📄 মিথ্যা প্রচারণাকারী, জেনাকার ও সুদখোরের জন্য শাস্তি
৬. মিথ্যা প্রচারকারী ব্যক্তিকে তার জিহ্বা, নাক ও চোখ গর্দান পর্যন্ত বিদীর্ণ করার মাধ্যমে শাস্তি দেয়া হবে। যিনাকার নারী ও পুরুষকে উলঙ্গ শরীরে এক চুলায় জ্বালানোর মাধ্যমে শাস্তি দেয়া হবে ও সুদখোরদেরকে নদীতে ডুবানো এবং পাথর গিলানোর মাধ্যমে শাস্তি দেয়া হবে।
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ فِي حَدِيثِ الرُّؤْيَا وَأَمَّا الرَّجُلُ الَّذِي أُتِيتُ عَلَيْهِ يَسْبَحُ فِي النَّهْرِ وَيُلْقِمُ الْحَجْزَ فَإِنَّهُ أَكِلُ الرِّبا.
সামুরা বিন জুন্দুব (রা) নবী কারীম ﷺ থেকে (স্বপ্নের ঘটনায়) বর্ণনা করেছেন, তিনি বলেন: তারা উভয়ে (ফেরেশতাগণ) আমাকে জিজ্ঞেস করল, (যে দৃশ্যগুলো আপনাকে দেখানো হয়েছে তার মধ্যে) সর্বপ্রথম আপনি যেখান দিয়ে অতিক্রম করেছেন, যার জিহ্বা, নাক, চোখ ও গর্দান পর্যন্ত বিদীর্ণ করা হচ্ছিল। সে ছিল ঐ ব্যক্তি, যে সকালে ঘর থেকে বের হত এবং মিথ্যা সংবাদ প্রচার করতে থাকত, যা সমগ্র দুনিয়াতে ছড়িয়ে যেত। আর ঐ উলঙ্গ নারী ও পুরুষ যাদেরকে আপনি চুলায় জ্বলতে দেখেছেন, তারা হল জিনাকার নারী ও পুরুষ। আর ঐ ব্যক্তি যাকে আপনি রক্তের নদীতে ডুবন্ত অবস্থায় দেখেছেন, যার মুখে বার বার পাথর নিক্ষেপ করা হচ্ছিল, সে ছিল ঐ ব্যক্তি যে, দুনিয়াতে সুদ খেত। (বোখারী, কিতাব -তা'বীর রুয়া বা'দা সালাতিসসুবহ)
📄 মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে কান্নাকারীর জন্য শাস্তি
৭. মৃত ব্যক্তির জন্য যে সমস্ত নারী বা পুরুষ উচ্চ স্বরে কান্নাকাটি করে তাদেরকে শেষ বিচারের দিন গন্ধকের পায়জামা এবং এমন জামা পরানো হবে যা তাদের শরীরে এলার্জি সৃষ্টি করবে।
عَنْ أَبِي مَالِكِ الأَشْعَرِيِّ (رض) أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ أَرْبَعُ فِي أُمَّتِي مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ ...... وَعَلَيْهَا سِرْبَالٌ مِنْ قَطْرَانِ وَدِرْعٌ مِنْ جَرَبِ.
আবু মালেক আশ'আরী (রা) নবী কারীম থেকে বর্ণনা করেছেন: নিশ্চয়ই নবী কারীম ইরশাদ করেছেন: আমার উম্মতের মাঝে চারটি জাহিলিয়্যাতের অভ্যাস রয়েছে, যা তারা ছাড়বে না। স্বীয় বংশ গৌরব করা, অপরের বংশে দোষারোপ করা, তরকার মধ্যমে বৃষ্টি কামনা করা, মৃত ব্যক্তির জন্য উচ্চআওয়াজে কান্নাকাটি করা। মৃত্যুর পূর্বে তাওবা না করলে শেষ বিচারের দিন তাকে গন্ধকের পায়জামা এবং শরীরে এলার্জি সৃষ্টিকারী পোশাক পরানো হবে। (মুসলিম, কিতাবুল জানায়েয)
📄 কুরআন ভুলে যাওয়া ও এশার সালাত আদায় না করার শাস্তি
৮. কুরআন মুখস্থ করে ভুলে গেলে এবং এশার সালাত আদায় না করে ঘুমিয়ে গেলে জাহান্নামে সার্বক্ষণিকভাবে মাথা দলিত করা হবে।
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ (رض) عَنِ النَّبِيِّ ﷺ فِي حَدِيثِ الرُّؤْيَا قَالَ قَالَ لِي أَمَّا الرَّجُلُ الْأَوَّلُ الَّذِي أُتِيْتُ عَلَيْهِ يُثْلَخُ رَأْسَهُ بِالْحَجْرِ فَإِنَّهُ الرِّجَالُ يَأْخُذُ الْقُرْآنَ فَيَرْفَضُهُ وَيَنَامُ عَنِ الصَّلَاةِ الْمَكْتُوبَةِ .
সামুরা বিন জুন্দুব (রা) নবী কারীম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: প্রথম ব্যক্তি যার নিকট আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, যার মাথা পাথর দিয়ে দলিত করা হচ্ছিল, সে ঐ ব্যক্তি যে ইহকালে কুরআন মুখস্ত করে ভুলে গেছে এবং ফরয সালাত আদায় না করে নিদ্রায় বিভোর থাকত। (বোখারী, কিতাব -তা'বীর রু'ইয়া বা'দা সালাতিসুবহ)
নোট: হাদীসে এও বর্ণিত হয়েছে যে, ফেরেশতা জাহান্নামীর মাথায় পাথর নিক্ষেপ করে তা দলিত হওয়ার পর সে যখন আবার পাথর কুড়াতে যেত তখন তা আবার পূর্বের অবস্থায় ফিরে আসত। তখন ফেরেশতা আবার পাথর নিক্ষেপ করে তার মাথাকে দলিত করত। আর এ অবস্থা সার্বক্ষণিকভাবে চলত।
📄 ভাল কাজের নির্দেশ করে কিন্তু নিজে করে না এমন ব্যক্তির শাস্তি
৯. অপরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধকারী কিন্তু নিজে তা থেকে বিরত থাকে এমন ব্যক্তির জাহান্নামের শাস্তি।
عَنْ أَسَامَةَ (رض) قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ يُجَاءُ بالرَّجُلِ يَوْمَ الْقِيَامَةِ فَيُلْقَى فِي النَّارِ ....... قَالَ كُنْتُ أَمُرُكُمْ بِالْمَعْرُوفِ وَلَا أَتَيْهِ وَأَنْهَاكُمْ عَنِ الْمُنْكَرِ وَأَتِيهِ .
উসামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ -কে বলতে শ্রবণ করেছি, তিনি ইরশাদ করেছেন: শেষ বিচারের দিন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার নাড়ীসমূহ পেটের বাহিরে থাকবে, আর সে তা নিয়ে এমনভাবে ঘুরতে থাকবে যেমন গাধা চরকি নিয়ে ঘুরে। আর তার এ দৃশ্য দেখার জন্য জাহান্নামের অধিবাসীরা একত্রিত হবে এবং তাকে জিজ্ঞেস করবে যে, হে অমুক! তোমার এ অবস্থা কি করে হল? তুমি না আমাদেরকে সৎ কাজে নির্দেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে! সে তখন জবাবে বলবে: আমি তোমাদরকে সৎ কাজের আদেশ করতাম, কিন্তু আমি সৎ কাজ করতাম না। আর আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম, আর আমি তা থেকে বিরত থাকতাম না। (বোখারী, কিতাব বাদউল খালক, বাব সিফাতিন্নার)