালে। তারপর তাদের উদ্দেশ্যে শয়তান বলল, কেবলমাত্র ধৈর্য সবর ছাড়া (হযরত) আইয়ুব তোমাদের হাত থেকে হিফাযতে থাকতেই পারবে না।
সুতরাং শয়তানের দলবল এরপর হযরত আইয়ুবকে বিপদের পর বিপদে ফেলতে লাগল। ক্ষেতের তত্ত্বাবধায়ক এসে বলল, আপনি দেখেননি, আল্লাহ আপনার ফসলের উপর আগুন নামিয়ে দিয়েছেন, যা আপনার ক্ষেতের ফল ফসলগুলো পুড়িয়ে ছাই করে দিয়েছে। এরপর হযরত আইয়ুবের কাছে উটচালক এসে বলল, আপনি কি দেখেছেন, আল্লাহ আপনার উট পালের উপর মুসীবত নামিয়েছেন, যার কারণে উটগুলো সব মারা গেছে।
তারপর গরু ছাগলের দেখভালকারীরাও হযরত আইয়ুবের কাছে এসে বলল, আপনি দেখবেন চলুন, আল্লাহ আপনার গরু-ছাগলের উপর দুশমন পাঠিয়েছেন, তারা ওগুলোকে সাবাড় করে দিয়েছে।
অর্থাৎ হযরত আইয়ুবের তখন সম্পদ-সম্পত্তি শেষ হয়ে গেল। রইলেন কেবল তিনি আর তাঁর সন্তান-সন্ততি।
শয়তান একদিন হযরত আইয়ুবের সব ছেলেকে একটা বড় বাড়িতে জড়ো করল। তারপর তারা সবাই যখন একসাথে খানা-পিনায় ব্যস্ত হল, সেই সময় শয়তান এমন জোরে বাতাস (ঝড়) চালাল যে, বাড়িটার থামগুলো উপড়ে গেল এবং গোটা বাড়িটাকে হযরত আইয়ুবের ছেলেদের উপর ফেলল।
এরপর শয়তান একটা ছেলের রূপ ধরে, কানে বালা পরে, হযরত আইয়ুবের কাছে গিয়ে বলল, আপনি কি আপনার পালনকর্তার ব্যবহার দেখেছেন? আপনার ছেলেরা সবাই যখন বাড়িতে একত্রিত হয়ে খাওয়া-দাওয়ায় ব্যস্ত ছিল, সেই সময় উনি এমন জোরে ঝড় চালিয়েছেন যে, বাড়ির খুঁটিগুলো পর্যন্ত উপড়িয়ে দিয়েছেন এবং গোটা বাড়িটা আপনার ছেলেদের উপর হুড়মুড় করে ভেঙে ফেলিয়েছেন। আপনি যদি ওদেরকে খাবার জিনিসপত্র আর রক্তে মাখামাখি অবস্থায় দেখতেন, তাহলে না-জানি আপনার কী অবস্থা হত।
হযরত আইয়ুব জিজ্ঞাসা করেন, তুমি তখন কোথায় ছিলে? শয়তান বলে, আমি তো ওদের সাথেই ছিলাম।
হযরত আইয়ুব বলে, তা তুমি কীভাবে বেঁচে গেলে? শয়তান বলল, এই এমনিই।
হযরত আইয়ুব বলেন, তাহলে তুই শয়তান। এরপর হযরত আইয়ুব বলেন, আমি এখন সেই অবস্থায় আছি, যখন আমার মা আমাকে প্রসব করেছিলেন। একথা বলে তিনি উঠে পড়েন। মাথা ন্যাড়া করান। তারপর নামাযের মুসল্লায় দাঁড়িয়ে যান।
সেই সময় শয়তান (নিজের ব্যর্থতা আর হযরত আইয়ুবের ধৈর্য সবর দেখে) এমনভাবে কেঁদেছিল যে, তার সেই কান্না আকাশ পৃথিবীর সবাই শুনেছিল।
এরপর শয়তান আসমানে গিয়ে (সেই সময় শয়তানের পক্ষে আসমানে যাবার অনুমোদন ছিল) আল্লাহকে বলে, হে প্রভু! (হযরত) আইয়ুব তো আমার হাত থেকে নিরাপদে বেরিয়ে গেল। এবার আপনি আমাকে খোদ ওর শরীরের উপর হামলা করার অনুমতি দিন। কেননা আপনার অনুমতি ছাড়া আমি ওর উপর চড়াও হতে পারব না।
আল্লাহ বলেন, ঠিক আছে, যা, আমি তোকে ওর শরীরের উপর হামলা করার অনুমতি দিলাম।
শয়তান তখন ফের হযরত আইয়ুবের কাছে এল এবং তাঁর পায়ের তলায় এমনভাবে ফুঁক দিল যে তাঁর আপাদমস্তক কেঁপে উঠল। তারপর তাঁর সারা গায়ে ফোঁড়া হল, একসময় তাঁকে ছাইয়ের গাদায় রাখা হল। শেষ পর্যন্ত তাঁর পেটের নাড়ি-ভুঁড়িও বের হয়ে পড়ল।
সেই কঠিন সময়ে একজন স্ত্রীই তাঁর সেবা-যত্ন করতেন। একদিন তাঁর সেই স্ত্রী তাঁকে বললেন, আল্লাহর কসম! আপনার সেবা যত্ন করার ও অনাহারে থাকার কারণে আমার অত্যন্ত কষ্ট হচ্ছে। আমার যাবতীয় দামি জিনিসপত্র অন্নের বিনিময়ে বেচে দিয়ে আপনাকে খাইয়েছি। আপনি দুআ করুন না, যেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করেন। কিন্তু ধৈর্য সবরের মূর্তপ্রতীক হযরত আইয়ুব বলেন, আমরা সত্তর বছর যাবত আল্লাহর নিঅমাতে (আরাম-আয়েশে) ছিলাম। এখন ধৈর্য সবর করো, যাতে দুঃখ কষ্টের মধ্যেও সত্তর বছর কাটাতে পারি। সুতরাং সেই অবর্ণনীয় দুঃখ কষ্টের পরীক্ষার মধ্যেও তিনি সত্তর বছর কাটিয়ে দেন। (২৪)
টিকাঃ
(২৪) কিতাবুয যুহদ, ইমাম আহমাদ। তাফসীর, ইবনু আবী হাতিম। আকامুল মারজান।
📄 হযরত আইয়ুবের (আঃ) যন্ত্রণায় শয়তানের আনন্দ
হযরত তালহা বিন মুসররফ, (রহঃ) বলেছেন: অভিশপ্ত ইবলীস বলেছে- (হযরত) আইয়ুবকে দেখে আমি একটুও খুশি হতাম না, কেবল যখন সে যন্ত্রণায় কারাতো তখনই আমার ভালো লাগত। ভাবতাম, আমি ওকে ভালই কষ্ট দিতে পেরেছি। (২৫)
টিকাঃ
(২৫) যাওয়াইদুয যুহদ, عبدالله বিন আহমাদ। মাকায়িদুশ শায়তান, ইবনু আবিদ্ দুনইয়া। দুররুল মানসুর, ৪ঃ ৩৩০।
📄 হযরত আইয়ুবের (আঃ) স্ত্রীকে ধোঁকা দেবার চেষ্টা
হযরত অহাব বিন মুনাব্বিহ (রহঃ) বলেছেন: ইবলীস একবার হযরত আইয়ুবের স্ত্রীকে জিজ্ঞাসা করে, আপনাদের উপর এমন বিপদ বিপর্যয় কেমন করে এল?
হযরত আইয়ুবের স্ত্রী বলেন, আল্লাহর কুদরতে।
শয়তান বলে, আপনি আমার পিছনে পিছনে আসুন (বিপদ থেকে উদ্ধারের একটা উপায় বের করছি)।
সুতরাং হযরত আইয়ুবের স্ত্রী (ভালোমানুষরূপী) শয়তানের পিছনে পিছনে যান। শয়তান তাঁকে একটা মাঠে নিয়ে গিয়ে (তাঁদের হারানো) সমস্ত সম্পদ-সম্পত্তি জড়ো করে দেখায়। তারপর বলে, আপনি আমাকে কেবল একবারই সাজদা করুন, আমি এসব কিছুই আপনাদের ফিরিয়ে দেব।
হযরত আইয়ুবের স্ত্রী বলেন, আমার স্বামীর অনুমতি নেবার পর আমি সাজদা করব। সুতরাং তিনি হযরত আইয়ুবের কাছে এসে সবকথা বলেন। শুনে হযরত আইয়ুব তাঁর স্ত্রীকে বলেন, এখনও তুমি বুঝতে পারনি যে, ও ছিল শয়তান!- যদি আমি সুস্থ হয়ে উঠি, তাহলে এর বদলে (শয়তানের ফাঁদে পা দেওয়ার কারণে) ১০০ বেত মারব তোমাকে। (২৬)
টিকাঃ
(২৬) মাকায়িদুশ শায়তান। (৫০), ইবনু আবিদ দুনইয়া।
📄 ওই বিষয়ে আরেকটি ঘটনা
হযরত ইবনু আব্বাস (রাঃ) বলেছেন : অভিশপ্ত ইবলীস একবার (ডাক্তার সেজে) পথের ধারে বসে, সিন্দুক খুলে, মানুষের চিকিৎসা করছিল। হযরত আইয়ুবের স্ত্রী সেই সময় তার কাছে গিয়ে বলেন, হে আল্লাহর বান্দা! এখানে একজন মানুষ এই এই অসুখে ভুগছেন। আপনি কি তাঁর চিকিৎসা করবেন?
শয়তান বলে, অবশ্যই করব, তবে শর্ত হল, আমার চিকিৎসায় রুগি সেরে উঠলে, আপনাকে শুধু বলতে হবে, আপনিই ওকে সারিয়ে দিয়েছেন, ব্যস, আর কোনও ফীস আমি নেব না।
তো হযরত আইয়ুবের কাছে তাঁর স্ত্রী এসে ওকথা উল্লেখ করলেন। শুনে হযরত আইয়ুব বললেন, আফসোস তোমার জন্য! ও তো শয়তান। আল্লাহর কসম! আল্লাহ আমাকে আরোগ্যদান করলে (শয়তানের চালে পা দেওয়ার জন্য) তোমাকে ১০০ বেত মারব। (২৭)
টিকাঃ
(২৭) কিতাবুয যুহ্দ, ইমাম আহমাদ। আবদ ইবনু হামিদ। ইবনু আবী হাতিম।