📘 যে কথায় পাথর গলে 📄 অল্পে পরিতুষ্টি অতি বড় নেয়ামত

📄 অল্পে পরিতুষ্টি অতি বড় নেয়ামত


হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাযিয়াল্লাহু আনহু বলেন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই ব্যক্তি সফলতা পেয়েছে, যে ইসলাম গ্রহণ করেছে এবং তাকে প্রয়োজন মত রিযিক দেওয়া হয়েছে এবং আল্লাহ্ তা'আলা তাকে ঐটুকুর উপরে সন্তুষ্ট থাকার তাওফীক দিয়েছেন, যতটুকু তাকে দেওয়া হয়েছে।

অল্পে সন্তুষ্ট হওয়া অনেক বড় সৌভাগ্য। ইসলাম ধর্ম গ্রহণ করা দুনিয়া ও আখেরাতের গ্যারান্টি। প্রয়োজন মত হালাল রিযিক লাভ করা এবং তার উপরে সন্তুষ্ট থাকা আল্লাহ্ তা'আলার বিরাট অনুগ্রহ। সকল অবস্থায় আল্লাহ্র শোকর আদায় করতে হবে এবং প্রয়োজন অপেক্ষা বেশি পাওয়ার জন্য ও বেশি থেকে বেশি সুযোগের জন্য প্রচেষ্টায় মত্ত হওয়া ঠিক নয়। কয়েক দিনের জীবন যাপনের জন্য শত বছরের আসবাব সংগ্রহ করাটা কোন বুদ্ধিমত্তার কাজ হতে পারে না। আল্লাহ্ তা'আলার ফয়সালা ও তাকদীরের উপর সন্তুষ্ট থাকাটাই সর্বাপেক্ষা বড় সফলতা।

📘 যে কথায় পাথর গলে 📄 উপকারী সম্পদ

📄 উপকারী সম্পদ


হযরত আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ আমার মাল, আমার মাল বলে, অথচ তার মাল থেকে শুধু তিন প্রকার মাল তার হয়ে থাকে, (এক) ঐ দ্রব্যসামগ্রী যা সে খেয়ে শেষ করে দেয়, (দ্বিতীয়) যা সে পরিধান করে পুরাতন করে ফেলে এবং (তৃতীয়) যা সে আল্লাহর রাস্তায় খরচ করে আখেরাতের জন্য সঞ্চয় করে নিল। এ তিন প্রকার মাল ব্যতীত আর যা কিছু আছে তা মানুষ অন্যদের জন্য ছেড়ে যায়।

অর্থাৎ মানুষ সাধারণতঃ স্বীয় ধন-সম্পদের উপর গর্ব করে থাকে। তার আসল অবস্থা জানে না। মালের দ্বারা মানুষ তিনভাবে উপকৃত হয়ে থাকে। এ তিন প্রকারই প্রকৃত মাল ও চিরস্থায়ী মাল। বাকি অন্য সকল মাল অস্থায়ী ও ক্ষণিকের জন্য, অনন্তকালের জন্য নয়। এ মালগুলো খেয়ে-দেয়ে, পরিধান করে শেষ করে দেওয়া হয়। আল্লাহ্র রাস্তায় সদকা খয়রাত করে আখেরাতের জন্য সঞ্চয় করতে হবে এবং এরকম একটি ব্যাংকে সঞ্চয় করতে হবে, যে সঞ্চয় আর কখনো শেষ হবে না। এ ছাড়া অন্য সকল যা কিছু আছে, যথা গবাদিপশু, ধন-সম্পদ, সোনা-চান্দি ইত্যাদি সব কিছুই কোন ব্যক্তির নয়, এজন্য যে মরার পরে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যেরূপে দুনিয়াতে খালি হাতে এসেছিল, ঠিক ঐরূপে খালি হাতে চলে যায় এবং তার এ মাল-দৌলতের উত্তরাধিকারী হয়ে যায় তার নিজের সন্তানেরা। আর এ সমস্ত মাল-দৌলত ভোগ করবে অন্য কেহ, কিন্তু এ মাল-দৌলতের হিসাব তাকেই দিতে হবে, যে এ সমস্ত মাল-দৌলত অর্জন করেছিল।

📘 যে কথায় পাথর গলে 📄 উত্তম নারী

📄 উত্তম নারী


হযরত আনাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তির সাথে তিনটি বস্তু তার পেছনে পেছনে কবর পর্যন্ত যায়, দুটি (স্ব স্থানে) ফেরত চলে আসে, আর অন্যটি কবরের মধ্যে তার সঙ্গে থাকে। পরিবারস্থ লোকজন আত্মীয়-স্বজন, মাল-দৌলত এবং আমল তার সাথে যাবে। মানুষের পরিবারস্থ লোকজন, আত্মীয়স্বজন এবং তার অর্জিত মাল-দৌলত ফেরৎ আসে, আর তার আমল তার সাথে থাকে।

উল্লেখিত হাদীস অনুযায়ী মানুষের মৃত্যুর পর তিনটি বস্তু তার সাথে যায়। যার মধ্যে দুটি তার কবর পর্যন্ত সাথী হয়ে থাকে। দাফনের পরে তারা তাকে কোন রকম সাহায্য ছাড়াই চলে আসে। কিন্তু তৃতীয় বস্তু তার উত্তম বন্ধু হয়, যা তাকে ঐ জায়গায়ও একা ফেলে চলে আসে না বরং ঐ জায়গায়ও তার সঙ্গে থেকে তার আতংক ও নির্জনতাকে দূর করতে থাকে। এই তিন সাথীর মধ্যে এক হচ্ছে, তার পরিবার পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং দ্বিতীয় সাথী হচ্ছে তার ধন-সম্পদ, মাল-দৌলত, গোলাম, বাদী ইত্যাদি। তৃতীয় সাথী তার আমল। মানুষের মালের সম্পর্ক মৃত মানুষের দাফন করা পর্যন্ত থাকে। এজন্য যে, সেই মাল থেকে মৃত ব্যক্তির দাফন, কাফন, গোসল ইত্যাদির খরচ বহন করা হবে। যখন মৃত ব্যক্তির দাফন করে দেওয়া হয়, তখন তার মাল-দৌলত থেকে তার সম্পর্ক শেষ হয়ে যায়। তখন এ মাল হয়ে যায় তার ওয়ারিসদের। তৃতীয় সাথী আমল, যদি নেক আমল হয়ে থাকে, তবে তার কবর জান্নাতের বাগানসমূহের একটি বাগান হবে। যেখানে প্রচুর নিয়ামত ও সুগন্ধি থাকবে। কবরকে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে, সে আরাম ও শান্তির ঘুমে ঘুমাতে থাকবে। আর যদি খোদা না করুন, আমল খারাপ হয়ে থাকে তবে তাকে আযাব দেওয়া হবে। জাহান্নামের অগ্নিশিখা, দুর্গন্ধ ও গরম কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে। কবর সংকীর্ণ করে দেওয়া হবে, সাপ ও বিচ্ছু ছেড়ে দেওয়া হবে। বলা হয়ে থাকে যে, কবর আমলের সিন্দুক। হাদীসে, বর্ণিত আছে যে, কবর জান্নাতের বাগানের একটি অংশ অথবা জাহান্নামের একটি গর্ত হবে। অতএব তোমাদের যে জায়গা পছন্দ হয়, মৃত্যুর পূর্বেই সে জায়গা তৈরী করার চিন্তা করতে হবে এবং যে সাথী উপকারী ও ফায়দাজনক হবে তাকে বন্ধুত্বের জন্য বাছাই করতে হবে, তাকে চিনতে হবে এবং তাকে সত্যিকার বন্ধু হিসেবে; সাথী হিসেবে বরণ করতে হবে। আর প্রকৃত দোস্ত ও দুশমনকে চিনতে হবে।

📘 যে কথায় পাথর গলে 📄 নিজের মাল

📄 নিজের মাল


হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কারো কি নিজের মাল অপেক্ষা নিজের উত্তরাধিকারীর মাল অধিক প্রিয়? বলা হল, হে আল্লাহ্র রাসূল! আমাদের মধ্যে তো প্রত্যেকের কাছে নিজের মাল; নিজের উত্তরাধিকারীর মাল থেকে বেশি প্রিয়। ইরশাদ হলো, মানুষের নিজের মাল সেইগুলো, যা সে সদকা ও খয়রাতের দ্বারা আগেই পাঠিয়ে দেয় এবং তার উত্তরাধিকারীর মাল ঐগুলো, যা সে (নিজের মৃত্যুর পরে) রেখে গেল। দুনিয়ার জীবনে মানুষ নিজের টাকা-পয়সা, অর্জিত সম্পদ আল্লাহ্র রাস্তায় ব্যয় করে এবং সদকা ও খরচ করে থাকে, আর এটাই তার জন্য লাভজনক এবং এর সওয়াব প্রবাহমান থাকে। আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন- وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ (البقرة ১১০) “এবং ভাল যা কিছু তোমরা নিজের জন্য পূর্বেই পাঠিয়ে দেবে, তা আল্লাহ্ তা'আলার নিকট পেয়ে যাবে।” (সূরা বাকারা: ১১০)

যে মাল-দৌলত মানুষের নিকট আছে তা যে কোন সময় শেষ, ধ্বংস হয়ে যেতে পারে, বরবাদ হয়ে যেতে পারে অথবা চুরি হয়ে যেতে পারে। মানুষ যেভাবে নিজের মাল হেফাজতের জন্য ব্যাংকে জমা রেখে নিশ্চিন্ত হয়ে যায়, ঠিক তেমন নিজের মাল যদি চিরস্থায়ীভাবে পেতে চায়, প্রকৃতপক্ষে এর দ্বারা উপকৃত হতে চায়, সে যেন আল্লাহ্র ব্যাংকে মাল জমা করে রাখে। আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন- مَا عِنْدَكُمْ يَنْفَدُ وَمَا عِنْدَ اللَّهِ بَاقٍ (النحل ৯৬) “যা কিছু তোমাদের কাছে আছে, তা শেষ হয়ে যাবে এবং যা কিছু আল্লাহ্র নিকট আছে, তা চিরস্থায়ী হবে।” (সূরা নাহল : ৯৬)

মৃত্যুর সময় মানুষ যে মাল-দৌলত রেখে যায় তা তার উত্তরাধিকারীদের হয়ে যায়। এজন্য মৃত্যুর সময় মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তির মালের এক তৃতীয়াংশের বেশি মালের জন্য অন্তিম অনুরোধ ও অসীয়তও করতে পারে না। এটা মোটেও বলা যায় না যে, উত্তরাধিকারীরা এ মাল কোথায় ব্যয় করবে? এ মাল-দৌলত ও সম্পত্তি এখন এ সকল উত্তরাধিকারীর, মৃত ব্যক্তির অধিকার আর জোর যবরদস্তির বাইরে চলে গেছে।

ফন্ট সাইজ
15px
17px