📄 লোক দেখানো আমলকারী জাহান্নামী
১৪. লোক দেখানো আমলকারী জাহান্নামী হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ أَوَّلَ النَّاسِ يُقْضَى عَلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ اسْتُشْهِدَ، فَأُتِيَ بِهِ فَعَرَفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا ، وَلَكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ لَكَ هُوَ جَوَادٌ فَقَدْ قِيلَ ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ ثُمَّ أُلْقِيَ فِي النَّارِ.
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: শেষ বিচারের দিন সর্বপ্রথম যে ব্যক্তির ফায়সালা করা হবে, সে হবে ঐ ব্যক্তি যে আল্লাহর পথে শাহাদাতবরণ করেছে, আল্লাহ্ তার সামনে তাকে দেয়া নে'আমতসমূহের কথা স্মরণ করাবেন আর সে তা স্বীকার করবে, তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন যে, এ নি'আমতসমূহের হক আদায় করার জন্য তুমি কি করেছ? সে বলবে আমি তোমার রাস্তায় লড়াই করেছি, এমনকি এ পথে শাহাদাতবরণ করেছি। তখন আল্লাহ বলবেন : তুমি মিথ্যা বলছ, তোমাকে লোকেরা বাহাদুর বলবে এজন্য তুমি লড়াই করেছিলে, আর তোমাকে পৃথিবীতে লোকেরা বাহাদুর বলছেও। অতপর ফেরেশতাদেরকে নির্দেশ দেয়া হবে, তখন তাকে উপুড় করে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর ঐ ব্যক্তিকে উপস্থিত করা হবে যে, নিজে জ্ঞান অর্জন করেছে এবং অপরকেও শিক্ষা দিয়েছে, কুরআন শিখেছে। আল্লাহ তাকে দেয়া নে'আমতসমূহের কথা স্মরণ করাবেন, তখন সে তা স্মরণ করবে, তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন যে, এ নে'আমতসমূহের কৃতজ্ঞতা প্রকাশের জন্য তুমি কি করেছ। জবাবে সে বলবে, হে আল্লাহ! আমি জ্ঞান অর্জন করেছি লোকদেরকে তা শিখিয়েছি এবং তোমার সন্তুষ্টি লাভের জন্য লোকদেরকে কুরআন তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ বলবেন: তুমি মিথ্যা বলেছ তুমি এজন্য জ্ঞান অর্জন করেছ যেন লোকেরা তোমাকে জ্ঞানী বলে। আর এজন্য কুরআন পাঠ করে শুনিয়েছে যেন লোকেরা তোমাকে ক্বারী বলে। তাই পৃথিবীতে লোকেরা তোমাকে আলেম ও ক্বারী বলেছে।
অতপর ফেরেশতাদেরকে নির্দেশ দেয়া হবে, তখন তারা তাকে উপুড় করে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এরপর তৃতীয় ব্যক্তিকে উপস্থিত করা হবে যাকে পৃথিবীতে স্বচ্ছলতা এবং সকল ধরনের সম্পদ দান করা হয়েছিল। আল্লাহ তাকে দেয়া নে'আমতসমূহের কথা তাকে স্মরণ করাবেন তখন সে তা স্মরণ করবে, আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন যে, এ নি'আমতসমূহের কৃতজ্ঞতা প্রকাশের জন্য তুমি কি করেছ। সে বলবে, হে আল্লাহ! আমি ঐ সকল রাস্তায় সম্পদ ব্যয় করেছি, যেখানে ব্যয় করা তোমার পছন্দ। আল্লাহ বলবেন: তুমি মিথ্যা বলেছ, তুমি এজন্য সম্পদ ব্যয় করেছ যেন লোকেরা তোমাকে দানবীর বলে। আর পৃথিবীতে লোকেরা তোমাকে দানবীর বলেছেও। অতপর ফেরেশতাদেরকে নির্দেশ দেয়া হবে তখন তাকে তারা উপুড় করে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। (মুসলিম, কিতাবুল ইমারা; বাব মান কাতালা লির রিয়া ওয়াসসুময়া ইস্তাহাক্কা ন্নার)
📄 নবী (সা)-এর প্রতি মিথ্যা অপবাদদাতা জাহান্নামী
১৫. নবী কারীম এর নামে মিথ্যা অপবাদদাতা জাহান্নামে যাবে।
عَنْ أُمِّ سَلَمَةَ (رض) قَالَتْ سَمِعْتُ النَّبِيُّ اللَّهِ يَقُولُ مَنْ يَقُلْ عَلَى مَا لَمْ أَقُلْ فَلْيَتَبُوا مَقْعَدَهُ مِنَ النَّارِ.
উম্মে সালামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী কারীম কে বলতে শুনেছি তিনি ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার ব্যাপারে এমন কথা বলে যা আমি বলিনি সে যেন তার ঠিকানা জাহান্নামে ঠিক করে নেয়। (বোখারী, কিতাবুল ঈলম; বাব ইসমু মান কাযিবা আলান্নাবী)
📄 অহংকারী জাহান্নামী হবে
১৬. অহংকারকারী জাহান্নামী হবে।
عَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ (رض) قَالَا قَالَ رَسُولُ اللهِ ﷺ قَالَ اللَّهُ تَعَالَى الْعِزَّةُ إِزَارِي وَالْكِبْرِيَاءُ رِدَاعِي فَمَنْ يُنَازِعُنِي عَذَبَتُهُ .
আবু সাঈদ খুদরী ও আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তারা বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন : আল্লাহ তা'আলা বলেন, সম্মান আমার লুঙ্গি আর গর্ব-অহংকার আমার চাদর, যে ব্যক্তি তা আমার নিকট থেকে ছিনিয়ে নিতে চায় তাকে আমি শাস্তি দিব। (মুসলিম, কিতাবুল বির ওয়সসিলা; বাব তাহরিমুল কিবর)
📄 নিষ্প্রয়োজনে ছবি তৈরিকারীরা জাহান্নামে যাবে
১৭. ছবি তৈরিকারী জাহান্নামী হবে।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ (رضى) قَالَ سَمِعْتُ النَّبِيِّ ﷺ يَقُولُ إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ الْمُصَوِّرُونَ .
আবদুল্লাহ বিন মাসউদ (রা) নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করেছেন : ছবি তৈরিকারী আল্লাহর নিকট সর্বাধিক শাস্তি ভোগ করবে। (বোখারী, কিতাবুল লিবাস বাব আযابুল মুসাবিরীনা ইয়াওমাল কিয়ামাহ)