📄 জান্নাতের দরজা আইমান দিয়ে একসাথে ৭০ হাজার লোক প্রবেশ করবে
৬. কোনো ধরনের হিসেব ছাড়া সত্তর হাজার লোক এক সাথে আইমান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে অথচ কেউ সামনে পিছনে হবে না।
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ لَيَدْخُلَنَّ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا أَوْ سَبْعُ مِائَةِ أَلْفِ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ .
সাহাল বিন সা'দ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: আমার উম্মতের মধ্যে সত্তর হাজার লোক বা সাত লক্ষ লোক বর্ণনাকারী আবু হাজেম সঠিকভাবে জানে না যে রাসূল কোন সংখ্যাটির কথা বলেছেন। তারা একে অপরের হাত ধরে জান্নাতে প্রবেশ করবে, তাদের সর্বপ্রথম ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সেখানে প্রবেশ করবে না, যতক্ষণ না তাদের সর্বশেষ ব্যক্তি সেখানে প্রবেশ করে। (অর্থাৎ: তারা সকলেই এক সাথে একবারে জান্নাতে প্রবেশ করবে) ঐ জান্নাতীদের মুখমণ্ডল ১৪ তারিখের রাতের চাঁদের ন্যায় চমকাতে থাকবে। (মুসলিম, কিতাবুল ঈমান, বাব আদ্দালীল আলা দুখুলি ত্বাওয়ায়েফিল মুসলিমীন আল জান্নাহ বিগাইরি হিসাব)
নোট: মুসলিমের বর্ণনায় অন্য এক হাদীসের সত্তর হাজারের কথা বর্ণিত হয়েছে। (এর সঠিক সংখ্যা প্রসঙ্গে একমাত্র আল্লাহই ভালো জানেন)
📄 ওজু করার পর কালেমায়ে শাহাদাত পাঠকারী জান্নাতের ৮ দরজার যে কোন দরজা দিয়ে প্রবেশ করবে
৭. উত্তমরূপে ওজু করার পর কালেমা শাহাদাত পাঠকারী ব্যক্তি জান্নাতের আট দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে।
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ (رضی) قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَا مِنْكُمْ مِّنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ أَوْ يُسْبِغُ الْوُضُوءَ ثُمَّ يَقُولُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةِ يَدْخُلُ مِنْ أَيُّهَا شَاءَ .
ওমর বিন খাত্তাব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: যে ব্যক্তি উত্তমরূপে ওজু করে এরপর এ দুয়া করে,
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ .
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত সত্য কোন মা'বুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তাঁর রাসূল। তার জন্য জান্নাতের আটটি দরজা উন্মুক্ত করে দেয়া হয়, সে তখন যেটি দিয়ে খুশি সেটি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম, কিতাবুত তাহারা, বাব যিকরিল মুস্তাহাব আকিবাল উযূ)
📄 সালাত আদায়কারী, সিয়াম পালনকারী, সতী ও স্বীয় স্বামীর আনুগত্যশীল নারী জান্নাতে প্রবেশ করবে
৮. নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী, রমযানে সিয়াম সাধনাকারিণী, সতী, স্বীয় স্বামীর আনুগত্যশীল নারী জান্নাতের আট দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خَمْسَهَا وَصَامَتْ شَهْرَهَا وَحَصَّنَتْ فَرْجَهَا وَأَطَاعَتْ زَوْجَهَا قِيلَ لَهَا ادْخُلِي الْجَنَّةَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ مَا شِئْتَ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: যে নারী পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করে, রমযানে রোযা রাখে, লজ্জাস্থান সংরক্ষণ করে, স্বীয় স্বামীর অনুগত থাকে, শেষ বিচারের দিন তাকে বলা হবে, জান্নাতের যে দরজা দিয়ে খুশি তা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ কর। (ইবনে হিব্বান, আলবানীর সম্পাদিত সহীহ আল জামে' আস্সাগীর, ৩য় খণ্ড, হাদীস নং ৬৭৩)
📄 যার অপ্রাপ্ত বয়স্ক ৩ জন সন্তান মৃত্যুবরণ করবে সে জান্নাতের প্রবেশ করবে
৯. তিনজন অপ্রাপ্তবয়স্ক মৃত্যুতে ধৈর্যধারণকারী ব্যক্তি জান্নাতের আটটি দরজার যে কোনো একটি দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ : مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ لَهُ ثَلَاثَةٌ مِّنَ الْوَلَدِ لَمْ يَبْلُغَ الْحِنْتَ إِلَّا تَلَقُّوهُ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ الثَّمَانِيَةِ مِنْ أَيُّهَا شَاءَ دَخَلَ .
আনাস বিন মালেক (রা) নবী থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: যে মুসলমান ব্যক্তির তিনজন নাবালেগ সন্তান মৃত্যুবরণ করল (আর সে তাতে সবর করল) সে জান্নাতের আট দরজাতেই তাদের সাক্ষাৎ পাবে এবং এর যে দরজা দিয়ে খুশি তা দিয়েই সে জান্নাতে প্রবেশ করতে পারবে। (সুনানে ইবনে মাযাহ, কিতাবুল জানায়েয, বাব মাযায়া ফী সাওয়াবি মান অসীবা লিওয়ালেদিহি- ১/১৩০৩)