📄 জিহ্বার দৃঢ়তার কারণে অন্তরের দৃঢ়তা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- لاَ يَسْتَقِيمُ إِيمَانُ عَبْدٍ حَتَّى يَسْتَقِيمَ قَلْبُهُ ، وَلاَ يَسْتَقِيمُ قَلْبُهُ حَتَّى يَسْتَقِيمَ لِسَانُهُ “বান্দার ঈমান মজবুত হয় না, যতক্ষণ পর্যন্ত তার অন্তর ঠিক না হয়। আর বান্দার অন্তর ঠিক হয় না, যতক্ষণ পর্যন্ত তার জিহ্বা ঠিক না হয়।”
টিকাঃ
৩৬. মুসনাদে আহমাদ
📄 জিহ্বাকে উপকারী কথায় ব্যস্ত রাখার প্রয়োজনীয়তা
জিহ্বাকে আল্লাহর যিকিরে ব্যস্ত রাখ। তাঁর আনুগত্য, হামদ, তাসবীহ, তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ বলা) ও ইস্তেগফারে ব্যস্ত রাখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে ৭০ বারের অধিক আল্লাহর নিকট ইস্তেগফার করতেন। আমরা কি আমাদের কোনো মজলিসে একবারও আল্লাহর নিকট ইস্তেগফার করি?
📄 তুমি কত পুরস্কার ও কল্যাণ নষ্ট করে দিলে
হে আল্লাহর বান্দা! তুমি একটি মজলিসে বসে কথাবার্তা বলছ; কিন্তু তুমি জানো না, তুমি কী হারাচ্ছ? তুমি যদি যিকির ও ইস্তেগফারে মনোনিবেশ করতে, তাহলে সেটা তোমার জন্য কতই না ভালো হতো! এতে তোমার হয়তো দুই মিনিট বা তিন মিনিট সময় ব্যয় হতো। তুমি যদি এ দুনিয়ায় একটি খেজুর বৃক্ষ রোপণ করতে চাইতে; তাহলে তাতে তুমি কত চেষ্টা ও সময় ব্যয় করতে! পানি দিতে, রক্ষণাবেক্ষণ করতে, পরিচর্যা করতে। এতে ফল দিতে হয়তো এক বছর লেগে যেতো। আবার কখনও ফল না দেওয়ার সম্ভাবনাও থাকত। কিন্তু তিন সেকেন্ডের মধ্যে তুমি জান্নাতে একটি খেজুর বৃক্ষ লাভ করতে পারতে, যার কাণ্ড হতো সুবর্ণ। তুমি কি কখনও কোনো মজলিসে একশত বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে দেখেছ? তাতে তোমার পাঁচ মিনিটের বেশি সময় লাগতো না।
হে ভাই! তুমি জবানের ব্যাপারে উদাসীন হওয়া থেকে সাবধান হও। কারণ, এটি হলো- একটি হিংস্র, ক্ষতিকারক জন্তুর ন্যায়, তুমি যার প্রথম শিকার।
হে ভাই! জবানের ব্যাপারে উদাসীন হওয়া থেকে সাবধান হও। কারণ, তোমার অঙ্গ-প্রত্যঙ্গগুলোর মধ্যে এটাই (তোমার বিরুদ্ধে) সর্বাধিক অপরাধ করে থাকে। তুমি তোমার আমলনামায় কিয়ামতের দিন যত বদ আমল দেখতে পাবে, তার অধিকাংশই তোমার জিহ্বা তোমার বিরুদ্ধে লিখিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- وَهَلْ يَكُبُّ النَّاسَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ أَوْ عَلَى مَنَاخِرِهِمْ - إِلاَّ حَصَائِدُ أَلْسِنَتِهِمْ ؟ “মানুষের জিহ্বার ফসলগুলোই মানুষকে জাহান্নামে উপুড়মুখী করে বা নাকের ওপর করে নিক্ষেপ করে।”
টিকাঃ
৩৭. সুনানে তিরমিযী : ২৬১৬
📄 ভদ্রতা কী?
আহনাফ ইবনে কায়সকে ভদ্রতা ও মানবতা সম্পর্কে জিজ্ঞেস করা হলে, তিনি বললেন- সত্য কথন, মুসলিম ভাইদের সাথে সদাচরণ ও সর্বস্থানে আল্লাহর স্মরণ।
প্রাজ্ঞবানী: অনেক কথা মুখ দিয়ে চলে আসে, আর তার কারণে মানুষ ধ্বংস হয়।