📄 জিন কেন মানুষকে ধরে
আল্লামা ইবনে তাইমিয়াহ রহ বলেছেন: মানুষের উপর জ্বিনের হামলা হয় কামোত্তেজনা ও প্রেম-ভালোবাসার কারণে। কখনও বা শত্রুতা বা বদলা নেবার জন্যেও জ্বিনেরা মানুষকে আক্রমণ করে। এক্ষেত্রে মানুষের দোষ হল জ্বিনের গায়ে পেশাব করা, নতুবা গায়ে পানি ফেলা, কিংবা মেরে ফেলা, যদিও সংশ্লিষ্ট ক্ষেত্রে মানুষ জেনেশুনে জ্বিনকে মারে না। আবার কখনও কখনও স্রেফ খেল-তামাশার ও কষ্ট দেবার উদ্দেশ্যেও জ্বিন মানুষকে ধরে। যেমন, কিছু কিছু মানুষও এমন করে থাকে।
প্রথম (প্রেম-ভালোবাসা ও যৌন উত্তেজনা ঘটিত) ক্ষেত্রে জ্বিন কথা বলে ও জানা যায় যে, তা হারাম ও গুনাহের কারণে ঘটে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ প্রতিশোধ নেবার ক্ষেত্রে, মানুষ জানতে পারে না।
এবং যে মানুষের মনে জ্বিনদের কষ্ট দেবার ইচ্ছা থাকে না, সে জ্বিনদের তরফ থেকে শাস্তি পাওয়ার যোগ্য বলেও গণ্য হয় না। এমন মানুষ তার নিজের ঘরবাড়ি ও জায়গা-জমির মধ্যে জ্বিনদের কষ্টদায়ক কোনও কাজ করলেও জ্বিনরা একথাই বলে যে- এ জায়গা ওর মালিকানাধীন, এখানে সব রকম কাজের অধিকার ওর আছে। এবং তোমরা (জ্বিনরা) মানুষের মালিকানাধীন এলাকায় ওদের অনুমতি ছাড়া থাকতে পারে না। বরং তোমাদের জন্য রয়েছে সেইসব জায়গা, যেখানে মানুষ থাকে না। যেমন পোড়োবাড়ি, জনমানবশূন্য এলাকা প্রভৃতি।(৭)
টিকাঃ
(৭) মাজমাউল ফাতাওয়া, ইবনে তাইমিয়াহ্ (রহঃ) ১৯: ২৯।