📄 পিতা-পুত্রের একসাথে জান্নাতে যাওয়ার কামনা
১৩০. আবু যুহাইফাহ রা. বলেন,
ইন্না লামুতাওয়াজ্জিহুনা ইলা মিহরানা, ওয়া মাআনা রাজুলুন মিনাল আযদি ইয়ুক্বলা লাহু: আবু আসাবাহ, ফাজায়ালা ইয়াবকী, ফাকুলনা: আজাযাউ হাযা? ক্বলা: লা, ওয়ালাকিন তারাকতু আসাবাতান ইয়া’নী আবাহু ফির রাহলি, ফাওয়াদ্দাতু আন্নাহু কানা মা’ঈ ফাদখালনাল জান্নাহ।
"আমরা মিহরান নামক স্থানের দিকে অভিযানের উদ্দেশ্যে সফর করছিলাম। আমাদের সাথে আযদ গোত্রের এক লোক ছিল। তার নাম আবু আছাবাহ। তিনি হঠাৎ কাঁদতে শুরু করলেন। আমরা বললাম, 'তিনি কি কোনো সমস্যায় পড়েছেন?' তিনি বললেন, 'না, আমি আমার পিতা আছাবাহ-কে তার বাহনে রেখে এসেছি। এখন মনে হচ্ছে তিনি সাথে থাকলে আমরা একসাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম।”¹⁷⁸
টিকাঃ
১৭৮. সনদ দুর্বল। বর্ণনাকারী আবু ইবনু আমর ইবনি উতবাহ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় না।
📄 আল্লাহর রাস্তায় এক-দুই বর্শা পরিমাণ এগিয়ে যাওয়ার অন্তিম ইচ্ছা
১৩১. মিসআর রহ. আওন ইবনু আব্দুল্লাহ রহ. সম্পর্কে বর্ণনা করেন,
আন্না রাজুলান মারা আলাইহি ইয়াওমাল ক্বদিসিয়্যাতি, ওয়া ক্বদিনতাসারা ক্বুসুবুহু, ফাক্বলা লিবা’দি মান মাররা আলাইহি: দুম্মাল্লাতী মিনহু; লাআল্লী আদনূ ফী সাবীলিল্লাহি আযযা ওয়া জাল্লা ক্বীদা রুমহিন আও রুমহাইনি। ক্বলা: ফামাররা আলাইহি ওয়া ক্বাদ দানা ক্বীদা রুমহিন আও রুমহাইনি।
"কাদিসিয়্যার যুদ্ধের দিন তিনি এক (আহত) ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকটির ভুঁড়ি বেরিয়ে গিয়েছিল। তিনি তার পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তিকে বললেন, 'আমার এই ভুঁড়িটা একটু সামলে দাও, যাতে আমি আল্লাহু আযযা ওয়া জাল্লার রাস্তায় আরও এক-দুই বর্শা পরিমাণ চলতে পারি।' আওন ইবনু আব্দিল্লাহ কিছুক্ষণ পর তার পাশ দিয়ে আবার যাওয়ার সময় দেখলেন, তিনি এক বা দুই বর্শা পরিমাণ এগিয়ে ইনতিকাল করেছেন।"¹⁷⁹
টিকাঃ
১৭৯. সনদ সহীহ। আরও রয়েছে: মুসান্নাফু ইবনি আবি শাইবাহ, ৩৩৭৬২।
📄 ডাগরনয়না হুরের জন্য দুআ ও জিহাদ
১৩২. নুআইম ইবনু আবি হিন্দ রহ. বলেন,
"কাদিসিয়্যার যুদ্ধের দিন এক ব্যক্তি এই বলে দুআ করে,
اللَّهُمَّ إِنْ حَدَبَةً سَوْدَاءَ بَذِينَةً يَعْنِي امْرَأَتَهُ فَزَوِّجْنِي الْيَوْمَ مَكَانَهَا مِنَ الْحُورِ الْعَيْنِ.
'হে আল্লাহ, আমার স্ত্রী একজন কৃষ্ণবর্ণা কটুভাষী রমণী। তার পরিবর্তে আজ আপনি একজন ডাগরনয়না হুরের সাথে আমার বিয়ে করিয়ে দিন।'
বর্ণনাকারী বলেন, 'লোকজন তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখল, সে একজন বিশালদেহী পারসিকের সাথে কুস্তি লড়ছে আর এই আয়াত তিলাওয়াত করছে,
(مּِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللهَ عَلَيْهِ فَمِنْهُم مَّن قَضَى نَحْبَهُ وَمِنْهُم مَّن يَنتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا)
'মুমিনদের মধ্যে কিছু লোক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে। তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে। তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি।'¹⁸⁰
আয়াত পাঠ শেষ হতেই তারা উভয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।”¹⁸¹
টিকাঃ
১৮০. সূরা আহযাব, ৩৩:২৩
১৮১. সনদ হাসান। আরও রয়েছে: বাইহাকী, শুআবুল ঈমান, ৪০০১।
📄 একজন আনসারীর শেষ অবস্থা
১৩৩. সা'আদ ইবনু ইবরাহীম রহ. বর্ণনা করেন,
"আবু উবাইদ ইবনু মাসউদ সাকাফী রা. এর নেতৃত্বে নামারিকের যুদ্ধে সেতু পার হওয়ার লড়াইয়ে বর্ণনাকারী সা'আদ ইবনু ইবরাহীম রহ. এক ব্যক্তির নিকট দিয়ে অতিক্রম করেন। লোকটির হাত-পা কাটা পড়েছিল আর এই অবস্থাতেই তিনি এই আয়াত তিলাওয়াত করছিলেন,
(وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصَّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا)
'আর যে কেউ আল্লাহর হুকুম এবং তাঁর রাসূলের হুকুম মান্য করবে, তাহলে যাদের প্রতি আল্লাহ নেয়ামত দান করেছেন, সে তাদের সঙ্গী হবে। তারা হলেন নবী, ছিদ্দীক, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিবর্গ। আর তাদের সান্নিধ্যই হলো উত্তম।'¹⁸²
তখন তার পাশ ঘেঁষে যাওয়া একজন জিজ্ঞাসা করল, 'আপনি কে?' তিনি বললেন, 'আমি একজন আনসারী।”¹⁸³
টিকাঃ
১৮২. সূরা নিসা, ৪:৬৯
১৮৩. সনদ সহীহ। আরও রয়েছে: মুসান্নাফু ইবনি আবি শাইবাহ, ৩৩৭৪২।