📄 ‘এক জিন সাহাবীর শাহাদাতের আশ্চর্য ঘটনা
হযরত ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত: জনাব রসূলুল্লাহ (সাঃ) কয়েকজন সাহাবীর সঙ্গে সফর করছিলেন। এমন সময় এক ঘূর্ণি হাওয়া এসে তাঁদেরকে (কিছুটা) উড়িয়ে নিয়ে গেল। তারপর তার চাইতেও জোরালো এক ঘূর্ণি হাওয়া এসে ছড়িয়ে পড়ল। তারপর আমরা দেখলাম, একটি সাপ মরে পড়ে আছে। তো আমাদের মধ্যে এক ব্যক্তি নিজের চাদরকে দু'টুকরো করলেন এবং এক টুকরোয় সেই মরা মাপটিকে কাফন দিয়ে দাফন করে দিলেন। রাতের বেলায় দুই মহিলা (আমাদের কাছে এসে) জিজ্ঞাসা করছিলেন, আপনাদের মধ্যে কে উমার বিন জাবির (রাঃ)-কে দাফন দিয়েছেন? আমরা বললাম আমরা তো উমার বিন জাবিরকে জানি না। তখন সেই মহিলারা বললেন, আপনারা সাওয়াবের প্রত্যাশায় ওই কাজ করেছেন, তা আপনাদের পাওনা হয়ে গেছে। (তো শুনুন) কিছু পাপী জ্বিন মু'মিন জ্বিনদের সাথে লড়াই করেছে এবং ওরা উমার বিন জাবির (রাঃ)-কে হত্যা করেছে। উমার বিন জাবির রাঃ ছিলেন সেই সাপের আকারে, যাকে আপনারা দেখেছেন (এবং দাফন করেছেন। উনি ছিলেন সেইসব সম্মানিত জ্বিনদের অন্তর্গত, যাঁরা জনাব রসূলুল্লাহ্ (সাঃ)-এর থেকে কোরআন শরীফ শুনেছিলেন এবং তারপর আপন সম্প্রদায়ের কাছে উপদেশদাতা হয়ে ফিরে এসেছিলেন। (২)
টিকাঃ
(২) ইবনুস্ সালাম।
📄 শহীদ জিনের থেকে সুগন্ধি
হযরত মু'আয বিন উবাইদুল্লাহ বিন মুআম্মার (রহঃ) বর্ণনা করেছেন: আমি হযরত উসমান (রাঃ)-এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তাঁর কাছে একটি লোক এসে বলল, আমি আপনাকে এক বিস্ময়কর ঘটনা শুনাতে চাইছি: আমি এক (সফরে) বিশাল মরুভূমির মধ্যে ছিলাম। এমন সময় আমার সামনে দু'টো ঘুর্ণি হাওয়া এল- একটা একদিক থেকে আরেকটা আরেক দিক থেকে। উভয়ের মধ্যে টক্কর লাগল এবং মুকাবিলা হল। তারপর ঘূর্ণি হাওয়া দু'টো আলাদা হয়ে গেল। উভয় ঘূর্ণির মধ্যে একটা ছিল আরেকটার চেয়ে বেশি জোরালো। ঘূর্ণি দু'টো যেখানে মিলিত হয়েছিল, সেখানে আমি যেয়ে দেখতে পেলাম যে, ওখানে বহু সংখ্যক সাপ পড়ে রয়েছে। এক সাথে এত সাপ আমার চোখে কখনও দেখিনি। ওই সাপগুলোর মধ্যে কোনও এক সাপের শরীর থেকে মৃগনাভীর খুশবু আসছিল। এবং ওখানে একটি হালকা সবুজ রং এর সাপও পড়েছিল। আমি ওই সাপটাকে উল্টে-পাল্টে দেখতে লাগলাম, যাতে বুঝতে পারি যে কোন সাপের গা থেকে সুগন্ধি আসছে। তো জানা গেল, ওই সুগন্ধি সেই হালকা সবুজ রঙের সাপটির গা থেকে আসছিল। আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে, এটা ওর কোনও সৎকাজের কারণে হচ্ছে। সুতরাং আমি ওই সাপটিকে নিজের পাগড়িতে জড়িয়ে দাফন করে দিলাম। এরপর আমি (নিজের গন্তব্যে) যাচ্ছিলাম। এমন সময় এক ঘোষকের কণ্ঠস্বর শুনলাম। যাকে আমি দেখতে পাচ্ছিলাম না। সে বলল, 'ওহে আল্লাহর বান্দা! এ তুমি কী করলে?' আমি ওকে সব কথা বললাম, যা-কিছু দেখেছি। সে বলল, 'তুমি ঠিকই করেছ। ওরা (ওই দুই ঘূর্ণি হাওয়া) ছিল জ্বিনদের দুটি গোত্র। বনূ শাইআন ও বনু আকিয়াশ। ওদের উভয়ের মধ্যে সংঘর্ষ ও লড়াই হয়েছে। ওদের নিহতদের মধ্যে একজন ছিলেন সেই ব্যক্তিও যাকে তুমি দেখেছ (এবং কাফন-দাফন দিয়েছ) উনি ছিলেন সেই সম্মানিত জ্বিনদের অন্তর্গত, যাঁরা নবী করীম (সাঃ) এর কাছ থেকে পবিত্র কোরআন শুনেছিলেন। (৩)
টিকাঃ
(৩) ইবনে আবিদ দুনইয়া, কিতাবুল হাওয়াতিফ, ১৫৮, পৃষ্ঠা ১১৪। আকামুল মারজান, পৃষ্ঠা ৪৩।
📄 এক সাহাবী জিনের লাশ মৃত্যুর ঘটনা
হযরত কাসীর বিন আব্দুল্লাহ আবূ হাশিম তাজী (রহঃ) বলেছেন: আমরা হযরত আবূ রিজা আতারদ্দী (রহঃ)-এর কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাস করি যে, আপনার কাছে সেই জ্বিনদের কোনও খবর আছে কি, যারা মহানবী (সাঃ)-এর হাতে বায়য়াত (দীক্ষা বা আনুগত্যের শপথ) গ্রহণের সৌভাগ্য অর্জন করেছিল? এ প্রশ্ন শুনে তিনি মৃদু হাসলেন এবং বললেন, আমি সেই কথা বলছি, যা আমি খোদ দেখেছি এবং শুনেছি। ঘটনা হল এই যে, আমরা এক সফরে ছিলাম। পথিমধ্যে পানি পাওয়া যায়- এমন এক জায়গায় আমরা যাত্রাবিরতি দিলাম এবং নিজেদের তাঁবু ফেললাম। দুপুরে আমি আরাম করার জন্য আমার তাঁবুতে চলে গেছি। এমন সময় দেখি তাঁবুর বাইরে একটি সাপ ছটফট করছে। আমি পানি পাত্র দিয়ে তার গায়ে ছিটিয়ে দিলে সে শান্ত হল। যখন আসরের নামায আদায় করি তখন সাপটি মারা গেল। আমি আমার থলে থেকে একটা সাদা কাপড় বের করে সাপটিকে জড়াই এবং গর্ত খুঁড়ে তাতে দাফন করে দেই। তারপর বাকি দিন ও রাত আমরা সফর চালু রাখি। পরের দিন বেলা বাড়লে আমরা এক পানির জায়গায় যাত্রাবিরতি দিই এবং তাঁবু ফেলি। তারপর দুপুরে যখন আমি আরাম করছি এমন সময় (বহুলোকের কণ্ঠ) দু'বার আসসালামু আলাইকুম এর আওয়াজ শুনলাম। ওই সালামদাতারা এক, দশ, একশ হাজার ছিল না বরং ছিল তার চেয়েও বেশি। আমি উদের ওদ্দেশে জিজ্ঞাসা করলাম, 'তোমরা কারা?' ওরা বলল, 'আমরা জ্বিন। আল্লাহ আপনাকে বরকত দিন। আপনি আমাদের এমন একটি কাজ করে দিয়েছেন, যার প্রতিদান দেবার সাধ্য আমাদের নেই।' আমি জানতে চাইলাম, 'আমি তোমাদের কী কাজ করে দিয়েছি?' ওরা বলল, 'যে সাপটি আপনার সামনে ইন্তেকাল করেছেন তিনি ছিলেন সেইসব শেষ জ্বিনদের অন্তর্গত যাঁরা মহানবী মুহাম্মদ (সাঃ)-এর বায়আতের সৌভাগ্য হাসিল করেছিলেন। (৪)
টিকাঃ
(৪) ইবনে আবিদ দুনইয়া, ৩৫, পৃষ্ঠা ৩৯। হিলইয়া, আবু নুআইম, ২:৩০৪। দালায়িলুন নুবুয়ত, আবু নুআইম ইস্পাহানী, ২: ১২৭।
📄 মহানবীর (সাঃ) কাছে এসেছিল জিনদের কয়েকটি প্রতিনিধি দল
আকামুল মার্জ্জানের গ্রন্থকার ইমাম শিবলী (রহঃ) বলেছেন, এতে কোন সন্দেহ নেই যে, হিজরতের পর মক্কা ও মদীনায় মহানবী (সাঃ)-এর কাছে জ্বিনদের প্রতিনিধিদল কয়েকবার এসেছিল।