📄 হাশরের মাঠে হিসাব ও আমলনামা
হাশরের মাঠে মানুষের মাঝে হিসাব সমাপ্ত হওয়ার পর প্রত্যেককে নিজ নিজ আমলনামা প্রদান করা হবে। যারা ডান হাতে আমলনামা পাবেন তারা অত্যন্ত খুশী হবেন। মানুষকে বিশেষভাবে কয়েকটি বিষয়ের হিসাব দিতে হবে। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ পাঁচটি বিষয়ের উত্তর দেয়া ছাড়া কোন মানুষ হাশরের মাঠে এক পা অগ্রসর হতে পারবে না। তার বয়স সম্পর্কে এবং কিভাবে তা শেষ করেছে। যৌবন সম্পর্কে এবং কিভাবে তা অতিবাহিত করেছে। তার মাল সম্পর্কে, কোথা থেকে সে তা উপার্জন করেছে এবং কোথায় তা ব্যয় করেছে এবং ইল্ল্ম অনুযায়ী সে কতটুকু আমল করেছে।' আল্লাহ তাআ'লা ডান হাতে আমলনামাপ্রাপ্ত মু'মিনদের খুশীর অবস্থা বর্ণনা করেছেন।
আল্লাহ তা'আলা বলেনঃ فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيهِ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَه فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي جَنَّةٍ عَالِيَةٍ قُطُوفُهَا دَانِيَةُ كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ)
অর্থঃ "অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে সে বলবেঃ এসো! তোমরাও আমার আমলনামা পড়ে দেখ। আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। অতঃপর সে সুখী জীবন যাপন করবে সুউচ্চ জান্নাতে। তার ফলসমূহ অবনমিত থাকবে। বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে তার প্রতিদান স্বরূপ তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে।” (সূরা আল-হাক্কাহঃ ১৯-২৪)
কাফের এবং মুনাফেকরা বাম হাতে পিছন দিক থেকে তাদের আমলনামা গ্রহণ করবে। তারা বাম হাতে আমলনামা পেয়ে নিজেদের ধ্বংস কামনা করবে। আল্লাহ তাদের অবস্থা উল্লেখ করে বলেনঃ
(وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَالَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِي وَلَمْ أَدْرِ مَا حِسَابِي يَا لَيْتَهَا كَانَتْ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيهِ هَلَكَ عَنِّي سُلْطَانِيهِ خُذُوهُ فَغُلُّوهُ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ)
অর্থঃ "যার আমলনামা বাম হাতে দেয়া হবে, সে বলবে হায় আমায় যদি আমলনামা না দেয়া হতো! আমি যদি না জানতাম আমার হিসাব! হায় আমার মৃত্যুই যদি শেষ পরিণতি হত! আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসলনা। আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। ফেরেশতাদেরকে বলা হবেঃ একে ধর। অতঃপর গলায় বেড়ি পরিয়ে দাও। অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে। অতঃপর তাকে এমন শিকল দিয়ে বাঁধ যার দৈর্ঘ হবে সত্তর গজ।” (সূরা আল-হাক্কাহঃ ২৫-৩২)