📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 আরও এক জিনের ঘটনা

📄 আরও এক জিনের ঘটনা


মাওলানা আব্দুর রহমান বিন বিশরের বর্ণনাঃ তখন হযরত উসমান (রাঃ)-এর খিলাফতকাল। একদল যাত্রী হজ্জের উদ্দেশে যাচ্ছিল। রাস্তায় তাদের পিপাসা লাগল। তারা একটু পানির জায়গায় গিয়ে পৌঁছল। তাঁদের মধ্যে থেকে একজন বলল, তোমরা যদি এ জায়গাটি ছেড়ে এগিয়ে যাও, তো ভাল হয়। আমার ভয় হচ্ছে যে এই পানি খেলে আমাদের মারাত্মক ক্ষতি হতে পারে। তাছাড়া সামনেও পানি রয়েছে। সুতরাং তারা ফের চলতে শুরু করল। অবশেষে সন্ধ্যা হয়ে গেল। কিন্তু পানির কাছ পর্যন্ত পৌছতে পারল না। তখন তারা পরস্পর বলাবলি করতে লাগল, হায় যদি সেই কটু পানির দিকেই ফিরে যাওয়া যেত, এরপর তারা রাতভর সফর চালু রাখল। অবশেষে তারা এক বাবলা গাছের কাছে গিয়ে থামল। তখন তাদের কাছে এক কালো মোটাতাজা জওয়ান দেখা দিল। সে বলল, হে যাত্রীদল, আমি শুনেছি জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُحِبَّ لِلْمُسْلِمِينَ مَا يُحِبُّ لِنَفْسِهِ وَيَكْرَهُ لِلْمُسْلِمِينَ مَا يَكْرَهُ لِنَفْسِهِ
যে ব্যক্তি আল্লাহতে ও কিয়ামত দিবসে বিশ্বাস রাখে তার উচিত মুসলমানদের জন্য তাই পছন্দ করা যা সে নিজের জন্য পছন্দ করে এবং মুসলমানদের জন্য তাই অপছন্দ করা যা সে নিজের জন্য অপছন্দ করে।

অতএব, তোমরা এখান থেকে রয়াওনা হয়ে যাও। যেতে যেতে তোমরা এক টিলার কাছে পৌঁছবে, তোমরা তার ডানদিকে বাঁক নেবে। ওখানে তোমরা পানি পেয়ে যাবে।
অন্য একজন বলল, শয়তান এ ধরনের কথা বলে না, যে ধরনের কথা ও বলেছে। নিশ্চয়ই ও কোনও মু'মিন জ্বিন। সুতরাং সেই আগন্তুকের কথা মতো ওরা এগিয়ে গেল। এবং সেখানে পানিও পেল। (২৭)

টিকাঃ
(২৭) ইবনে আবিদ দুনয়া, আল্ হাওয়াতিফ (১০৪), পৃষ্ঠা ৯০।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 আরও এক হাদীস বর্ণনাকারী জিন

📄 আরও এক হাদীস বর্ণনাকারী জিন


আপন পিতার সূত্রে বর্ণনা করেছেন ইবনে হিব্বানঃ কোনও এক এলাকায় সফর করছিল, তাইম গোত্রের একদল যাত্রী। পথে তাদের প্রচণ্ড পিপাসা লাগে। তখন তারা (অदृश्य থেকে) শুনতে পায় এক ঘোষকের কণ্ঠ- আমি শুনেছি, রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
إِنَّ الْمُسْلِمَ أَخُوا الْمُسْلِمِ وَعَيْنُ الْمُسْلِمِ
মুসলমান মুসলমানের ভাই.ও তার তত্ত্বাবধায়ক। অতএব, অমুক স্থানে একটি কুয়ো আছে। তোমরা সেখানে চলে যাও এবং সেখান থেকে পানি পান করো। (২৮)

টিকাঃ
(২৮) মাকারিমুল আল্লাকু খরায়িতী।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 রাস্তায় মৃত জিন

📄 রাস্তায় মৃত জিন


একবার হযরত উমর বিন আব্দুল আযীয (রহঃ) খচ্চরের পিঠে সওয়ার হয়ে আপন সহযাত্রীদের সাথে সফর করছিলেন। যেতে যেতে হঠাৎ রাস্তায় পড়ে থাকা এক মৃত জ্বিনের কাছে পৌছলেন। সেখানে তিনি বাহন থেকে নেমে পড়ে হুকুম দিলেন, একে রাস্তা থেকে সরিয়ে দাও। তারপর তার জন্য একটি গর্ত খনন করালেন এবং তাতে তাকে চাপা দিলেন। তারপর গন্তব্যে রওয়ানা হলেন। হঠাৎ এক জোরালো গলার আওয়াজ শুনলেন, যদিও তিনি কাউকে দেখতে পাচ্ছিলেন না। সে বলছিলঃ
হে আমীরুল মু'মিনীন! আল্লাহর তরফ থেকে আপনার কল্যাণ হোক। আমি এবং আমার ওই সাথী- যাকে আপনি এইমাত্র দাফন করলেন- সেই (জ্বিন) দলের অন্তর্গত, যাদের সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন- وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ
(হে নবী) আমি তোমার প্রতি একদল জ্বিনকে আকৃষ্ট করেছিলাম যারা কোরআন পাঠ শুনছিল। (২৯)

যখন আমরা আল্লাহ্ ও তাঁর রসূলের প্রতি ঈমান এনেছিলাম, তখন রসূলুল্লাহ (সাঃ) আমার ওই সাথীকে বলেছিলেন- أَما أَنَّكَ سَتَمُوتُ فِي أَرْضِ غُرْبَةٍ يُدْفِنُكَ فِيهَا يَوْمَئِذٍ خَيْرَ أَهْلِ الأرض
তুমি বিদেশে মারা যাবে। সেখানে তোমাকে দাফন করবে (সেই সময়ের) পৃথিবীর সেরা ব্যক্তি। (৩০)

টিকাঃ
(২৯) সূরা আল আহক্বাফ, আয়াত ২৯।
(৩০) ইবনে আবিদ দুনইয়া, আল্ হাওয়াতিফ, পৃষ্ঠা ৩৮, হাদীস নং ২৪।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 আরও একটি বিবরণ

📄 আরও একটি বিবরণ


হযরত আব্বাস বিন আবূ রশিদ তাঁর পিতার থেকে বর্ণনা করেছেনঃ একবার হযরত উমর বিন আব্দুল আযীয (রহঃ) আমাদের মেহমান হন। তিনি ফিরে যাবার সময় আমার গোলাম আমাকে বলল, 'আপনিও ওর সঙ্গে সওয়ার হয়ে যান এবং ওঁকে 'আল বিদা' জানিয়ে আসুন। সুতরাং আমিও সওয়ার হয়ে গেলাম।
আমরা এক উপত্যকার কাছ থেকে যাবার সময় দেখতে পেলাম, ওখানে রাস্তার উপর ছুঁড়ে দেওয়া একটি মরা সাপ পড়ে আছে। তা দেখে হযরত উমর বিন আবদুল আযীয নেমে পড়লেন এবং তাকে একদিকে সরিয়ে (মাটি) চাপা দিয়ে দিলেন। তারপর তিনি বাহনে উঠলেন। আমরা ফের চলতে শুরু করলাম। এমন সময় অদৃশ্য থেকে কাউকে বলতে শুনলাম, 'হে খরক্কা, হে খরক্কা!' আমরা ডাইনে-বাঁয়ে ঘুরে দেখলাম। কিছুই চোখে পড়ল না। হযরত উমর বিন আবদুল আযীয (রহঃ) তার উদ্দেশে বললেন, আমি তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, তুমি যদি প্রকাশ্যদের অন্তর্গত হয়ে থাকো, তবে আমাদের সামনে প্রকাশ হও; এবং অপ্রকাশ্যদের অন্তর্গত হয়ে থাকলে আমাদের' 'খরক্কা'র বিষয়ে জানাও।' সে বলল, 'ওই যে সাপটিকে আপনি ওখানে দাফন করলেন, ওর সম্পর্কে আমি রসূলুল্লাহ (সাঃ)-কে বলতে শুনেছি, তিনি ওকে বলেছিলেন-
يَا خَرَقَاءُ تَمُوتِينَ بِفَلَاةٍ مِنَ الْأَرْضِ وَيَدْفِنُكَ خَيْرُ مُؤْمِنٍ مِنْ أَهْلِ الْأَرْضِ يَوْمَئِذٍ
হে খরক্কা, তুমি মারা যাবে জনশূন্য প্রান্তরে এবং তোমাকে দাফন করবে সেই যুগের পৃথিবীর সেরা ব্যক্তি।'
হযরত উমর বিন আব্দুল আযীয (রহঃ) জিজ্ঞাসা করেন, তুমি স্বয়ং একথা নবীজীকে বলতে শুনেছ কি? সে বলল, জী, হ্যাঁ। তখন হযরত উমর বিন আব্দুল আযীযের চোখ অশ্রুসজল হয়ে ওঠে। তারপর আমরা ফিরে যাই। (৩১)

টিকাঃ
(৩১) দালায়িলুন নুবুউঅত, বাইহাকী, ৬:৪৯৪, ৪৯৫। ইবনে কাসীর, ৬ঃ ২৪৮।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00