📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 নূহের (আঃ) নৌকায় শয়তান ঢুকেছে কীভাবে

📄 নূহের (আঃ) নৌকায় শয়তান ঢুকেছে কীভাবে


হযরত ইবনু আব্বাস (রাঃ) বলেছেনঃ হযরত নূহের নৌকায় সবার আগে' উঠেছিল পিঁপড়ে এবং সবার শেষে উঠেছিল গাধা। ইবলীস উঠেছিল গাধার লেজ ধরে ঝুলতে থাকা অবস্থায় (৮)

টিকাঃ
(৮) গ্রন্থকার কর্তৃক সূত্রবিহীন।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 নৌকায় ওঠার সময় শয়তানের ঔদ্ধত্য

📄 নৌকায় ওঠার সময় শয়তানের ঔদ্ধত্য


হযরত ইবনু আব্বাস (রাঃ) বলেছেনঃ হযরত নূহ (আঃ) তাঁর নৌকায় সবার আগে পিঁপড়েকে তুলেছিলেন এবং সবার শেষে তুলেছিলেন গাধাকে। গাধা তার দেহের সামনের অংশ নৌকায় তোলার পর ইবলীস তার লেজ জড়িয়ে ধরে, যার কারণে গাধা তার পা ভিতরে নিয়ে যেতে পারেনি। হযরত নূহ তখন (গাধার উদ্দেশে) বলেন, তুই ধ্বংস হ! আয়, ভিতরে চলে আয়। গাধাটা তখন পা তোলে। কিন্তু শক্তিতে কুলোয় না। অবশেষে হযরত নূহ বলেন, তোর সাথে শয়তান থাকলেও পুরোপুরি ভিতরে চলে আয়। হযরত নূহ একথা বলতেই শয়তান গাধার রাস্তা ছেড়ে দেয়। ফলে গাধা ভিতরে ঢুকে যায়। তার সাথেই শয়তানও ঢুকে পড়ে। হযরত নূহ তখন শয়তানকে বলেন, ওরে খোদার দুশমন, কে ঢোকাল তোকে? শয়তান বলল, আপনিই তো (গাধাকে) বললেন, তোর সাথে শয়তান থাকলেও পুরোপুরি ভিতরে চলে আয়। হযরত নূহ বলেন, যা, ভাগ, এখান থেকে। শয়তান বলে, 'আমাকে নৌকায় তুলে নেওয়া আপনার জরুরি। (কেননা আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং আল্লাহ আমাকেই এই বন্যার আযাব থেকে এই নৌকারই মাধ্যমে বাঁচাবেন।) সুতরাং শয়তান এরপর সেই নৌকার ছাদে গিয়ে ওঠে। (৯)

টিকাঃ
(৯) ইবনু জারীর। ইবনু আবী হাতিম।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 গাধার লেজে ইবলীস

📄 গাধার লেজে ইবলীস


হযরত ইবনু আব্বাস (রাঃ) বলেছেনঃ আল্লাহ তাআলা যখন গাধাকে নৌকায় ওঠানোর ইচ্ছা করেন, সেই সময় হযরত নূহ (আঃ) (নৌকায় তোলার জন্য) গাধার কান ধরে টানেন এবং শয়তানও তখন গাধাটার লেজ ধরে টানতে থাকে। অর্থাৎ একদিকে হযরত নূহ গাধাটাকে তাঁর দিকে টানছিলেন, আর অন্যদিকে অভিশপ্ত ইবলসীসও টানছিল তার নিজের দিকে। একসময় হযরত নূহ (আঃ) (গাধার উদ্দেশ্যে) বললেন, 'ওরে শয়তান, উঠে আয়।' অমনি গাধাটা নৌকার ভিতরে ঢুকে যায় এবং তার সাথে শয়তানও ভিতরে ঢুকে পড়ে। তারপর নৌকা যখন চলছিল সেই সময় ইবলীস গাধার লেজ থেকে গান গাইতে শুরু করে। হযরত নূহ বলেন, 'তুই ধ্বংস হ! কে তোকে নৌকায় ওঠার অনুমতি দিল?!' শয়তান বলল, 'আপনিই তো দিয়েছেন।' হযরত নূহ বললেন, 'আমি আবার কখন তোকে অনুমতি দিলাম?' শয়তান বলল, 'আপনি তো গাধাকে বলেছেন, 'ওরে শয়তান উঠে আয়।'-আপনার ওই অনুমতি পেয়েই তো আমি উঠেছি। (১০)

টিকাঃ
(১০) তাফসীর আবু আশ শায়খ।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 ইবলীস বসেছে নৌকার বাঁশে

📄 ইবলীস বসেছে নৌকার বাঁশে


বর্ণনায় হযরত আত্বা (রহঃ) ও হযরত যাহহাক (রহঃ) : নূহের জাহাজে বসার জন্য ইবলীস এলে হযরত নূহ তাকে হাটিয়ে দেন। শয়তান বলে, হে নূহ! আমাকে তো (কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার) সুযোগ দেওয়া হয়েছে। সুতরাং আমার উপর আপনার কোনও ক্ষমতা চলবে না (অর্থাৎ আপনি আমাকে আটকাতে পারবেন না)। হযরত নূহ ভাবলেন, ও তো ঠিক কথাই বলেছে। তাই ওকে জাহাজের মাস্তলে বসার অনুমতি দেন। (১১)

টিকাঃ
(১১) তারীখ, ইবনু আসাকির।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00