📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 মু’মিনের শয়তান দুর্বল হয়ে যায়

📄 মু’মিনের শয়তান দুর্বল হয়ে যায়


হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেছেনঃ মু'মিনের শয়তান দুর্বল ও পেরেশান হয়ে থাকে। (৮)
এক বর্ণনাসূত্রে এরকম আছে: একবার এক মু'মিনের শয়তানের সাথে এক কাফিরের শয়তানের সাক্ষাৎ হল। মু'মিনের শয়তান ছিল রোগা-দুর্বল। আর কাফিরের শয়তান ছিল মোটাতাজা। কাফিরের শয়তান বলল-'ব্যাপারটা কী, তুমি এত কমজোর কেন?' মু'মিনের শয়তান বলল- কী আর বলি, ওর কাছে আমার ভাগ্যে কিছুই নেই। যখন ও ঘরে ঢোকে, আল্লাহর নাম স্মরণ করে। খাওয়ার সময় আল্লাহর নাম নেয়। পান করার সময় আল্লাহর নাম নেয়। (ফলে, আমি কোনও সুযোগই পাই না)' কাফিরের শয়তান বলল- 'কিন্তু আমি তো ওর সাথেই খাই। ওর সাথে পানও করি। (এইজন্যই তো এমন মোটাতাজা হয়েছি।) (৯)

টিকাঃ
(৮) মাকায়িদুশ শাইত্বান, ইবনে আবিদ দুনয়া, হাদীস নং ১৯। আকামুল মারজান, ১২৪। ইহইয়াউল উলূম, ৩: ২৯।
(৯) মাসায়িবুল ইনসান, ইবনে মুল্লিহ্ মুকাদ্দিসী, পৃষ্ঠা ৬৮।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তান কুকুরছানা থেকে চড়ুই পাখি

📄 শয়তান কুকুরছানা থেকে চড়ুই পাখি


বর্ণনায় হযরত কইস বিন হাজ্জাজ (রহঃ) আমার শয়তান আমাকে বলেছে- 'যখন আমি আপনাদের মধ্যে প্রবেশ করেছিলাম, তখন কুকুরছানার মতো ছিলাম কিন্তু বর্তমানে চড়ুই পাখির মতো হয়ে গেছি।' আমি জিজ্ঞাসা করলাম, 'এরকম হয়েছ কেন?' সে বলল, 'আপনি কোরআনের মাধ্যমে (অর্থাৎ কোরআন পাঠ ও তদনুযায়ী কাজ করে) আমাকে গলিয়ে দিয়েছেন। (১০)

টিকাঃ
(১০) মাকায়িদুশ শাইত্বান, ইবনে আবিদ দুনইয়া, হাদীস নং ১৮। আকামুল মারজ্বান, ১২৪। ইহইয়াউল উলুম, ৩:২৯।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তান মানুষের সাথে খায়-দায় ও ঘুমায়

📄 শয়তান মানুষের সাথে খায়-দায় ও ঘুমায়


হযরত অহাব বিন মুনাব্বিহ (রহঃ) বলেছেনঃ প্রত্যেক মানুষের সাথে তার শয়তান থাকে। কাফিরের শয়তান কাফিরের সাথে খায়-দায় ও তার সাথে বিছানায় শোয়। কিন্তু মু'মিনের শয়তান মু'মিনের থেকে দূরে থাকে। এবং ওঁৎ পেতে থাকে যে, কখন মু'মিন, মানুষ উদাসীন হবে এবং সে তার থেকে ফায়দা তুলবে। বেশি খায় ও বেশি ঘুমায় এমন লোককে শয়তান বেশি পছন্দ করে। (১১)

টিকাঃ
(১১) কিতাবুয যুহদ, ইমাম আহমাদ।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 কাফিরের শয়তান জাহান্নামে

📄 কাফিরের শয়তান জাহান্নামে


পবিত্র কোরআনে আল্লাহ বলেছেনঃ
وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضُ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ
আল্লাহর স্মরণ থেকে যে উদাসীন হয়, আমি তার উপর এক শয়তানকে চাপিয়ে দিই, যে তার (সার্বক্ষণিক) সঙ্গী হয়ে যায়। (১২) এই আয়াতের তাফসীরে হযরত সাঈদ জ্বারীরী বলেছেনঃ আমাদের কাছে এই বর্ণনা পৌছেছে যে, কিয়ামতের দিন কাফিরকে যখন জীবিত করা হবে, তখন তার শয়তান তার সামনে সামনে চলতে থাকবে, তার থেকে পৃথক হবে না। অবশেষে আল্লাহ তা'আলা তাদের দু'জনকেই জাহান্নামে ঢুকিয়ে দেবেন। সেই সময় শয়তান আশা করবে-
يَا لَيْتَ بَيْنِي وَبَيْنِكَ بُعْدَ الْمَشْرِقَيْنِ
হায়! আমার দুর্ভাগ্য! তোর আর আমার মধ্যে যদি পূর্ব থেকে পশ্চিমের সমান দূরত্ব থাকতো!

টিকাঃ
(১২) সূরাহ আয যুখরুফ, আয়াত ৩৬।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00