📘 যাদের ইবাদত কবুল হয় না > 📄 হারাম পন্থায় উপার্জিত সম্পদের ব্যয়

📄 হারাম পন্থায় উপার্জিত সম্পদের ব্যয়


قال رسول الله ﷺ : ولا تقبل صدقة من غلول. (مسلم، أبو داود، ترمزی، نسای، ابن ماجه - صححه الباني)
রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম পন্থায় উপার্জিত মালের সাদকা কবুল হয় না। (মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবনু মাজাহ- আলবানী একে সহীহ বলেছেন)
عن عبد الله بن مسعود عن رسول الله ﷺ قال : «لا يكسب عبد مال حرام فيتصدق منه فيقبل منه ولا ينفق منه فيبارك له فيه ولا يتركه خلف ظهره إلا كان زاده إلى النار إن الله لا يمحوا السيء بالسيء ولكن يمحوا السيء بالحسن إن الخبيث لا يمحوا الخبيث».. (رواه أحمد وكذا في شرح سنة)
আব্দুল্লাহ বিন মাসউদ (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা হারাম বা অবৈধ উপায়ে উপার্জিত অর্থ দান করলে তা কবুল হবে না। আর তা নিজ কাজে ব্যয় করলে বরকত হবে না। তার ঐ ধন-সম্পদ তার উত্তরাধিকারদের জন্য রেখে গেলে তা তার জন্য দোযখের পুঁজি হবে। আল্লাহ মন্দের দ্বারা মন্দ কাটেন না (অর্থাৎ হারাম মাল দান করায় গুনাহ মাফ করেন না) কিন্তু ভাল দ্বারা মন্দ কেটে যায় (অর্থাৎ হালাল মাল দান করলে গুনাহ মাফ করা হয়) মন্দ মন্দকে বিদূরিত করতে পারে না। (আহমাদ, শরহে সুন্নাহ)
যেসব পন্থায় উপার্জন ইসলাম নিষিদ্ধ করেছে তা-ই হারাম। যেমন- বেশ্যাবৃত্তি, কুকুর বিক্রি, (যদি তা বাড়ি বা ক্ষেত পাহারা কাজের জন্য না হয়) নেশা দ্রব্য বিক্রি, অপরের সম্পদ লুণ্ঠন, চোরাচালানী, সুদ, ঘুষ, ছিনতাই, ডাকাতি, চুরি, প্রতারণা, শির্ক-বিদ'আত মূলক কার্যের উপার্জিত অর্থ ইত্যাদি।

📘 যাদের ইবাদত কবুল হয় না > 📄 হারাম খাদ্যের দ্বারা গঠিত দেহের ইবাদত

📄 হারাম খাদ্যের দ্বারা গঠিত দেহের ইবাদত


عن أبي هريرة قال قال رسول الله ﷺ : « إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما امربه المرسلين فقال : يأيها الرسول كلوا من الطيبت واعملوا صالحا وقال يأيها الذين آمنوا كلوا من طيبت ما رزقناكم ثم ذكر الرجل يطيل السفر اشعث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذى بالحرام فاني يستجاب لذلك » . (صحيح مسلم)
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি শুধুমাত্র পবিত্রকেই গ্রহণ করেন। আর আল্লাহ মু'মিনদেরকে ঐ বিষয়ে নির্দেশ দিয়েছেন, যে বিষয়ে রসূলদেরকে নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ বলেন, “হে রসূলগণ! তোমরা (পাক-পবিত্র) হালাল খাদ্য ভক্ষণ কর এবং সৎকার্য কর”। আল্লাহ আরো বলেন, হে ঈমানদারগণ! তোমাদের যে হালাল রিক দান করেছি তা থেকে ভক্ষণ কর। তারপর রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম ঐ ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে দূরদূরান্তে ভ্রমণ করছে (ভ্রমণকারী তথা মুসাফিরের দু'আ সাধারণত বেশি কবুল হয়) তার মাথার চুল এলোমেলো, শরীরে ধূলাবালু। এমতাবস্থায় ঐ ব্যক্তি উভয় হাত আকাশের দিকে উঠিয়ে কাতর স্বরে হে প্রভু! হে প্রভু! বলে প্রার্থনা করছে অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় বস্ত্র হারাম এবং হারাম দ্বারাই সে উদরপূর্তি করেছে তাহলে কিভাবে এ ব্যক্তির দু'আ কবুল হতে পারে? (সহীহ মুসলিম)
عن أنس قال : قلت يا رسول الله ﷺ : أدع الله أن يجعلني مستجاب الدعوة، فقال : « يا أنس اطب كسبك تجب دعوتك، فإن الرجل ليرفع اللقمة من الحرام إلى فيه فلا يستجاب له دعوة أربعين يوما » (طبرانی)
আনাস (রাঃ) বলেন, আমি একদা রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম-কে বললাম, আপনি আল্লাহর নিকট দু'আ করুন তিনি যেন আমার দু'আ কবুল করেন। রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনাস! তুমি হালাল রোজগার কর তোমার দু'আ কবুল হবে। কোন ব্যক্তি যখন হারাম লোকমা মুখে রাখবে তখন চল্লিশ দিন তার দু'আ কবুল হবে না। (তাবারানী)
عن ابن عمر قال : لمن اشترى ثوبا بعشرة دراهم وفيه درهم حرام لم يقبل الله تعالى صلوة مادام عليه ثم أدخل اصبعيه في أذنيه وقال صبتا إن لم يكن النبي ﷺ سمعته يقوله . (رواه أحمد والبيهقي في شعب الإيمان وقال اسناه ضعيف)
ইবনু উমার (রাঃ) বর্ণনা করেন, যে ব্যক্তি দশ মুদ্রায় একটি কাপড় কিনেছে আর যাতে একটি মুদ্রা হারাম ছিল। যতক্ষণ পর্যন্ত এই কাপড়টি তাঁর পরনে থাকবে ততক্ষণ পর্যন্ত তার নামায কবুল হবে না।
ইবনু উমার (রাঃ) এই বর্ণনার পর তার উভয় কানে আঙ্গুল দিয়ে বললেন, আমার কর্ণদ্বয় বধির হয়ে যাবে যদি এই বর্ণনা আমি নাবী সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনে না থাকি। (আহমাদ, বাইহাকী- শুয়াবুল ঈমান)
قال رسول الله ﷺ : يأتى على الناس زمان لا يبالى المرء ما أخذ منه أمن الحلال ام من الحرام» . (صحیح بخاری)
রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সামনে এমন এক যুগ আসবে যে, কেউই পরোয়া করবে না- কি উপায়ে মাল উপার্জন করছে। হারাম উপায়ে না হালাল উপায়ে। (সহীহ বুখারী)
ঈমান ছাড়া কেউ মুসলমান হতে পারে না। ঈমান এনে মুসলমান হলেই তার উপর নামায, রোযা, হাজ্জ, যাকাত ইত্যাদি ইবাদত ফরয হয়ে যায়। কিন্তু এ সকল ইবাদত কবুল হবার জন্যও পূর্বশর্ত রয়েছে। আর তা হলো হালাল উপার্জন। যার উপার্জন হালাল নয় তার নামায, রোযা, হাজ্জ এসবের কিছুই কবুল হবে না। এজন্যই আল্লাহ তা'আলা কুরআন মাজীদে এবং বিশ্বনাবী সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম হাদীসের মাধ্যমে হারাম ভক্ষণ ও উপার্জন কঠোরভাবে নিষেধ করেছেন। পাশাপাশি হালাল উপার্জন অন্বেষণ প্রতিটি মুসলমানের জন্য ফরয করে দিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে যে, ঈমান আনার পরে অন্যান্য ফরয আদায়ের আগেই হালাল উপার্জন তথা হালাল খাদ্য খাওয়া, হালাল পোষাক পরিধান করা, হালাল গৃহে বসবাস করা ইত্যাদি ফরয।
কেউ যদি হারাম খাদ্য ভক্ষণ করে তবে তা দ্বারা শরীর প্রতিপালন করা সম্ভব বটে; কিন্তু আখিরাতে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। হারাম ভক্ষণকারীর রক্তমাংস সবই হারামের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাই সে দেহ বেহেশতে প্রবেশ করার অধিকার হারায়। যে ব্যক্তির আয় হারাম তার সন্তানের শরীর বর্ধিত হয় হারাম দ্বারা এবং তার নিজের ও তার স্ত্রীর শরীর গড়ে উঠে হারাম দ্বারা। তাহলে এরূপ হারাম দ্বারা বর্ধিত ও সংরক্ষিত দেহ কিভাবে বেহেশতে প্রবেশ করতে পারে? এ কারণেই নাবী সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম হারাম পন্থায় উপার্জনকারীর উপর নির্ভরশীল পরিবারের অন্যদেরকেও তা ভক্ষণ করতে নিষেধ করেছেন।
সতর্কতার জন্য একটি বিষয় উল্লেখ করা একান্ত প্রয়োজন। তা হলো পুরুষের রেশমী কাপড় ও স্বর্ণ ব্যবহার। সমাজে বিশেষ করে যুবক শ্রেণীর মাঝে স্বর্ণের চেইন, আংটি, ব্রেসলেট ব্যবহার ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। সেগুলো পরিধান করে অনেককে নামায আদায় করতে দেখা যাচ্ছে অথচ তা সম্পূর্ণ হারাম। যেখানে হারাম উপার্জিত পোষাক পরিধান করলে ইবাদত হয় না সেখানে আরেকটি প্রকাশ্য হারামকে পরিধান করে নামাযের মত পবিত্র ইবাদতকে কিভাবে স্বার্থক রূপদান করা যায়? তাই এরূপ আচরণ পরিহার একান্তই জরুরী। কেননা একটি হারামকে সাথে নিয়ে আরেকটি হালাল সফল করার চেষ্টা বোকামির পরিচয়।
উল্লেখ্য যে সকল দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি সেখানে সুদ ভিত্তি ব্যাংকিং ও ব্যবসা-বাণিজ্য সরকারীভাবেই চালু রয়েছে বিধায় বসবাসরত প্রতিটি মুসলমান কম বেশী সুদের সাথে জড়িয়ে পড়তে বাধ্য। এমতাবস্থায় এর কুফল হতে পরিত্রাণের জন্য করণীয় হলো-
(ক) আল্লাহদ্রোহী সকল কুফরী শক্তি হতে নিজেদের সমর্থন উঠিয়ে নেয়া।
(খ) যথাসম্ভব হালাল উপার্জনের চেষ্টা করা এবং হারাম থেকে দূরে থাকা।
(গ) ইসলামী আইন বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রাখা, যাতে হারামের সকল পথই বন্ধ হয়ে যায়।
(ঘ) আল্লাহ তা'আলা যেন এই অনিচ্ছাকৃত হারামের কারণে ইবাদতকে বরবাদ করে না দেন সেজন্য আল্লাহর কাছে মিনতি করা ও বার বার ক্ষমা চাওয়া।
(ঙ) সর্বাবস্থায় আল্লাহর সাহায্য কামনা করা, যাতে পরিবেশ অনুকূলে এসে যায়।
যারা উপরোক্ত কাজগুলো না করে সুদ ও অন্যান্য হারামের পৃষ্ঠপোষকদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে, নিজেকে দায়িত্বমুক্ত ভেবে নীরব দর্শকের ভূমিকা পালন করবে অর্থাৎ এসব হারাম তাকে বিচলিত করছে না এমন ব্যক্তির ইবাদত কবুল হবার কথা নয়। নিঃসন্দেহে সে আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। কারণ সে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার প্রয়োজন মনে করেনি এবং চেষ্টাও করেনি।

📘 যাদের ইবাদত কবুল হয় না > 📄 যে তার মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে

📄 যে তার মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে


تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس، فيغفر لكل عبد مسلم لا يشرك بالله شيأ ، إلا رجلا كانت وبينه وبين اخيه شحناء، فيقال : انظروا هذين حتى يصطلحا ، انظروا هذين حتى يصطلحا »
(صحیح مسلم، مالك الموطا، أحمد، ترمزى وقال حديث حسن صحيح)
রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবার বেহেশতের দরজাগুলো খুলে দেয়া হয়। যেসব অপরাধী আল্লাহর সাথে শির্ক করেনি তাদেরকে ক্ষমা করা হয়। কিন্তু পরস্পর সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি সম্পর্কে (আল্লাহ বলেন): এদেরকে ফিরিয়ে দাও যতক্ষণ না এরা নিজেদের মধ্যে সমঝোতা স্থাপন করে। (মুসলিম, মুয়াত্তা মালিক, আহমাদ, তিরমিযী; ইমাম তিরমিযী একে হাসান ও সহীহ বলেছেন)
ان اعمل بني آدم تعرض كل خميس ليلة الجمعة فلا يقبل عمل قاطع رحم». (احمد، والبخاري في الادب المفرد، وطبرانی، قال الباني إسناده ضعیف)
নিশ্চয় আদম সন্তানের 'আমল প্রতি বৃহস্পতিবারে জুমু'আর রাতে উঠিয়ে নেয়া হয়। কিন্তু আত্মীয়তার সম্পর্ককারীর 'আমল কবুল করা হয় না। (বুখারী- আদাবুল মুফরাদ, তাবারানী)
অপর এক বর্ণনায় রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমানের জন্যই নিজের ভাইকে তিনদিনের বেশি পরিত্যাগ করে থাকা হালাল নয়। (আবু দাউদ- আলবানী একে সহীহ বলেছেন)
তবে কেউ যদি ঈমান রক্ষার জন্য কারো সাথে সম্পর্ক ছিন্ন করে তবে তা গুনাহ হবে না। কেননা রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের প্রকৃত স্বাদ সেই পাবে যে আল্লাহর জন্যই কাউকে ভালবাসে এবং সম্পর্ক ছিন্ন করে। (সহীহ বুখারী, মুসলিম, মিশকাত)
ইবনু আব্বাস (রাঃ) বর্ণনা করেন, যে ব্যক্তি কাউকে আল্লাহর উদ্দেশে ভালবাসে, আল্লাহর উদ্দেশেই ঘৃণা করে, আল্লাহর উদ্দেশে বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহর জন্য শত্রুতা করে- সে ব্যক্তি এ বৈশিষ্ট্যের দ্বারা নিশ্চয়ই আল্লাহর বন্ধুত্ব লাভ করবে। তার এ বৈশিষ্ট্যের অধিকারী হওয়া ছাড়া নামায রোযার পরিমাণ যত বেশিই হোক না কেন কোন বান্দাই ঈমানের স্বাদ অনুভব করতে পারবে না। (ইবনু জারীর)

📘 যাদের ইবাদত কবুল হয় না > 📄 জাহিলিয়্যাতের দিকে আহ্বানকারী

📄 জাহিলিয়্যাতের দিকে আহ্বানকারী


من دعا بدعوى الجاهلية فهو من جثى جهنم، قيل : يارسول الله ﷺ ! وان صام وصلى قال : وإن صام وصلى وزعم انه مسلم»
(احمد، الحاكم)
রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে জাহিলিয়্যাতের দিকে আহ্বান করে সে জাহান্নামী। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম! নামায কায়েম ও সওম পালন করা সত্ত্বেও? উত্তরে রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামায কায়েم ও সওম পালন এমনকি নিজেকে মুসলমান বলে দাবী করলেও সে জাহান্নামী। (আহমাদ, হাকিম)
কুরআন-সুন্নাহর পথ পরিহার করে যারা অন্যান্য পথ বা মতকে গ্রহণের জন্য জনগণকে আহ্বান জানায় তাদেরকে রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী বলেছেন। অথচ সে ব্যক্তি নামায পড়ে, রোযা রাখে এবং নিজেকে সে একজন খাঁটি মু'মিন বলে মনে করে। নামায, রোযা এমন ইবাদত যার মাধ্যমে জান্নাত লাভ করা যায় অথচ রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে জাহান্নামী। তাই এ হাদীসকে কেন্দ্র করে অনেকের মত হলো জাহিলিয়াতের পথে আহ্বান করার কারণে সে বড় ধরনের কুফরী করেছে ফলে তার ঐ নামায, রোযা আল্লাহর নিকট কবুল হয়নি তাই তাকে জাহান্নামী বলা হয়েছে। আবার কারো মতে তার ইবাদত কবুল হবে না, এটা নিশ্চিত বলা যাবে না। আল্লাহ তাকে শাস্তি দেবার পর জান্নাতে ফিরিয়ে দিতে পারেন।
কেউ আবার এ মতও পোষণ করেছেন যে, জাহিলিয়াতের দিকে আহ্বান করার কারণে সে ব্যক্তি শির্ক ও কুফর এ দু'টি গুনাহে জড়িয়ে পড়েছে। ফলে তার 'আমল বিনষ্ট হবারই কথা। কেননা মহান আল্লাহ তা'আলা বলেছেন,
أَفَحُكُمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللهِ حُكْمًا لِقَوْمٍ تُوْقِنُونَ
"তোমরা কি জাহিলিয়াতের শাসন ব্যবস্থা কামনা কর? দৃঢ় বিশ্বাসীদের নিকট আল্লাহর চেয়ে শাসনকার্যে কে উত্তম হবে?" (সূরা আল-মায়িদা ৫০)
يأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تُطِيعُوا الَّذِينَ كَفَرُوا يَرُدُّوكُمْ عَلَى أَعْقَابِكُمْ فَتَنْقَلِبُوا خَسِرِينَ
“হে ঈমানদারগণ! তোমরা যদি তাদের অনুসরণ কর যারা কুফরী করেছে তবে তারা তোমাদেরকে জাহিলিয়াতের দিকে ফিরিয়ে দিবে, তাতে তোমরা ক্ষতির সম্মুখীন হবে।" (সূরা আল-ইমরান ১৪৯)
আর ক্ষতির সম্মুখীন হবার অর্থই হলো 'আমল বরবাদ হয়ে যাওয়া।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00