📄 হাদিস মুখস্থ করার বরকত
আমার এক প্রিয়বন্ধু আল্লাহর বিশেষ অনুগ্রহে হাদিছের হাফেয ছিলেন। একবার আমি তাকে বললাম, 'আপনি তো বুখারি শরিফের হাফেয! আপনি কি এ মুবারক হাদিছসমূহের কোনো বরকত প্রত্যক্ষ করেছেন?' তিনি বললেন, 'হযরত! এ মুবারক হাদিছ মুখস্থ করার পর আমার উপর আল্লাহর এমন অনুগ্রহ হয়েছে যে, আমি প্রতিরাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যিয়ারত লাভ করছি। কখনো একবার, কখনো একাধিকবার। আল্লাহর শুকরিয়া। এখনো তিনি জীবিত আছেন। হাদিছের মহব্বত তাঁকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এতো নিকটবর্তী করেছে যে, প্রতিসপ্তাহে তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যিয়ারত লাভ করেন।'
📄 শাতুবিয়া নামক কিতাবের বরকত এতো বেশি কেনো?
আল্লামা শাতুবিয়া রহ. যখন শাতুবিয়া নামক কিতাব লেখেন তখন তিনি হারাম শরিফে গিয়ে বারোহাজার বার তাওয়াফ করেন। এবং দোয়া করেন—'হে আল্লাহ! তুমি এ কিতাবকে সকলের নিকট গ্রহণযোগ্য করে দাও।' ফলে আল্লাহ তাআলা এ কিতাবকে এমনভাবে গ্রহণযোগ্য করেছেন যে, কেউ এ কিতাব না পড়ে কারি হতে পারে না। পূর্ববর্তী বুযুর্গরা লেখার সাথে সাথে আল্লাহর কাছে তার কবুলিয়াতের ব্যাপারে দোয়াও করতেন। কেননা কবুল হওয়া বা না হওয়া তো আল্লাহর পক্ষ থেকেই। আর সেটা নির্ভর করে মানুষের তাকওয়ার উপর।
টিকাঃ
২০. আল্লামা শাতবিয়া রহ. আন্দালিস শহরে ৫৩৮ হিজরি সনে জন্মগ্রহণ করেন। ২৮ জুমাদাল উলা ৫৯০ হিজরিতে ইনতিকাল করেন। কাহেরায় তাঁকে সমাহিত করা হয়। যিফরুল মুহসিন, পৃ. ৬৮।
📄 আসেফ ইবনে বারখিয়া রহ.-এর ইলম, আমল ও ইখলাসের বর্ণনা
পৃথিবীতে মানুষের দ্বারা এমনকাজ সংঘটিত হওয়া সম্ভব যা জিনদের থেকেও সম্ভব নয়। পবিত্র কুরআন শরিফ পড়ে দেখুন, রাণী বিলকিসের সিংহাসন চোখের সামনে হাজির করার ব্যাপারে যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তাঁর সভাসদবর্গদের উদ্দেশ্য করে বললেন—'হে আমার উপদেষ্টামণ্ডলি! তোমাদের মাঝে এমন কেউ আছে কী যে, রাণী বিলকিস আমার কাছে আসার পূর্বেই তাঁর সিংহাসন আমার কাছে হাজির করতে পারবে?'
জিনদের মধ্য থেকে ইফরিত নামক জিন বললো— انا اتيك به قبل ان تقوم مقامك. 'আপনি আপনার আসন থেকে ওঠার আগেই আমি তাঁর সিংহাসন আপনার সামনে হাজির করতে পারবো।'
তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন—'এতো অনেক সময়ের ব্যাপার। আমি এ ব্যাপারে এরচে' অধিক দ্রুততা কামনা করছি।' জিন ব্যর্থ হয়ে গেলো। তারপর সেখানে উপস্থিত আসেফ ইবনে বারখিয়া নামক এক ব্যক্তি বললো— انا اتিক به قبل ان يرتد اليك طرفك . 'আপনি আপনার চোখের পলক ফেরানোর পূর্বেই আমি তাঁর সিংহাসন আপনার সামনে হাজির করতে পারবো।'
কে এ ব্যক্তি? পবিত্র কুরআন শরিফে তাঁর ব্যাপারে বলা হয়েছে যে— قَالَ الَّذِي عِنْدَهُ عِلْمٌ مِنَ الْكِتَابِ. 'তিনি ছিলেন কিতাবের ইলমধারী ব্যক্তি।'
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেখানে ইফরাত নামক বড়ো জিন ব্যর্থ হয়ে গেলো, সেখানে আহলে ইলম তথা কিতাবের জ্ঞানের অধিকারী একব্যক্তি দাঁড়িয়ে গেলেন। আসেফ ইবনে বারখিয়া চোখের পলক ফেললেন, সঙ্গে সঙ্গে সিংহাসনটি তাঁর চোখের সামনে দেখতে পেলেন। তখন তিনি বললেন— قَالَ هُذَا مِنْ فَضْلِ رَبِّي 'এটা কেবল আমার আল্লাহর একান্ত অনুগ্রহ।'
যখন ইলম, আমল ও ইখলাস এ তিনটি বিষয় একত্রিত হয় তখন এমন শক্তি অর্জিত হয়ে যায়। আর এ ইমানিশক্তি মানুষকে দুনিয়া ও আখেরাত উভয় জগতে বিশেষ মর্যাদার অধিকারী বানিয়ে দেয়।
টিকাঃ
২৩. ইফরিত বলা হয় বড়ো জিনদেরকে।
📄 ফারুকে আযম রাদি.-এর ইলম ও ইখলাসের বরকত
সায়্যিদুনা হযরত উমর ফারুক রাদি.-এর ইলম, আমল ও ইখলাস একত্রিত হওয়ার দ্বারা এমনশক্তি অর্জিত হয়েছিলো যে, আল্লাহ রাব্বুল ইজ্জত সে শক্তির দ্বারা তাঁকে রাজমুকুট পরিধান করিয়েছিলেন। তিনি খুব সাদাসিধা জীবন-যাপন করা সত্ত্বেও দুনিয়ার বড়ো বড়ো বাদশাহরা তাঁর সামনে মাথা নত করতো। কিসরা ও কায়সার-এর বাদশাহ। যাদের নাম শুনলে মানুষ কম্পিত হতো তারা পর্যন্ত ফারুকে আযম রাদি.-এর সামনে মাথা নত করেছিলো। কারণ, তাঁর ইলম, আমল ও ইখলাস একত্রিত হয়ে এ শক্তি অর্জিত হয়েছিলো।