📘 জান্নাতের ছায়াপথ 📄 জান্নাতের প্রশ্নে ছাড় নেই

📄 জান্নাতের প্রশ্নে ছাড় নেই


৭৯. সুলাইমান ইবনু আবান রহ. বলেন, রাসূল ﷺ যখন বদরের উদ্দেশে রওনা হওয়ার ইচ্ছা করলেন তখন সা'আদ ইবনু খাইসামাহ রা. ও তার পিতা খাইসামাহ রা.-ও যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। বিষয়টি রাসূল ﷺ-এর নিকট তুলে ধরা হলে তিনি দুজনের যেকোনো একজনকে যাওয়ার আদেশ দিলেন। তখন উভয়ের নামে লটারির ব্যবস্থা করা হলো। তাতে সা'আদ রা.-এর নাম উঠল। তখন তার পিতা তাকে বললেন, 'বেটা, এটা আমার জন্য ছেড়ে দাও।' সা'আদ রা. বললেন, 'বাবা, এটা তো জান্নাত! অন্য কিছু হলে আমি অবশ্যই তা আপনার জন্য ছেড়ে দিতাম।' এরপর সা'আদ রা. রাসূল ﷺ-এর সাথে বদরের উদ্দেশে বেরিয়ে গেলেন এবং লড়াই করে নিহত হলেন। আর খাইসামাহ রা. পরের বছর অহুদ যুদ্ধে শহীদ হন।¹¹⁶

টিকাঃ
১১৬. সনদ দুর্বল। একাধিক অজ্ঞাত বর্ণনাকারী রয়েছেন। আরও রয়েছে: সুনানু সাঈদ ইবনি মানসুর, ২৫৫৮।

📘 জান্নাতের ছায়াপথ 📄 কা'বার রবের কসম আমি সফলকাম!

📄 কা'বার রবের কসম আমি সফলকাম!


৮০. আনাস ইবনু মালিক রা. বলেন, তার মামা হারাম ইবনু মিলহান রা.-কে বি'রু মাউনার দিন বর্শা বিদ্ধ করা হলে তিনি (দেখিয়ে) এভাবে দু-হাতে রক্ত নিয়ে নিজের চেহারা ও মাথায় মেখে বললেন, কা'বার রবের কসম, আমি সফলকাম হয়েছি।¹¹⁷

৮১. ইমাম শিহাবুদ্দীন যুহরী রহ. বলেন, উরওয়া ইবনু যুবাইর রহ. বলেন, আমীর ইবনু ফুহাইরাহ রা. বি'রু মাউনার দিন শহীদ হন। দাফনের সময় তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের ধারণা, ফেরেশতাগণ তাকে দাফন করেছেন।¹¹⁸

টিকাঃ
১১৭. সনদ সহীহ। আরও রয়েছে: সহীহ বুখারী, ৪০৯২।
১১৮. সনদ মুরসাল। বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আরও রয়েছে: ইবনু সা'আদ, তবাকাতুল কুবরা, ৩/২৩১।

📘 জান্নাতের ছায়াপথ 📄 বি'রু মাউনার শহীদদের প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্টি ঘোষণা

📄 বি'রু মাউনার শহীদদের প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্টি ঘোষণা


৮২. আনাস ইবনু মালিক রা. বলেন, যারা বি'রু মাউনায় অংশগ্রহণকারী সাহাবীদের শহীদ করেছিল, রাসূলুল্লাহ ﷺ সেই রি'ল ও যাক্ওয়ানের বিরুদ্ধে ত্রিশ দিন পর্যন্ত ফজরে দুআ করেছিলেন এবং উসাইয়্যাহ গোত্রের বিরুদ্ধেও যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল। আনাস রা. বলেন, বি'রু মাউনার নিকট শহীদ সাহাবীদের সম্পর্কে কুরআনের আয়াত নাযিল হয়েছিল, যা আমরা পাঠ করেছি। পরে তা মানসুখ হয়ে যায় (এবং উঠিয়ে নেয়া হয়)। আয়াতটি ছিল এমন, 'বাল্লিগু কওমানা আন্না লাকিনা রব্বানা, ফারাযিয়া আন্না ওয়া রাযিনা আনহু'।

'আমাদের গোত্রীয় লোকজনের কাছে এ কথা পৌঁছে দাও যে, আমরা আমাদের রবের সাক্ষাৎ লাভ করেছি। তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর আমরাও তাঁর প্রতি সন্তুষ্ট আছি।'¹¹⁹

টিকাঃ
১১৯. সনদ সহীহ। আরও রয়েছে: সহীহ বুখারী, ২৮১৪।

📘 জান্নাতের ছায়াপথ 📄 জিহাদের ময়দানে নিহত মুমিন-মাত্রই জান্নাতী

📄 জিহাদের ময়দানে নিহত মুমিন-মাত্রই জান্নাতী


৮৩. আনাস ইবনু মালিক রা. বলেন, আমারা ফুফাত ভাই হারিসা ইবনু রুবাই (মায়ের নাম) বদর যুদ্ধের দিন লড়াই দেখার জন্য গিয়েছিল। যুদ্ধে অংশ নিতে নয়। আচমকা একটি তির এসে তাকে বিদ্ধ করে আর সে নিহত হয়। তখন তার মা অর্থাৎ আমার ফুফু রাসূল ﷺ-এর নিকট এসে বলেন, 'ইয়া রাসূলাল্লাহ, আমার ছেলে হারিসা যদি জান্নাতবাসী হয় তবে আমি ধৈর্যধারণ করব আর সাওয়াবের আশা রাখব। এর অন্যথা হলে আমি যে কী করব তা আপনি অচিরেই দেখতে পাবেন!' রাসূল ﷺ বললেন, 'হারিসার মা, সেখানে তো অনেক জান্নাত রয়েছে। আর হারিসা সর্বোচ্চ জান্নাত ফিরদাউসে রয়েছে।'¹²⁰

টিকাঃ
১২০. সনদ সহীহ। আরও রয়েছে: মুসনাদু আহমাদ, ১৪০১১; সহীহ বুখারী, ৩৯৮২।

ফন্ট সাইজ
15px
17px