📄 মদীনার উদ্দেশ্যে সম্ভাষণ
১৩৪. আব্দুল্লাহ ইবনু আমীর ইবনি রবীআহ রহ. বলেন,
"আমি সাঈদ ইবনু যায়িদ ইবনি নুফাইল রা. এর সাথে আল্লাহর রাস্তায় বের হলাম। যখন তিনি ছানিয়াতুল বিদা নামক স্থানে পৌঁছলেন তখন তার জন্য উটকে বসানো হলো। তিনি তাতে আরোহণ করলেন আর উট চলতে শুরু করল। তখন তিনি (মদীনার দিকে তাকিয়ে) বললেন, 'হে মদীনা, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক! তোমার ঐতিহ্য অটুট থাকুক!"¹⁸⁴
টিকাঃ
১৮৪. সনদ দুর্বল। আসিম ইবনু উবাইদিল্লাহ দুর্বল রাবী। তা ছাড়া বর্ণনাটি অন্য কেউ বর্ণনা করেননি।
📄 নাওফ ইবনু ফুয়ালা বিক্কালী রহ.-এর দুআ
১৩৫. ইবনু আবি উতবাহ কিন্ন্দী রহ. বলেন,
"আমরা নাওফ ইবনু ফুযালাহ বিক্কালী রহ.-এর নিকট আসা-যাওয়া করতাম। একদিন আমি তার নিকট বসা ছিলাম। এমন সময় একলোক এসে বলল, 'আবু ইয়াযিদ, আমি আপনাকে নিয়ে একটি স্বপ্ন দেখেছি।' তিনি বললেন, 'কী দেখেছ খুলে বলো।' লোকটি বলল, 'আমি দেখলাম আপনি একটি বাহিনীকে ধাওয়া করছেন। আপনার দীর্ঘাকৃতির একটি বর্শা রয়েছে। বর্শার অগ্রভাগে একটি প্রদীপ জ্বালানো, যার শিখা মানুষকে আলো প্রদান করছে।' নাওফ রহ. বললেন, 'তোমার স্বপ্ন যদি সত্য হয়ে থাকে তবে শীঘ্রই আমি শহীদ হব।' এর কিছুদিন পরই মুহাম্মাদ ইবনু মারওয়ানের নেতৃত্বে একটি দল গ্রীষ্মকালীন অভিযানে বের হলো। নাওফ রহ. এর সফরের সময় ঘনিয়ে এলে আমি তাকে বিদায় জানাতে গেলাম। তিনি সাওয়ারির জিনে পা রেখে বললেন,
اللَّهُمَّ أَرْمِلِ الْمَرْأَةَ، وَأَيْتِمِ الْوَلَدَ، وَأَكْرِمْ نَوْفًا بِالشَّهَادَةِ.
'হে আল্লাহ, স্ত্রীকে বিধবা করুন। সন্তানকে ইয়াতীম করুন আর নাওফ-কে শাহাদাতের মর্যাদায় ভূষিত করুন।'
তারা যথারীতি যুদ্ধে চলে গেলেন। ফেরার পথে কাবাকিব নামক স্থানে পৌঁছতেই শত্রুপক্ষের একদল অশ্বারোহী তাদের আক্রমণ করে বসল। প্রতি-আক্রমণের উদ্দেশ্যে তিনি সবার আগে ঘোড়ায় চড়ে বসলেন আর তাদের দেখামাত্রই প্রচণ্ড আক্রমণে ঝাঁপিয়ে পড়লেন। তার হাতে পরপর দুজন নিহত হওয়ার পর তিনি নিজেও শহীদ হলেন। তার সাথে থাকা একজন বলেন, 'আমরা যখন তার কাছে পৌঁছলাম, দেখি তিনি এবং তার ঘোড়া উভয়ই নিহত হয়েছে। একে অপরের রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে।”¹⁸⁵
টিকাঃ
১৮৫. সনদ গ্রহণযোগ্য। আরও রয়েছে: ইবনুল আসাকীর, তারীখু মাদীনাতি দিমাশক, ৬২/৩১৩; ইমাম বুখারী, তারীখুল কাবীর, ২/৪০ (সংক্ষেপে)।
📄 চার হাজার দিরহামের চেয়ে বেশি পছন্দনীয়
১৩৬. ইমাম সুদ্দী রহ. বলেন,
"আমর ইবনু উতবাহ ইবনি ফারকাদ রহ. এক অভিযানে বেড়িয়ে চার হাজার দিরহাম ব্যয়ে একটি ঘোড়া ক্রয় করেন। লোকজন এই মূল্যটি বেশ চড়া হয়ে গেছে বলতে লাগলেন। তিনি বললেন, 'শত্রুর উদ্দেশ্যে এর প্রতিটি পদক্ষেপ আমার কাছে চার হাজার দিরহামের চেয়েও বেশি পছন্দনীয়।'"¹⁸⁶
টিকাঃ
১৮৬. সনদ সহীহ। আরও রয়েছে: আবু নুআইম, হিলইয়াতুল আওলিয়া, ৪/১৫৬।
📄 মুজাহিদদের জন্য উত্তম পোশাক
১৩৭. ইমাম সুদ্দী রহ. বলেন,
"আমর ইবনু উতবাহ ইবনি ফারকাদ রহ. এক অভিযানে বের হলেন। সেই অভিযানে তার পিতাও ছিলেন। সফরে তিনি কিহয় নামক বিশেষ সাদা কাপড়ের পোশাক পরিধান করেন। পোশাক পরিধান করে তিনি বলেন, 'এই দেহে এর চেয়ে সুন্দর পোশাক আর কী হতে পারে?' তখন মুতাররিফ রহ. বললেন, 'অমুক অমুক রেশম-মিশ্রিত পোশাক।' তিনি বললেন, 'আমার মতে আমার জন্য রক্তের চেয়ে উত্তম কোনো পোশাক হতে পারে না।”¹⁸⁷
টিকাঃ
১৮৭. সনদ সহীহ। আরও রয়েছে: আবু নুআইম, হিলইয়াতুল আওলিয়া, ৪/১৫৫।