📘 জীবন পথে সফল হতে > 📄 Know Thyself

📄 Know Thyself


আত্মোন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে প্রথম ধাপ হলো নিজেকে চিনতে পারা। নিজের শক্তিমত্তা কতটুকু, দুর্বলতাই বা কতটুকু—তা উপলব্ধি করতে পারা। পাশাপাশি নিজের ইতিবাচক বা নেতিবাচক দিক এবং অর্জন বা ব্যর্থতা সম্পর্কে জ্ঞান রাখা। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে, আগের প্রজন্মের চাইতে এ প্রজন্মের ছেলেমেয়েদের যেকোনো কিছু বুঝতে পারার ক্ষমতা অনেক বেশি। কারণ, এ যুগে শিক্ষার অনেক বিস্তার ঘটেছে, প্রচার-মাধ্যমের সংখ্যাও অগণিত। ইন্টারনেটের কল্যাণে যে কোনো তথ্য এখন হাতের মুঠোয়। তারপরও এ কথা স্বীকার করতেই হবে, নিজেকে চিনতে পারা রীতিমতো দুঃসাধ্য। কেন দুঃসাধ্য—তা অবশ্য ব্যাখ্যার দাবি রাখে। বিশদ ব্যাখ্যায় না গিয়ে ছোট একটা উদাহরণ দেওয়া যাক।
যদি কাউকে তার ব্যক্তিত্বের পাঁচটি শক্তির জায়গা আর পাঁচটি দুর্বলতার জায়গা চিহ্নিত করতে বলা হয়, তাহলে সে স্পষ্ট বা অকাট্য কোনো উত্তর দিতে পারবে না; বরং যে উত্তরই দেবে তা নিয়ে সংশয় বা মতভেদের সৃষ্টি হবে।
তাহলে এ দুঃসাধ্য কাজ আমরা কীভাবে করব? কীভাবে নিজেকে চিনতে পারব? সত্যি বলতে, নিজেকে চিনতে পারা কঠিন হলেও অসম্ভব কিছু নয়। এ ব্যাপারে আমরা কিছু পদ্ধতি বা মাধ্যমের আশ্রয় নিতে পারি। যেমন—
একজন বুদ্ধিমান, শুভাকাঙ্ক্ষী বন্ধুর কাছে নিজ চরিত্রের ভালো-মন্দ দিক সম্পর্কে জিজ্ঞেস করা যেতে পারে। তবে এক্ষেত্রে তাকে বেশ জোরালোভাবে সত্যটা জানাতে হবে। তার মন্তব্যগুলো টুকে রেখে পরবর্তী সময়ে আমরা তা নিয়ে চিন্তা-ভাবনা করতে পারি। এক্ষেত্রে মনে রাখতে হবে যে, বন্ধুরা আমাদের সম্পর্কে যা বলে,
তা তাদের চিন্তাপ্রসূত। তাদের ধারণা ঠিক হতে পারে, ভুলও হতে পারে। তবে নিজেকে যাচাই করতে মন্তব্যগুলো সাদরে গ্রহণ করা উচিত।
নিজেকে চেনার আরও একটি উপায় হলো, নিজের অনুভূতি, ধ্যান-ধারণাকে আলোচনা, সমালোচনার উপযোগী করে তোলা। অনুভূতিকে সুন্দর বাক্যে সাজিয়ে নিলে পর্যালোচনা সহজ হয়। যেমন নিজের সম্পর্কে এভাবে বলা যেতে পারে— আমার কল্পনাশক্তি বেশ প্রখর, আমি সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারি, কোনো ফরয কাজে ঘাটতি করি না, আবার বুদ্ধিমত্তার সাথে সুস্পষ্টভাবে নিজের মতামত ব্যক্ত করতে পারি। একইভাবে নিজের দুর্বলতাগুলোও উল্লেখ করা যেতে পারে—সময় নষ্ট করার কারণে আমি অনেক কিছু অর্জনে ব্যর্থ হই, মায়ের সাথে আমার সম্পর্ক যতটা ভালো হওয়া উচিত, ততটা নয়, অথবা বন্ধুরা আমাকে খেলায় নিতে আপত্তি করে ইত্যাদি।
খেয়াল রাখতে হবে যে, এ রকম বর্ণনা কেবল প্রাথমিক ধারণা উপস্থাপন করে। বার বার আত্ম-জিজ্ঞাসার মাধ্যমে এ ধারণাগুলোর পরিবর্তন আনতে হবে। আমাদের ফরয ইবাদতে গাফলতি আছে কি না, কবীরা গুনাহ থেকে বেঁচে থাকতে আমরা সতর্ক কি না—এসব ব্যাপারে প্রতি মুহূর্তে নিজের প্রতি লক্ষ্য রাখতে হবে। নিজের মাঝে নেতিবাচক কিছু পেলে তৎক্ষণাৎ তা থামিয়ে দিতে হবে, তাওবা করতে হবে। আমাদেরকে নিজেদের কুপ্রবৃত্তির বিপরীতে জোরালো অবস্থান নিতে হবে। আর যদি এমন হয়, আমরা নিজেদের মাঝে তেমন বড়সড় কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, তাহলে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
নিজেকে জানার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো—তুলনা করা। আমরা প্রত্যেকেই নিজের সাথে এমন বন্ধুদের তুলনা করতে পারি, যারা কিনা আমাদের মতোই জীবন-যাপন করছে, আমাদের মতোই যাদের সক্ষমতা। তাদের অর্জনগুলোর দিকে মনোযোগের সাথে তাকাতে হবে, তাদের ভালো কাজগুলোকে অনুসরণ করতে হবে। তাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে নিজের সাথে মেলাতে হবে। তখনই বোঝা যাবে, আমাদের অবস্থা কি এর চেয়ে ভালো, না খারাপ?
তাই নিজ সত্তাকে রহস্যময় কিছু মনে করে বসলে চলবে না। এটা অহংকারের বহিঃপ্রকাশ; বরং নিজ সত্তাকে ক্রমাগত আবিষ্কারের চেষ্টা চালিয়ে যেতে হবে। নিজেকে জানতে হবে আত্মোন্নয়নের জন্য; নিজের দোষ-ত্রুটি খুঁজে বের করে মনে
কষ্ট পাবার জন্য নয়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, ইসলামী দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানুষই এ পৃথিবীর কেন্দ্রবিন্দু। তাই মানুষ যতই নিজেকে চিনতে পারবে, ততই সে এ জগতকে আবিষ্কার করতে সক্ষম হবে।

📘 জীবন পথে সফল হতে > 📄 সম্মান দিলে সম্মান মিলে

📄 সম্মান দিলে সম্মান মিলে


বর্তমান সমাজ-সভ্যতা, উন্নতি, শিক্ষা ও নগরায়নের চূড়ায় আরোহণ করেছে।
এ সব কিছুই আল্লাহর প্রশংসাকে আবশ্যক করে দেয়। এখনকার মানুষকে আর আদিম যুগের মানুষের মতো দলবদ্ধ হয়ে জীবন কাটাতে হয় না। প্রযুক্তির কল্যাণে মানুষ অনেকটাই আত্মনির্ভরশীল, জনবিচ্ছিন্ন; কিন্তু আমরা যেন ভুলে না যাই যে, একাকিত্বের ফলে নিজের মাঝে অত্যাচারের প্রবণতা ও কঠোরতা জন্ম নেয়। এটা অনেকটা সুপ্ত ভাইরাসের মতো, যা যেকোনো সময় প্রকাশিত হতে পারে। এজন্য আমাদের কখনোই একে জেগে ওঠার সুযোগ দেওয়া যাবে না। অন্যথায় আমাদের সমাজের পতন অনিবার্য। আল্লাহ তাআলা আমাদেরকে এক মহান দিক-নির্দেশনা দিয়েছেন, যা একে অপরকে সম্মান করতে শেখায়। তিনি বলেন—
وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا
আর তোমরা মানুষদের সাথে উত্তম কথা বলো।[১]
তাই অপরের সাথে ভালোভাবে কথা বলতে হবে, সদাচরণ করতে হবে, নম্র ব্যবহার করতে হবে। সেইসাথে তাদেরকে উপযুক্ত পরামর্শ দিতে হবে। মানুষ যতই সভ্যতার সিঁড়ি বেয়ে উঠবে, ততই অন্যদের থেকে আরও বেশি সম্মান পেতে চাইবে। এ কারণে আমাদের সবার উচিত, কথাবার্তা ও আচার-ব্যবহারের দিকে সূক্ষ্মভাবে খেয়াল রাখা। যাতে করে অনিচ্ছাবশতও একে অপরকে কষ্ট না দিয়ে
ফেলে। এ ক্ষেত্রে ‘সোনালী সূত্র’ হলো, ‘আমরা মানুষের সাথে তেমনভাবেই কথা বলব, যেমনটা আমরা তাদের কাছে প্রত্যাশা করি’। এ সূত্র মেনে চলতে পারলে অনেক সামাজিক সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর খুব সুন্দর একটি বাণী রয়েছে—
❝ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ ❞ তোমাদের কেউ ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে, যা সে নিজের জন্য পছন্দ করে।[১]
মানুষের একটি সহজাত প্রবৃত্তি হচ্ছে—সে সবসময়ই এমন কারও প্রয়োজন বোধ করে, যে কি না তাকে সম্মান করবে, তার প্রশংসা করবে, তাকে উৎসাহিত করবে বা গুরুত্ব দেবে। এক মনীষী বলে গেছেন—
এ কথা তো প্রবাদতুল্য যে—প্রতিটা মানুষের কপালেই লেখা আছে : প্লিজ, আমাকে গুরুত্ব দাও। আমাকে এড়িয়ে যেয়ো না।
প্রশ্ন হচ্ছে, অপরকে আমরা কীভাবে সম্মান দেখাতে পারি? ছোট ছোট কিছু সৌজন্যের মাধ্যমে সহজেই মানুষকে সম্মান করা যায়। রাস্তাঘাটে যাদের সাথেই দেখা হচ্ছে, তাদেরকে আমরা সালাম দিতে পারি। তাদের দিকে তাকিয়ে মুচকি হাসতে পারি, অথবা কুশল বিনিময় করতে পারি। এছাড়াও কোনো ভুল হলে মাফ চেয়ে, বিপদাপদে সাহায্য করার মাধ্যমে আমরা অপরকে সম্মান দেখাতে পারি।
আমাদের একে অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এক জ্ঞানী ব্যক্তি বলেছিলেন—
অহংকারী ব্যক্তি পাহাড়ের ওপর আরোহণকারীর মতো। সে নিচের মানুষজনকে ছোট মনে করে। আর নিচের মানুষজনও তাকে ছোট মনে করে।
বস্তুত অহংকারী ব্যক্তিরা পারস্পরিক ঘৃণার বার্তা ছড়িয়ে দেয়। অন্যদিকে আমাদের
দ্বীনের শিক্ষা পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গুরুত্বপ্রদানের শিষ্টাচার শেখায়। এজন্য সবার উচিত, নিজেদের ভেতরে আত্ম-সমালোচনার গুণকে জাগিয়ে তোলা। কারণ, এর মাধ্যমেই মানুষকে সম্মান করা সম্ভব।
নিঃসন্দেহে সমাজে এমন কিছু মানুষ আছেন, যারা বিশেষ সম্মান পাওয়ার যোগ্য। যেমন-মা-বাবা, শিক্ষকমণ্ডলী, বয়োবৃদ্ধ ব্যক্তি এবং যেসব মানুষ অন্যের উপকার করেন, দেশের উপকার করেন তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
❝ لَيْسَ مِنْ أُمَّتِيْ مَنْ لَّمْ يُجِلَّ كَبِيْرَنَا وَيَرْحَمْ صَغِيْرَنَا وَيَعْرِفْ لِعَالِمِنَا حَقَّهٗ
❞ সে আমার উম্মাতের অন্তর্ভুক্ত নয়, যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না এবং আলিমদের মর্যাদা দিতে জানে না।[১]
তিনি আরও বলেন-
❝ إِنَّ مِنْ إِجْلَالِ اللَّهِ إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ، وَحَامِلِ الْقُرْآنِ ، غَيْرِ الْغَالِي فِيْهِ ، وَلَا الْجَافِي عَنْهُ ، وَإِكْرَامَ ذِيْ السُّلْطَانِ الْمُقْسِطِ
❞ নিশ্চয় আল্লাহকে সম্মান করার অংশ হচ্ছে বৃদ্ধ মুসলিমকে সম্মান করা, এমন কুরআন বহনকারীকে সম্মান করা, যে কুরআনের ক্ষেত্রে বাড়াবাড়িও করে না আবার শিথিলতাও দেখায় না, এবং ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা।[২]
তাই আমরা যারা সম্মানিত হতে চাই, তারা যেন মানুষকেও একইভাবে সম্মান করি। কারণ, সৎ, ভদ্র ও উত্তম ব্যক্তি কখনোও রং পরিবর্তন করে না, মানুষের সাথে বহুমুখী আচরণ করে না; বরং সে সবাইকে সম্মান করে, সবার সাথেই ধৈর্য ধরে। সে সবাইকে বোঝার চেষ্টা করে, সাহায্য করে। তাই তো সে সবার কাছেই সম্মানিত ও গ্রহণযোগ্য। এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। মানুষকে ততক্ষণ পর্যন্তই সম্মান দেখানো উচিত, যতক্ষণ পর্যন্ত তাদের প্রচেষ্টা, পছন্দ ও কাজ বৈধতার সীমার
মাঝে থাকে। তাছাড়া কথা বলার সময় আমাদের অবশ্যই ভেবে-চিন্তে শব্দ বাছাই করা উচিত। সবসময় চেষ্টা করা উচিত এমন শব্দ বাছাই করার, যা আমাদের মৌলিকত্বকে ফুটিয়ে তোলে এবং নীচতা থেকে রেহাই দেয়। এমন শব্দ ব্যবহার করা যাবে না, যা সাধারণত খারাপ মানুষেরা ব্যবহার করে থাকে।
সেইসাথে খেয়াল রাখতে হবে, আমাদের কথা ও কাজ যেন কারও বিরক্তির উদ্রেক না করে, কাউকে কষ্ট না দিয়ে ফেলে। আমাদের ব্যবহারও যেন বিনম্র হয়। আর এসব গুণ আয়ত্তে আনতে এ সংক্রান্ত বই পড়ার বিকল্প নেই।

টিকাঃ
[১] সূরা বাকারা, ০২:৮৩
[১] সহীহ বুখারী, ১৩; সহীহ মুসলিম, ৪৫
[১] মাজমাউয যাওয়ায়িদ, খণ্ড: ০১; পৃষ্ঠা: ১৩২; হাদীসটি হাসান
[২] সহীহুত তারগীব, ৯৮; হাদীসটি হাসান

📘 জীবন পথে সফল হতে > 📄 প্রত্যেকেরই সহ্যের সীমা আছে

📄 প্রত্যেকেরই সহ্যের সীমা আছে


আমাদের জীবনের সীমাবদ্ধতা আছে। মানুষের, এমনকি বস্তুরও সীমাবদ্ধতা আছে। কেউ যদি এ সীমাবদ্ধতাকে মেনে না নেয়, একে নিয়ে চিন্তা-ভাবনা না করে, তাহলে নিশ্চিতভাবে সে নানান সমস্যার মুখোমুখি হবে। সাধ্যের অতিরিক্ত কোনো কিছু কারও ওপর চাপিয়ে দিলে তাকে হারাতে হয়। আবার এমনও হতে পারে, তা বুমেরাং হয়ে আমাদের দিকেই ফিরে আসবে। তাই সৃষ্টির সীমাবদ্ধতা এবং এর ওপর সাধ্যাতীত ভার নিয়ে চিন্তা-ভাবনার অবকাশ রয়েছে। কয়েকটি উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে।
যেমন ধরা যাক বিল্ডিং-এর কথা। বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের জন্য আমাদেরকে কিছু পিলার দাঁড় করাতে হয়। এ পিলারগুলোর নির্দিষ্ট ধারণক্ষমতা রয়েছে। এ ধারণক্ষমতার চেয়ে বেশি ভার চাপিয়ে দিলে এগুলো হেলে পড়বে। আর পিলার হেলে পড়লে সেটি থাকা আর না থাকার মাঝে কোনো পার্থক্য নেই। এতে ছাদটাও ধ্বসে পড়বে।
এটা ছিল একটি বস্তুগত উদাহরণ, যা বুঝতেও বেশ সহজ। এবার মানুষের বিবেক ও মূল্যবোধের সীমাবদ্ধতা নিয়ে উদাহরণ দেওয়া যাক। পারিবারিক পরিমণ্ডলে আমাদের যে মূল্যবোধ আর বিবেক গড়ে ওঠে, তারও একটা সহ্যসীমা রয়েছে। যখন আমরা কোনো পাপ কাজ করি, অথবা এমন পরিবেশে যাই-যেখানে পাপাচার খুব স্বাভাবিক ব্যাপার; তখন আমাদের বিবেকের ওপর সাধ্যাতীত বোঝা চেপে যায়। যেমন কেউ খারাপ বন্ধুদের সংস্পর্শে গেলে শয়তান তাদের সাথে একত্র হয়ে তার সর্বনাশ করে। যেসব ছেলে-মেয়ে পথভ্রষ্ট হয় তাদের অধিকাংশেরই এ পরিণতির কারণ হলো, তারা চরিত্রের দিক দিয়ে অস্বাভাবিক কিছু চ্যালেঞ্জের
মুখোমুখি হয়েছিল। আর এ চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো সহ্যক্ষমতা তাদের ছিল না। বিবেকবান ব্যক্তিদের এখান থেকে শেখার আছে।
আবার মেধা আর বুদ্ধিমত্তার ব্যাপারটাই ধরা যাক। অনেকেই আছে—যারা মেধা ও বুদ্ধিতে অন্যদের চাইতে এগিয়ে। তবু তারা আশানুরূপ সফলতা লাভ করতে পারে না। এর কারণ, তাদের সহজাত গুণাবলির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা। তারা সফলতার পথে নিজেদের বুদ্ধিমত্তা ও মেধার ওপর সাধ্যের চেয়ে বেশি বোঝা চাপিয়ে দিয়েছে। চারপাশের ঘটনা পর্যবেক্ষণ করলে বোঝা যায়, বুদ্ধিমত্তা সফলতার চাবিকাঠি নয়, বরং সফলতার একটি গুরুত্বপূর্ণ উপাদান মাত্র। এর পাশাপাশি লক্ষ্য নির্ধারণ ও দৃঢ় প্রত্যয়, পরিশ্রম, পড়াশোনা, জ্ঞান অর্জন, অধ্যাবসায় প্রয়োজন।
এ ব্যাপারে সৌন্দর্য দিয়ে আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে। কেউ কেউ নিজের সৌন্দর্যের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। সুন্দরীদের মাঝে অনেকে মনে করে যে, সৌন্দর্যের কারণে স্বামী তার সব ভুল মেনে নেবে, তার সব চাহিদা পূরণ করবে। সে বুঝতেই পারে না, বিয়ের কিছুদিন পার হলেই বাহ্যিক সৌন্দর্যে মানুষ অভ্যস্ত হয়ে যায়। তখন আত্মিক বা চারিত্রিক সৌন্দর্যই বিবেচনার বিষয় হয়ে দাঁড়ায়; কিন্তু যারা কেবল বাহ্যিক সৌন্দর্যের ওপর নির্ভর করে, কয়েকদিন পরই তাদের সংসার-জীবনে অশান্তি শুরু হয়। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তা তালাকেও গড়ায়।
উপরের উদাহরণগুলো খেয়াল করলে দেখা যাবে এগুলো সবই সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেওয়ার ফলাফল। এজন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে সীমার মাঝে থাকতে হবে। অতিরিক্ত আবেগ মানুষকে চরমপন্থার দিকে ঠেলে দিতে পারে। তাই সব কাজে ভারসাম্য রক্ষা করা খুব প্রয়োজন।

📘 জীবন পথে সফল হতে > 📄 যে দান যায় না বৃথা

📄 যে দান যায় না বৃথা


ছোটবেলায় আমাদের অনেকের ধারণা থাকে, সুখ-শান্তি মানে অর্থ, সৌন্দর্য আর সুস্বাস্থ্যের উপস্থিতি; কিন্তু বড় হওয়ার সাথে সাথে বাস্তবতা আমাদের সামনে স্পষ্ট হয়ে ধরা দেয়। আমরা ধীরে ধীরে বুঝতে পারি, প্রকৃত সুখ পাওয়া যায় আশেপাশের মানুষকে সাহায্য করার মাধ্যমে, তাদেরকে সুখী করার মাধ্যমে।
পরিণত বয়সে পৌঁছার আগ পর্যন্ত আমরা মনে করি, অভাবীকে খাবার খাওয়ানো এবং তাদেরকে টাকা-পয়সা দেওয়াই বুঝি দান; কিন্তু যখন পরিণত বয়সে পৌঁছাই, তখন আমাদের কাছে সুস্পষ্ট হয় যে, টাকা-পয়সার দানই প্রকৃত দান নয়; বরং টাকা-পয়সা ছাড়াও দান করার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আর সে দানগুলো আত্মা, বিবেক, দক্ষতা, আর সময়ের সাথে সম্পৃক্ত। সেগুলোই মূলত প্রকৃত দান। আসুন, আমরা প্রকৃত দানের কিছু রূপ জেনে নিই-
■ আমরা তখনই প্রকৃত দান করতে পারি, যখন কোনো দ্বীনী ভাইয়ের জন্য তার অজান্তেই মন থেকে দু'আ করি।
■ যখন কেউ আমাদের সাথে খারাপ আচরণ করলেও আমরা তাকে ক্ষমা করে দিই, তখন তা প্রকৃত দান হিসেবে বিবেচিত হয়। এতে আমাদেরই লাভ; কারণ, এর ফলে অন্তরাত্মা পরিশুদ্ধ হয়।
■ আমরা তখনই প্রকৃত দান করি যখন কেউ ক্ষমা চাইলে আমরা ক্ষমা করে দিই এবং তার অপরাধ মাফ করে দিই।
■ আমরা তখনই প্রকৃত দান করি, যখন কোনো মহৎ চিন্তা আমরা অন্যের মাঝে ছড়িয়ে দিই, যা তাদেরকে উত্তম জীবনের পথ দেখায়।
আমাদের দান তখনই প্রকৃত হয়, যখন মানুষ আমাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভালো কাজে এগিয়ে আসে।
তখনই আমাদের দান প্রকৃত হয়, যখন আমরা সৎ নাগরিক হই এবং দেশগঠনে অংশ নিই।
আমরা তখনই প্রকৃত দান করি, যখন আমাদের সাথে যে-ই চলাফেরা করে সে-ই অনুভব করতে পারে যে, আমাদের সাহচর্যে জীবনটা বেশ সুন্দর।
আমরা তখনই প্রকৃত দান করি, যখন আমরা কোনো দ্বীনী ভাইকে সহায়তা করার জন্য নিজের সময় ব্যয় করি।
আমরা তখনই প্রকৃত দান করি, যখন সমাজের দৃষ্টিতে সামান্য লোককেও আমরা সম্মান জানাই। কারণ, এটি আমাদের অভ্যাসের বিপরীত।
এক জ্ঞানী ব্যক্তি বলেন-
বস্তু দান করা কোনো চিন্তা দান করার মতো দামী নয়। আংটি, হীরাসহ যা-কিছু দামী বস্তু আমরা প্রিয়জনকে দিয়ে থাকি তা প্রকৃত দান না; বরং তা প্রকৃত দান না করতে পারার ওজর হিসেবে বিবেচ্য। প্রকৃত দান হলো জীবন থেকে দান করা।
আমাদের আল্লাহর এ বাণীটি ভেবে দেখা উচিত-
وَالَّذِينَ جَاءُوا مِن بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ
যারা তাদের পরে আগমন করেছে, তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে এবং ঈমানে অগ্রসর আমাদের ভাইদেরকে ক্ষমা করুন এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, আপনি দয়ালু, পরম করুণাময়।[১]
এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

إِنَّ دَعْوَةَ الْمَرْءِ الْمُسْلِمِ مُسْتَجَابَةٌ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ ، عِنْدَ رَأْسِهِ مَلَكُ مُوَكَّلٌ ، كُلَّمَا دَعَا لِأَخِيهِ بِخَيْرٍ قَالَ آمِينَ ، وَلَكَ بِمِثْلٍ
কোনো ব্যক্তির অগোচরে তার জন্য যদি কোনো মুসলিম ভাই দু'আ করে তাহলে তার জন্য সেই দু'আ কবুল করা হয়। তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। যখনই সে তার ভাইয়ের জন্য দু'আ করে তখনই সেই নিযুক্ত ফেরেশতা বলে, ‘আ-মীন। তোমার জন্যও অনুরূপ’। [১]
নবীগণ আলাইহিমুস সালাম ধন-সম্পদের অধিকারী ছিলেন না; কিছু ব্যতিক্রম বাদে। তারা তাদের জাতিকে কোনো জাগতিক বস্তু দিয়ে যেতে পারেননি; কিন্তু তারা দিয়ে গেছেন চিন্তা-চেতনা, জীবনপদ্ধতি, আর সুবিশাল লক্ষ্য। তাদের দিক-নির্দেশনাতেই আল্লাহওয়ালা দ্বীনের সংস্কারকবৃন্দরা পথ চলেছেন।
এজন্য আশেপাশের মানুষকে খুশি করতে সাধ্যমতো কাজ করে যেতে হবে। এটাই প্রকৃত দান। নিষ্ঠার সাথে কোনো মুসলিমের উপকার করা মানে নিজেদেরই উপকার করা। কারণ, এর মাধ্যমে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর রহমতে সিক্ত হওয়ার সুযোগ তৈরি হয়।
আমাদের মন উদার করতে হবে। বন্ধুদের সফলতায় হিংসে করলে চলবে না। কারণ, আমার ভাইয়ের সফলতা তো উম্মাহ্রই সফলতা! আমরা একে অন্যকে মুচকি হেসে, উত্তম অভ্যর্থনা দিয়ে আপন করে নেব। মানুষ ভালোবাসা আর মূল্যায়নের কাঙাল তাই আমাদের এই দানগুলোই বেশি বেশি করা উচিত।

টিকাঃ
[১] সূরা হাশর, ৫৯ : ১০
[১] সহীহ আদাবুল মুফরাদ: ৪৮৭; হাদিসটি সহীহ

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00