📄 সুন্নাহ অনুসরণের ফল
০১. সুন্নাহর অনুসরণ ইবাদাত কবুল হওয়ার পূর্বশর্ত।
সুফইয়ান রহ. বলেন, আমল ব্যতীত কথা গ্রহণযোগ্য নয়। আর নিয়ত ব্যতীত কথা এবং আমল কোনোটিই যথাযথ নয়। আর কথা, আমল ও নিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর অনুসরণ ব্যতীত সঠিক নয়।
০২. সুন্নাহর অনুসরণ ইসলামের প্রধান দুটি মূলনীতির একটি। মূলনীতি দুটি হচ্ছে:
ইখলাস ও ইবাদাত শুধু আল্লাহর জন্য করাই হচ্ছে বান্দার ঈমান ও ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সাক্ষ্যের মূল কথা।
সুন্নাহর অনুসরণ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের অনুসরণ করা হচ্ছে, বান্দার ঈমান ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আল্লাহর রাসূল বলে সাক্ষ্য দেওয়ার মূল কথা।
০৩. সুন্নাহর অনুসরণ জান্নাতে প্রবেশের মাধ্যম: এর প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদীস-
كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبَى، قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَنْ يَأْبَى؟ قَالَ: مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى “আমার উম্মতের সকলে জান্নাতে প্রবেশ করবে; তবে যে অস্বীকার করে (সে জান্নাতে প্রবেশ করবে না)। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! অস্বীকারকারী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমার অনুসরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে আমার অবাধ্যতা করবে, সে অস্বীকার করল।”
০৪. সুন্নাহর অনুসরণ আল্লাহকে ভালোবাসার দলিল: এর প্রমাণ আল্লাহর বাণী-
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ “(হে রাসূল) বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাস; তবে আমাকে অনুসরণ কর। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ ক্ষমাশীল ও দয়াশীল।”
০৫. সুন্নাহর অনুসরণ তাকওয়ার নিদর্শন:
আল্লাহ তাআলা বলেন-
ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ “এটাও আল্লাহর বিধান। আর যে আল্লাহর প্রতীকসমূহকে সম্মান করে, এটা (তার) অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ।”
‘শায়াইরুল্লাহ’ বা আল্লাহর প্রতীকসমূহ হলো, আল্লাহর আদেশ-নিষেধ ও তাঁর দ্বীনের প্রকাশ্য নিদর্শনসমূহ। আর এর সর্বোচ্চ ও সর্বপ্রধান হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ ও তাঁর আনীত শরীয়তের অনুসরণ করা。
টিকাঃ
৩৩. সহীহ বুখারী: ৭২৮০
৩৪. সূরা আলে ইমরান: ৩১
৩৫. সূরা হজ্জ: ৩২