📄 রোজা ভঙ্গকারীদের জন্য উপুড় করে লটকিয়ে মুখ বিদীর্ণ করা হবে
৩: রোযা ভঙ্গকারীদেরকে উপুড় করে লটকিয়ে মুখ বিদীর্ণ করা হবে।
عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ (رض) قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ بَيْنَمَا أَنَا نَائِمُ أَتَانِي رَجُلَانِ قَالَ قُلْتُ مَنْ هُؤُلَاءِ قَالَ الَّذِينَ يُفْطِرُونَ قَبْلَ نَحِلَّةِ صَوْمِهِمْ .
আবু উমামা বাহিলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: আমি শুয়ে ছিলাম এমতাবস্থায় আমার নিকট দু'জন লোক আসল, তারা আমাকে পার্শ্ব ধরে একটি দুরহ পাহাড়ের নিকট নিয়ে আসল, তারা উভয়ে আমাকে বলল যে, পাহাড়ে আরোহণ করুন। আমি বললাম আমি তাতে আরোহণ করতে পারব না। তারা বলল, আমরা আপনার জন্য সহজ করে দিব। তখন আমি সেখানে আরোহণ করলাম, এমনকি আমি পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম। সেখানে আমি কঠিন চিল্লাচিল্লির আওয়াজ পেলাম, আমি জিজ্ঞেস করলাম যে, এ আওয়াজ কিসের? তারা বলল, এ হল জাহান্নামীদের কান্না-কাটির আওয়াজ। অতঃপর তারা আমাকে নিয়ে আগে চলল, সেখানে আমি কিছু লোককে উল্টো ঝুলন্ত অবস্থায় দেখলাম যাদের মুখ ফাটা এবং রক্ত প্রবাহিত হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম এরা কারা? তারা বলল: তারা ঐ সমস্ত লোক যারা রোযার দিন সময় হওয়ার পূর্বেই ইফতার করে নিত। (ইবনে খুযাইমা, ইবনে হিব্বান, সহীহ আত-তারগীব ওয়াত-তারহীব ১ম খণ্ড হাদীস নং ৯৯৫)
📄 ইলম গোপনকারীকে আগুনের লাগাম পড়ানো হবে
৪. কুরআন ও হাদীসের ইলম গোপনকারীকে জাহান্নামে আগুনের লাগাম পরানো হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ ثُمَّ كَتَمَهُ الْجِمَ يَوْمَ القِيَامَةِ بِلِجَامٍ مِّنَ النَّارِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি দ্বীন সম্পর্কে জিজ্ঞেসিত হল আর সে তা গোপন করল, শেষ বিচারের দিন তাকে জাহান্নামে আগুনের লাগাম পরানো হবে। (তিরমিযী, আবওয়াবুল ঈলম; বাব মাযায়া ফি কিতমানিল ইলম- ২/২১৩৫)
📄 দ্বিমুখী লোকদের জন্য আগুনের দুটি মুখ থাকবে
৫. দ্বিমুখী লোকদের শেষ বিচারের দিন জাহান্নামে আগুনের দুটি মুখ থাকবে।
عَنْ عَمَّارٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ كَانَ لَهُ وَجْهَانِ فِي الدُّنْيَا كَانَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ لِسَانَانِ مِنَ النَّارِ.
আম্মার (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: দুনিয়াতে যে ব্যক্তি দ্বিমুখী নীতি অবলম্বন করেছে, শেষ বিচারের দিন জাহান্নামে তার আগুনের দু'টি মুখ থাকবে। (আবু দাউদ, কিতাবুল আদব, বাব ফি যিল ওয়জহাইন- ৩/৪০৭৮)
📄 মিথ্যা প্রচারণাকারী, জেনাকার ও সুদখোরের জন্য শাস্তি
৬. মিথ্যা প্রচারকারী ব্যক্তিকে তার জিহ্বা, নাক ও চোখ গর্দান পর্যন্ত বিদীর্ণ করার মাধ্যমে শাস্তি দেয়া হবে। যিনাকার নারী ও পুরুষকে উলঙ্গ শরীরে এক চুলায় জ্বালানোর মাধ্যমে শাস্তি দেয়া হবে ও সুদখোরদেরকে নদীতে ডুবানো এবং পাথর গিলানোর মাধ্যমে শাস্তি দেয়া হবে।
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ فِي حَدِيثِ الرُّؤْيَا وَأَمَّا الرَّجُلُ الَّذِي أُتِيتُ عَلَيْهِ يَسْبَحُ فِي النَّهْرِ وَيُلْقِمُ الْحَجْزَ فَإِنَّهُ أَكِلُ الرِّبا.
সামুরা বিন জুন্দুব (রা) নবী কারীম ﷺ থেকে (স্বপ্নের ঘটনায়) বর্ণনা করেছেন, তিনি বলেন: তারা উভয়ে (ফেরেশতাগণ) আমাকে জিজ্ঞেস করল, (যে দৃশ্যগুলো আপনাকে দেখানো হয়েছে তার মধ্যে) সর্বপ্রথম আপনি যেখান দিয়ে অতিক্রম করেছেন, যার জিহ্বা, নাক, চোখ ও গর্দান পর্যন্ত বিদীর্ণ করা হচ্ছিল। সে ছিল ঐ ব্যক্তি, যে সকালে ঘর থেকে বের হত এবং মিথ্যা সংবাদ প্রচার করতে থাকত, যা সমগ্র দুনিয়াতে ছড়িয়ে যেত। আর ঐ উলঙ্গ নারী ও পুরুষ যাদেরকে আপনি চুলায় জ্বলতে দেখেছেন, তারা হল জিনাকার নারী ও পুরুষ। আর ঐ ব্যক্তি যাকে আপনি রক্তের নদীতে ডুবন্ত অবস্থায় দেখেছেন, যার মুখে বার বার পাথর নিক্ষেপ করা হচ্ছিল, সে ছিল ঐ ব্যক্তি যে, দুনিয়াতে সুদ খেত। (বোখারী, কিতাব -তা'বীর রুয়া বা'দা সালাতিসসুবহ)