📘 জান্নাতের স্বপ্নীল ভুবন > 📄 কেমন হবে জান্নাতের ফটক

📄 কেমন হবে জান্নাতের ফটক


ওলীদ ইবনে মুসলিম খালীদের সূত্রে হযরত হাসান বসরী রহ. হতে مُفَتَحَةُ لَهُمُ الأبواب -এর তাফসীরে উল্লেখ করেন, ১১৭ দরযাগুলো এমন হবে যে, ভেতরের দৃশ্য দেখা যাবে।

খলীদ এর সূত্রে হযরত কাতাদাহ রহ. হতে একথাও বর্ণিত রয়েছে, তার দরযা এমন হবে, বাইর থেকে ভিতরে এবং ভিতর থেকে বাইরে পরিষ্কারভাবে দেখা যাবে। তার দরযা কথা বুঝবে এবং কথাও বলবে। সুতরাং যখন তাকে বলা হবে খুলে যাও, তখন খুলে যাবে। আর যখন বলা হবে বন্ধ হয়ে যাও, তখন তা বন্ধ হয়ে যাবে।

আবুশ শায়খ ফাযারী রহ. হতে সনদসহ বর্ণনা করেন, তিনি বলেছেন, জান্নাতে প্রত্যেক মু'মিনের জন্য চারটি দরযা বরাদ্ধ থাকবে। এক দরযা দিয়ে ফিরিশতাগণ তাদের সাথে সাক্ষাতের জন্য আসবেন। অন্য এক দরযা দিয়ে তাদের স্ত্রী ও ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হূরগণ প্রবেশ করবেন। অন্য একটি রুদ্ধ দ্বার থাকবে, তার ও জাহান্নামের মাঝে। সে যখন ইচ্ছা করবে, তখনি তা খুলে জাহান্নামীদেরকে দেখতে পারবে এবং তখন তার নিজের প্রতি আল্লাহ প্রদত্ত নি'আমতরাজির কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। অন্য একটি দরযা থাকবে, তার ও দারুস সালামের মাঝে। তা দ্বারা সে স্বীয় প্রভুর নিকট যখন ইচ্ছা তখনি যেতে পারবে।

হযরত আনাস বিন মালিক রা. হতে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, أنا أول من يأخذ بحلقة باب الجنة، ولا فخر আমি-ই প্রথম ব্যক্তি, যে সর্বপ্রথম জান্নাতের দরযার শিকল স্পর্শ করবে, এ কোন গর্ব ও অহংকারের বিষয় নয়; বরং একমাত্র আল্লাহ তা'আলার দয়া ও অনুগ্রহ।

ইবনে উয়ায়নাহ শাফা'আতের ব্যাপারে হযরত আনাস রা. হতে দীর্ঘ হাদীস বর্ণনা করেন। তাতে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, فأخذ بحلقة باب الجنة فاقعقها অতঃপর আমি জান্নাতের দরযার শিকল ধরে নাড়া দেব।

এ সকল বর্ণনা দ্বারা স্পষ্ট বুঝা যায়, জান্নাতের দরযায় সত্যিকার শিকল লাগানো থাকবে, যাকে নাড়া দেয়া যাবে এবং করাঘাত করা যাবে।

সুহাইল রহ. হযরত আবূ হুরায়রা রা. হতে বর্ণনা করেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, أخذ بحلقة باب الجنة فيؤذن لي আমি জান্নাতের দরযার শিকল ধরলে আমাকে তাতে প্রবেশের অনুমতি প্রদান করা হবে।

হযরত আলী রা. হতে বর্ণিত আছে, যে ব্যক্তি প্রত্যহ একশত বার لا إله إلا الله الملك الحق المبين পড়বে, সে দারিদ্র্য ও কবর জগতের ভয়াবহতা থেকে রক্ষা পাবে। প্রাচুর্য তার দিকে দৌড়ে আসবে। আর এর মাধ্যমে জান্নাতের দরযায় করাঘাত করল।

জান্নাতের ফটক একটি অপরটি থেকে উঁচু হবে
যেহেতু জান্নাতের স্তর উঁচু-নিচু রয়েছে। সুতরাং জান্নাতের দরযাও একটি অপেক্ষা অন্যটি উঁচু। উপরের স্তরের জান্নাতের দরযা নিচু স্তরের জান্নাতের দরযা অপেক্ষা উঁচু। জান্নাতের স্তর যত-ই উঁচু হবে, ততই তার দরযা নিচু জান্নাত থেকে প্রশস্ত হতে থাকবে। প্রশস্ততা জান্নাতের প্রশস্ততা অনুপাতেই হবে। ইতোপূর্বে জান্নাতের দরযার উভয় কপাটের মধ্যবর্তী দূরত্ব সম্পর্কে যে বিভিন্ন উক্তি পরিলক্ষিত হয়েছে, যে কোনো বর্ণনা মতে উভয়ের মধ্যবর্তী দূরত্ব হল তিন দিনের, কোন বর্ণনায় চল্লিশ দিনের হতে পারে। এ মতভেদের কারণ জান্নাতের স্তরের বিভিন্নতাই। সুতরাং উঁচু স্তরের জান্নাতের দরযা নিচু স্তরের জান্নাতের দরযা অপেক্ষা প্রশস্ত হবে।

এ উম্মতের জন্য নির্দিষ্ট বিশেষ একটি দরযা থাকবে, যা দ্বারা শুধু মাত্র তারা-ই প্রবেশ করবে। যেমন মুসনাদে হযরত উমর রা. এর বর্ণনা যে এ হাদীসে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, باب أمتي يبخلون পর্যন্ত আমার উম্মতের জন্য যে বিশেষ দরযা من الجنة عرض مسيرة الراكب ثلاثا থাকবে, তার দু' কপাটের মধ্যবর্তী দূরত্ব হবে তিন দিনের দূরত্বের সমান। তারা শিকলের কারণে তাকে সংকীর্ণ মনে করবে। এমনকি ভীড়ের কারণে যেন তাদের স্কন্ধ বের হয়ে যাবে।

মুসনাদে হযরত আবূ হুরায়রা রা. হতে বর্ণিত আছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, أتاني جبرئيل فأخذ بيدي فأراني باب الجنة الذي تدخل منه أمتي আমার নিকট জিবরীল আ. এলেন এবং আমার হাত ধরে আমাকে জান্নাতের সেই দরযাটি দেখালেন, যা দ্বারা আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। ইনশা আল্লাহ উক্ত হাদীসের বিস্তারিত আলোচনা সামনে করা হবে।

হযরত আলী রা. হতে বর্ণিত আছে, জান্নাতের দরযা এভাবে একটি অপরটি অপেক্ষা উঁচু-নিচু হবে। অতঃপর এ আয়াত তিলাওয়াত করলেন, حَتَّى إِذَا جَاؤُوهَا وَفُتِحَتْ أبوابها যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে ও তার দ্বারসমূহ খুলে দেওয়া হবে, সে দ্বারসমূহের নিকট এমন একটি গাছ থাকবে, যার শিকড় থেকে দু'টি প্রস্রবণ প্রবাহিত হবে। তখন তারা সে প্রস্রবণদ্বয়ের একটি হতে পানি পান করবে। সে পানি তাদের পেটের মালিন্যকে বিদূরিত করে দিবে এবং অপর প্রস্রবণ থেকে তারা গোসল করবে। তখন তাদেরকে স্বাচ্ছন্দ্যের ও তৃপ্তির সজীবতা আচ্ছন্ন করে ফেলবে। এরপর আর তাদের মাথার কেশ এলোমেলো হবে না এবং তাদের ত্বক আর বিকৃত হবে না। (যেমনিভাবে পৃথিবীতে ঋতুর পরিবর্তনের ফলে ত্বকের মধ্যে পরিবর্তন সৃষ্টি হয়।)

অতঃপর তিনি (হযরত আলী রা.) আয়াতের এ অংশ পাঠ করলেন, فَادْخُلُوهَا خَالدين ‘তোমরা সুখী হও এবং জান্নাতে প্রবেশ কর স্থায়ীতাবে অবস্থিতির জন্য’। অতঃপর জান্নাতবাসীগণ জান্নাতে প্রবেশ করবে। তারা আপন অবস্থানস্থলকে চিনবে। ছোট ছোট ছেলেরা তাদের সাথে সাক্ষাত করবে। তারা সে জান্নাতীকে দেখে এমন আনন্দিত ও প্রফুল্ল হবে, যেমনিভাবে কোনো স্বজনের দীর্ঘ সময়ের অনুপস্থিতির পর আপন জনের মাঝে ফিরে আসার দ্বারা পরিবারস্থ লোকজন আনন্দিত হয়ে থাকে। অতঃপর সে ছোট ছেলে জান্নাতীদের স্ত্রী অর্থাৎ ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের নিকট যাবে এবং তাদেরকে সংবাদ দিবে, তাদের স্বামী সেই জান্নাতীর আগমন ঘটেছে। তখন তারা আনন্দে আত্মহারা হয়ে তাকে জিজ্ঞেস করবে, বাস্তবেই কি তুমি তাকে দেখেছ? অতঃপর সে জান্নাতী দরযায় দণ্ডায়মান হবে ও আপন নিবাসে প্রবেশ করবে এবং তার আসনের সাথে হেলান দিয়ে বসবে ও আপন নিবাসে খুঁটিগুলোর প্রতি তাকালে দেখতে পাবে, সেগুলো উন্নততর মুক্তামালা দ্বারা নির্মিত এবং সে লাল-সবুজ, হলুদ রং-বেরংয়ের মুক্তা দেখতে পাবে। অতঃপর সে তার ঘরের ছাদের প্রতি তাকাবে। যদি এ ঘর তার জন্য তৈরী করা না হত, তবে তার ঝলক ও উজ্জ্বলতা তার দৃষ্টিশক্তি বিনষ্ট করে দিত। তখন সে বলবে, الحمد لله الذي هدانا সকল প্রশংসা সেই মহান সত্তার জন্য, যিনি আমাকে এ অফুরন্ত নি'আমতরাজি লাভের তাওফীক প্রদান করেছেন। যদি তিনি তাওফীক প্রদান না করতেন, তবে এ পর্যন্ত পৌঁছা ও নি'আমতরাজি লাভ করা সম্ভব হত না।

টিকাঃ
১১৭. তাফসীরুল হাসান বসরী, খ. ৪, পৃ. ৩৯০

📘 জান্নাতের স্বপ্নীল ভুবন > 📄 ফটকে ফটকে ব্যবধান

📄 ফটকে ফটকে ব্যবধান


মু'জামে ত্বাবারানীতে সনদসহ হযরত লাকীত ইবনে আমির রা. হতে বর্ণিত আছে।১১৮ তিনি আপন গোত্রের প্রতিনিধিরূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! জান্নাত ও দোযখ কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাকেব
لعمر إلهك إن للنار سبعة أبواب، ما منهن بابان الا يسير الراكب بينهما سبعين عاما، وان للجنة ثمانية أبواب ما منهن بابان الا يسير الراكب بينهما سبعين عاما তোমার প্রভুর শপথ, জাহান্নামের সাতটি দরযা রয়েছে, তার প্রত্যেকটি দরযার মাঝে সত্তর বছরের দূরত্ব। জান্নাতের আটটি দরযা রয়েছে। তার প্রত্যেকটি দরযার মাঝে সত্তর বছরের দূরত্ব। এরপর হাদীসটি বিস্তারিত উল্লেখ করেন।

উক্ত হাদীস দ্বারা এ কথা প্রতীয়মান হয়, উল্লিখিত দূরত্ব হল, এক দরযা হতে অপর দরযার মাঝে। কেননা মক্কা ও বসরার মাঝেও তো সত্তর বছরের দূরত্ব নয়। এবং তা কোন নির্দিষ্ট দরযার ব্যাপারেও প্রযোজ্য নয়। বরং প্রত্যেক দরযার মাঝে এ পরিমাণ দূরত্ব বিরাজমান।

টিকাঃ
১১৮. উক্ত হাদীসটি মুসনাদে আহমদের খ. ৪, পৃ. ১৪ এর মধ্যেও বর্ণিত হয়েছে।

📘 জান্নাতের স্বপ্নীল ভুবন > 📄 জান্নাতের অবস্থান কোথায়?

📄 জান্নাতের অবস্থান কোথায়?


আল্লাহ তা'আলা ইরশাদ করেন, وَلَقَدْ رَأَهُ نَزْلَةً أُخْرَى عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَىٰ عِنْدَهَا جَنَّةُ الْمَأْوَىٰ নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল। প্রান্তবর্তী বদরী কুল বৃক্ষের নিকট যার নিকট অবস্থিত বাসোদ্যান।১১৯

এ কথা প্রমাণিত, সিদরাতুল মুনতাহা আকাশের উর্ধ্বে। তাকে সিদরাতুল মুনতাহা এ জন্য বলা হয়, আল্লাহ তা'আলার নিকট থেকে অবতীর্ণ বিষয়সমূহ এবং নিচ থেকে উপরে প্রেরিত বিষয়সমূহের সেখানে যাত্রা বিরতি ঘটে। আল্লাহ তা'আলা আরো ইরশাদ করেন, وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ আকাশে রয়েছে তোমাদের রিযক ও প্রতিশ্রুত সকল কিছু।

মুজাহিদ রহ. বলেন, وَمَا تُوعَدُونَ দ্বারা উদ্দেশ্য হল, জান্নাত। ইবনে মুনযির স্বীয় তাফসীরে মুজাহিদ রহ. হতে বর্ণনা করেন, وَمَا تُوعَدُونَ দ্বারা উদ্দেশ্য হল, জান্নাত ও দোযখ। কিন্তু এ মতটি ব্যাখ্যা সাপেক্ষ। কেননা দোযখ হল আসফালাস সাফিন তথা সর্ব নিম্নাংশে, আকাশে নয়।

আবূ সালেহ রহ. হযরত ইবনে আব্বাস রা. হতে বর্ণনা করেন, ভাল-মন্দ সব কিছুই আকাশ থেকে অবতারিত হয়। সে হিসাবে উক্ত মতের উদ্দেশ্য হবে এই, জান্নাত ও দোযখ উভয়টির উপকরণ আল্লাহর নিকট আসমানে। সনদসহ হারিস ইবনে আবূ উসামা রহ. বাশার ইবনে শাফ্ফাফ হতে বর্ণনা করেন, আমি হযরত আবদুল্লাহ ইবনে সালাম রা. কে বলতে শুনেছি, । আক্রম খলীফাতুল্লাহ আবূল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জগতের মাঝে সর্বাপেক্ষা উত্তম ও সম্মানিত সৃষ্টি হলেন, আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই জান্নাত আকাশে অবস্থিত।

আবূ নাঈম রহ. হযরত আবদুল্লাহ ইবনে সালাম রা. হতে বর্ণনা করেন। তিনি বলেন, মা'মার ইবনে রাশেদ উক্ত হাদীস মারফু' বর্ণনা করেছেন। সনদসহ মুহাম্মদ ইবনে ফযলের বর্ণনায় হযরত ইবনে আব্বাস রা. হতে বর্ণিত আছে। তিনি বলেন, জান্নাত সপ্তম আকাশের উর্ধ্বে অবস্থিত। কিয়ামত দিবসে আল্লাহ তা'আলা তা যেখানে ইচ্ছা করেন, সেখানে রাখবেন। আর দোযখ হল সপ্তম যমীনের নিচে।

ইবনে মানদাহ রা. স্ব-সনদে হযরত আবদুল্লাহ রা. হতে বর্ণনা করেন, তিনি বলেন, জান্নাত চতুর্থ আকাশে অবস্থিত। কিয়ামত দিবসে আল্লাহ তা'আলা তা যেখানে ইচ্ছা করেন সেখানে রাখবেন। আর দোযখ হল সপ্তম যমীনের নিচে। কিয়ামত দিবসে আল্লাহ তা'আলা তা যেখানে ইচ্ছা সেখানে স্থাপন করবেন।

মুজাহিদ রহ. বলেন, আমি হযরত ইবনে আব্বাস রা. কে জিজ্ঞাসা করেছিলাম, জান্নাত কোথায় অবস্থিত? তিনি বললেন, সপ্তম আকাশের উদরে। আমি আবার প্রশ্ন করলাম, দোযখ কোথায় অবস্থিত? তিনি বললেন, স্তর হিসাবে সাত সমুদ্রের নিচে।

ইবনে আবূ বকর আবূ শাইবা রহ. স্ব-সনদে আবদুল্লাহ ইবনে আমর রা. হতে বর্ণনা করেন। তিনি বলেন, জান্নাত ভাজ করা অবস্থায় সূর্যের কিরণের সাথে আবদ্ধ। প্রত্যেক বৎসর একবার তা উন্মোচন করা হয়। মু'মিনদের আত্মা যারযূর১২০ পাখির রূপ ধারণ করে। একে অপরকে চিনে ও জান্নাতের ফল দ্বারা আহার গ্রহণ করে।

উক্ত হাদীসের প্রথম অংশ শেষাংশের সাথে বাহ্যত বিরোধপূর্ণ মনে হয়। (কেননা, প্রথমাংশে রয়েছে, জান্নাত ভাজ করা অবস্থায় সূর্যের কিরণের সাথে আবদ্ধ প্রতিবছর একবার তা উন্মোচন করা হয়। আর শেষাংশে রয়েছে, মু'মিনের আত্মা প্রতিনিয়ত জান্নাতে ঘুরাফেরা করে।) কিন্তু বাস্তবে উভয়াংশে কোন বিরোধ নেই। কেননা, জান্নাত ভাজ করা অবস্থায় সূর্যের কিরণের সাথে আবদ্ধ হওয়ার দ্বারা উদ্দেশ্য হল, আল্লাহ তা'আলা প্রতিবছর সূর্যের দ্বারা যে বিভিন্ন প্রকার ফলমূল ও শস্য উৎপন্ন করেন, তা জান্নাতের কথা স্মরণ করিয়ে দেয়। হাদীসের ভাষ্য এটাই নির্দেশ করে। যেমনিভাবে পার্থিব জগতের আগুন জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়।

অন্যথায় عرضها السموات والأرض জান্নাতের দৈর্ঘ্য হল, নভোমণ্ডল ও ভূ-মণ্ডলসম। তাহলে তা সূর্যের পার্শ্বে কিভাবে ঝুলন্ত থাকতে পারে?

সহীহায়নে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আছে, الجنة مائة درجة ما بين كل درجتين كمابين السماء والأرض, অর্থাৎ জান্নাতের একশটি স্তর রয়েছে। এর প্রত্যেক দুই স্তরের মাঝে এ পরিমাণ দূরত্ব রয়েছে, যে পরিমাণ দূরত্ব আকাশ ও যমীনের মধ্যবর্তী স্থলে।১২১ উক্ত বর্ণনায় এ কথা-ই বুঝায়, জান্নাত অত্যন্ত উঁচু। والله أعلم

এ বিষয়ে বর্ণিত হাদীসে দু'ধরণের শব্দ পাওয়া যায়। তন্মধ্যে একটি পূর্বে বর্ণিত হয়েছে। অপর বর্ণনায় রয়েছে" إن في الجنة مائة درجة، ما بين كل درجتين كما بين السماء والأرض، أعد الله للمجاهدين في سبيل الله জান্নাতে একশটি স্তর রয়েছে। তার প্রত্যেক দুই স্তরে আকাশ-যমীনসম দূরত্ব। আল্লাহ তা'আলা তা তাঁর পথে জিহাদকারীগণের জন্য তৈরী করেছেন।' আমার শায়খ (ইবনে তাইমিয়াহ) উক্ত বর্ণনাকে প্রাধান্য দিয়েছেন। এ বর্ণনা দ্বারা এ কথা নিষিদ্ধ হয় না, জান্নাতের কোনো কোনো স্তর এরও চেয়ে অধিক উঁচু।

এমনিভাবে সহীহ হাদীসে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, ان الله تسعة وتسعين إسما، من أحصاها دخل الجنة. অর্থাৎ আল্লাহ তা'আলার নিরানব্বইটি নাম রয়েছে। যে ব্যক্তি এ নামগুলো মুখস্থ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ তাঁর নামগুলোর প্রভাব এই যে, সে সব মুখস্থকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এর দ্বারা বুঝা যায় না, আল্লাহ তা'আলার নাম এরও অধিক হতে পারে না। এই বর্ণনার বিশুদ্ধতার ব্যাপারে এ তথ্যও নির্দেশ করে, জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এ সকল স্তর থেকে উর্ধ্বে হবে। তার উর্ধ্বে কোন জান্নাত থাকবে না।

জান্নাতের এ শত স্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সদস্যগণ জিহাদের কল্যাণে অর্জন করবে। জান্নাত হল, গোলাকৃতির। তার মধ্যে সর্বাপেক্ষা উঁচুস্তরের ও প্রশস্ততম হল, জান্নাতুল ফিরদাউস। তার ছাদ হল, আরশ। যেমন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহীহ হাদীসের মধ্যে ইরশাদ করেন,
إذا سألتم الله فاسئلوه الفردوس، فانه أوسط الجنة و أعلى الجنة তোমরা যখন আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করবে, তখন জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করবে। কেননা, তা অন্যান্য জান্নাতের ঠিক মাঝ বরাবর সর্বোচ্চ উচ্চতায় স্থাপিত। তার উপরে আল্লাহ তা'আলার আরশ অবস্থিত এবং তা হতেই প্রস্রবণ প্রবাহিত হয়।

যদি প্রশ্ন করা হয়, সমগ্র জান্নাত-ই তো আরশের নিচে। আরশ হল, তার ছাদ। আর কুরসী আকাশ-পৃথিবী অপেক্ষাও প্রশস্ত। আরশ তা অপেক্ষাও বৃহৎ আকারের। (তাহলে আরশ জান্নাতের ছাদ হয় কিভাবে?)

তার উত্তরে বলা হবে, জান্নাতের যে স্তরকে ফিরদাউস বলা হয়ে থাকে, তা আরশের নিকটে অবস্থিত। সে হিসাবে তা অপেক্ষা উপরে আর কোন জান্নাত নেই। সুতরাং আরশ মূলতঃ এটারই ছাদ। এটি অপেক্ষা নিম্নস্থ জান্নাতের উপরে আরশ নয়।

জান্নাত অত্যন্ত উঁচু ও প্রশস্ত হওয়ার কারণে তার নিচের অংশ থেকে উপরের অংশে উঠবে স্তরানুসারে পর্যায়ক্রমে। যেমন কুরআন তিলাওয়াতকারীকে বলা হবে, إقرأ وارتق، فإن منزلتك عند أخر آية تقرأها তিলাওয়াত করতে থাক ও বেহেশতে আরোহণ করতে থাক। যেখানে গিয়ে তুমি শেষ আয়াত তিলাওয়াত করবে, তা-ই হবে তোমার ঠিকানা তথা নিবাস।

উক্ত হাদীসে দু'টি সম্ভাবনা রয়েছে। প্রথমত তার অবস্থান তার ধীশক্তির উপর নির্ভর করবে। অর্থাৎ ধীশক্তি যেই স্থানে শেষ হবে সেখানে তার অবস্থান হবে। দ্বিতীয়টি হল, তার অবস্থান তার তিলাওয়াতের উপর। والله

টিকাঃ
১১৯. সূরা নাজম, আয়াত: ১৩-১৫
১২০. যারযূর, চড়ুই পাখি অপেক্ষা ঈষৎ বড় এক প্রকার পাখি- মিসবাহুল লুগাত
১২১. বুখারী, খ. ১, পৃ. ৩৯১

📘 জান্নাতের স্বপ্নীল ভুবন > 📄 জান্নাতের চাবির বর্ণনা

📄 জান্নাতের চাবির বর্ণনা


হাসান ইবনে আরাফা রা. স্ব-সনদে হযরত মু'আয বিন জাবাল রা. হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি হল, شهادة أن لا إله إلا الله অর্থাৎ আল্লাহ তা'আলার একত্ববাদের সাক্ষ্য প্রদান করা। এ হাদীসটি ইমাম আহমদ রহ. তাঁর মুসনাদেও১২২ উল্লেখ করেছেন।

ইমাম বুখারী রহ. ওহাব ইবনে মুনাব্বিহ রা. হতে বর্ণনা করেন,১২৩ তাকে বলা হল, لا إله إلا الله কি জান্নাতের চাবি নয়? তখন তিনি বললেন, হ্যাঁ, তবে চাবির তো দাঁতও থাকে। সুতরাং তুমি যদি এমন চাবি আন, যার দাঁতও ঠিক আছে, তাহলে তালা খুলবে। অন্যথায় খুলবে না।

আবূ নাঈম রহ. হযরত আনাস রা. হতে বর্ণনা করেন, এক গ্রাম্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করল, হে আল্লাহ রাসূল! জান্নাতের চাবি কি? তিনি উত্তরে বললেন, لا إله إلا الله |

আবূ শায়খ স্ব-সনদে ইয়াযিদ ইবনে সুখায়রা হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, إن السيوف مفاتيح الجنة অর্থাৎ তরবারি হল জান্নাতের চাবি। মুসনাদে১২৪ হযরত মু'আয বিন জাবাল রা. হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাকে জান্নাতের দ্বারসমূহ হতে একটি দ্বারের কথা বলব না? আমি বললাম, অবশ্যই বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, لاحول ولاقوة إلا بالله এটি হল জান্নাতের দ্বারসমূহের একটি দ্বার। আল্লাহ তা'আলা প্রতিটি প্রার্থিত ইবাদতের জন্য একটি করে চাবি বানিয়ে রেখেছেন, যে চাবি দিয়ে সেই প্রার্থীত বিষয় খোলা যাবে। সে মতে নামাযের চাবি হল, পবিত্রতা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, مفتاح الصلوة الطهور অর্থ্যাৎ, পবিত্রতা হল নামাযের চাবি। হজের চাবি হল, ইহরাম। নেক কাজের চাবি হল, সত্য ভাষণ। আর ইলমের চাবি হল, উত্তমরূপে জানতে চাওয়া ও গভীর ভাবে মনোনিবেশ করা। সাহায্য ও সফলতার চাবি হল, ধৈর্য্য ধারণ করা। নি'আমত বৃদ্ধির চাবি হল, কৃতজ্ঞতা জ্ঞাপন। বন্ধুত্বের চাবি হল, ভালোবাসা ও যিক্র তথা স্মরণ। সফলতার চাবি হল, তাকওয়া তথা খোদাভীতি। তাওফীকের চাবি হল, আশা ও ভয়। ডাকে সাড়া দেওয়ার চাবি হল, দু'আ। আখিরাতের প্রতি প্রেরণা ও মোহ সৃষ্টির চাবি হল, পার্থিব বস্তু হতে মুখ ফিরিয়ে নেয়া। ঈমানের চাবি হল, সে সকল বিষয়ে চিন্তা-গবেষণা করা, যে সকল বিষয়ে চিন্তা-গবেষণা করার জন্য আল্লাহ তা'আলা বান্দাকে আহ্বান করেছেন। আল্লাহ তা'আলার নিকটে প্রবেশের চাবি হল, নিঃশর্ত আনুগত্য এবং প্রেম ও ত্যাগ, গ্রহণ ও বর্জন একমাত্র আল্লাহর সন্ত ষ্টির জন্য করা। অন্তরের সজীবতার চাবি হল, কুরআন কারীমে গবেষণা করা ও সাহরীর সময় মিনতি করা ও পাপকার্য বর্জন করা।

আল্লাহ তা'আলার রহমত লাভের চাবি হল, পূর্ণ ধ্যানে তাঁর ইবাদত করা ও তাঁর বান্দাদের উপকার করার চেষ্টা করা। রিযিকের চাবি হল, ইসতিগফার তথা ক্ষমা প্রার্থনা করা ও তাকওয়া তথা খোদাভীতি অর্জনের চেষ্টা করা। ইয্যত ও সম্মান লাভের চাবি হল, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি আনুগত্য। আখিরাতের প্রস্তুতির চাবি হল পার্থিব আশা-আকাংখা ও লোভ-লালসা সংক্ষিপ্ত করা। যাবতীয় কল্যাণের চাবিকাঠি হল, আল্লাহ তা'আলা ও আখিরাতের প্রতি আগ্রহী হওয়া। যাবতীয় অকল্যাণ ও অমঙ্গলের চাবিকাঠি হল, দুনিয়াপ্রীতি ও বড় বড় আশা-আকাংখা করা।

ইলমের অধ্যায়সমূহের মাঝে এটা হল সর্বাপেক্ষা উপকারী অধ্যায়। যাবতীয় কল্যাণ ও অকল্যাণের চাবিকাঠি সম্পর্কে অবগতি লাভের অধ্যায়। এর পরিচিতি লাভ ও তার প্রতি সম্পূর্ণ লক্ষ্য রাখার তাওফীক একমাত্র সে ব্যক্তির হয়ে থাকে যে অত্যন্ত সৌভাগ্যবান ও আল্লাহ তা'আলা যাকে এ মহান তাওফীক দান করেন।

সুতরাং আল্লাহ তা'আলা যাবতীয় কল্যাণ ও অকল্যাণের জন্য চাবিকাঠি ও দরযা নির্ধারণ করেছেন, যার দ্বারা ব্যক্তি তাতে প্রবেশ করতে পারে। যেমনিভাবে তিনি শিরক-অহংকার ও তাঁর রাসূলের প্রেরিত বিষয়সমূহ থেকে বিমুখতা এবং যিকর থেকে উদাসীনতাকে জাহান্নামের চাবিকাঠি নির্ধারণ করেছেন। মদকে তিনি সকল পাপকার্যের চাবিকাঠি নির্ধারণ করেছেন। ধনাঢ্যতা ব্যভিচারের চাবিকাঠি নির্ধারণ করেছেন। চেহারার উপর গভীর দৃষ্টিপাত করাকে অনুরাগ ও প্রেমের চাবিকাঠি বানিয়েছেন। অলসতা ও আরামপ্রিয়তাকে ব্যর্থতা ও বঞ্চিত হওয়ার চাবিকাঠি নির্ধারণ করেছেন। পাপাচারকে কুফরীর ও মিথ্যাকে কপটতার চাবিকাঠি নির্ধারণ করেছেন। সংকীর্ণ মন ও লোভ-লালসাকে কৃপণতা, আত্মীয়তার সম্পর্ক ছিন্নতা ও অবৈধ পন্থায় সম্পদ উপার্জনের চাবিকাঠি নির্ধারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিষয়াবলী হতে বিমুখতাকে প্রত্যেক বিদআত ও ভ্রান্ততার চাবিকাঠি নির্ধারণ করেছেন।

এগুলো এমন বিষয়, যার সত্যায়ন একমাত্র সঠিক দৃষ্টিসম্পন্ন ও এমন জ্ঞানের অধিকারী ব্যক্তি-ই করতে পারেন, যে তার মনে উঁকি মারা বিষয়গুলোকে এবং ভাল-মন্দ ও কল্যাণ-অকল্যাণকে স্ব-স্ব স্থানে বুঝতে সক্ষম হন।

সুতরাং আমাদের সকলেরই কর্তব্য হল, এই চাবিগুলো এবং চাবি সম্পর্কিত বিষয়গুলোর উপর সর্বাধিক গুরুত্বারোপ করা। আর প্রতিটি তাওফীকের নেপথ্যে একমাত্র আল্লাহই রয়েছেন। যার ন্যায়পরায়ণতাই তার জন্য রাজত্ব। সকল প্রশংসা তার জন্য। তার পক্ষ থেকেই নি'আমত ও অনুগ্রহ বর্ষিত হয়। যাকে তার কর্মকান্ডের জন্য জবাবদিহী করতে হয় না। অথচ তিনি প্রত্যেকের কাছ থেকে জবাবদিহী নিবেন।

টিকাঃ
১২২. খ. ৫, পৃ. ২৪২
১২৩. খ. ১, পৃ. ১৬৫
১২৪. খ. ৫, ২৪২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00