📄 রাসূল ﷺ-এর জন্য উৎসর্গিত বুক
৮৪. আনাস ইবনু মালিক রা. বলেন, একদা আবু তালহা রা. রাসূল ﷺ-এর সামনে দাঁড়িয়ে তির ছুড়তেন আর রাসূল ﷺ তাঁর পেছন হতে মাথা উঁচু করে দেখতেন, তিরটি কোথায় পড়েছে? আবু তালহা রা. নিজের বুক পেতে রাসূল ﷺ-কে আড়াল করে দাঁড়াতেন আর বলতেন, 'ইয়া রাসূলাল্লাহ, এভাবেই আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য উৎসর্গ করেছেন। আমার বুক এভাবেই আপনার সামনে উপস্থিত থাকবে।''¹²¹
টিকাঃ
১২১. সনদ সহীহ। আরও রয়েছে: মুসনাদু আহমাদ, ১৪০৫৮।
📄 আল্লাহর জন্য নিজেকে ছিন্নভিন্ন করার আকাঙ্ক্ষা!
৮৫. সাইদ ইবনু মুসাইয়্যাব রহ. বলেন, আব্দুল্লাহ ইবনু জাহশ রা. অহুদ যুদ্ধের দিন বললেন, 'হে আল্লাহ, আমি আপনাকে শপথ করে বলছি, আমরা যখন শত্রুর মুখোমুখি হব তখন তারা যেন আমাকে হত্যা করে। আমার পেট চিরে ফেলে আর হাত-পা কেটে নেয়। অতঃপর (কিয়ামাতের দিন) আমি যখন আপনার সাথে সাক্ষাৎ করব তখন আপনি আমাকে প্রশ্ন করবেন, 'তোমার এই অবস্থা কীভাবে হলো?' আমি বলব, 'আপনার রাস্তায়।' অতঃপর শত্রুদলের সাক্ষাতে তিনি নিহত হলেন এবং তার সাথে তা-ই করা হলো। সাঈদ ইবনুল মুসাইয়্যাব রহ. আরও বলেন, 'আমি আশা করি আল্লাহ তাআলা যেভাবে তার শপথের (দুআর) প্রথম অংশ পূর্ণ করেছেন ঠিক সেভাবেই শেষাংশও পূর্ণ করবেন।'¹¹¹
টিকাঃ
১১১. সনদ হাসান গরীব। আলী ইবনু জায়িদ ইবনু জুদআন দুর্বল রাবী। আরও রয়েছে: মুসান্নাফু আব্দির রাযযাক, ৯৫৫২; ইবনু সা'আদ, তবাকাতুল কুবরা, ৩/৯০।
📄 বৃদ্ধ ও খোঁড়া সাহাবীর বাসনা
৮৬. মুসলিম ইবনু সুবাইহ রহ. বলেন, (বদরের যুদ্ধের পর) আমর ইবনু জামূহ রা. তার ছেলেদের বলেন, 'তোমরা আমাকে বদরে জান্নাতবাসী হতে বাধা দিয়েছ। আল্লাহর শপথ! আমি যদি বেঁচে থাকি.. (আগামী যুদ্ধে অবশ্যই অংশগ্রহণ করব)। উমর রা. বিষয়টি জানতে পেরে তার সাথে সাক্ষাৎ করে বললেন, 'আপনি নাকি এই কথা বলেছেন?' তিনি বললেন, 'হ্যাঁ।' বর্ণনাকারী বলেন, এরপরে অহুদ যুদ্ধের দিন উমর রা. বলেন, 'তিনি সেদিন আমার মূল লক্ষ্য ছিল। আমি তাকে খুঁজতে লাগলাম। একসময় দেখতে পেলাম তিনি সামনের সারিতেই আছেন।'¹¹²
টিকাঃ
১১২. সনদ সহীহ। আরও রয়েছে: আবু নুআইম, মা'রিফাতুস সাহাবাহ, ৪৯৮৩।
📄 পিতার কৃতিত্বে সন্তানকে সম্মাননা
৮৭. যায়িদ ইবনু আসলাম রা. বলেন, উমর ইবনু খাত্তাব রা. যখন মানুষের জন্য ভাতা নির্ধারণ করলেন তখন আব্দুল্লাহ ইবনু হানযালাহ রা.-এর জন্য দুই হাজার দিরহাম নির্ধারণ করলেন। তখন তালহা রা. তার ভ্রাতুষ্পুত্রকে নিয়ে উমর রা.-এর নিকট আসলেন। তিনি তার জন্য এর চেয়ে কম ভাতা নির্ধারণ করে দিলেন। তালহা রা. বললেন, ‘আমীরুল মুমিনীন, আপনি এই আনসারী লোকটিকে আমার ভ্রাতুষ্পুত্রের চেয়ে বেশি মর্যাদা দান করলেন?’ উমর রা. বললেন, ‘হ্যাঁ, কারণ আমি অহুদ যুদ্ধের দিন তার পিতাকে তরবারি হাতে এমন উদ্ধত ভঙ্গিতে ছুটে বেড়াতে দেখেছি যেভাবে উদ্ধত উট ছুটে বেড়ায়।”¹²⁴
টিকাঃ
১২৪. সনদ দুর্বল। আব্দুর রহমান ইবনু যায়িদ ইবনু আসলাম দুর্বল রাবী। আরও রয়েছে: মুসতাদরাকু হাকিম, ৪৯১৮।