📄 যে বিদ'আতীকে আশ্রয় দেয়
আলী (রাঃ) বলেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বিদ'আতীকে আশ্রয় দেবে তাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক, বর্ষিত হোক সকল ফেরেশতা ও মানবকূলের অভিশাপ। তার কোন ফরয ও নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না। (বুখারী ও মুসলিম)
আল্লাহ যাকে অপছন্দ করেন, রসূলুল্লাহ যাকে ইসলাম হতে খারিজ বলে ঘোষণা দেন, ফেরেশতামণ্ডলী যাকে অভিসম্পাত করেন, সে বিদ'আতীকে আশ্রয় প্রশ্রয় দানকারী কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, হতে পারে নাবী সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম-এর প্রিয় উম্মত বা ফেরেশতামণ্ডলী কিভাবে তার জন্য দু'আ করতে পারে? বরং আল্লাহর লা'নত, ফেরেশতাকূলের লা'নতই তার উপযুক্ত প্রাপ্য। উপরন্তু নাবী সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ধ্বংসকারী বিদ'আতীদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেবে তাদের ইবাদত কবুল হবে না বলে সতর্ক করে দিয়েছেন।
📄 লোক দেখানোর উদ্দেশে ইবাদত
قال رسول الله ﷺ : «إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر ، قالوا يا رسول الله او ما الشرك الأصغر ؟ قال : الرياء». (أحمد، شرح السنة، بيهقى، وقال الباني : هذا اسناد جيد كما قال المنذري في الترغيب، ٣٤/١ - رجاله كلهم ثقات، سلسلة صحيحة ٩٥١)
রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য যে বিষয়টিকে আমি সবচেয়ে বেশি ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবাগণ (রাঃ) বললেন, হে আল্লাহর রসূল সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম! ছোট শির্ক কি? উত্তরে রসূল সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিয়া অর্থাৎ লোক দেখানো 'আমল। [আহমাদ, শরহে সুন্নাহ, বাইহাকী, আল্লামা আলবানী ও আল্লামা মুনযিরী (রহঃ) এর সনদকে উত্তম বলেছেন।
عن أبي سعيد أن رسول الله ﷺ قال : «الا أخبركم بما هو اخوف عليكم عندى من المسيح الدجال، قلنا بلى، قال الشرك الخفي يقوم الرجل فيزين صلاته لما يرى من نظر رجل». (أحمد)
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন বিষয়ে সংবাদ দেবন না যে বিষয়টি মাসীহ দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর? সাহাবাগণ (রাঃ) বললেন, হ্যাঁ। তিনি বললেন, তা হচ্ছে গুপ্ত শিক্ক। (আর এর উদাহরণ হচ্ছে) একজন ব্যক্তি শুধু এজন্যই তার নামাযকে খুব সুন্দরভাবে আদায় করে যে, কোন মানুষ তার নামায লক্ষ্য করছে। (আহমাদ)
মানুষকে দেখানোর জন্য বা অন্য কোন উদ্দেশে কোন ইবাদত করা হলে তা আল্লাহর নিকট গৃহীত হয় না। আল্লাহর অন্তরের খবর জানেন। যা একনিষ্ঠভাবে তাঁর জন্য করা হয় তিনি তা-ই কবুল করেন। সে যেন কিয়ামতের দিন তিনি সর্বপ্রথম লোক দেখানোর উদ্দেশে ইবাদতকারীদের পাকড়াও করবেন। এ প্রসঙ্গে সহীহ হাদীসে বর্ণিত হয়েছে যে,
عن أبي هريرة قال : سمعت رسول الله ﷺ يقول : «ان اول الناس يقضى يوم القيامة عليه رجل استشهد فاتى به فعرفه نعمه فعر فها قال فما عملت فيها قال قاتلت فيك حتى استشهدت قال كذبت ولكنك قاتلت لان يقال جرئ فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى القي في النار، ورجل تعلم العلم ...... ثم القى في النار». (صحيح مسلم)
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম এমন ব্যক্তির বিচার করা হবে যিনি শহীদ হয়েছেন। তাকে আল্লাহর দরবারে হাজির করে তার প্রতি আল্লাহ প্রদত্ত যাবতীয় নি'য়ামতের স্মরণ করিয়ে দেয়া হবে সে ঐসব নি'য়ামত প্রাপ্তি ও ভোগের কথা স্বীকার করবে। অতঃপর তাকে জিজ্ঞেস করা হবে, তুমি আমার এসব নি'য়ামত পেয়ে কি করেছো? সে বলবে, আমি আপনার পথে লড়াই করতে করতে শেষ পর্যন্ত শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি বীর হিসেবে খ্যাতি অর্জনের জন্য লড়াই করেছো এবং তা তুমি দুনিয়াতেই পেয়েছো। অতঃপর তাকে উপুড় করে পা ধরে টেনে হেচড়ে দোযখে নিক্ষেপ করার হুকুম করা হবে এবং এভাবেই সে দোযখে নিক্ষিপ্ত হবে। এরপর আল্লাহর দরবারে হাজির করা হবে এমন এক ব্যক্তিকে যে দীনের জ্ঞান অর্জন করেছে, দীনের জ্ঞান শিক্ষা দিয়েছে এবং আল-কুরআন পড়েছে। তাকে তার প্রতি প্রদত্ত নি'য়ামতের কথা স্মরণ করিয়ে দেয়া হবে। সে ব্যক্তি এসব নি'য়ামত প্রাপ্তি ও ভোগের কথা স্বীকার করবে। তাকে জিজ্ঞেস করা হবে এসব পাওয়ার পর তুমি কি করেছো? সে বলবে, আমি দীনের ইল্ম হাসিল করেছি, অপরকে তা শিক্ষা দিয়েছি এবং আপনার সন্তুষ্টির জন্য কুরআন পড়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি তো আলিম (হাফিজ) খ্যাতি লাভের জন্য ইল্ল্ম অর্জন করেছো। তুমি ক্বারী রূপে খ্যাত হবার জন্য কুরআন পড়েছো এবং তা তুমি দুনিয়াতেই পেয়েছো। তারপর ফায়সালা দেয়া হবে এবং তাকে উপুড় করে পা ধরে টেনে হেচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর হাজির করা হবে এমন এক ব্যক্তিকে যাকে আল্লাহ স্বচ্ছলতা ও নানা রকম ধন-সম্পদ দান করেছেন। তাকে তার প্রতি প্রদত্ত নি'য়ামতের কথা স্মরণ করিয়ে দেয়া হবে এবং সে তা স্বীকার করবে। তাকে জিজ্ঞেস করা হবে এসব পেয়ে তুমি কি করেছো? সে বলবে, আমি আপনার পছন্দনীয় সব খাতেই আমার সম্পদ ব্যয় করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি তো দানশীল হিসেবে খ্যাতি অর্জনের জন্যই দান করেছো এবং সে খ্যাতি তুমি অর্জনও করেছো। তারপর ফায়সালা দেয়া হবে এবং তাকে পা ধরে টেনে হেচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (সহীহ মুসলিম)
আবূ হুরাইরা (রাঃ) কর্তৃক অনুরূপ হাদীস 'তিরমিযী' হাদীস গ্রন্থেও বর্ণিত হয়েছে। তাতে এ কথা উল্লেখ করা হয় যে, উক্ত হাদীস বর্ণনার পূর্বে সাহনাবী আবূ হুরাইরা পর পর তিনবার চিৎকার করে বেহুস হয়ে যান। এছাড়াও তিরমিযীর হাদীসটিতে অতিরিক্তভাবে বলা হয় যে, আল্লাহ যখন বলবেন যে, তুমি মিথ্যা বলছো তখন ফেরেশতারাও তাঁর সাথে সাক্ষ্য দিবেন। সবশেষে রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আবূ হুরাইরার হাঁটুতে হাত রেখে বলেন, হে আবূ হুরাইরা! কিয়ামতের দিন আল্লাহর সৃষ্টির মধ্য থেকে এ তিনজন দ্বারাই প্রথমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে।
এক ব্যক্তি মু'আবিয়া (রাঃ)-এর কাছে আবূ হুরাইরা (রাঃ) সূত্রে উক্ত হাদীস বর্ণনা করলে মু'আবিয়া (রাঃ) বলেন, তাদের সাথে যদি এরূপ করা হয় তবে অন্য সব লোকের কি অবস্থা হবে? অতঃপর মুআবিয়া (রাঃ) খুব কাঁদতে লাগলেন। এমনকি উপস্থিত লোকেরা ধারণা করলেন যে, তিনি কাঁদতে কাঁদতে মারা যাবেন। ফলে তারা বলাবলি করতে লাগল যে, এই লোকটি আমাদের এখানে অনিষ্ট নিয়ে এসেছে (অর্থাৎ সে যদি এ হাদীস বর্ণনা না করত তবে এ দুর্ঘটনা ঘটত না) ইতোমধ্যে মু'আবিয়া (রাঃ) হুশ ফিরে পেলেন এবং তার চেহারা মুছলেন। অতঃপর বললেন, আল্লাহ ও তাঁর রসূল সত্যই বলেছেন। এই বলে নিম্নোক্ত আয়াত তিলাওয়াত করেন:
مَنْ كَانَ يُرِيدُ الْحَيُوةَ الدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَالَهُمْ فِيْهَا وهُم فِيهَا لَا يُبْخَسُونَ * أُولَئِكَ الَّذِينَ لَيْسَ لَهُمْ فِي الْآخِرَةِ إِلَّا النَّارَ وَحَبِطَ مَا صَنَعُوا فِيهَا وَبَطِلَّ مَا كَانُوا يَعْمَلُونَ
“যে ব্যক্তি পার্থিব জীবন ও এর সৌন্দর্য কামনা করে, আমি তাদের কাজের পূর্ণফল দুনিয়াতে দিয়ে থাকি এবং তথায় তাদেরকে কম দেয়া হবে না। আর এরাই হলো সে সব লোক আখিরাতে যাদের জন্য আগুন ছাড়া কিছু নেই। তারা দুনিয়াতে যা কিছু করেছিল সবই বরবাদ করেছে আর যা কিছু উপার্জন করেছিল সবই বিফল হয়েছে।” (সূরা হুদ ১৫-১৬)
অতএব বুঝা গেল, কোন ব্যক্তি যদি এই উদ্দেশে নামায আদায় করে যে লোক তাকে নামাযী বলবে বা এ উদ্দেশে হাজ্জ করে যে, লোকে তাকে হাজী বলে সম্বোধন করবে, সমাজে সে একটা বিশেষ স্থান লাভ করবে, মানুষ তাকে সম্মান করবে বা টাকা যেহেতু হয়েছে তাই হাজী সার্টিফিকেট নেয়া দরকার ইত্যাদি বা কেউ যদি এ উদ্দেশে সুন্দর করে বা সুর দিয়ে বক্তব্য দেয় যে, লোকে তাকে সুবক্তা বলবে বা এ উদ্দেশে লিখে যে, মানুষ তাকে লেখক বলবে বা এ উদ্দেশে থিসিস করে যে, সে ডঃ হিসেবে খ্যাত হবে ইত্যাদি তাহলে তার এ সমস্ত কর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। কারণ তার উদ্দেশ্যই দুনিয়ার সাথে সম্পৃক্ত।
আবূ হুরাইরা (রাঃ) বর্ণনা করেন, এক ব্যক্তি রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল! এক লোক আল্লাহর রাস্তায় জিহাদের ইচ্ছা করেছে এবং সে জিহাদের মাধ্যমে দুনিয়ার সম্পদ গণিমতের মাল পেতে চায়। তখন রসূল সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কোন সাওয়াবই পাবে না। ঐ লোক রসূলের কাছে কথাটি তিনবার পুনরাবৃত্তি করল, কিন্তু প্রত্যেকবারই রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, )لا أجزل( সে কোন সাওয়াব বা প্রতিদান পাবে না। (মুস্তাদরাক হাকীম, মুসনাদে আহমাদ, আবু দাউদ- আলবানী একে হাসান বলেছেন)
আর যদি এমনটি হয় যে, আল্লাহর সন্তুষ্টিও চাই এবং সুনাম বা প্রসিদ্ধিও চাই। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির সাথে অন্য আরেকটি উদ্দেশ্য রয়েছে। এক্ষেত্রে নিম্নের হাদীসটি লক্ষণীয়।
আবূ উমামা আল বাহিলী (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! এক ব্যক্তি আল্লাহর কাছে সাওয়াব এবং মানুষের কাছে সুনাম অর্জনের জন্য যুদ্ধ করেছে। তার কি প্রাপ্য? রসূল সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কিছুই পাবে না। ঐ ব্যক্তি রসূল সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে প্রশ্নটি একাধারে তিনবার পুনরাবৃত্তি করলেন, আর রসূল সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তিনবারই বললেন, সে কিছুই পাবে না। অতঃপর তিনি সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন-
«إن الله لا يقبل من العمل إلا ما كَانَ لَهُ خَالِصًا ، وابتغي به وجه »
আল্লাহ গাফুরুর রহীম কেবল সেই 'আমলই কবুল করেন যা একনিষ্ঠভাবে তাঁরই জন্য করা হয় এবং তার মাধ্যমে শুধু তাঁর সন্তুষ্টিই কামনা করে। (সুনানে নাসাঈ, সহীহ তারগীব, সহীহা ৫২, আলবানী একে হাসান সহীহ বলেছেন)
তবে হাঁ কেউ যদি একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন কিছু করে থাকে কিন্তু লোকে তার সুনাম করে বা এতে সে কোন উপকার লাভ করে তবে তাতে কোন ক্ষতির আশঙ্কা নেই। বরং বলা যায় এ প্রাপ্তি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জীবনে তার জন্য নির্ধারিত নি'য়ামত বা উপহার স্বরূপ।
আবূ যার (রাঃ) রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, কোন লোক (আল্লাহর জন্যই) ভাল কাজ করে এবং লোকেরা তার প্রশংসা করে এ ব্যাপারে আপনার কি মত? রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা একজন মু'মিনের জন্য অগ্রিম সুসংবাদ। (সহীহ মুসলিম)
قُلْ إِنْ تُخْفُوا مَا فِي صُدُورِكُمْ أَوْ تُبْدُوهُ يَعْلَمُهُ اللهُ
আপনি বলে দিন, নিশ্চয়ই তোমরা যা মনের মধ্যে গোপন কর এবং যা প্রকাশ কর তা আল্লাহ জানেন। (সূরা আল-ইমরান ২৯)
«إنما الاعمال بالنيات»
প্রত্যেক কাজের প্রতিদান তার নিয়ত অনুযায়ী হবে। (সহীহ বুখারী)
📄 তাকওয়া বিহীন উৎসর্গ
لَنْ تَنَالَ اللهُ لِحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ
“(কুরবানীর) পশুর গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকওয়া।” (সূরা হাজ্জ ৩৭)
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتَقْبَلَ مِن أَحَدِهِمَا وَلَمْ يتَقَبَّلْ مِنَ الْآخِرِ قَالَ لَا قَتَلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ
“আর হে নবী! তাদেরকে আদম (আঃ)-এর দুই পুত্রের কাহিনীটিও পুরোপুরি শুনিয়ে দাও। তারা দু'জনেই কুরবানী করল, তখন তাদের মধ্যে একজনের কুরবানী কবুল করা হলো ও অপর জনের কবুল করা হলো না। সে বলল, আমি তোমাকে হত্যা করব। উত্তরে বলল, আল্লাহ তো মুত্তাকীদের মানৎই কবুল করে থাকেন।" (সূরা আল-মায়িদা ২৭)
আদম (আঃ)-এর দুই ছেলে হাবীল ও কাবীল উভয়ই কুরবানী করেছিল। কিন্তু হাবীলের কুরবানী কবুল করা হলো আর কাবীলেরটা কবুল করা হলো না। এর কারণ এটাই ছিল যে, হাবীলের কুরবানীর ভিত্তি ছিল তাকওয়া তথা আল্লাহ ভীতির উপর।
📄 গণক ও জ্যোতিষীর কাছে গমনকারী
من أتى عرافا أو كاهنا فصدقه بما يقول لن تقبل له صلاة أربعين يوما». (صحيح مسلم)
নাবী সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম-এর কতিপয় স্ত্রী হতে বর্ণিত। রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গণকের নিকট আসবে এবং সে যা বলল তা বিশ্বাস করবে, সে ব্যক্তির চল্লিশ দিনের নামায কবুল হবে না। (সহীহ মুসলিম)
من أتى عرافا أو كاهنا فصدقه بما يقول فقد برى بما أنزل الله على محمد». (أبو داود - صححه البانی)
আবূ হুরাইরা (রাঃ) বর্ণনা করেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্যোতিষ বা গণকের নিকট আসবে এবং সে যা বলে তার কথায় বিশ্বাস করবে, সে মুহাম্মাদ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি নাযিলকৃত দীন হতে মুক্ত, অর্থাৎ পথভ্রষ্ট হল। (আবূ দাউদ- আলবানী একে সহীহ বলেছেন)
যায়েদ বিন খালিদ জুহানী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়াতে আমাদের সঙ্গে নামায আদায় করেন। তখন রাত্রিতে কিছু বৃষ্টি হওয়ার চিহ্ন বাকী ছিল। নামায শেষে তিনি লোকদের বললেন: তোমরা কি জান, তোমাদের রব কি বলেছেন? সাহাবীগণ (রাঃ) বললেন, এ ব্যাপারে আল্লাহ ও তাঁর রসূলই অধিক জ্ঞাত। রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন- ফজরের সময় আমার কিছু সংখ্যক বান্দা মু'মিন এবং কিছু সংখ্যক কাফির হয়ে গেছে। যারা এরূপ বলেছে আমরা আল্লাহর রহমত ও বরকতে পানি পেয়েছি তারা তো আমার প্রতি বিশ্বাসী এবং (আকাশের) তারার প্রতি অবিশ্বাসী আর যারা বলেছে অমুক অমুক তারার প্রভাবে বৃষ্টি হয়েছে তারা আমার অস্বীকারকারী এবং তারার প্রতি বিশ্বাসী। [বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবনু মাজাহ, আলবানী ও হাকিম (রহঃ) এটিকে সহীহ বলেছেন]
মুসলমানদের ঈমান ধ্বংসের যত পথ রয়েছে সেগুলোর মধ্যে গণক ও জ্যোতিষী গোষ্ঠীর ভেলকীবাজী অন্যতম। মানব সম্প্রদায়ের মাঝে এরা সেই গোষ্ঠী যারা তাদের কথা ও কর্ম দ্বারা আল্লাহর তাওহীদকে অস্বীকার করেছে এবং আল্লাহর বাণী উপেক্ষা করে নিজেদেরকে গায়িব জানলে ওয়ালা দাবী করে প্রকৃতপক্ষে নিজেদেরকে আল্লাহর গুণে গুণান্বিত করেছে। অথচ তারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কেই জ্ঞাত নয়। এরা মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার জন্য বিভিন্ন কুটকৌশল অবলম্বন করে থাকে। কেউ বা দুষ্ট জীনদের সাহায্যে কারামত প্রদর্শনের নামে ভেলকীবাজী করে সর্বসাধারণকে নিজের দিকে প্রভাবিত করার চেষ্টা করে থাকে। আবার কেউ বা শয়তানের দ্বারা কাজ হাতিয়ে নিতে শয়তানের পূজাও করে থাকে। আশ্চর্য বিষয় হলো এ যুগে বিভিন্ন নামে, বিভিন্ন বেশে এদের সংখ্যা ও প্রচারণা ক্রমশঃই বৃদ্ধি পাচ্ছে। দৈনিক পত্রিকা আর ম্যাগাজিন খুললেই দেখা যায় ঐসব ভণ্ডদের বিজ্ঞাপন শিরোনাম- অমুক শর্প রাজের চ্যালেঞ্জ, অমুক আধ্যাত্মিক সাধকের আমন্ত্রণ, অমুক হুজুরের তদবিরে ভাগ্য ফিরে, অমুক রূহানী হুজুরের- আল্লাহর দান মুশকিলে আসান, অমুক হুজরের তদবিরে সুখে আছি, অমুক বোগদাদী'র বিশ্বাসে মুক্তি মেলে ইত্যাদি। ঈমান বিনষ্টের লক্ষ্যে এই ভণ্ডামীর পথ থেকে মহিলারাও পিছে নাই। তারাও বিজ্ঞাপন শিরোনাম দিয়েছে অমুক বেগমের আমন্ত্রণ, অমুক খানমের চ্যালেঞ্জ, অমুক হুজুর কন্যার লিখিত চুক্তি শান্তি মুক্তি, অমুক কেবলা বিবি, দরগা বিবি ইত্যাদি আর কত কি! এদের বেশির ভাগই আবার ধর্মের লেবাসধারী। কেননা, এই বেশে প্রতারিত করা তুলনামূলক সহজ বটে। তারা নিজেদেরকে যা কিছু করার ক্ষমতাবান বলে দাবী করেছে তাহলো- সন্তানহীনাকে সন্তানদান, ব্যবসা-বাণিজ্যের উন্নতি দান, জীবনে যাবতীয় বিপদ থেকে স্থায়ী রক্ষা, অতীত-বর্তমান-ভবিষ্যতের সংবাদ প্রদান, পরীক্ষা সহ যে কোন কাজে সফল হবার নিশ্চয়তা, যত কঠিন বিপদ বা সমস্যাই হোক না কেন তা দূরিকরণের ১০০% গ্যারান্টি প্রদান (নাউযুবিল্লাহ) আরো কত কি!
আবার কেউ বা রাস্তার পাশে বসে পাখি দিয়ে চিঠি উঠিয়ে বা হস্ত রেখা দেখে ভবিষ্যদ্বাণী করছে। কেউ বা আবার জ্যোতিষীর বেশে কিয়ামত সম্পর্কে সংবাদ দিয়ে বলছে- অমুক মাসের অমুক তারিখে কিয়ামত হবে। কেউ কেউ তো সিংহ, তুলা, কন্যা, মেষ ইত্যাদি আজগুবী রাশি আবিষ্কার করে প্রত্যেহের ভাল-মন্দের ভবিষ্যদ্বাণী করে যাচ্ছে। আর দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনগুলোও তা দিব্বি প্রচার করে চলেছে। আসল কথা হলো ঐ ভণ্ডদের প্রত্যেকেই আল্লাহর কালামের কুফরকারী মানবরূপী শয়তানের দল। যারা আল্লাহর কোন গুণে নিজেকে গুণান্বিত বলে দাবী করে তারা निःসন্দেহে কাফির। তাই এ বিষয়ে নিজে সতর্ক থাকা এবং অপরকে সতর্ক করা প্রতিটি মুসলমানের অবশ্য কর্তব্য। (প্রাসঙ্গিক দেখুন ১৬ পৃষ্ঠা)
অতএব রসূলুল্লাহ সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম-এর বাণী অনুযায়ী যে বা যারাই ঐ লোকদের নিকট যাবে তাদের চল্লিশ দিনের নামায কবুল হবে না। উপরন্তু তাদের কথা বিশ্বাস করায় উক্ত ব্যক্তি আল্লাহর দীন হতে খারিজ হয়ে যাবে।