📘 জাতির উত্থান পতন > 📄 আবেগপ্রবণ হওয়া

📄 আবেগপ্রবণ হওয়া


বাপ-বেটায় পথ চলছিল। রাস্তায় বাপের পুরনো শত্রু এক জাঁদরেলের সাথে দেখা। সাক্ষাতের শুরুতেই জাঁদরেল বাপকে গালাগালি শুরু ক'রে দিল। তার প্রতিশোধ ও মুখ নিতে বেটাও গালাগালি শুরু করল। বেটার জোশ খুব বেশি, কিন্তু জ্ঞানে হুঁশ কম, দেহে শক্তি অল্প। তবুও লাফিয়ে লাফিয়ে জাঁদরেলকে বলতে লাগল, 'হারামজাদা! তোর দাঁত ভেঙ্গে দেব।' ---তোর আর তোর বাপের মাথা গুঁড়িয়ে দেব। ---আমার বাপের গায়ে হাত দে দেখি, তোর মাথা উড়িয়ে দেব।

জাঁদরেল তার বাপের মুখে মারল এক ঘুসি। তা দেখে বেটা বলল, 'শালা! আর একবার মার দেখি, তোর নাক ভেঙ্গে দেব!' আবারও জাঁদরেল তার বাপকে মারল। ছেলে আবারও একই কথা বলল। কিন্তু জাঁদরেলকে মারতে সে পারল না। পুনরায় জাঁদরেল নিরীহ বাপকে আর এক ঘুসি মারলে সে ছেলেকে বলল, 'চুপ কর! বাক্যেতে পর্বত, কিন্তু কার্যে তুলাকার। পারবি না তো মুখে ফুটানি কেন? ফুটানি না করলে তো বারবার আমাকে মারটা খেতে হয় না।'

জাতির মধ্যে এমন কিছু লোক আছে, যাদের লম্ফ-ঝম্পের কারণে জাতিকে মার খেতে হচ্ছে। তারা মুখে খুব তর্জন-গর্জন করে, কিন্তু কার্যতঃ তার ফলে জাতির জীবনে আরও জ্বালা আসে। তারা জাতির মায়ায় করতে চায় অনেক কিছু, কিন্তু বানাবার জায়গায় বিগড়ে দেয়। তারাই পানির ছিটা দিয়ে লগির গুঁতো খায়। মৌচাকে ঢিল মেরে মৌমাছির বিঁধুনি খায়। কাজের কাজ কিছুই হয় না। উল্টে জাতির জীবনে কলঙ্কের কালিমা প্রলিপ্ত হয়। তারা বলে আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ বান্দাকে সাহায্য করেন। কিন্তু আল্লাহ তো কেবল তাঁর উপরে ভরসা করতেই বলেননি। তিনি বলেছেন,

[وَأَعِدُّوا لَهُم মَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهুমُ اللَّهُ يَعْلَمُهُمْ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ] (৬০) سورة الأنفال

অর্থাৎ, তোমরা তাদের (মুকাবিলার) জন্য যথাসাধ্য শক্তি ও সুসজ্জিত অশ্ব প্রস্তুত রাখ, এ দিয়ে তোমরা আল্লাহর শত্রু তথা তোমাদের শত্রুকে সন্ত্রস্ত করবে এবং এ ছাড়া অন্যদেরকে যাদেরকে তোমরা জান না, আল্লাহ জানেন। আর আল্লাহর পথে যা কিছু ব্যয় করবে, তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের প্রতি অত্যাচার করা হবে না। (আনফালঃ ৬০)

তাঁর রসূল বলেছেন, "উট বেঁধে আল্লাহর উপর ভরসা কর।” আর তিনি আল্লাহর উপর সবচেয়ে বেশি ভরসাকারী ও নির্ভরশীল হওয়া সত্ত্বেও যুদ্ধে লৌহবর্ম ও শিরস্ত্রাণ ব্যবহার করতেন, হাতে অস্ত্র নিতেন। তাহলে আমাদের ক্ষেত্রে কি শুধু ভরসাই যথেষ্ট হবে?

তারা আবেগে পরিপ্লুত হয়ে আরো বলে, আল্লাহর নবী মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে বদর যুদ্ধে ১০০০ যোদ্ধার বিরুদ্ধে জয়লাভ করেছিলেন। আমরা সংখ্যা ও শক্তিতে কম থাকলেও আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। তা অবশ্যই করবেন; যদি তাঁদের মতো আমাদের ঈমানী শক্তি থাকে। তাছাড়া তিনি কেবল ৩১৩ জন সাহাবীর জোরে যুদ্ধে জয়লাভ করেননি। তাঁদের সাথে ফিরিস্তাকেও যোদ্ধারূপে পাঠানো হয়েছিল। অথচ তারা জানে না যে, তাদের সাহায্যেও কোন ফিরিস্তা যোদ্ধারূপে আসবে কি না।

আবেগময় মনে তারা বাহ্যিক দিকটা দেখে, কিন্তু আভ্যন্তরিক আত্মিক দিকটার প্রতি ভ্রূক্ষেপ না ক'রে আগুনে ঝাঁপ দেয়। ভাবে, তাদেরও আগুন বুঝি ইব্রাহীম নবীর মতো ফুলের বিছানা হয়ে যাবে! পরিশেষে বলি, আবেগ থাকা অবশ্যই ভাল, তবে তার লাগামহীন বেগ থাকা ভাল নয়, নচেৎ অনেক বেগ পেতে হয় সে আবেগ নিয়ে। গাড়ির স্পিড অনেক বেশি থাকা ভাল, কিন্তু তাতে ব্রেক থাকতে হয়। নচেৎ সে গাড়ি নিয়ে অচিরে দুর্ঘটনাগ্রস্ত হয়ে সব কিছু হারাতে হয়। নিজের জীবন যায়, গাড়িতে সকল আরোহীর জীবনও সর্বনাশগ্রস্ত হয়। জাতির জীবন আশঙ্কায় পড়ে কৌশলহীন আবেগ-মথিত কিছু মাথার জন্য। আল্লাহ আমাদেরকে হিদায়াত দিন।

📘 জাতির উত্থান পতন > 📄 বিলাসিতা

📄 বিলাসিতা


ইতিহাস থেকে আমরা জানতে পারি যে, বিভব ও বিলাসিতার আতিশয্যে বহু জাতি, বহু রাজা ধ্বংস হয়েছে। অতি শৌখিনতার ফলে নিজের গৌরব হারাতে হয়েছে। সুর, সুরা ও সুরমার নেশায় আমীর থেকে ফকীর হতে হয়েছে। সাধারণতঃ এই শ্রেণীর মানুষেরাই মদোন্মত্ত হয় এবং মদ-বিহল হয়ে সত্য প্রত্যাখ্যান করে। উপদেশকারীর উপদেশকে তুচ্ছজ্ঞান করে। ফলে তাদের অনিবার্য পরিণতি হয় অধঃপতন।

এমনই কিছু বিলাসী মানুষের কথা আল-কুরআনে উল্লিখিত হয়েছে, যারা নবীর দাওয়াত পর্যন্ত উপেক্ষা করেছিল। চিত্ত-বিলাসী বিত্তশালীরা নবীকে অস্বীকার করেছিল। মহান আল্লাহ বলেন,

[وَمَا أَرْسَلْنَا فِي قَرْيَةٍ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَا إِنَّا بِمَا أُرْسِلْتُم بِهِ كَافِرُونَ] (৩৪)

অর্থাৎ, যখনই আমি কোন জনপদে সতর্ককারী প্রেরণ করেছি, তখনই সেখানকার বিত্তশালী অধিবাসীরা বলেছে, 'তুমি যা নিয়ে প্রেরিত হয়েছ, আমরা তা প্রত্যাখ্যান করি।' (সাবা'ঃ ৩৪)

[وَكَذَلِكَ مَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِي قَرْيَةٍ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَا إِنَّا وَجَدْنَا آبَاءَنَا عَلَى أُمَّةٍ وَإِنَّا عَلَى آثَارِهِم مُّقْتَدُونَ] (২৩) سورة الزخرف

অর্থাৎ, এভাবে, তোমার পূর্বে কোন জনপদে যখনই কোন সতর্ককারী প্রেরণ করেছি, তখনই ওদের মধ্যে যারা বিত্তশালী ছিল তারা বলত, 'আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে এক মতাদর্শের অনুসারী পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি।' (যুখরুফঃ ২৩)

[وَإِذَا أَرَدْنَا أَن تُهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا] (১৬) سورة الإسراء

অর্থাৎ, যখন আমি কোন জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি, তখন ওর সমৃদ্ধিশালী ব্যক্তিদেরকে (সৎকর্ম করতে) আদেশ করি, অতঃপর তারা সেথায় অসৎকর্ম করে; ফলে ওর প্রতি দন্ডাজ্ঞা ন্যায়সঙ্গত হয়ে যায় এবং ওটাকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি। (বানী ইস্রাঈলঃ ১৬)

অতিরিক্ত সুখ-বিলাস মানুষের মনে মরিচা ধরিয়ে দেয়। প্রবল শৌখিনতা ও বিষয়াসক্তি মানুষকে অন্ধ ও বধির ক'রে তোলে। যার ফলে তার হৃদয় কঠিন হয়ে যায়, মায়া-মমতা মন থেকে মুছে যায়। আর তখন কোন আর্তের আর্তনাদ তার কর্ণগোচর হয় না, কোন হিতাকাঙ্ক্ষীর হিতোপদেশ তাকে প্রভাবান্বিত করতে পারে না। আনন্দের উন্মত্ততায় সে বুঝতে চেষ্টাও করে না যে, সে ধ্বংসের বিস্ফোরক পদার্থের স্তূপে বসে আনন্দ করছে।

এমন বিলাসী মানুষ বৈষয়িক কোন বিষয়ে তিক্ত-বিরক্ত হয় না। ঘন্টার পর ঘন্টা ধন-মাল ও বিলাস-বিভবের কথায় ক্ষান্ত-클লান্ত হয় না। কিন্তু পরকালের কথা বললে দু-পাঁচ মিনিটেই বিরক্তি আসে। আর মৃত্যুর কথা তো শুনতেই চায় না। ঘন্টার পর ঘন্টা গান শুনেও তার প্রাণ ভরে না, কিন্তু ক্ষণকাল কুরআন শুনতে তার গায়ে জ্বালা ধরে।

অন্তর শক্ত হয়ে যায়, ফলে সেই অবস্থায় কোন আযাব এলে তাতেও নাক সিঁটকায়! ধ্বংসকারিতাকে প্রাকৃতিক দুর্যোগ বলে অবজ্ঞা করে। কিন্তু তাতে তার ধ্বংসের বিধিলিপি অবশ্যই খন্ডন হয় না। মহান আল্লাহ বলেন,

[فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ تُمْطِرُنَا بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُم بِهِ رِيحٌ فِيهَا عَذَابٌ أَلِيمٌ (২৪) تُدَمِّرُ كُلَّ شَيْءٍ بِأَمْرِ رَبِّهَا فَأَصْبَحُوا لَا يُرَى إِلَّا مَسَاকِنُهُمْ كَذَلِكَ نَجْزِي الْقَوْمَ الْمُجْرِمِينَ] (২৫) سورة الأحقاف

অর্থাৎ, অতঃপর যখন তাদের উপত্যকার দিকে তারা মেঘ আসতে দেখল, তখন তারা বলতে লাগল, 'ওটা তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দান করবে।' (হৃদ বলল,) 'বরং ওটাই তো তা, যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছ; এক ঝড়, যাতে রয়েছে মর্মন্তুদ শাস্তি। যা তার প্রতিপালকের নির্দেশে সবকিছুকে ধ্বংস ক'রে দেবে।' অতঃপর তাদের পরিণাম এই হল যে, তাদের বাসগৃহগুলো ছাড়া আর কিছুই দৃশ্যমান রইল না। এভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি। (আহক্বাফঃ ২৪-২৫)

এই হল বিলাস-ঘটিত হৃদয় কঠিন হওয়ার শাস্তি, যা বিলাসীদেরকে অবশ্যই ভোগ করতে হয়।

পক্ষান্তরে আযাব দেখে তাদের মনে ভয় হওয়ার কথা ছিল, ভ্রান্তির ঘোর কেটে যাওয়া উচিত ছিল, কিন্তু তা না হয়ে তাদের ভ্রম বৃদ্ধিই পেল। নিজেদের অবলম্বিত পথকেই সঠিক পথ বলেই বিশ্বাস করল। আর তার পরিণাম অবশ্যই ধ্বংস ছিল। মহান আল্লাহ বলেন,

[فَلَوْلَا إِذْ جَاءَهُمْ بَأْسُنَا تَضَرَّعُوا وَلَكِن قَسَتْ قُلُوبُهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ مَا كَانُوا يَعْمَلُونَ] (৪৩) سورة الأنعাম

অর্থাৎ, সুতরাং আমার শাস্তি যখন তাদের উপর আপতিত হল, তখন তারা বিনীত হল না কেন? অধিকন্তু তাদের হৃদয় কঠিন হয়ে গেল এবং তারা যা করছিল, শয়তান তা তাদের দৃষ্টিতে সুশোভিত করল। (আনআমঃ ৪৩)

মানুষের অর্থনৈতিক ধ্বংসকারিতার মূলে রয়েছে এই বিলাসিতার আতিশয্য। মানুষ মাদক দ্রব্যের পশ্চাতে ফি বছর কোটি কোটি টাকা অপচয় করছে। অপচয় করছে গান-বাজনার পিছনে এবং প্রসাধন ও খেলাধুলা সহ আরো অন্যান্য বিলাস-ব্যসনে। এর পরেও কি ধ্বংসকারিতার জন্য অন্য কিছুকে দায়ী করা চলে? যে মহিলাদের জন্য ওয়াজেব ছিল, কেবল নিজ নিজ স্বামীর জন্য প্রসাধন ও সৌন্দর্য অবলম্বন করবে, সেই মহিলারা বাড়ির বাইরে অন্যের জন্য প্রসাধনে কত শত টাকা নষ্ট করে।

এ স্থলে কারুনের কথা ভেবে দেখা যেতে পারে। মহান আল্লাহ বলেন, “কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি যুলুম করেছিল। আমি তাকে ধনভান্ডার দান করেছিলাম, যার চাবিগুলি বহন করা একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। স্মরণ কর, তার সম্প্রদায় তাকে বলেছিল, 'দম্ভ করো না, আল্লাহ দাম্ভিকদেরকে পছন্দ করেন না। আল্লাহ যা তোমাকে দিয়েছেন তার মাধ্যমে পরলোকের কল্যাণ অনুসন্ধান কর। আর তুমি তোমার ইহলোকের অংশ ভুলে যেয়ো না। তুমি (পরের প্রতি) অনুগ্রহ কর, যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে চেয়ো না। আল্লাহ অবশ্যই বিপর্যয় সৃষ্টিকারীকে ভালবাসেন না।' সে বলল, 'এ সম্পদ আমি আমার জ্ঞানবলে প্রাপ্ত হয়েছি।' (ক্বাস্বাসঃ ৭৬-৭৮)

হিতাকাঙ্ক্ষীদের উপদেশের জবাবে সে এ কথা বলেছিল। যার অর্থ হল, উপার্জন ও ব্যবসার যে দক্ষতা আমার রয়েছে এ সম্পদ তো তারই ফসল। আল্লাহর অনুগ্রহ ও দানের সঙ্গে এর সম্পর্ক কী? এর দ্বিতীয় অর্থ হল, আল্লাহ আমাকে এই সম্পদ দিয়েছেন, যেহেতু তিনি জানেন যে, আমি এর উপযুক্ত। আর তিনি আমার জন্য এটি পছন্দ করেছেন। যেমন, অন্য এক জায়গায় মহান আল্লাহ মানুষের অন্য একটি কথা উল্লেখ করেছেন, “মানুষকে দুঃখ-দৈন্য স্পর্শ করলে সে আমাকে আহবান করে; অতঃপর যখন আমি তাকে অনুগ্রহ প্রদান করি তখন সে বলে, 'আমি তো এ আমার জ্ঞানের মাধ্যমে লাভ করেছি।' বস্তুতঃ এ এক পরীক্ষা, কিন্তু ওদের অধিকাংশ জানে না।” (সূরা যুমার ৪৯ আয়াত) অর্থাৎ, আমাকে এই অনুগ্রহ এই জন্যই দান করা হয়েছে যেহেতু আল্লাহর জ্ঞানে আমি এর উপযুক্ত ছিলাম। অন্য এক জায়গায় বলা হয়েছে, "দুঃখ-দৈন্য স্পর্শ করার পর যখন আমি তাকে অনুগ্রহের আস্বাদ দিই, তখন সে বলেই থাকে, 'এ আমার প্রাপ্য।” (সূরা হা-মী-ম সাজদাহ ৫০ আয়াত) অর্থাৎ, আমি তো এর উপযুক্ত।

আল্লাহ বলেন, “সে (কারূন) কি জানত না যে, আল্লাহ তার পূর্বে বহু মানবগোষ্ঠীকে ধ্বংস করেছেন, যারা তার থেকেও শক্তিতে ছিল প্রবল, সম্পদে ছিল প্রাচুর্যশালী? আর অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাও করা হবে না। কারূন তার সম্প্রদায়ের সম্মুখে জাঁকজমক সহকারে বের হল। যারা পার্থিব জীবন কামনা করত তারা বলল, 'আহা! কারুনকে যা দেওয়া হয়েছে, সেরূপ যদি আমাদেরও থাকত; প্রকৃতই সে মহা ভাগ্যবান।' আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলল, 'ধিক্ তোমাদের! যারা বিশ্বাস করে ও সৎকাজ করে, তাদের জন্য আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ। আর ধৈর্যশীল ব্যতীত তা অন্য কেউ পায় না।' অতঃপর আমি কারুনকে ও তার প্রাসাদকে মাটিতে ধসিয়ে দিলাম। তার স্বপক্ষে এমন কোন দল ছিল না, যে আল্লাহর শাস্তির বিরুদ্ধে তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও আত্মরক্ষায় সক্ষম ছিল না। পূর্বদিন যারা তার (মত) মর্যাদা কামনা করেছিল তারা বলতে লাগল, 'দেখ, আল্লাহ তাঁর দাসদের মধ্যে যার জন্য ইচ্ছা তার রুযী বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছা তা হ্রাস করেন। যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন, তবে আমাদেরকেও তিনি মাটিতে ধসিয়ে দিতেন। দেখ, অকৃতজ্ঞরা সফলকাম হয় না।' (ঐঃ ৭৮-৮২)

কারুনের মত ধন-সম্পদ ও মান-মর্যাদার অভিলাষী ব্যক্তিরা যখন কারুনের শিক্ষণীয় করুণ পরিণতি দেখল, তখন তারা বুঝল যে, ধন-দৌলত এই কথার প্রমাণ নয় যে, ধনবান ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট। সুতরাং দেখা যায় যে, আল্লাহ কাউকে মাল বেশি দেন, আবার কাউকেও কম। এর সম্পর্ক সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছা ও হিকমতের সাথে, যা একমাত্র তিনি ছাড়া অন্য কেউ জানেন না। মালের আধিক্য তাঁর সন্তুষ্টির ও মাল না থাকা তাঁর অসন্তুষ্টির প্রমাণ বহন করে না। যেমন এসব মান-ইজ্জতের মাপকাঠিও নয়। পক্ষান্তরে মাল নিয়ে বিলাস-ব্যসনে মত্ত হয়ে অহংকার প্রদর্শন করলে, আল্লাহর ধ্বংস নেমে আসে।

যে জাতি পার্থিব ভোগ-বিলাসের মোহে পরকাল ভুলে যায়, সে জাতির ধ্বংস অনিবার্য। কিন্তু কবি বলেন, আমরা সে জাতি নই। তবুও আমরা সেই জাতিতে পরিণত হয়ে ধ্বংস হয়েছি এবং হতে চলেছি।

'নাহি মোরা জীব ভোগ-বিলাসের, শাহাদত ছিল কাম্য মোদের
ভিখারীর বেশে খলীফা যাদের শাসন করিল আধা জাহান।
তারা আজ পড়ে ঘুমায়ে বেহুশ বাহিরে বহিছে ঝড়-তুফান।।'

📘 জাতির উত্থান পতন > 📄 বিষয়াসক্তি

📄 বিষয়াসক্তি


জাতির জীবনে পরাজয় আসার একটি কারণ হল দুনিয়ার মহব্বত। আমরা ভাবি, আমরা দুনিয়ায় চিরস্থায়ী বেঁচে থাকব। তাই দুনিয়ার ভোগ-বিলাসের মায়ায় ভুলে সেই মাছির মতো হয়ে যাই, যে মাছি রসগোল্লার ঝোলের মাঝে বসে অনেক বেশি পরিমাণে রস শোষণ করতে চায়! পরিশেষে তার পরিণাম এই হয় যে, রস ছেড়ে সে আর উঠতে পারে না, বরং তাতে ডুবেই সে নিজের জীবন-লীলা সাঙ্গ করে।

কিছু সাহাবার সামান্য দুনিয়ার লোভ আল্লাহর রসূল-কে কতই না বিভ্রাটে ফেলেছিল! মুসলিমদের বিজয় দেখে গনীমতের মাল সংগ্রহের জন্য নিজেদের ঘাঁটি ছেড়ে চলে গেলে পিছন থেকে মুসলমানদের উপর পাল্টা আক্রমণ হল। তাতে কত হতাহত হল। খোদ মহানবী জখম হলেন! মহান আল্লাহ সেদিনকার পরীক্ষার কথা কুরআনে উল্লেখ করেছেন,

[وَلَقَدْ صَدَقَكُمُ اللهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُم بِإِذْنِهِ حَتَّى إِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِي الْأَمْرِ وَعَصَيْتُم مِّن بَعْدِ مَا أَرَاكُم مَّا تُحِبُّونَ مِنكুম مَّن يُرِيدُ الدُّنْيَا وَمِنكُم مَّن يُرِيدُ الْآخِرَةَ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ وَلَقَدْ عَفَا عَنكُمْ وَاللَّهُ ذُو فَضْلٍ عَلَى الْمُؤْمِنِينَ] (১৫২)

অর্থাৎ, আল্লাহ অবশ্যই তোমাদের সঙ্গে তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন, যখন তোমরা তাদেরকে আল্লাহর নির্দেশক্রমে হত্যা করছিলে। অবশেষে যখন তোমরা সাহস হারিয়েছিলে এবং (রসূলের) নির্দেশ সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছিলেন এবং যা তোমরা পছন্দ কর তা (বিজয়) তোমাদেরকে দেখানোর পরে তোমরা অবাধ্য হয়েছিলে (তখন বিজয় রহিত হল)। তোমাদের কতক লোক ইহকাল কামনা করেছিল এবং কতক লোক পরকাল কামনা করেছিল। অতঃপর তোমাদেরকে পরীক্ষা করার জন্য তিনি তোমাদেরকে তাদের মোকাবেলায় পশ্চাতে ফিরিয়ে দিলেন। তবুও (কিন্তু) তিনি তোমাদেরকে ক্ষমা করলেন। বস্তুতঃ আল্লাহ মু'মিনদের প্রতি অনুগ্রহশীল। (আলে ইমরানঃ ১৫২)

আমরা ক্ষণস্থায়ী দুনিয়াকে ভালবাসি। দুনিয়ার ঘর-বাড়ি, মায়ার সংসার, স্ত্রী-পরিজন সব আসলে ছবির মতো। এ সবের কোন প্রকৃতত্ব নেই। প্রকৃত ঘর-বাড়ি ও স্ত্রী-সুখ আছে আখেরাতে। তবুও আমরা ইহকালকে পরকালের উপর প্রাধান্য দিয়ে থাকি, আর তারই জন্য আমাদের পরাজয়। আল্লাহর রসূল বলেন, "অনতি দূরে সকল বিজাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমন ভোজনকারীরা ভোজপাত্রের উপর একত্রিত হয়। (এবং চারিদিক থেকে ভোজন ক'রে থাকে।)” একজন বলল, 'আমরা কি তখন সংখ্যায় কম থাকব, হে আল্লাহর রসূল?' তিনি বললেন, "বরং তখন তোমরা সংখ্যায় অনেক থাকবে। কিন্তু তোমরা হবে তরঙ্গতাড়িত আবর্জনার ন্যায় (শক্তিহীন, মূল্যহীন)। আল্লাহ তোমাদের শত্রুদের বক্ষ থেকে তোমাদের প্রতি ভীতি তুলে নেবেন এবং তোমাদের হৃদয়ে দুর্বলতা সঞ্চার করবেন।” এক ব্যক্তি বলল, 'হে আল্লাহর রসূল! দুর্বলতা কী?' তিনি বললেন, “দুনিয়াকে ভালোবাসা এবং মরতে না চাওয়া।” (আবু দাউদ ৪২৯৭, মুসনাদে আহমাদ ৫/২৭৮)

তিনি আরো বলেন, “যখন তোমরা 'ঈনাহ' (সূদী) ব্যবসা করবে এবং গরুর লেজ ধরে কেবল চাষ-বাস নিয়েই সন্তুষ্ট থাকবে, আর জিহাদ ত্যাগ ক'রে বসবে, তখন আল্লাহ তোমাদের উপর এমন হীনতা চাপিয়ে দেবেন; যা তোমাদের হৃদয় থেকে ততক্ষণ পর্যন্ত দূর করবেন না; যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের দ্বীনের প্রতি প্রত্যাবর্তন করেছ।” (মুসনাদে আহমদ ২/২৮, ৪২, ৮৪, আবু দাউদ ৩৪৬২, বাইহাকী ৫/৩১৬) আর মহান আল্লাহ বলেছেন,

[قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ] (২৪)

অর্থাৎ, বল, তোমাদের পিতা, পুত্র, ভ্রাতা, স্ত্রী ও আত্মীয়গণ, অর্জিত ধনরাশি এবং সেই ব্যবসা-বাণিজ্য তোমরা যার অচল হওয়ার ভয় কর এবং প্রিয় বাসস্থানসমূহ যদি তোমাদের নিকট আল্লাহ, তাঁর রসূল ও আল্লাহর রাস্তায় জিহাদ অপেক্ষা অধিকতর প্রিয় হয়, তাহলে আল্লাহর আদেশ আসা পর্যন্ত অপেক্ষা কর। বস্তুতঃ আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। (তাওবাহঃ ২৪)

বেঁচে থাকার অধিকার তাদেরই আছে, যারা আসলেই মরতে জানে। এ জন্যই মহান আল্লাহ বাঁচার মতো বাঁচতে আহবান ক'রে বলেছেন,

[يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا الله وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُم لِمَا يُحْيِيكُمْ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَحُولُ بَيْنَ الْمُرْءِ وَقَلْبِهِ وَأَنَّهُ إِلَيْهِ تُحْشَرُونَ] (২৪) سورة الأنفال

অর্থাৎ, হে বিশ্বাসিগণ! রসূল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে আহবান করে, যা তোমাদেরকে প্রাণবন্ত করে, তখন আল্লাহ ও রসূলের আহবানে সাড়া দাও এবং জেনে রাখ যে, আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হন এবং তাঁরই নিকট তোমাদেরকে একত্রিত করা হবে। (আনফালঃ ২৪)

📘 জাতির উত্থান পতন > 📄 চরিত্র হারানো

📄 চরিত্র হারানো


আমাদের মহানবী সুমহান চরিত্রের অধিকারী ছিলেন। আর চরিত্র- গুণেই তিনি মানুষকে মুগ্ধ করেছিলেন। চরিত্র মানুষের অমূল্য সম্পদ। সৎ-চরিত্র গুণেই আসলে মানুষ 'মানুষ' হয়।

আল্লাহর রসূল বলেন, “কিয়ামতের দিন মীযানে (আমল ওজন করার দাঁড়িপাল্লায়) সচ্চরিত্রতার চেয়ে অধিক ভারী আমল আর অন্য কিছু হবে না। আর আল্লাহ অবশ্যই অশ্লীলভাষী চোয়াড়কে ঘৃণা করেন।” (তিরমিযী ২০০৩, ইবনে হিব্বান ৫৬৬৪, আবু দাউদ ৪৭৯৯ নং)

তিনি আরো বলেন, “আত্মীয়তার বন্ধন বজায় রাখা, সুন্দর চরিত্র অবলম্বন করা এবং প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখায় দেশ আবাদ থাকে এবং আয়ু বৃদ্ধি পায়।” (আহমাদ, সহীহুল জামে ৩৭৬৭নং)

তিনি আরো বলেন, "আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম লোক হল সেই ব্যক্তি, যে মানুষের জন্য সবচেয়ে বেশী উপকারী। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম আমল হল, একজন মুসলিমের হৃদয়কে খুশীতে পরিপূর্ণ করা অথবা তার কোন কষ্ট দূর ক'রে দেওয়া অথবা তার তরফ থেকে তার ঋণ আদায় ক'রে দেওয়া অথবা (কাপড় দান করে তার ইজ্জত ঢেকে দেওয়া অথবা) তার নিকট থেকে তার ক্ষুধা দূর ক'রে দেওয়া। মসজিদে একমাস ধরে ই'তিকাফ করার চাইতে আমার মুসলিম ভায়ের কোন প্রয়োজন মিটাতে যাওয়া আমার নিকট অধিক পছন্দনীয়। যে ব্যক্তি নিজ ক্রোধ সংবরণ ক'রে নেবে, আল্লাহ তার দোষ গোপন ক'রে নেবেন। যে ব্যক্তি নিজ রাগ সামলে নেবে; অথচ সে ইচ্ছা করলে তা প্রয়োগ করতে পারত, সে ব্যক্তির হৃদয়কে আল্লাহ কিয়ামতের দিন সন্তুষ্ট করবেন। যে ব্যক্তি তার মুসলিম ভায়ের প্রয়োজন পূরণ করার জন্য যাবে এবং তা পূরণ ক'রে দেবে, আল্লাহ সেদিন তার পদযুগলকে সুদৃঢ় রাখবেন, যেদিন পদযুগল পিছল কাটবে। আর মন্দ চরিত্র আমলকে নষ্ট করে, যেমন সির্কা মধুকে নষ্ট করে ফেলে।” (সহীহ তারগীব ২০৯০, সিলসিলাহ সহীহাহ ১৪৯৪নং, সহীহুল জামে' ১৭৬নং)

জাতির চরিত্র হারিয়ে গেলে তার কোমর ভেঙ্গে যায়, সে জাতি আর সফল হতে পারে না। যে রাষ্ট্রনেতার চরিত্র নষ্ট হয়, সে আর নেতা থাকতে পারে না। যে আলেমের চরিত্র হারিয়ে যায়, তার আর কোন কদর থাকে না। চরিত্র হারানো মানে সব কিছু হারানো। অর্থক্ষয়ে তত ক্ষতি নেই, যত আছে স্বাস্থ্যক্ষয়ে। স্বাস্থ্যক্ষয়ে তত ক্ষতি নেই, যত আছে চরিত্রক্ষয়ে। চরিত্রক্ষয় মানে জীবনটাই ক্ষয়।

দুনিয়া ও আখেরাতের সাফল্য লাভের জন্য পবিত্র চরিত্র চাই। যার চরিত্র অপবিত্র, সে আর কোন কাজে লাগে না। যেহেতু চরিত্রহীনরাও চায় না যে, তার মান্য বা ভালবাসার কেউ চরিত্রহীন হোক। সাধারণ মানুষ মানুষের বাহ্যিক চরিত্রটাই দেখে। সুন্দর ব্যবহার দেখলে মুগ্ধ হয়। মানুষ দেখে তার মান্যবর বা প্রিয়পাত্র, বেনামাযী ও দ্বীন-বিরোধী কি না? সে কোন খারাপ নেশায় অভ্যাসী বা মাতাল কি না? লম্পট বা ব্যভিচারী কি না? আমানতে খেয়ানতকারী কি না? চোর-দাগাবাজ কি না? তার পিতামাতার সাথে তার ব্যবহার কেমন আছে? তার স্ত্রীর সাথে তার ব্যবহার কেমন আছে? তার সন্তানদের সাথে তার ব্যবহার কেমন আছে? তার আত্মীয়-স্বজনের সাথে তার ব্যবহার কেমন আছে? তার প্রতিবেশীদের সাথে তার ব্যবহার কেমন আছে? তার ম্যানেজার ও নেতার সাথে তার ব্যবহার কেমন আছে? তার দাস-দাসীর সাথে তার ব্যবহার কেমন আছে? তার সমাজের সাথে তার ব্যবহার কেমন আছে? শিশুদের সাথে তার ব্যবহার কেমন আছে? কাফেরদের সাথে তার ব্যবহার কেমন আছে? এ সকলের প্রতি তার ব্যবহার অমিয় কি না? দয়া-মায়াপূর্ণ কি না, ভদ্রতাপূর্ণ কি না?

তা না হলে সে বিফল মানুষ। সে পরাজিত ও বিপর্যস্ত। তার দ্বারা কোন বিজয়ের কাজ হবে না। যে জাতির চরিত্র নেই, যে জাতি চরিত্রহীন, সে জাতি কি ধ্বংসোন্মুখ নয়? আরবী কবি বলেছেন,

وإنما الأمم الأخلاق ما بقيت فإن هم ذهبت أخلاقهم ذهبوا

অর্থাৎ, জাতি ততক্ষণ পর্যন্ত সুপ্রতিষ্ঠিত থাকে, যতক্ষণ তার চরিত্র থাকে। জাতির চরিত্র গেলে সবাই ধ্বংস হয়ে যায়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00