📘 যা হবে মরনের পরে > 📄 কতিপয় শিক্ষণীয় ঘটনা

📄 কতিপয় শিক্ষণীয় ঘটনা


জনৈক সাহাবী মৃত্যুর সময় খুব ক্রন্দন করলেন। তাকে ক্রন্দনের কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি, আল্লাহ তা'আলা আপন সৃষ্টিকে দু'মুষ্ঠির ভিতরে নিয়ে বললেনঃ এরা জান্নাতী এবং এরা জাহান্নামী। আমি জানি না যে, আমি কোন মুষ্ঠির মধ্যে ছিলাম।
কোন একজন সালাফ বলেছেনঃ তাকদীরের লিখন চক্ষুসমূহকে কতইনা ক্রন্দন করালো!!
সুফিয়ান ছাওরী (রঃ) শেষ পরিণতি কি হবে এভয়ে হতাশ হয়ে যেতেন। তিনি কেঁদে কেঁদে বলতেনঃ আমার ভয় হয় আমি কি তাকদীরের লিখন অনুযায়ী দুর্ভাগ্যবান কি না? আমার ভয় হয়, মরণের সময় আমার ঈমান ছিনিয়ে নেয়া হয় কি না?
মালিক বিন দীনার সারা রাত জাগ্রত থেকে বলতেনঃ হে আমার প্রতিপালক! আপনি অবশ্যই জানেন যে, কে জান্নাতী আর কে জাহান্নামী। তা হলে মালিক বিন দীনারের ঠিকানা কোথায়?
শেষ কথা এই যে, সংক্ষেপে পুস্তিকাটি সমাপ্ত করলাম। অন্তর সদা পরিবর্তনশীল। বিপদাপদ বিকট আকার ধারণ করলে অন্তর আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায়। তাই আল্লাহর কাছে প্রার্থনা, اللَّهُمَّ يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ وَصَرِّفْهُ عَلَى طَاعَتِكَ
অর্থঃ হে আল্লাহ! হে অন্তরের পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনার দ্বীনের উপর সুদৃঢ় রাখুন এবং আপনার আনুগত্যের প্রতি উহাকে ধাবিত করুন।
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
অর্থঃ হে আল্লাহ! আপনি অতি পবিত্র। প্রশংসার সাথে আপনার পবিত্রতা বর্ণনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া সত্য কোন উপাস্য নেই। আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনার নিকট তাওবা করছি।

📘 যা হবে মরনের পরে > 📄 পরিশিষ্ট

📄 পরিশিষ্ট


হে আল্লাহর বান্দা! আপনার গন্তব্যস্থল সম্পর্কে চিন্তা করুন। আপনি কোন দলের অন্তর্ভুক্ত হবেন। সবচেয়ে ব্যর্থ হলো তাদের ব্যর্থতা যাদের ব্যাপারে আল্লাহ বলেছেনঃ
﴿قُلْ إِنَّ الْخَاسِرِينَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ الْقِيَامَةِ أَلا ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ﴾
অর্থঃ “হে নবী! আপনি বলুনঃ কিয়ামতের দিন তারাই বেশী ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদের এবং পরিবারবর্গের তরফ থেকে ক্ষতিগ্রস্ত হবে। (সূরা যুমারঃ ১৫) মহান সফলতা অর্জিত হবে তাদের জন্যে যাদের সম্পর্কে আল্লাহ বলেছেনঃ
﴿فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ﴾
অর্থঃ “যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, প্রকৃতপক্ষে সেই সাফল্যমণ্ডিত হবে। (সূরা আল-ইমরানঃ ১৮৫)
আফসোস সেই ব্যক্তির জন্য যে স্বপ্নের মত স্বল্পকালীন সামান্য পার্থিব জীবনের বিনিময়ে এমন জান্নাতী নেয়ামত বিক্রি করল যা কোন চক্ষু দর্শন করে নাই, কোন কর্ণ শ্রবণ করে নাই এবং যা কোন মানুষ কল্পনাও করতে পারেনা। পার্থিব জীবনের সামগ্রী মানুষকে একদিন হাসায় আবার অনেক দিন কাঁদায়। একদিন আনন্দ দিলেও মাসের পর মাস ব্যথা দেয়। ব্যথাতুলো আনন্দের তুলনায় অনেকগুণ বেশী।
হতাশা সেই ব্যক্তির জন্য যে মূল্যবান চিরস্থায়ী সম্পদকে ক্ষণস্থায়ী নগণ্য জিনিসের উপর প্রাধান্য দিল।
দুর্ভোগ ঐ ব্যক্তির জন্য যে বিপদাপদে পরিপূর্ণ সংকীর্ণ জেলখানার বিনিময়ে আকাশ-জমিন তুল্য জান্নাতকে বিক্রি করে দিল!! সংকীর্ণ ঘরের বিনিময়ে আদন নামক জান্নাতের এমন পবিত্র ঘরগুলো বিক্রি করে দিল যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে। আফসোস! আফসোস! ঐ ব্যক্তির জন্যে যে দুশ্চরিত্রবান ব্যভিচারিণী অপবিত্রা কুৎসিত, দুষ্ট, ও নিকৃষ্ট মহিলার বিনিময়ে জান্নাতের তাঁবুতে অবস্থানকারিনী সমবয়স্কা কুমারী প্রবাল ও পদ্মরাগ সদৃশ্য জান্নাতী রমণীগণকে বিক্রি করে দিল। আফসোস ঐ ব্যক্তির জন্যে যে বিক্রি করল পানকারীদের জন্য মজাদার ও সুস্বাদু শরাবে পরিপূর্ণ জান্নাতের শরাবের নদীগুলোকে জ্ঞান ও দ্বীন-দুনিয়া বিনষ্টকারী অপবিত্র শরাবের বিনিময়ে।
হায় আফসোস! ঐ ব্যক্তির জন্যে যে মন্দ ও নিকৃষ্ট চেহারার দিকে তাকানোর বিনিময়ে মহা পরাক্রমশালী আল্লাহর চেহারার দিকে তাকানোর আনন্দকে বিক্রয় করে দিল এবং মহান আল্লাহর সুমধুর আওয়াজকে অবৈধ গান-বাজনা শুনার বিনিময়ে বিক্রি করে দিল।
ওহে আখেরাত হতে বিমুখ হতভাগা!! মৃত্যু ও তার পরবর্তী বিষয়ের ব্যাপারে একটু চিন্তা কর। দুনিয়ার প্রতি বেশী আশা-আকাঙ্খা ও চাকচিক্যকে নস্যাৎ করে দেয়ার জন্য মৃত্যুর স্মরণই যথেষ্ট।
তুমি এ আশায় আমল কর যাতে তুমি তোমার প্রভুর সন্তুষ্টি নিয়ে মৃত্যু বরণ করতে পার। জেনে রাখ! একমাত্র শেষ পরিণতিই মুমিনদের আসল সম্পদ। এ জন্যেই পূর্ব যামানার সৎকর্মশীলগণ শেষ পরিণতি মন্দ হওয়ার ভয়ে সদা ভীত-সন্ত্রস্ত থাকতেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00