📘 জীবন যদি হতো নারী সাহাবীর মতো 📄 সেই মুহূর্তগুলি

📄 সেই মুহূর্তগুলি


সেই মুহূর্ত যখন অজু করে বিনয়ের সাথে দাঁড়াই, সালাত শুরু করি তাকবির ধ্বনিতে। চোখ শীতল হয়, প্রশান্ত হয় অন্তর। সেই মুহূর্ত যখন হয়ে যাই এক সংরক্ষিত মুক্তোদানা। লম্বা বোরকায় নিজেকে আবৃত করে পথ চলি। কোনো মুগ্ধ দৃষ্টি আমায় কুরে কুরে খায় না, এ নিয়ে আমাকে ভাবতেও হয় না। আল্লাহর সন্তুষ্টিই আমার জন্য যথেষ্ট।

সেই মুহূর্ত যখন মায়ের হাতে চুমু দিতে ঝুঁকে পড়ি। মা আমার প্রতি রাজি-খুশি হয়ে যান। আমি যখন অন্যদিকে ফিরি, তখন তার দুআ মেঘমালা ভেদ করে উড়ে চলে সুউচ্চ আসমানে। আমার মা তখন আসমানের রবের কাছে বিনয়ের সাথে প্রার্থনা করেন। প্রশান্ত হয় আমার অন্তর। সেই মুহূর্ত যখন বাবা আমার চরিত্র নিয়ে গর্ব করেন। ভরসা রাখেন আমার আচার-ব্যবহারে, সততা ও বিশ্বস্ততায়। আমিও নিজেকে রক্ষা করে চলি, যেন তিনি আমাকে রেখে নিশ্চিন্ত মনে চলে যান। কারণ, তিনি জানেন আমি পবিত্র।

সেই মুহূর্ত যখন একজন নেককার বান্দা আমার সঙ্গী। আমরা একত্রে কুরআনের সুধা পান করি, আস্বাদন করি ঈমানের স্বাদ। একই সাথে ছুটে চলি রবের নির্দেশিত পথে। সেই মুহূর্ত যখন আমার হাত থাকে ইয়াতিমের মাথার ওপর, যখন এ হাত নিঃস্বদের সাহায্য করে, বোঝা বহন করে কোনো বিধবার। যখন তাদের সংকীর্ণতার মুহূর্তে আমি প্রশস্ত হয়ে দাঁড়াতে পারি। তাদের অন্ধকারাচ্ছন্ন পথে যখন হতে পারি এক ঝলক আলো।

সেই মুহূর্ত যখন হৃদয়ের সমস্ত আকুলতা সংরক্ষণ করে রাখি নেক সঙ্গীর জন্য; যতক্ষণ না সে আসে, অবমুক্ত করে আমার পবিত্র অনুভূতি। সেই মুহূর্ত যখন আমি ব্যথিত মানুষের অশ্রু মুছে দিই, তাদের অন্তরে বুনে দিই আশার বীজ। যখন তার অশ্রুসিক্ত মুখে ফুটে ওঠে মুচকি হাসি। মনে মনে খুশি হই কল্যাণকর কিছু করতে পেরে। সেই মুহূর্ত যখন আমার মস্তক জমিনে ঠেকে। আমি সিজদা করি কেবল আমার রবের জন্যই, অন্য কারও জন্য নয়।

সেই মুহূর্ত যখন আমি জানতে পারি, আনন্দের মুহূর্ত দেরিতে হলেও আসবে। আমার সকল আশা-আকাঙ্ক্ষা অপেক্ষমাণ আছে সেই আল্লাহর কাছে যিনি আমাকে আশাহত করবেন না। সেই মুহূর্ত যখন নিজের একাকিত্বেও মন খারাপ হয় না। কেননা আসমানে চাঁদও একাকী, তবু কী সুন্দর! সেই মুহূর্ত যখন আমি একা বসে বিনয়ের সাথে হাত তুলি। চাইতে থাকি মহান রবের কাছে। ফলে ধরা দেয় সুখ-সমৃদ্ধি। আমার চাওয়া-পাওয়া যেন এক প্রজাপতির মতো হয়ে যায়—তাড়া করলেই উড়ে যাবে যেন! কিন্তু রবের ওপর ভরসা করেছি আমি। তাই সে আবার অনুগত হয়ে আমার আঙুলের ওপরই বসবে।

সেই মুহূর্ত যখন আমি অনুভব করতে পারি—কোনো কিছুর জন্যই আমার ব্যথিত হওয়া মানায় না, কেবল আমার গুনাহর জন্য ছাড়া। তাই সর্বদা ‘আস্তাগফিরুল্লাহ’ পড়ে চলি; হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। সেই মুহূর্ত যখন নিজ হাত দিয়ে উপকারী কিছু করি। আঙুল দিয়ে তাসবিহ পাঠ করি। হাত দিয়ে দান করি অথবা কারও প্রতি দয়া করি কিংবা রবকে সন্তুষ্ট করে এমন কিছু লিখি। ফলে কিয়ামতের দিন এই হাতকে যখন আল্লাহ কথা বলতে বলবেন, তখন আমার পক্ষে সুপারিশ করার মতো কিছু পাব। এ হাত আমার সৎকর্মের বিবরণ দেবে। আবার আমি যে পাপ করেছি তা-ও তুলে ধরবে।

সেই মুহূর্ত যখন অনুভব করি গুনাহ করলেও, ভুল করলেও, দূরে সরে গেলেও সঠিক পথেই আছি। যতই হোঁচট খাই না কেন, দিনশেষে আমি গন্তব্যে পৌঁছাবই আল্লাহর ইচ্ছায়। কারণ, আমি যে সুপথ বেছে নিয়েছি। সিজদায় গিয়ে আমার রব, আমার প্রিয় পরম করুণাময়ের কাছে তা চেয়ে নিয়েছি।

সেই মুহূর্ত এই মুহূর্তের কথা লিখে শেষ করবার মতো নয়! কারণ, আল্লাহর আনুগত্যে এমন স্বাদ—যা বর্ণনা করা যায় না। আল্লাহকে মেনে চলায় এমন আনন্দ—যা ভাষায় রূপ দেওয়া সম্ভব না।

📘 জীবন যদি হতো নারী সাহাবীর মতো 📄 হায়, যদি আমি পুরুষ হতাম!

📄 হায়, যদি আমি পুরুষ হতাম!


হায়, যদি আমি পুরুষ হতাম! তবে ছুটে যেতাম মসজিদের পানে। তখনও শরীরটা অজুর পানিতে ভেজা। বাইরের ঠান্ডা বাতাস শরীরে পরশ বুলিয়ে দিচ্ছে। ছুটে যেতাম কেবলার দিকে। উচ্চ আওয়াজে আযান দিতাম, 'আল্লাহু আকবার!' ইয়া আল্লাহ! কী সুন্দর! কী চমৎকার!

হায়, যদি আমি পুরুষ হতাম! তবে প্রতিদিন আমার জন্য অপেক্ষা করত একজন উত্তম স্ত্রী। তাকে আমি নিজে পছন্দ করে নিতাম। ভালোবাসতাম। তার দায়িত্ব থাকত আমার কাঁধে। সে হতো আমার অনুগত। আমার জন্য খাবার প্রস্তুত করত। আমার কাপড় ধুয়ে দিত। রাজ্যের দেখাশোনা করত আমার। সারাদিন কাজ শেষে ঘুমানোর পরিবেশ তৈরি করে দিত। তারপর জেগে উঠতাম ধূমায়িত চায়ের ধোঁয়ায়। মজা করে চুমুকে চুমুকে পান করে চলতাম। সে বসে থাকত আমার পাশে। আমি থাকতাম রাজার হালে।

হায়, যদি আমি পুরুষ হতাম! হতাম পবিত্র দ্বীনদার একজন যুবক। চোখ নামিয়ে চলতাম। শরীরকে বাঁচিয়ে রাখতাম গুনাহ থেকে। মুখভঙ্গিতে প্রকাশ পেত হিদায়াতের বার্তা। চলতি পথে জমিনের সবাই আমাকে পছন্দ করত। হাত মেলাতাম সবার সাথে। ঘুমাতাম নিশ্চিন্ত মনে। কারণ, আমার জন্য এক হুরে-ঈন প্রস্তুতি নিচ্ছে, সাজগোছ করছে। আহা! হুরে-ঈন কতই না মিষ্টি!

হায়, যদি আমি পুরুষ হতাম! যে-কোনো জায়গায় ঝুট-ঝামেলা ছাড়াই অজু করতে পারতাম। হিজাব খুলে গেলে মাথার চুল প্রকাশিত হয়ে যাবে—এমন ভয় থাকত না। পুরুষ হলে কী সহজেই হয়ে যেত!

হায়! যদি আমি পুরুষ হতাম! তাহলে পায়জামা পরে সাগরপাড়ে হেঁটে যেতাম। জোরে হাসতাম। কেউ আমাকে কিছু বলত না। সমুদ্রের পানিতে ঝাঁপিয়ে পড়তাম, সাঁতার কেটে উপভোগ করতাম। গরমের ছুটি কাটাতাম চমৎকারভাবে। যদি পুরুষ হতাম!

হায়, যদি আমি পুরুষ হতাম! সন্তানেরা আমাকে ‘বাবা’ বলে ডাকত। যদিও আমি তাদের নয় মাস পেটে ধরিনি, দুধ পান করাইনি, জামা-কাপড় বদলে দিইনি, শীতের রাতে তাদের জন্য ঘুম থেকে উঠে যাইনি; তবুও তো এ ডাক শোনার অধিকার থাকত!

হায়, যদি আমি পুরুষ হতাম! পছন্দের সব খেলাধুলা করতে পারতাম। ছুটে চলতাম সাদা ঘোড়ার পিঠে। ভ্রমণ করতাম যেখানে খুশি!

হায়, যদি আমি পুরুষ হতাম! তাহলে গর্বভরে বলতে পারতাম নবি-রাসুলরা পুরুষ ছিলেন। যে সম্প্রদায় নারীকে নেতৃত্বের আসনে বসায় তারা সফল হয় না-এ কথা জানাতাম।

কিন্তু আমি এমন পুরুষ হতে চাই না, যে এই নিআমতগুলো জানে না। হয়তো আমি পুরুষ হলে স্ত্রীর ওপর জুলুম করতাম। তাকে বারবার হুমকি দিতাম যে, আমি আরেকটা বিয়ে করব। হয়তো আমি পুরুষ হলে ঘুমাতাম। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতাম টিভি-কম্পিউটারের সামনে। সালাত আদায় করতাম না মসজিদে গিয়ে। হয়তো আমি পুরুষ হলে মেয়েদের ফিতনায় পড়তাম। চোখের হিফাযত করতাম না, অন্তর পচে যেত। উদাসীন হয়ে পতিত হতাম ধ্বংসের মুখে। হয়তো আমি পুরুষ হলে এমন বাবা হতাম যে থেকেও নেই। হয়তো আমি পুরুষ হলে এমন বিভ্রান্ত যুবক হতাম যার কোনো লক্ষ্য-উদ্দেশ্য নেই। হয়তো আমি পুরুষ হলে এমন হতাম যার অস্তিত্ব থাকলেও যেন অস্তিত্বহীন।

আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি একজন নারী। হে আল্লাহ, আপনার জন্যই সমস্ত প্রশংসা! একজন নারী স্বামীর সেবা করেও এ সমস্ত নেকীর অধিকারী হতে পারে! সর্বদা বলে যাব, আল্লাহ! আপনার জন্যই সমস্ত প্রশংসা!

📘 জীবন যদি হতো নারী সাহাবীর মতো 📄 চমৎকার অনুভূতি

📄 চমৎকার অনুভূতি


দাঁড়িয়ে আছি আতঙ্কে। আর সবাইও অপেক্ষা করছে ভয়ে ভয়ে। চারদিকে বিরাজ করছে অপরিসীম নীরবতা। হতচকিত হয়ে আছি, দুআ পড়ছি। রহমানের কাছে চলছে কাকুতি-মিনতি, যাতে আমার গুনাহগুলো গোপন রাখেন। দূর থেকে আওয়াজ শোনা যায়। পাশ দিয়ে কে যেন আসে। শরীর কেঁপে ওঠে ভয়ে। হঠাৎ আমার হাত উঠল। খুলে গেল মুষ্ঠি। ডান হাতে আমলনামা দেওয়া হলো। প্রশান্ত হলো মন। আনন্দিত হলো হৃদয়। ফেরেশতারা আমায় নিয়ে খুশি। তারা পরম করুণার সাথে বলছে, 'তোমার আমলনামা পড়ো।'

কী চমৎকার অনুভূতি! কোনো একটি গুনাহ জেনে করতাম, পরে তাওবা করেছিলাম আন্তরিকভাবে। সে কথা আমার বিবেক জানে। জানে আমার হৃদয়। শরীরের কাছেও তা অজ্ঞাত নয়। হিসেব-নিকেশের দিন দেখব পরম করুণাময় রব সে গুনাহ ঢেকে দিয়েছেন। তারপর স্মরণ করিয়ে দিয়েছেন; অথচ আমারই মনে ছিল না সেটা। আমার সব গুনাহকে তিনি পরিবর্তন করে দিয়েছেন নেকিতে। কী চমৎকার অনুভূতি হবে তখন! যে তাওবার কারণে আমি নবজীবন লাভ করব, অনন্তকাল বসবাস করব জান্নাতে।

কী চমৎকার অনুভূতি! যখন হাউজ দেখতে পাব। পিপাসায় কাতর আমি। ছুটে চলেছি তার উদ্দেশে। সবাই ভিড় করছে। একে অপরকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতির ভয়াবহতায় চিৎকার করে কাঁদছি। হঠাৎ ফেরেশতাদের ডাক। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উজ্জ্বল চেহারা। তিনি আমায় চিনতে পেরেছেন। আমিও চিনতে পেরেছি তাকে। তাকে আগে কখনো দেখিনি, তবুও। তখন সারিগুলো অতিক্রম করে সামনে চলে যাব। তিনি বাড়িয়ে দেবেন পবিত্র হাত। তার হাত স্পর্শ করবে আমার হাতকে। তিনি পান করাবেন। এরপর আর কখনো পিপাসার্ত হব না আমি। নবিজির সাথে দেখা হওয়ার অনুভূতিটা কী চমৎকারই না হবে!

কী চমৎকার অনুভূতি! যখন কোনো এক আহ্বানকারী ডাকবে, 'হে জান্নাতবাসী! তোমাদের সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন।' ভয়ে বিগলিত হয়ে যাব আমি। আল্লাহর সাথে সাক্ষাৎ! মহীয়ান- গরীয়ান 'আর-রহমান'-এর সাথে দেখা! আর আমিই-বা কে যে সেই সুমহান সত্তার সাথে দেখা করব! মিছিলে হেঁটে যাব আমি। মন পুলকিত। আনন্দে হাসতে থাকব। তারপর মাথা তুলব। যে চোখ দিয়ে কখনো হারাম দেখিনি, সেই চোখ তুলে তাকাব। আল্লাহ সরিয়ে দেবেন পর্দা। আমি চেয়ে রইব। চেয়েই রইব। যত খুশি দেখে নেব। কেঁপে উঠবে শরীর। বিনীত হয়ে উঠবে অঙ্গ-প্রত্যঙ্গ। এমন এক নতুন স্বাদ অনুভব করব যা আগে পাইনি কক্ষনো। চোখ মুদতে পারব না। পারব না মাথাটাও নাড়াতে। নিঃশ্বাস পর্যন্ত থেমে যাবে। মনের তীব্র আকাঙ্ক্ষা পূর্ণ হবার ক্ষণে অশ্রু গড়াবে চোখ বেয়ে। কী চমৎকার অনুভূতি আল্লাহকে দেখার মাঝে! ইয়া আল্লাহ!

কী চমৎকার অনুভূতি! যখন আমি আকাঙ্ক্ষী হব আল্লাহর প্রতি। আর তাই আগ্রহী হব সালাত আদায়ে। কারণ-সালাত যে তাঁরই সামনে দাঁড়ানোর নাম। আকাঙ্ক্ষী হব কুরআন পড়তে। কুরআন যে তাঁরই কথা! ভালোবাসব রাত্রিকে। তখন যে তিনি আমায় ডাকেন! অপেক্ষা করব দিনের জন্য। তখন যে তিনি সব দিয়ে যান অকাতরে! পছন্দ করব আযানের ধ্বনি। আযান যে তাঁরই আহ্বান! ভালোবাসব প্রিয় নবিজিকে। তিনি যে তাঁরই প্রিয়জন! কামনা করব জান্নাত। সেখানে যে তাঁকেই দেখা যাবে! দিন গুনব মৃত্যুর। এরপরই যে তাঁর সাথে সাক্ষাৎ! কী চমৎকার সেই অনুভূতি! আল্লাহর সাথে সাক্ষাতে!

📘 জীবন যদি হতো নারী সাহাবীর মতো 📄 মার্জিনের ওপাশে

📄 মার্জিনের ওপাশে


স্কুল-মাদরাসায় আমরা শিখেছি, মার্জিন টেনে লিখতে হয়। কখনো আমরা মার্জিনের ওপাশটা ফাঁকা রেখে দিই। কখনো সেখানে আঁকিবুঁকি করি। আবার কখনো ছোট করে সেখানে কিছু 'নোট' বা 'ব্যাখ্যা' লিখে রাখি। জীবনের মার্জিনে এ রকম অনেক লুকায়িত মুখ আছে। আমরা তাদের পড়তে ভুলে যাই। কিন্তু জীবন-কলম তাদের নাম মার্জিনের ওপাশটাতে লিখে রাখে।

প্রিয় ভাই, ছেলেটা প্রতিদিন তোমায় দেখে। তার সতর্ক দুটি চোখে। যখন তুমি সুগন্ধি মেখে দামি জামাটা পরে তার সামনে দিয়ে হেঁটে চলো। যখন তোমার ফোনকল বেজে ওঠে, তখন ছেলেটা চোখ বুজে উপভোগ করে নেয় সেই আতরের ঘ্রাণ। তোমাকে দেখে সে আল্লাহকে ডাকে। তোমার নিআমতগুলো রবের দরবারে চেয়ে বসে। তুমি যখন চলে যাও পাশ কাটিয়ে, তখন আফসোসের সীমা থাকে না তার। একবার মার্জিনের ওপাশে তাকিয়ে তাকে সালাম দিলেই তো পারতে! পারতে এক শিশি আতর উপহার দিতে। সে তো তোমার মতোই যুবক।

প্রিয় বোন, মেয়েটা পায়ের আওয়াজ শুনেই বুঝতে পারে যে এটা তুমি। রঙিন স্বপ্নে ভরা মাথাটা বাড়িয়ে দেয় স্টোর রুম থেকে, আলগোছে দেখে নেয় তোমাকে। তুমি যখন বাড়িতে প্রবেশ করো, তোমার জুতার দিকে তাকিয়ে তার ভ্রু উঁচু হয়ে যায়। তোমার বাহারি রঙের জামার দিকে তাকিয়ে সে অবাক হয়। গলার হারটা ক্ষণিকের জন্য নজর কেড়ে নেয় তার। হঠাৎ খেয়াল হয় যে চুলায় চা বসিয়েছে। সে ছুটে গিয়ে আগুন নিভিয়ে দেয়। তার ব্যথিত হৃদয়কে পুড়িয়ে দেওয়ার আগেই। হায়! তুমি মার্জিনের ওপাশে তাকালেই কি ভালো করতে না? তার দিকে মুচকি হাসি হেসে তাকে একটা জামা, একটা হার আর এক জোড়া জুতা উপহার দিতে! হয়তো তা-ই হয়ে থাকত রঙিন জ্বলজ্বলে স্মৃতি!

প্রতিদিন তোমার গাড়ির আওয়াজ শুনলেই ছুটে আসে লোকটা। তোমার হাত থেকে ব্যাগটা নিয়ে নেয় নিজ হাতে। ফলের প্যাকেটও হাতে ধরে। তোমার পেছনে পেছনে নীরবে-নিভৃতি সিঁড়ি বেয়ে উঠে চলে। ওপরে ওঠার পর তুমি তাকে এক টাকা দাও। আর সে সরে পড়ে তোমার সামনে থেকে। রাস্তায় এসে জামাটাতে ধুলাবালি মেখে নেয়। যাতে শরীর থেকে ফলের গন্ধ চলে যায়। না হলে তার বাচ্চাটা সেই গন্ধ শুঁকে ফল চেয়ে বসবে। হায়! তুমি যদি একবার তাকিয়ে দেখতে মার্জিনের ওপাশে! তবে দেখতে ফলের গন্ধ লুকোতে গিয়ে সে জামার কী হাল করেছে। তাকে যদি কিছু ফল একবার উপহার দিতে!

সে খুব সুন্দর না, আবার হ্যান্ডসামও না। ভালো পরিবার থেকেও আসেনি। দুনিয়া সম্পর্কে তুমি যা জানো, ততটা সে জানে না। কিন্তু তোমার সাথে একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। স্বভাবতই তোমার পাশে বসে যায়। অথচ তুমি তার পাশ থেকে উঠে গিয়ে হাই-প্রোফাইল ছেলেদের সাথে বসো। সে চায় তোমার আর তোমার বন্ধুদের সাহচর্য। কোনো কিছু পাওয়ার আশায় নয়, যথেষ্ট আত্মমর্যাদা তার। তবে সে একাকিত্বে ভোগে। এটা তার দোষ না। তুমি মার্জিনের ওপাশটাতে যদি তার দিকে তাকাতে! তার সাথে চোখাচোখি করে সালাম দিতে! তাকে আল্লাহর জন্য ভালোবাসতে! তবে রহমত নাজিল হতো তোমাদের দুজনের ওপর।

মেয়েটা প্রতিদিন এক জায়গায় বসে থাকে। পথচারীদের ডেকে ডেকে বিক্রি করার চেষ্টা করে। মুচকি হেসে তোমাকে সম্মান জানায়; হয়তো তুমি খুশি হয়ে কিছু কিনবে। কেউ হয়তো তার থেকে কিনে নেয়, দরদাম করে না। আবার কেউ এমন কথা বলে টাকা ছুড়ে দেয় যা শুনে সে আঘাত পায়। কিছুটা বিরক্তি ও সংকোচের সাথে তুলে নেয় টাকা। তার যত আয় হয় তা জমা করলে তোমার মোবাইল কেন, একটা চশমা কেনারও টাকা হবে না। হায়! যদি তুমি তার থেকে কিছু কিনতে। যদি তাকে সম্মানের সাথে টাকা দিতে। তার মাথায় হাত বুলিয়ে দিতে। তাহলে দেখতে সে দুআ করে দিচ্ছে আল্লাহর কাছে; যেন তিনি তোমাকে রক্ষা করেন, তোমাকে অসুস্থতার অনিষ্টতা থেকে রক্ষা করেন।

এই যে মানুষগুলো... গাড়ির ড্রাইভার, সুইপার, গৃহকর্মী, পথশিশু, রুটি-বিক্রেতা, ইলেক্ট্রিক মিস্ত্রী, রাজমিস্ত্রী। এরা যে সাধারণ মানুষ, তাতে কোনো দোষ নেই। আবার তুমি যে ধনী বা স্বচ্ছল কিংবা শিক্ষিত সেটাও তোমার দোষ না। তুমি তো রিযিক বণ্টন করো না। নিআমতের অধিকারী হলে আফসোসের কিছু নেই। আমাদের কেবল মার্জিনের ওপাশে তাকাতে হবে। তাহলে হয়তো তাদের আমরা স্পষ্ট দেখতে পাব। তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেব। আমাদের হৃদয়ে বরকত নাজিল হবে। অভিযোগ করা বন্ধ হবে, যখন দেখব এত এত নিআমত পেয়েও যে আমরা নিজেদের সুখী মনে করি না। কারণ, প্রকৃতপক্ষে সুখ লুকায়িত ওই মুখগুলোর ভেতরে। আমরা সেগুলো দেখতে পারব না, অনুভবও করতে পারব না, যতক্ষণ না মার্জিনের ওপাশে তাকাই।

ফন্ট সাইজ
15px
17px