📄 শয়তান কুকুরছানা থেকে চড়ুই পাখি
বর্ণনায় হযরত কইস বিন হাজ্জাজ (রহঃ) আমার শয়তান আমাকে বলেছে- 'যখন আমি আপনাদের মধ্যে প্রবেশ করেছিলাম, তখন কুকুরছানার মতো ছিলাম কিন্তু বর্তমানে চড়ুই পাখির মতো হয়ে গেছি।' আমি জিজ্ঞাসা করলাম, 'এরকম হয়েছ কেন?' সে বলল, 'আপনি কোরআনের মাধ্যমে (অর্থাৎ কোরআন পাঠ ও তদনুযায়ী কাজ করে) আমাকে গলিয়ে দিয়েছেন। (১০)
টিকাঃ
(১০) মাকায়িদুশ শাইত্বান, ইবনে আবিদ দুনইয়া, হাদীস নং ১৮। আকামুল মারজ্বান, ১২৪। ইহইয়াউল উলুম, ৩:২৯।
📄 শয়তান মানুষের সাথে খায়-দায় ও ঘুমায়
হযরত অহাব বিন মুনাব্বিহ (রহঃ) বলেছেনঃ প্রত্যেক মানুষের সাথে তার শয়তান থাকে। কাফিরের শয়তান কাফিরের সাথে খায়-দায় ও তার সাথে বিছানায় শোয়। কিন্তু মু'মিনের শয়তান মু'মিনের থেকে দূরে থাকে। এবং ওঁৎ পেতে থাকে যে, কখন মু'মিন, মানুষ উদাসীন হবে এবং সে তার থেকে ফায়দা তুলবে। বেশি খায় ও বেশি ঘুমায় এমন লোককে শয়তান বেশি পছন্দ করে। (১১)
টিকাঃ
(১১) কিতাবুয যুহদ, ইমাম আহমাদ।
📄 কাফিরের শয়তান জাহান্নামে
পবিত্র কোরআনে আল্লাহ বলেছেনঃ
وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضُ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ
আল্লাহর স্মরণ থেকে যে উদাসীন হয়, আমি তার উপর এক শয়তানকে চাপিয়ে দিই, যে তার (সার্বক্ষণিক) সঙ্গী হয়ে যায়। (১২) এই আয়াতের তাফসীরে হযরত সাঈদ জ্বারীরী বলেছেনঃ আমাদের কাছে এই বর্ণনা পৌছেছে যে, কিয়ামতের দিন কাফিরকে যখন জীবিত করা হবে, তখন তার শয়তান তার সামনে সামনে চলতে থাকবে, তার থেকে পৃথক হবে না। অবশেষে আল্লাহ তা'আলা তাদের দু'জনকেই জাহান্নামে ঢুকিয়ে দেবেন। সেই সময় শয়তান আশা করবে-
يَا لَيْتَ بَيْنِي وَبَيْنِكَ بُعْدَ الْمَشْرِقَيْنِ
হায়! আমার দুর্ভাগ্য! তোর আর আমার মধ্যে যদি পূর্ব থেকে পশ্চিমের সমান দূরত্ব থাকতো!
টিকাঃ
(১২) সূরাহ আয যুখরুফ, আয়াত ৩৬।