📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আমাদের জন্য আল্লাহর কিতাব ও তাঁর নবীর সুন্নাতই যথেষ্ট

📄 আমাদের জন্য আল্লাহর কিতাব ও তাঁর নবীর সুন্নাতই যথেষ্ট


৬. আমাদের জন্য আল্লাহর কিতাব ও তাঁর নবীর সুন্নাতই যথেষ্ট

রাসূল মৃত্যুর পূর্বে আল্লাহ তাঁর দয়া ও অনুগ্রহে সর্বদিক থেকে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন।

আল্লাহ তায়ালা ইরশাদ করেন- الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَاتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا.
আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। (সূরা মায়েদা-৩)

রাসূল ইরশাদ করেন- لَقَدْ جِئْتُكُمْ بِهَا بَيْضَاءَ نَقِيَّةٌ .
আমি তোমাদের নিকট একটি স্পষ্ট বিধান নিয়ে এসেছি। (মুসনাদ আহমদ)

নবী কারীম অন্যত্র ইরশাদ করেন- لَيْلُهَا كَنَهَارِهَا .
(ইসলামের) রাতগুলো দিনের ন্যায় পরিষ্কার। (ইসলামের প্রতিটি নির্দেশ স্পষ্ট)। (ইবনে আবি আসেম)

মানুষের জীবনের যাবতীয় কার্যসমূহ দু'ভাগে বিভক্ত
১. ইবাদত,
২. মু'আমালাত ও মু'আশারাত।

১. ইবাদত: ইবাদত কাকে বলে একজন সাধারণ ঈমানদারও বুঝে। তাই তাঁর ব্যাখ্যা নিষ্প্রয়োজন। সুতরাং মানুষের যাবতীয় ইবাদত হতে হবে কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে আর ইবাদতের তরিকা বা পদ্ধতি হবে রাসূল-এর। আরো সহজে বলা যায়, ইবাদত হবে একমাত্র আল্লাহর আর পদ্ধতিও হবে একমাত্র বিশ্বনবী ও শেষ নবী রাসূল -এর। তাই ইবাদতের তরিকা বা পদ্ধতি কোনকালে বা যুগে পরিবর্তনযোগ্য নয়। এখন থেকে ১৪ শত বছর পূর্বে যেরকম ছিল। আরো ১৪ শত বছর পরও সেরকমই থাকবে।

ইবাদতের পদ্ধতি কোন পীর, মুর্শেদ, খাজা বাবা, মুজাদ্দদ, মুজতাহিদ, ইমাম, মাজহাব ও তরিকা দ্বারা প্রমাণিত নয়। ইবাদত বলে প্রমাণিত হতে হলে কুরআন ও সহিহ হাদিসের সুস্পষ্ট নির্দেশনা অবশ্যই থাকতে হবে। যদি সুস্পষ্ট নির্দেশনা না পাওয়া যায় তাহলে তা কখনো ইবাদত হতে পারবে না বরং তা হবে বিদ'আত যা সুস্পষ্ট গুমরাহি। এ জাতীয় বিদ'আতযুক্ত আমল দিয়ে জান্নাতে যাওয়া ও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। জান্নাতে যেতে ও জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে বিদ'আত মুক্ত ও সুন্নাতযুক্ত নিরেট ইবাদত করতে হবে, যেরকম ইবাদত করেছেন রাসূল এর সম্মানিত সাহাবীগণ।

২. মু'আমালাত ও মু'আশারাত মানুষের জীবনের দ্বিতীয় যে কাজটি করতে হয় তাহলো মু'আমালাত ও মু'আশারাত। এ শব্দ দুটি যদিও আরবী তথাপি এর সাথে আমরা পরিচিত। মানুষের জীবনের দৈনন্দিন কার্যাবলী যেমন- খাওয়া-দাওয়া, লেন-দেন, উঠা বসা, চাল-চলন, চলাফেরা, ঘুরাফেরা এগুলোর ব্যাপারেও মৌলিক নীতিমালা ইসলামের পক্ষ থেকে দেয়া আছে। কিন্তু এখানে এ দুটি শব্দ দ্বারা যা বুঝতে চাচ্ছি তাহলো যেমন- আমাদের প্রধান খাদ্য হল ভাত ও মাছ। কিন্তু কেউ যদি বলেন যে, রাসূল এর প্রধান খাদ্য তো ভাত ও মাছ ছিল না, আপনি একজন মুসলমান হয়ে রাসূলের বিরুদ্ধে কাজ করছেন কেন? এ জাতীয় প্রশ্ন হলো সম্পূর্ণ অবাস্তব, অবান্তর ও অবৈজ্ঞানিক। কেননা কুরআন ও হাদীসের কোথাও নেই যে আপনাকে রাসূল -এর মত রুটি-খেজুর, ছাতু ও যব খেতে হবে। তাছাড়া রাসূল যে সমাজে ছিলেন সে সমাজের প্রধান খাদ্য ছিল- যব, রুটি, খেজুর ও ছাতু।

• তাই আমাদের দেশের প্রধান খাদ্য হল ভাত-মাছ, এভাবে পৃথিবীর বিভিন্ন দেশের প্রধান খাদ্য বিভিন্ন রকমের হবে এটাই স্বাভাবিক, তাই বলে বলা যাবে না যে, রাসূলের আমলের খেলাপ করা হচ্ছে। আবার আমাদের দেশের প্রধান খাদ্য হয়ত ৫০০ বছর পর ভাত ও মাছ নাও থাকতে পারে।

তাই সহজে বলতে পারি, মু'আমালাত ও মু'আশারাত সময়ের বিবর্তনে, যুগের আলোকে, মানব চাহিদার প্রয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তির সম্প্রসারণে অবশ্যই তা পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও বিয়োজন হবে। এই সংযোজন ও বিয়োজন এ ক্ষেত্রে কখনো কুরআন ও হাদীসের বিপরীত হবে না যতক্ষণ না শরীয়তের সুস্পষ্ট সীমা লংঘিত হবে। তাই বলা যায় ইবাদত হবে আল্লাহর রাসূলের দেয়া পদ্ধতির ১০০% অনুসরণের মাধ্যমে। আর মু'আমালাত ও মু'আশারাত হবে কুরআন ও সুন্নাহের নীতিমালার ওপর ভিত্তি করে যুগের আলোকে।

সুতরাং এ দ্বীনে আজ আর কোন সংযোজন বা বিয়োজনের প্রয়োজন নেই। আর সেখানে কোন কিছু অস্পষ্টও নেই। আক্বীদার ব্যাপার হোক বা ইবাদতের বা. জীবন যাপন বা উৎসাহ-উদ্দীপনা বা ভয় ভীতির ব্যাপার হোক, সকল বিষয়ে যতটুকু বলা প্রয়োজন ছিল তা আল্লাহ ও তাঁর রাসূল বলে দিয়েছেন। জান্নাতের প্রতি উৎসাহিত ও জাহান্নাম থেকে সতর্ক করার ব্যাপারে যা যা দরকার ছিল তার সব কিছু আল্লাহ কুরআন মাজীদে স্পষ্ট করেছেন। কুরআন মাজীদের কোন পৃষ্ঠা এমন নেই যেখানে কোন না কোনভাবে জাহান্নাম বা জান্নাতের উল্লেখ নেই। কুরআন মাজীদের ১১৪টি সূরার মধ্যে একটি বৃহৎ অংশ এমন আছে যা শুধু হাশর, নশর, হিসাব-কিতাব, জান্নাত ও জাহান্নাম বিষয়ক বিষয়সমূহ আলোচিত হয়েছে। আর রাসূল হাদীসের মধ্যে তা আরো স্পষ্ট করে দিয়েছেন। এতদসত্ত্বেও আমাদের দেশে জান্নাত ও জাহান্নাম বিষয়ক বিষয়ে লিখিত গ্রন্থগুলোতে এমন মনগড়া কিচ্ছা-কাহিনী বুযুর্গদের স্বপ্ন, ওলীদের মোরাকাবা মোশাহাদা, এমনকি দুর্বল ও বানোয়াট হাদীস যথেষ্ট গুরুত্বের সাথে বর্ণনা করা হয়ে থাকে। আমাদের দৃষ্টিতে এসবই ইসলামের মধ্যে নুতন সংযোজন, যা পরিষ্কার বাতেল ও গোমরাহি। এতে আল্লাহ ও তাঁর রাসূলের স্পষ্ট নাফরমানী রয়েছে।

১৪২০ হি: সফর মাসে মদীনার বাকীউলগারকাদ নামক কবরস্থানে ঘটে যাওয়া এক ঘটনা সউদী আরবে বহু প্রচার লাভ করেছিল, যা পরবর্তীতে পাকিস্তানের সংবাদপত্র সমূহেও প্রকাশিত হয়েছিল। ঘটনার সার সংক্ষেপ এই যে, সালাত পরিত্যাগকারীর মৃতদেহ যখন দাফনের জন্য আনা হল তখন এক বিরাট অজগর সাপ মৃতের পাশে এসে বসল। সেখানে সালাতের প্রতি উৎসাহমূলক হাদীসসমূহও প্রকাশ করা হয়েছিল। কিন্তু জ্ঞানী ব্যক্তি তারা যখন এ বিষয়টি অনুসন্ধান করল, তখন জানা গেল যে এ ধরনের ঘটনা ঘটেনি। শুধু বেসালাতীদের সতর্ক করার জন্য তা রটানো হয়েছিল। এ রটনার প্রতিবাদ জেদ্দা থেকে প্রকাশিত উর্দু দৈনিক 'উর্দু নিউজে' ১০ ডিসেম্বর ১৯৯৯ (৩০ জুমাদাল উলা ১৪২০ হি:) প্রকাশিত হয়েছিল।

আল্লাহ তায়ালা বলেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَيِ اللَّهِ وَرَسُولِهِ وَاتَّقُوا الله .
হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের সামনে অগ্রণী হয়ো না এবং আল্লাহকে ভয় কর। (সূরা হুজুরাত-১)

দ্বীন ইসলামের মূল ভিত্তি দুটি স্পষ্ট জিনিসের ওপর। আর তা হল আল্লাহর কিতাব ও রাসূল-এর সুন্নাত। আমাদের আক্বীদা ও ঈমান আমাদেরকে এতদুভয়কে অতিক্রম করার অনুমতি দেয় না। আর আমাদের এতটা সাহসও নেই যে আমরা বুযুর্গদের স্বপ্ন, আকাবেরদের মোরাকাবা, ওলীদের মোকাশাফা বা পীর-ফকীরদের মনগড়া কিচ্ছা-কাহিনী মানুষের সামনে আল্লাহর দ্বীনরূপে উপস্থাপন করব। আর তারা কিয়ামতের দিন আল্লাহর আদালতে পাপী বান্দা হিসেবে দাঁড়াবে।

أعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ .
আমি জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি।

রাসূল স্বীয় উম্মতদেরকে এ বিষয়ে তাকিদ করেছেন যে, পথভ্রষ্টতা থেকে বাঁচার একটিই মাত্র রাস্তা আর তা হল, আল্লাহর কিতাব ও তাঁর রাসূলের সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরে থাকা। নবী কারীম ইরশাদ করেন- إِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمْ مَا إِنِ اعْتَصَمْتُمْ بِهِ فَلَنْ تَضِلُّوا أَبَدًا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّه .
আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি এমন জিনিস যা তোমরা মজবুতভাবে ধারণ করলে, কখনো পথভ্রষ্ট হবে না। আর তা হল আল্লাহর কিতাব এবং কুরআন তাঁর রাসূলের সুন্নাত হাদীস। (মোস্তাদরাক হাকেম)

আমরা আল্লাহ ও তাঁর রাসূলের হুকুম শুনে তার অনুসরণ করছি, হেদায়েত এবং মুক্তির জন্য আল্লাহর কিতাব ও তাঁর রাসূল এর সুন্নাতই আমাদের জন্য যথেষ্ট, এর বাহিরে তৃতীয় কোন কিছুর দিকে দৃষ্টি নিক্ষেপ করার আমাদের কোন প্রয়োজন নেই।

প্রিয় পাঠক! এবার আসুন আমরা সকলেই আমাদের মহান রব-এর নিকট জাহান্নাম থেকে মুক্তির দোয়া করি। নিশ্চয়ই তিনি দোয়া শ্রবণকারী এবং তা কবুলকারী।

إِنَّ رَبِّي لَسَمِيعُ الدُّعَاءِ.
নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণকারী। (সূরা ইবরাহিম-৩৯)

হে আমাদের সৃষ্টিকর্তা! পাক পবিত্র অনুগ্রহপরায়ণ প্রভু! তুমি আমাদের মালিক, আমরা তোমার গোলাম, তুমি আমাদেরকে নির্দেশদাতা, আমরা তোমার নির্দেশ পালনকারী, তুমি সর্বময় ক্ষমতার অধিকারী, আমরা অধীনস্থ, তুমি অমুখাপেক্ষী আর আমরা তোমার মুখাপেক্ষী, তুমি ধনী আমরা ফকীর, আমাদের জীবন তোমার হাতে, আমাদের ফায়সালা তোমার ইচ্ছাধীন।

হে আমাদের ইজ্জতময় ও বড়ত্বের অধিকারী পবিত্র প্রভু! তোমার আশ্রয় ব্যতীত আমাদের কোন আশ্রয় নেই, তোমার সাহায্য ব্যতীত আমাদের আর কোন সাহায্যকারী নেই। তোমার দরজা ব্যতীত আমাদের আর কোন দরজা নেই। তোমার দরবার ব্যতীত আমাদের আর কোন দরবার নেই। তোমার রহমত আমাদের পাথেয়, আর তোমার ক্ষমা আমাদের পুঁজি, হে আমাদের কুদরতময়, বরকতময়, গুণময়, মর্যাদাবান, ওপরে অবস্থানকারী, বড়ত্বের অধিকারী পবিত্র রব! তুমি স্বয়ং বলেছ যে, জাহান্নাম খারাপ ঠিকানা, তার আযাব মর্মন্তুদ, তাতে প্রবেশকারী না জীবিত থাকবে না মৃত্যুবরণ করবে, সুতরাং যাকে তুমি জাহান্নামে দিয়েছ সে তো লাঞ্ছিত হয়েই গেল।

হে আমাদের ক্ষমাপরায়ণ, দোষ গোপনকারী, অত্যন্ত দয়াময় রব! আমরা আমাদের নিজেদের প্রতি যুলুম করেছি, আমরা আমাদের সমস্ত কবীরা সগীরা, প্রকাশ্য অপ্রকাশ্য, বুঝা না বুঝা, জানা, অজানা গুনাহসমূহের কথা স্বীকার করছি, তোমার আযাবের ভয় করছি, তোমার জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি, আর প্রত্যেক ঐ কথা ও কাজ থেকে আশ্রয় চাচ্ছি যা জাহান্নামের নিকটবর্তী করবে।

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 একটি ভ্রান্তির অপনোদন

📄 একটি ভ্রান্তির অপনোদন


৯. একটি রাত্রির অপনোদন

আল্লাহর নির্দেশ অমান্য করার পর শয়তান যখন বিতাড়িত হল তখন সে অস্বীকার করল যে, “হে আমার রব! আমি পৃথিবীতে মানুষের নিকট পাপ কর্মকে অবশ্যই শোভনীয় করে তুলব। আর আমি তাদের সকলকেই বিপথগামী করেই ছাড়ব। (সূরা হিজর-৩৯)

অন্যত্র আল্লাহ শয়তানের এ উক্তিটি হুবহু নকল করেছেন, “অতঃপর আমি তাদেরকে পথভ্রষ্ট করার জন্য তাদের সম্মুখ দিয়ে, পিছন দিয়ে, ডান দিক দিয়ে এবং বাম দিক দিয়ে তাদের নিকট আসব।” (সূরা আ’রাফ-১৭)

মূলত শয়তান দিন রাতভর প্রত্যেক মানুষের পিছনে লেগে আছে, যাতে মৃত্যুর পূর্বে তাকে কোন না কোন ফেতনায় ফেলে জান্নাতের রাস্তা থেকে দূরে সরিয়ে জাহান্নামের রাস্তায় নিক্ষেপ করতে পারে। মানুষকে পাপের মধ্যে লিপ্ত রাখা ও তাকে আমলহীন করার জন্য শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হল এই যে, "আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু, তিনি সব কিছু ক্ষমা করে দিবেন।" এ কথাই অন্তরে বদ্ধমূল করে নেয়া, আমল না করা।

এতে কোন সন্দেহ নেই যে আল্লাহর রহমত অত্যন্ত প্রশস্ত, আর তাঁর রহমত তাঁর রাগের ওপর বিজয়ী। কিন্তু এ রহমত প্রাপ্তির জন্যও আল্লাহর দেয়া নিয়ম-কানুন কুরআন মাজীদে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তায়ালা ইরশাদ করেন- وَإِنِّي لَغَفَّارٌ لِمَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا ثُمَّ اهْتَدَى .
এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি, যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে এবং সৎ পথে অবিচল থাকে! (সূরা ত্বা-হা-৮২) আলোচ্য আয়াতে আল্লাহ ক্ষমাকারীর জন্য চারটি শর্ত করেছেন-

১. তাওবা: যদি কোন ব্যক্তি প্রথমে কুফর ও শিরকের মাঝে লিপ্ত ছিল, তাহলে কুফর ও শিরক থেকে বিরত থাকা, তবে কোন ব্যক্তি যদি কাফের বা মোশরেক না হয়, কিন্তু কবীরা দ্বারা পাপ করেছে, তাহলে তার কবীরা গুনাহের পাপ থেকে বিরত থাকা বা তা পরিত্যাগ করা তার জন্য প্রথম শর্ত।

২. ঈমান: বিশ্বস্ত অন্তর নিয়ে আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনে, সাথে সাথে আসমানী কিতাবসমূহ এবং ফেরেশতাগণ ও আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা দ্বিতীয় শর্ত।

৩. নেক কাজ: আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনয়নের পর, আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশ মোতাবেক জীবনযাপন করা ও জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল এর সুন্নাতের অনুসরণ করা তৃতীয় শর্ত।

৪. অবিচল থাকা: আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য যদি কোন বিপদাপদ আসে, তখন ঐ পথে অবিচল থাকা চতুর্থ শর্ত।

যে ব্যক্তি উল্লেখিত চারটি শর্ত পূর্ণ করবে, আল্লাহ তাকে ক্ষমা ও দয়ার ওয়াদা করেছেন। এ হল দয়া করা ও মানুষের পাপ মাফ করার ব্যাপারে আল্লাহর বেঁধে দেয়া নিয়ম-নীতি। অন্যত্র আল্লাহ তায়ালা তাওবার নিয়ম বর্ণনা করতে গিয়ে বলেছেন যে, ঐ লোকদের তাওবা কবুলযোগ্য যারা না জেনে ভুলবশত পাপ করেছে, কিন্তু যারা জেনে শুনে পাপ করে চলছে, তাদের জন্য ক্ষমা নয় বরং তাদের জন্য বেদনাদায়ক শাস্তি।

إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِنْ قَرِيبٍ فَأُولَئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا - وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا .
তাওবা কবুল করার দায়িত্ব যে আল্লাহর ওপর রয়েছে, তাতো শুধু তাদেরই জন্য, যারা শুধু অজ্ঞতাবশত পাপ করে থাকে, অতপর অবিলম্বে ক্ষমা প্রার্থনা করে, সুতরাং আল্লাহ তাদেরকেই ক্ষমা করবেন। আল্লাহ মহাজ্ঞানী, বিজ্ঞানময়। আর তাদের জন্য ক্ষমা নেই যারা ঐ পর্যন্ত পাপ করতে থাকে। যখন তাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয়, তখন বলে নিশ্চয়ই আমি এখন ক্ষমা প্রার্থনা করছি এবং তাদের জন্যও নয়, যারা অবিশ্বাসী অবস্থায় মৃত্যুমুখে পতিত হয়েছে। তাদেরই জন্য আমি বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। (সূরা নিসা-১৭, ১৮)

আলোচ্য আয়াতে তিনটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে আলোচিত হয়েছে-
১. পাপ থেকে ক্ষমা শুধু ঐ সমস্ত লোকদের জন্য যারা অজ্ঞতা বা ভুল করে পাপ করছে।
২. জীবনভর ইচ্ছাকৃত পাপকারীদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি।
৩. কুফরী অবস্থায় মৃত্যুবরণকারীদের জন্যও রয়েছে বেদনাদায়ক শাস্তি। নবী -এর যুগে সংঘটিত তাবুকের যুদ্ধে কা'ব বিন মালেক (রা), হেলাল বিন উমাইয়্যা (রা) এবং মুররা বিন রবি (রা) ভুলক্রমে অলসতা করেছিল। আর তখন তারা তিনজনেই তাওবা করল। আল্লাহ তাদের তাওবা কবুল করলেন। অথচ ঐ যুদ্ধেই মুনাফেকরা ইচ্ছা করে রাসূল -এর নাফরমানী করল, তারাও তাঁর নিকট উপস্থিত হয়ে ক্ষমা চাইল এবং রাসূল -কে সন্তুষ্ট করতে চাইল। তখন আল্লাহ পরিষ্কারভাবে ঘোষণা দিলেন যে-

إِنَّهُمْ رِجْسٌ وَمَا وَاهُمْ جَهَنَّمُ جَزَاء بِمَا كَانُوا يَكْسِبُونَ .
তারা হচ্ছে অপবিত্র আর তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। ঐ সব কর্মের বিনিময়ে যা তারা করত। (সূরা তাওবা-৯৫)

সাহাবাগণের মধ্যে বেশির ভাগ এমন ছিল যে যাদেরকে রাসূল অত্যন্ত স্পষ্ট করে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। যেমন: আশারা মোবাশ্‌শারা (জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন), বদরের যুদ্ধে অংশগ্রহণকারীগণ, শাজারা (বৃক্ষের নীচে বাইয়াতকারীরা) কিন্তু এতদসত্ত্বেও তারা ভয়ে এত ভীত সন্ত্রস্ত থাকত যে, আখেরাতের কথা স্মরণ হওয়া মাত্রই তারা কাঁদতে শুরু করত।

ওসমান (রা)-এর মতো ব্যক্তি যাকে রাসূল একবার নয়, বরং কয়েকবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এর পরেও কবরের কথা স্মরণ হওয়া মাত্রই এত কাঁদতেন যে, তাঁর দাড়ি ভিজে যেত। ওমর (রা) জুম'আর খোতবায় সূরা তাকভীর তেলাওয়াত করতে ছিলেন, যখন এ আয়াত তেলাওয়াত করলেন- عَلِمَتْ نَفْسٌ مَا أَحْضَرَتْ .
তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে যে সে কি নিয়ে এসেছে। (সূরা তাকভীর-১৪)

তখন এত ভীত সন্ত্রস্ত হলেন যে, তাঁর আওয়াজ বন্ধ হয়ে গেল।

সাদ্দাদ বিন আওস যখন বিছানায় শুইতেন, তখন এপাশ-ওপাশ হতেন ঘুম আসত না, আর বলতেন, "হে আল্লাহ! জাহান্নামের ভয় আমার ঘুম হারাম করে দিয়েছে" এরপর উঠে গিয়ে সকাল পর্যন্ত কান্নাকাটি করতেন। আবু হুরাইরা (রা) বলেন: সূরা নাজম নাযিল হওয়ার সময় সাহাবাগণ- أَفَمِنْ هَذَا الْحَدِيثِ تَعْجَبُونَ وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ .
তোমরা কি এ কথায় বিস্ময়বোধ করছ? এবং হাসি ঠাট্টা করছ! ক্রন্দন করছ না? (সূরা নাজম-৫৯, ৬০)

আলোচ্য আয়াত শ্রবণ করে এত কাঁদতেন যে, নয়নের অশ্রু গাল ভেসে পড়তে ছিল। রাসূল কান্নার আওয়াজ শুনে সেখানে উপস্থিত হলেন, তাঁরও নয়ন ঝরে অশ্রু প্রবাহিত হতে লাগল।

আবদুল্লাহ বিন ওমর (রা) সূরা মুতাফফিফীন তিলাওয়াত করছিলেন। যখন يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ .
যেদিন সমস্ত মানুষ বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে। (সূরা মোতাফফিফীন-৬)

এ আয়াতে পৌঁছল তখন এত কাঁদলেন যে নিজে নিজেকে সংবরণ করতে পারছিলেন না এবং তিনি পড়ে গেলেন।

আবদুল্লাহ বিন আব্বাস (রা) সূরা ক্বাফ তেলাওয়াত করতে করতে যখন এ আয়াতে পৌঁছল- وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ .
মৃত্যু যন্ত্রণা সত্যই আসবে, এ থেকেই তোমরা অব্যাহতি চেয়েছিলে। (সূরা ক্বাফ-১৯)

তখন কাঁদতে কাঁদতে তার নড়াচড়া বন্ধ হয়ে গেল।

আবু হুরাইরা (রা) মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় কাঁদতে লাগল, লোকেরা তার কান্নার কারণ জানতে চাইলে, তিনি বললেন: আমি পৃথিবীর (টানে) কাঁদছি না, বরং এ জন্য কাঁদছি যে, আমার দীর্ঘ সফরের পথে সম্বল খুবই কম। আমি এমন এক টিলার সামনে এসে উপস্থিত হয়েছি যে, আমার দীর্ঘ সফরের পথে সম্বল খুবই কম। আমি এমন এক টিলার সামনে এসে উপস্থিত হয়েছি যে, যার সামনে জান্নাত ও জাহান্নাম অথচ আমার জানা নেই যে, আমার ঠিকানা কোথায়? আবু দারদা (রা) আখেরাতের ভয়ে বলছিল "হায় আমি যদি কোন বৃক্ষ হতাম যা কেটে ফেলা হত, আর প্রাণীরা তাকে ভক্ষিত তৃণ সাদৃশ করে দিত।

ইমরান বিন হুসাইন (রা) বলতেন হায়! আমি যদি কোন টিলার বালি কণা হতাম যা বাতাস উড়িয়ে নিয়ে যেত।

আল্লাহর সামনে উপস্থিত হওয়া এবং হিসাব নিকাশ আমলনামা, অতপর জাহান্নামের আযাবের কারণে এ অবস্থা শুধু দু' একজন নয় বরং সকল সাহাবাই এরূপই ছিল।

প্রশ্ন হল সাহাবাদের কি এ কথা জানা ছিল না যে, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু? তাদের কি জানা ছিল না যে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন? তাদের কি একথা জানা ছিল না যে, আল্লাহর রহমত তাঁর গজবের ওপর বিজয়ী। সবই তাদের জানা ছিল বরং আমাদের চেয়ে তারা এ বিষয়ে আরো অধিক জ্ঞান রাখতেন। কিন্তু আল্লাহর বড়ত্ব গৌরব ও মর্যাদার ভয় সর্বদা অন্তরে রাখা একটি ইবাদত। আল্লাহ তায়ালা ইরশাদ করেন- فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
সুতরাং যদি তোমরা বিশ্বাসী হও তাহলে ওদেরকে ভয় কর না বরং আমাকেই ভয় কর। (সূরা আলে ইমরান-১৭৫)

এ কারণে আল্লাহর ফেরেশতারাও তাঁর শাস্তি ও পাকড়াওকে ভয় করে। রাসূল ও আল্লাহর শাস্তি ও গ্রেফতারের ভয়ে ভীত থাকত। তিনি বলেন-

وَاللَّهِ إِنِّي لَأَخْشَاكُمُ اللَّهَ .
আল্লাহর কসম! আমি আল্লাহকে তোমাদের সবার চেয়ে অধিক ভয় করি। (বোখারী)

রাসূল স্বীয় দোয়া সমূহে স্বয়ং আল্লাহর ভয় কামনা করতেন, তাঁর দোয়া সমূহের মধ্যে একট গুরুত্বপূর্ণ দোয়া এ ছিল যে-

اللَّهُمَّ أَقْسِمُ لَنَا مِنْ خَشَيَتِكَ مَا تَحُولُ بِهِ بَيْنَنَا وَبَيْنَ مَعْصِيَتِكَ .
হে আল্লাহ! তুমি আমাকে তোমার এতটা ভয় দান কর যা, আমার ও তোমার নাফরমানির মাঝে বাধা হবে। (তিরমিযী)

অন্য এক দোয়ায় রাসূল আল্লাহর ভয় শূন্য অন্তর থেকে আশ্রয় কামনা করেছেন।

اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبِ لَا يَخْشَعُ .
হে আল্লাহ! আমি এমন অন্তর থেকে তোমার নিকট আশ্রয় চাই, যা তোমাকে ভয় করে না। তাবে-তাবেয়ী অর্থাৎ সোনালী যুগের সমস্ত মানুষ আল্লাহর শাস্তি ও গ্রেফতারকে অধিক পরিমাণে ভয় করত। আল্লাহর ভয় থেকে নির্ভয় হয়ে যাওয়া কবীরা গুনাহ। যার ফল হবে নিজেই নিজের ধ্বংসের মুখে নিক্ষেপ করা।

আল্লাহ্ তায়ালা ইরশাদ করেন-
فَلا يَا مَنْ مَكْرَ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْخَاسِرُونَ .
সর্বনাশগ্রস্ত সম্প্রদায় ব্যতীত কেউই আল্লাহর গ্রেফতার থেকে নিঃশঙ্ক হতে পারে না। (সূরা আ'রাফ-৯৯)

সুতরাং আল্লাহর ক্ষমা ও দয়ার আকাঙ্ক্ষা ঐ ব্যক্তির রাখা দরকার যে, আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, আর তার অজান্তে হয়ে যাওয়া গুনাহসমূহের জন্য সর্বদা ক্ষমা প্রার্থনা করতে থাকে। কিন্তু যে ব্যক্তি সর্বদা গুনাহ করে চলছে আর এ কথা মনে করছে যে, আল্লাহ অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল তার দৃঢ় বিশ্বাস করা দরকার যে সে সরাসরি শয়তানের চক্রান্তে লিপ্ত আছে। যার শেষ ফল ধ্বংস ব্যতীত আর কিছুই নয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00